ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মানিকগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির বিক্ষোভ মিছিল


মানিকগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির বিক্ষোভ মিছিল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি আয়োজন করেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) এনসিপির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচির সময় এনসিপির নেতারা বক্তব্য রাখেন। বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তাঁরা একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও পড়ুন: তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত শিক্ষার্থীরা

এ কর্মসূচিতে এনসিপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছেলের পাত্রী দেখে ফেরার পথে সিএনজির খালে পড়ে বাবার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


ছেলের পাত্রী দেখে ফেরার পথে সিএনজির খালে পড়ে বাবার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার সময় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে হেলাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি ছিলেন অটোরিকশাটির চালক। এই ঘটনায় তাঁর পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানা যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে হেলাল উদ্দিন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বারইয়ারহাট থেকে আবুরহাটে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যান। পাত্রী দেখা শেষে তিনি সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন। গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হেলাল উদ্দিন। তাঁর পরিবারের আরও চার সদস্যও আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে হেলাল উদ্দিনের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। অন্য চারজনের মধ্যে কেউ হাতে, কেউ পায়ে আঘাত পেয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এই দুর্ঘটনা ঘটে। হেলাল উদ্দিনের মরদেহ থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবিপ্রবির ডাইনিং ম্যানেজারের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


নোবিপ্রবির ডাইনিং ম্যানেজারের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের ডাইনিংয়ে অপ্রাপ্তবয়স্ক কর্মচারী মামুনের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ডাইনিং ম্যানেজার আনোয়ার শাহাদাত শিশিরের বিরুদ্ধে।

অভিযুক্ত ম্যানেজার শিশির এই ঘটনায় শিশুটিকে থাপ্পড় মারার কথা স্বীকার করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জানিয়েছেন, বিষয়টি জানার পর তাকে সরিয়ে দেওয়ার জন্য প্রভোস্টকে নির্দেশ দিয়েছেন।

শিশুটির মা স্বপ্না বেগম বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ২৬ নভেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে হলের ডাইনিংয়ে তার সন্তানকে মারধর করেন ম্যানেজার শিশির। এর ফলে শিশুটি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নির্যাতনের শিকার শিশুটি জানায়, "ডাইনিংয়ের সবাই আমাকে মারে। আমি খেতে বসেছিলাম, তখন ও আমাকে মেরেছে। সকাল সকাল উঠতে পারি না বলে আমাকে জোরে জোরে চিল্লায়। আমি শিশির মামাকে বলেছিলাম, আমার আম্মু আসতেছে। আমি আর কাজ করব না, চলে যাব। তখন উনি বলেন, ‘যা, কাজ কর।’ আমি বলেছি, ‘করব না, আমি চলে যাব।’ পরে শিশির মামা আমাকে দুই লাথি মেরেছে।"

শিশুটির মা স্বপ্না বেগম অভিযোগ করেন, "আমার ছোট ছেলেটা উনার কাছে থাকে। ছেলের ভালো-মন্দ জানার জন্য ফোন দিলেও ঠিকমতো কথা বলতে পারি না। ছেলের সঙ্গেও কথা বলিয়ে দিতে চান না। ছেলের বেতনের টাকাও পুরোপুরি দেননি। বিভিন্ন সময় টাকা কেটে রাখা হয়েছে এবং বাকি টাকা দেওয়ার কথা বলে ঘুরিয়েছেন। জিনিসপত্র ভাঙার অভিযোগেও ছেলের কাছ থেকে টাকা কেটে রাখা হয়েছে। সেখানে গিয়ে জানতে পারি, আমার ছেলে ভাত খেতে বসলেও তাকে মারধর করা হয়।"

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডাইনিং ম্যানেজার আনোয়ার শাহাদাত শিশির বলেন, "সে সবার সঙ্গেই খারাপ ব্যবহার করে। গতকাল তাকে তেল ও ডিম আনতে এবং প্লেট তুলতে বললে সে বলে, পারব না, আপনার কাজ আপনি করেন।"

তিনি আরও বলেন, "বারবার বোঝানোর পরও তার আচরণের পরিবর্তন হয়নি। বিষয়টি আমার মাইন্ডে ও ইগোতে লেগেছে। সবার সঙ্গে বেয়াদবি করা এক বিষয়, আর আমার সঙ্গে করা আরেক বিষয়। তখন রাগের মাথায় তাকে একটা-দুইটা থাপ্পড় দিয়েছি। তবে কাউকে মারার অধিকার আমার নেই।"

শিশির বলেন, "আমি তাকে নিজের ছেলের মতো দেখেছি। খাওয়া-দাওয়া, জুতা-কাপড় ও অসুস্থ হলে ওষুধের ব্যবস্থাও করেছি। এখন আমার সেই মমতার বিষয়গুলো সামনে আসছে না, শুধু গায়ে হাত তোলার বিষয়টিই সামনে আসছে। লাথিটা যদি সিরিয়াসভাবে মারতাম, তাহলে ও কি সেটা সহ্য করতে পারত? আগেও ওকে ইটভাটায় কাজে দেওয়া হয়েছিল। কিন্তু সেখান থেকে সে এখানে চলে এসেছিল। তার ব্যবহারের জন্য তাকে বেশ কয়েকবার ফেরত পাঠালেও বারবার ফিরে এসেছে। তাই আমার মনে হয়, সে আজ অথবা কাল আবার আসবে।"

এ বিষয়ে আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, "এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সম্পর্কে উপাচার্য স্যারও অবগত আছেন। তিনি ম্যানেজারকে হল থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, "আমি বিষয়টি সম্পর্কে অবগত। ম্যানেজার শিশিরকে সরিয়ে দেওয়ার জন্য প্রভোস্টকে নির্দেশ দিয়েছি। বাকি ব্যবস্থা আমি এসে নেব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ. আফ্রিকায় পিচের অস্বাভাবিক বাউন্স, ম্যাচ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ পি.এম


দ. আফ্রিকায় পিচের অস্বাভাবিক বাউন্স, ম্যাচ বন্ধ

দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে বিপজ্জনক পিচের কারণে ওয়েস্টার্ন প্রভিন্স ও টাইটানসের মধ্যকার চার দিনের প্রথম শ্রেণির ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। প্রথম দিনের খেলায় ১৪ উইকেট পড়ে যাওয়ার পর দ্বিতীয় দিনের সকালে কর্মকর্তারা পিচ পরিদর্শন করে ম্যাচটি বন্ধ করার সিদ্ধান্ত নেন। ব্যাটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।

ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ম্যাচ চলাকালীন সময়ে বেশ কয়েকটি বল অস্বাভাবিকভাবে লাফিয়ে উঠছিল। পিচের বাউন্সের ধারাবাহিকতা না থাকায় ব্যাটারদের শরীরে বল আঘাত করেছে। এক পর্যায়ে টশেপো মোরেকির মাথায় বল লাগলে তাঁকে মাঠ ছাড়তে হয়। তাঁর পরিবর্তে কনকাশন সাব হিসেবে মাঠে নামেন জোডি লরেন্স।

ম্যাচে ব্যবহৃত পিচটি নিউল্যান্ডসের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য নির্ধারিত পিচগুলোর একটি ছিল না। এটি পরিবর্তনযোগ্য পিচও নয় বলে জানা গেছে। পিচের এমন আচরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

ওয়েস্টার্ন প্রভিন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডব্লিউপিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় দিনের সকালে পিচ পরিদর্শনের পর শুক্রবার, ২৮ নভেম্বর ওয়েস্টার্ন প্রভিন্স কোবরা ও মাল্টিপ্লাই টাইটানসের মধ্যকার প্রথম শ্রেণির ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হবে না।

নিউল্যান্ডসের পিচ নিয়ে গত তিন বছরের মধ্যে এটি দ্বিতীয় বড় উদ্বেগের ঘটনা। ২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচটি মাত্র ১০৭ ওভারেই শেষ হয়েছিল। সে সময় ধারণা করা হয়েছিল, ভেন্যুতে বড় ধরনের নির্মাণকাজের কারণে ভূগর্ভস্থ পানির স্তরে পরিবর্তন ঘটে থাকতে পারে, যার প্রভাব পড়েছিল পিচের উপর।

এদিকে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দুই সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয়বার বিপজ্জনক পিচের কারণে সমস্যা তৈরির ঘটনা। গত সপ্তাহে প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের মাঠে টাইটানস ও ওয়ারিয়র্সের ম্যাচও বিপজ্জনক পিচের কারণে বিলম্বিত হয়েছিল। পরে পর্যাপ্ত রোদে পিচের অবস্থা কিছুটা স্বাভাবিক হলে খেলা শুরু হয়।

নিউল্যান্ডসে আগামী পাঁচ সপ্তাহের কিছু বেশি সময় পর দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার নববর্ষের টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ঘটনায় মাঠটির পিচ প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে চলমান তদন্তের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পিচের অস্বাভাবিক আচরণের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে গরুর খাবারে বিষ প্রয়োগ, ৫ গরুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ পি.এম


চাঁদপুরে গরুর খাবারে বিষ প্রয়োগ, ৫ গরুর মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার বালিয়া গ্রামে এক গরুর খামারির খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। আকবর গাজী নামের ওই খামারির খামারে ঘটে যাওয়া এই ঘটনায় পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও একাধিক গরু অসুস্থ হয়ে পড়েছে।

খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানিয়েছেন, শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তিনি গরুগুলোকে খাবার দেন, যা প্রতিদিনের মতো ছিল। খাবার খাওয়ার কিছুক্ষণ পর গরুগুলোর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এই পরিস্থিতি খামারের মালিককে তাৎক্ষণিকভাবে জানানো হয়। মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৫টি গরু মৃত অবস্থায় মাটিতে পড়ে যায়। এ সময় আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়ে। পশু চিকিৎসক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন। তবে গরুগুলোর মৃত্যুর কারণ কী, তা চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

খামারের মালিক আকবর গাজী জানিয়েছেন, তার ভাই কালু গাজীর সাথে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে তাদের গরুর খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এদিকে, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দেওয়ান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, গরু অবলা প্রাণী। তাদের সঙ্গে এ ধরনের নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষ প্রয়োগে নাকি অন্য কোনো কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নূরনবী প্রামাণিক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, ঘটনাস্থল থেকে জবাই করা গরুর রক্ত ও গরুর খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত ও সংগৃহীত নমুনা পরীক্ষার পর গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগের বিষয়ে এখনো চূড়ান্তভাবে কিছু নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট নমুনা পরীক্ষার প্রতিবেদন ও তদন্তের মাধ্যমেই মৃত্যুর প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব হবে।

ঘটনা সম্পর্কে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক ফেরদৌস আলম জানিয়েছেন, তারা এই ঘটনাটি শুনে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি এ বিষয়ে। তবে অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%