ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের


কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের সময় কুবির প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের ফলে এক রিকশাচালক এবং এক শিক্ষার্থী আহত হন। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তা মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

মামলার বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসির মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করতে বৃহস্পতিবার রাতেই আমরা থানায় মামলা করেছি। পুলিশও ইতিমধ্যে তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরাঞ্চলের অর্থনীতিতে ব্যবসায়ীদের বিশেষ নজরের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


উত্তরাঞ্চলের অর্থনীতিতে ব্যবসায়ীদের বিশেষ নজরের আহ্বান

রাজশাহীর কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে ঋণ বিতরণে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী, উদ্যোক্তা ও শিক্ষাবিদরা। তাদের মতে, উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষিঋণ বিতরণে লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। একই সঙ্গে ব্যবসা সম্প্রসারণে ঋণের সুদহার, নীতিসহায়তা ও আর্থিক প্রণোদনাকে আরো বাস্তবসম্মত করার প্রয়োজন রয়েছে। তারা স্থানীয় অর্থনীতির চাহিদা ও উদ্যোক্তাদের সমস্যাকে গুরুত্ব দিয়ে মুদ্রানীতি প্রণয়নের আহ্বান জানান।

শুক্রবার ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ ২০২৭) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে আয়োজিত মতবিনিময় সভায় এসব মতামত উঠে আসে। বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিস ও প্রধান কার্যালয়ের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট যৌথভাবে এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ এবং মনিটারি পলিসি ডিপার্টমেন্টের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার।

সভায় রাজশাহী বিভাগের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি প্রতিষ্ঠানের নির্বাহী, ব্যাংকার, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের আঞ্চলিকপ্রধানরা অংশ নেন।

বিশেষভাবে আমন্ত্রিত অতিথি রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, জেলায় কৃষির ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা যথাযথভাবে অর্জিত হচ্ছে না। উত্তরবঙ্গের কৃষি খাতের সম্ভাবনা কাজে লাগাতে ঘোষিত ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান বলেন, মুদ্রানীতি প্রণয়নের মূল উদ্দেশ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। রাজশাহী অঞ্চলে রেশম, আম, মৎস্যসহ কৃষির বিভিন্ন খাতে উল্লেখযোগ্য উৎপাদন হচ্ছে। এসব খাতের উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে বাস্তবসম্মত ও কার্যকর মুদ্রানীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের মুদ্রানীতি প্রণয়নে এ অঞ্চলের অংশীজনদের মতামত বিশেষ গুরুত্ব পাবে। সরকারের রাজস্বনীতির সঙ্গে সমন্বয় রেখে একটি বাস্তবসম্মত মুদ্রানীতি প্রণয়নে বিভিন্ন অংশীজনের অভিজ্ঞতা ও পরামর্শ বিবেচনা করা হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ দেশের অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জাতীয় অর্থনীতিতে রাজশাহী অঞ্চলের অবদান ও সম্ভাবনার বিষয়েও আলোকপাত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


মানিকগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির বিক্ষোভ মিছিল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি আয়োজন করেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) এনসিপির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচির সময় এনসিপির নেতারা বক্তব্য রাখেন। বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তাঁরা একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ কর্মসূচিতে এনসিপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছেলের পাত্রী দেখে ফেরার পথে সিএনজির খালে পড়ে বাবার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


ছেলের পাত্রী দেখে ফেরার পথে সিএনজির খালে পড়ে বাবার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার সময় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে হেলাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি ছিলেন অটোরিকশাটির চালক। এই ঘটনায় তাঁর পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানা যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে হেলাল উদ্দিন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বারইয়ারহাট থেকে আবুরহাটে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যান। পাত্রী দেখা শেষে তিনি সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন। গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হেলাল উদ্দিন। তাঁর পরিবারের আরও চার সদস্যও আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে হেলাল উদ্দিনের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। অন্য চারজনের মধ্যে কেউ হাতে, কেউ পায়ে আঘাত পেয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এই দুর্ঘটনা ঘটে। হেলাল উদ্দিনের মরদেহ থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবিপ্রবির ডাইনিং ম্যানেজারের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


নোবিপ্রবির ডাইনিং ম্যানেজারের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের ডাইনিংয়ে অপ্রাপ্তবয়স্ক কর্মচারী মামুনের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ডাইনিং ম্যানেজার আনোয়ার শাহাদাত শিশিরের বিরুদ্ধে।

অভিযুক্ত ম্যানেজার শিশির এই ঘটনায় শিশুটিকে থাপ্পড় মারার কথা স্বীকার করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জানিয়েছেন, বিষয়টি জানার পর তাকে সরিয়ে দেওয়ার জন্য প্রভোস্টকে নির্দেশ দিয়েছেন।

শিশুটির মা স্বপ্না বেগম বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ২৬ নভেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে হলের ডাইনিংয়ে তার সন্তানকে মারধর করেন ম্যানেজার শিশির। এর ফলে শিশুটি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নির্যাতনের শিকার শিশুটি জানায়, "ডাইনিংয়ের সবাই আমাকে মারে। আমি খেতে বসেছিলাম, তখন ও আমাকে মেরেছে। সকাল সকাল উঠতে পারি না বলে আমাকে জোরে জোরে চিল্লায়। আমি শিশির মামাকে বলেছিলাম, আমার আম্মু আসতেছে। আমি আর কাজ করব না, চলে যাব। তখন উনি বলেন, ‘যা, কাজ কর।’ আমি বলেছি, ‘করব না, আমি চলে যাব।’ পরে শিশির মামা আমাকে দুই লাথি মেরেছে।"

শিশুটির মা স্বপ্না বেগম অভিযোগ করেন, "আমার ছোট ছেলেটা উনার কাছে থাকে। ছেলের ভালো-মন্দ জানার জন্য ফোন দিলেও ঠিকমতো কথা বলতে পারি না। ছেলের সঙ্গেও কথা বলিয়ে দিতে চান না। ছেলের বেতনের টাকাও পুরোপুরি দেননি। বিভিন্ন সময় টাকা কেটে রাখা হয়েছে এবং বাকি টাকা দেওয়ার কথা বলে ঘুরিয়েছেন। জিনিসপত্র ভাঙার অভিযোগেও ছেলের কাছ থেকে টাকা কেটে রাখা হয়েছে। সেখানে গিয়ে জানতে পারি, আমার ছেলে ভাত খেতে বসলেও তাকে মারধর করা হয়।"

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডাইনিং ম্যানেজার আনোয়ার শাহাদাত শিশির বলেন, "সে সবার সঙ্গেই খারাপ ব্যবহার করে। গতকাল তাকে তেল ও ডিম আনতে এবং প্লেট তুলতে বললে সে বলে, পারব না, আপনার কাজ আপনি করেন।"

তিনি আরও বলেন, "বারবার বোঝানোর পরও তার আচরণের পরিবর্তন হয়নি। বিষয়টি আমার মাইন্ডে ও ইগোতে লেগেছে। সবার সঙ্গে বেয়াদবি করা এক বিষয়, আর আমার সঙ্গে করা আরেক বিষয়। তখন রাগের মাথায় তাকে একটা-দুইটা থাপ্পড় দিয়েছি। তবে কাউকে মারার অধিকার আমার নেই।"

শিশির বলেন, "আমি তাকে নিজের ছেলের মতো দেখেছি। খাওয়া-দাওয়া, জুতা-কাপড় ও অসুস্থ হলে ওষুধের ব্যবস্থাও করেছি। এখন আমার সেই মমতার বিষয়গুলো সামনে আসছে না, শুধু গায়ে হাত তোলার বিষয়টিই সামনে আসছে। লাথিটা যদি সিরিয়াসভাবে মারতাম, তাহলে ও কি সেটা সহ্য করতে পারত? আগেও ওকে ইটভাটায় কাজে দেওয়া হয়েছিল। কিন্তু সেখান থেকে সে এখানে চলে এসেছিল। তার ব্যবহারের জন্য তাকে বেশ কয়েকবার ফেরত পাঠালেও বারবার ফিরে এসেছে। তাই আমার মনে হয়, সে আজ অথবা কাল আবার আসবে।"

এ বিষয়ে আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, "এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সম্পর্কে উপাচার্য স্যারও অবগত আছেন। তিনি ম্যানেজারকে হল থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, "আমি বিষয়টি সম্পর্কে অবগত। ম্যানেজার শিশিরকে সরিয়ে দেওয়ার জন্য প্রভোস্টকে নির্দেশ দিয়েছি। বাকি ব্যবস্থা আমি এসে নেব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%