ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জোরারগঞ্জে পুলিশের অভিযান: ২০ বছরের সাজাপ্রাপ্তসহ ২ আসামি গ্রেপ্তার


জোরারগঞ্জে পুলিশের অভিযান: ২০ বছরের সাজাপ্রাপ্তসহ ২ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের জোরারগঞ্জে পুলিশের অভিযানে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিসহ মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ আব্দুল মমিন সঙ্গীয় ফোর্স নিয়ে আজ বৃহস্পতিবার (০৭ আগস্ট) ভোর রাত ৪টা ২০ মিনিটের দিকে পশ্চিম অলিনগর এলাকায় অভিযান চালান। এ সময় পটিয়া থানার একটি মাদক মামলায় (দায়রা-৩৩০/২৩, জিআর-২৯৬/২২) আদালতের রায় মূলে ২০ বছরের সাজাপ্রাপ্ত ও ৪০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি সাফায়েত হোসেন নয়নকে (৩০) গ্রেপ্তার করা হয়। নয়ন ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের ছালেহ আহমদের ছেলে।
অন্যদিকে, গত বুধবার (০৬ আগস্ট) রাত ৮টার দিকে এসআই (নিঃ) মোঃ ফারুক উদ্দিনের নেতৃত্বে অপর এক অভিযানে সিআর-২৩৭/২৬ মামলার পেনাল কোডের বিভিন্ন ধারায় পরোয়ানাভুক্ত আসামি শাহরীয়ার হোসেন তারেককে গ্রেপ্তার করা হয়। তারেক বারইয়ারহাট এলাকার সিরাজদ্দৌল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‍্যাব বিলুপ্তি হয়ে আসছে ‘এসআরবি’, খসড়া আইন প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


র‍্যাব বিলুপ্তি হয়ে আসছে ‘এসআরবি’, খসড়া আইন প্রকাশ

সরকার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর নাম পরিবর্তন করে নতুনভাবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে ইতিমধ্যে একটি খসড়া বিলও অনুমোদন পেয়েছে।

এই খসড়াটি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে সর্বসাধারণের মতামতের জন্য প্রকাশ করা হয়েছে।

খসড়ায় র‌্যাবের বর্তমানে বিদ্যমান কাঠামোকে আইনি ভিত্তি দিয়ে বাংলাদেশ পুলিশের অধীনে বিশেষায়িত একটি ইউনিট গঠনের প্রস্তাব রাখা হয়েছে। সেইসাথে বাহিনীটির দায়িত্ব, অভিযানের ক্ষমতা, মামলা তদন্ত, সদস্যদের শৃঙ্খলা এবং নাগরিক অভিযোগ নিষ্পত্তির জন্য আলাদা কমিটি গঠনের বিধানও যুক্ত করা হয়েছে।

এই ইউনিটের জন্য সরকার কর্তৃক নির্ধারিত একটি প্রতীক, পতাকা এবং সুনির্দিষ্ট পোশাক থাকবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী শুরুতে ইউনিটটির সদরদপ্তর ঢাকা শহরে স্থাপিত হবে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর মহাপরিচালক পুলিশ বাহিনীর মধ্য থেকে নির্ধারণ করা হবে। যে ব্যক্তি এই পদে নিযুক্ত হবে, তিনি অন্যূন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকগণের মধ্যে থেকে নির্বাচিত হবেন।

খসড়ায় এসআরবি ইউনিটের দায়িত্ব ও কার্যাবলি সম্পর্কে বলা হয়েছে যে, এটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা; গোয়েন্দা তথ্য সংগ্রহ; বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার; মাদকদ্রব্য উদ্ধার; সাইবার অপরাধ দমন; মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনসহ সরকার কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খসড়াটি চূড়ান্ত হওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত নেওয়ার পরে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদনের পর আইনে পরিণত করার জন্য জাতীয় সংসদে তোলা হবে। নতুন আইন কার্যকর হলে র‌্যাব-সংক্রান্ত বিদ্যমান আইনি ভিত্তি বিলুপ্ত হবে। তবে নতুন বিধিমালা না হওয়া পর্যন্ত আগের কিছু বিধান কার্যকর থাকবে।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাসেল ক্রোর সঙ্গে ‘ব্লুফ্লাই’ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


রাসেল ক্রোর সঙ্গে ‘ব্লুফ্লাই’ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আবারও একটি নতুন হলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এবার তিনি অস্কারজয়ী হলিউড অভিনেতা রাসেল ক্রোর বিপরীতে অভিনয় করবেন।

‘ব্লুফ্লাই’ নামে একটি সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলারে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।

পিংকভিলার প্রতিবেদনে জানা গেছে যে, ছবিটি পরিচালনা করবেন নির্মাতা নিমরোদ আন্তাল। এর আগে তিনি ‘প্রিডেটরস’ সিনেমা এবং জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ কাজ করেছেন। চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এ ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

কী নিয়ে 'ব্লুফ্লাই'?

সিনেমায় দেখা যাবে, জাতিসংঘের (ইউএন) এক অনুবাদক ব্যক্তিগত শোকের মধ্যেই কঙ্গোতে একটি গোপন সামরিক অভিযানে যুক্ত হন। তার দায়িত্ব এমন একটি রহস্যময় উড়োজাহাজ উদ্ধার করা, যার অস্তিত্ব থাকারই কথা ছিল না।

অভিযান যত এগোতে থাকে, দলটি ততই বিপজ্জনক মিলিশিয়া নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে।

একপর্যায়ে তারা এমন এক চাঞ্চল্যকর সত্যের মুখোমুখি হয়, যা পুরো মিশনকে বাঁচার লড়াইয়ে পরিণত করে।

 

যা বললেন নির্মাতারা

ছবিটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাঙ্ক এবং কার্লাইল ইউব্যাঙ্ক। প্রযোজনায় রয়েছে হাইল্যান্ড ফিল্ম গ্রুপ।

প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এরিয়ান ফ্রেজার বলেন, রাসেল ক্রো ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে একটি শক্তিশালী অভিনয়শিল্পী দল গড়ে উঠেছে। তার ভাষায়, এটি শুধু অ্যাকশন নয়, আবেগ ও রহস্যে ভরপুর একটি সায়েন্স ফিকশন থ্রিলার হবে।

পরিচালক নিমরোদ আন্তাল বলেন, ‘ব্লুফ্লাই’ এমন একটি গল্প, যেখানে বিজ্ঞান কল্পকাহিনির সঙ্গে টানটান উত্তেজনা ও শক্তিশালী চরিত্রের সমন্বয় থাকবে।

সামনে ব্যস্ত সময় প্রিয়াঙ্কার

সম্প্রতি রাসেল ক্রোকে ‘নিউরেমবার্গ’ ছবিতে দেখা গেছে। সামনে তার ‘হাইল্যান্ডার’সহ আরো কয়েকটি বড় বাজেটের সিনেমা রয়েছে।

অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে পরিচালক এস এস রাজামৌলির ‘বারাণসী’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যেই ‘ব্লুফ্লাই’-এ চুক্তিবদ্ধ হওয়ায় তার হলিউড ক্যারিয়ারে আরো একটি বড় সংযোজন হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুকুরেয়ার অভাব ভুলতেই আর্জেন্টাইন তারকাকে দলে টেনেছে চেলসি?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


কুকুরেয়ার অভাব ভুলতেই আর্জেন্টাইন তারকাকে দলে টেনেছে চেলসি?

বিশ্বকাপের ঐ উত্তপ্ত সেমিফাইনালের স্মৃতি আজও ফুটবলভক্তদের হৃদয়ে উজ্জ্বল। আটলান্টার সেই হৃদয়বিদারক ম্যাচে ইংল্যান্ডের স্বপ্ন যখন ভেঙে যায়, তখন আর্জেন্টিনা উল্লাসে মত্ত হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে গ্যালারি ও ক্যামেরার সামনে দৃশ্যপটে আসে একটি আলোচিত ঘটনা।

ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম একটি তরুণ আর্জেন্টাইনের মাথার পেছনে হাত চালান। ওই তরুণ আর কেউ নন, তিনি হলেন চেলসির নতুন রিক্রুট, ভ্যালেন্তিন বার্কো।

এনজো ফার্নান্দেজের সমতা ফেরানো গোলের পরে মাঠজুড়ে দৌড়ে ইংলিশ খেলোয়াড়দের একদম নাকের কাছে গিয়ে বুনো উদযাপনে মেতে উঠেছিলেন বার্কো। এ কারণে ক্ষিপ্ত হয়ে ওঠেন বেলিংহাম।

কিন্তু মানুষ চেলসি সমর্থকদের কাছে বার্কোর পরিচয় শুধু এই এক ঘটনার মাধ্যমে সীমাবদ্ধ নয়। স্ট্যামফোর্ড ব্রিজে যোগদানের আগেই মাত্র ২২ বছর বয়সে তিনি যে পরিমাণ প্রোভোকেশন বা প্রতিপক্ষকে মানসিকভাবে অস্থির করে তোলার ক্ষমতা দেখিয়েছেন, তা সত্যিই অসাধারণ।

আর্জেন্টাইন ফুটবলের অন্যতম খ্যাপাটে ক্লাব বোকা জুনিয়র্সের একাডেমিতে জন্ম নেওয়া বার্কো। মাত্র ১৬ বছর বয়সে সিনিয়র দলে অভিষেকের সময় ফুটবলবোদ্ধারা তার মধ্যে কিংবদন্তি হুয়ান রোমান রিকেলমের আত্মবিশ্বাস ও নির্ভীকতার উদ্ভাস পেয়েছিলেন।

আর্জেন্টাইন ফুটবল বিশ্লেষক মার্টিন মাজুরের ভাষ্যমতে, "বার্কোর ব্যক্তিত্বটাই এমন। মাঠে নামলে সে মনে মনে ভাবতে থাকে—‘এটা আমার বাড়ির উঠোন, তোমরা এখানে আমার নিয়মে খেলবে।’ চাপ তাকে স্পর্শ করতে পারে না।"

তিনি কৈশোরে স্ট্রাইকার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বোকা জুনিয়র্সের মূল দলে তিনি পরিচিতি পান বাঁ-পাশের ফুলব্যাক হিসেবে। কিন্তু বল পায়ে জটিল পজিশন থেকে বেরিয়ে আসার এবং রক্ষণ চেরা পাস দেওয়ার অসাধারণ ক্ষমতার কারণে তার ভূমিকা বারবার পাল্টেছে।

২০২৪ সালের জানুয়ারিতে ডিফেন্ডার হিসেবে ১ কোটি ডলার রিলিজ ক্লজে ব্রাইটনে যোগ দিয়ে ইউরোপিয়ান ফুটবলে প্রবেশ করেন। ব্রাইটনের সাবেক কোচ রবার্তো দে জের্বি তার সাহসের প্রশংসা করলেও নতুন কোচের অধীনে সুযোগ না পাওয়ায় ইতোমধ্যে স্প্যানিশ ক্লাব সেভিয়া ও পরে ফরাসি ক্লাব স্ট্রাসবার্গে ধারে যান।

ফরাসি ফুটবলে গিয়েই মূলত নিজের সেরা রূপ খুলে পান বার্কো। স্ট্রাসবার্গে সাবেক চেলসি কোচ লিয়াম রোসেনিওরের অধীনে তাকে সেন্ট্রাল মিডফিল্ডে খেলানো শুরু হয়। মাঝমাঠে বল টেনে নেওয়া এবং খেলায় গতি নিয়ন্ত্রণের অসাধারণ দক্ষতায় তিনি অসাধারণ হয়ে ওঠেন।

মার্ক কুকুরেয়া রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার পর চেলসি ডাগআউটে এমন একজন ফুটবলারের অভাব দেখা যায়, যে প্রতিপক্ষের খেলোয়াড় ও গ্যালারির ক্ষোভ নিজের দিকে টেনে নিয়ে দলের ওপর চাপ কমাতে পারে। বার্কো শতভাগ নিখুঁতভাবে ওই ভূমিকা পালনে সক্ষম। কিন্তু শুধু মেজাজ বা প্রোভোকেশন নয়, স্ট্র্যাটেজিক্যাল দিক থেকেও তিনি অত্যন্ত পরিপক্ব। বিশ্বকাপে আর্জেন্টিনার ডাগআউটে কোচ লিওনেল স্কালোনির পাশে প্রায় ‘সহকারী কোচের’ ভূমিকা পালন করতে দেখা গেছে এ তরুণকে।

স্ট্যামফোর্ড ব্রিজে সাত বছরের দীর্ঘ চুক্তিতে সই করা বার্কোর ওপর বড় বাজি ধরেছে ব্লুজরা। চেলসির নতুন রূপকার জাবি আলোনসোর অধীনে এই লড়াকু ও ক্ষ্যাপাটে আর্জেন্টাইন ফুটবলার কীভাবে নিজেকে মেলে ধরেন এবং ইংলিশ প্রিমিয়ার লিগের আবহাওয়া উত্তপ্ত করেন, সেটাই এখন দেখা বাকি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বিচার বিভাগের বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:১০ পি.এম


দেশের বিচার বিভাগের বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব: আইনমন্ত্রী

দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব, এ মন্তব্যটি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি এই বিষয়ে বলেন যে, সৃষ্টিকর্তার পর মানুষ যেন বিচার বিভাগের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে পারে, সে জন্য একটি ন্যায়সঙ্গত বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে।

শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে বিশিষ্ট শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। আইনমন্ত্রী আরো উল্লেখ করেন যে, বিচার বিভাগ এমনভাবে হতে হবে, যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করতে পারে। এই জন্য বিচারকদের মধ্যে মানবিক মূল্যবোধের চর্চা থাকা জরুরি বলে তিনি মনে করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, “তিনি দেশে ফিরুক, আমি এটা বিশ্বাস করতে চাই। দেশে ফিরে আইনের পথ ধরে হাঁটুক।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%