০৫:৪২ এম
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির মাধ্যমে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিপরীতে ফি আদায়ের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতি ইরান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তেহরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ইরান সবকিছুর আগে থেকেই হরমুজ প্রণালির মূল ‘প্রহরী’ হিসেবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও চিরকাল এভাবেই থাকবে।
সোমবার (১৩ জুলাই) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত ইরান দীর্ঘ সময় ধরে নিশ্চিত করে আসছে। কাজেই এই সুরক্ষার জন্য যদি কোনো ক্ষতিপূরণ বা মাশুলের প্রয়োজন পড়ে, তাহলে সেটি অবশ্যই ন্যায্য হওয়া উচিত।
ট্রাম্পের মন্তব্যের দিকে ইঙ্গিত করে খোঁচা দিয়ে আরাগচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট একেবারেই ঠিক বলেছেন যে যারা হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ পথ নিশ্চিত করবেন, তাদের এই সেবার জন্য ক্ষতিপূরণ দেওয়া উচিত। আর ইরান সর্বদা এই প্রণালির রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তবে ট্রাম্পের প্রস্তাবিত ২০ শতাংশ ফি-কে অতিরিক্ত আখ্যা দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, তেহরান এই মাশুল নির্ধারণের প্রক্রিয়ায় অবশ্যই ন্যায্য আচরণ করবে।
আরও পড়ুন: ডা. জুবাইদা রহমান টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন
ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণার প্রেক্ষিতে এসেছে। সম্প্রতি ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ঘোষণা দেন যে ওয়াশিংটন ইরানের ওপর আবারও নৌ-অবরোধ আরোপ করতে যাচ্ছে।
একই সাথে তিনি দাবি করেন, কৌশলগত এই জলপথে নিরাপত্তা দেওয়ার ব্যয়ভার মেটাতে, হরমুজ প্রণালি অতিক্রমকারী সমস্ত কার্গো জাহাজ থেকে ২০ শতাংশ ফি আদায় করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক, এই প্রণালি উন্মুক্তই থাকবে এবং এই প্রস্তাবিত ফি মূলত বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার খরচ হিসেবেই নেওয়া হবে। ট্রাম্পের এই দাবির জবাবে ইরান পাল্টা সুর চড়িয়ে প্রণালীটির ওপর নিজেদের চিরন্তন কর্তৃত্বের কথা পুনর্ব্যক্ত করেছে।
সূত্র: মেহের নিউজ।
আরও পড়ুন: পাকিস্তানে বায়ুদূষণে মানুষের গড় আয়ু কমছে ৪ বছর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন