বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৫৪ এম
কক্সবাজারের টেকনাফে দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড, যাদের কাছে ছিল ২ লাখ ইয়াবা। এই অভিযানের সময় ইয়াবা পাচারের জন্য ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নাফনদীতে কোস্টগার্ড অভিযান পরিচালনা করে।
টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, গোপন তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফনদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের খবর পায় কোস্টগার্ড। নাফনদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি লক্ষ্য করে থামার সংকেত দেয়া হয়। কিন্তু বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে সাবরাংয়ের আলোগোলা জোড়া এলাকাসংলগ্ন নাফ নদী থেকে বোটটি আটক করতে সক্ষম হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, টেকনাফের সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ার বাসিন্দা আবদুল হামিদের ছেলে নুর মোহাম্মদ (৫০) এবং মৃত ঠান্ডা মিয়ার ছেলে নজির আহমদ (৪১)।
টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, মাদকের বিস্তার রোধ এবং পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন একটি কারখানায় লাগা আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নাওজোড় কড্ডা এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুনের ঘটনা ঘটে। তবে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, রাতে কারখানাটির দ্বিতীয় ও তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
তিনি উল্লেখ করেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টার পর রাত ১০টা ৪০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে এবং পুলিশের সংবেদনশীল ও প্রশাসনিক তথ্য বাইরে সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে তার সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (স্পেশাল ব্রাঞ্চ) পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং এ সময় তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দিতে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশের সূত্রগুলো জানাচ্ছে, জাহাংগীর আলমের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার এবং পুলিশের অভ্যন্তরীণ ও সংবেদনশীল তথ্য তাদের কাছে সরবরাহের অভিযোগ রয়েছে। রেঞ্জের একাধিক কর্মকর্তা দাবি করেছেন, তার মুঠোফোনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের কিছু প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে, এসব অভিযোগের বিষয়ে ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এখনো আসেনি।
বুধবার (১১ নভেম্বর) রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম। তিনি জানান, মুঠোফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার বিশেষ শাখায় পাঠানো হয়েছে। যদি কোনো ধরনের বার্তা পাঠানোর প্রমাণ পাওয়া যায়, তাহলে সে অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়া হবে।
তিনি আরও বলেন, জাহাংগীর আলমের মুঠোফোনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। একটি সূত্রের মাধ্যমে বিষয়টি জানার পর তাকে ডেকে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন।
অভিযোগের বিষয়ে জাহাংগীর আলমের বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোন জব্দ থাকায় এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ