০৯:৩৫ পি.এম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কাতল এবং ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল মাছ। স্থানীয় আড়তে মাছ তিনটি উন্মুক্ত নিলামে ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকায় বিক্রি হয়েছে।
পরে, অনলাইনে যোগাযোগের মাধ্যমে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে মাছগুলো ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকায় বিক্রি করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের নিকট পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলেন জেলে মন্টু হালদার ও মিঠু হালদার। এ সময় মন্টু হালদারের জালে বড় একটি কাতল এবং মিঠু হালদারের জালে দুটি চিতল মাছ ধরা পড়ে।
আরও পড়ুন: সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং ট্রলারসহ ৩৮ জেলে আটক
মাছগুলো বিক্রির জন্য বেলা ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছের আড়তে নিয়ে আসেন জেলেরা। দীর্ঘদিন পর এত বড় আকৃতির মাছ দেখে স্থানীয় জেলে, মাছ ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।
আড়তে মাছগুলো উন্মুক্ত নিলামে তোলা হলে, দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে মন্টু হালদারের ধরা ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের কাতল মাছটি প্রতি কেজি ২ হাজার ৩৫০ টাকা দরে মোট ৫৮ হাজার ৫১৫ টাকায় কিনে নেন। অন্যদিকে, মিঠু হালদারের ধরা ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল মাছ প্রতি কেজি ৩ হাজার ৯০০ টাকা দরে মোট ৫৩ হাজার ৮২০ টাকায় কেনেন। সব মিলিয়ে মাছ তিনটি তিনি ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকায় কেনেন।
পরে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন তিনি। একপর্যায়ে ঢাকার বনানী এলাকার এক ব্যবসায়ীর কাছে কাতল মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ৫৯ হাজার ৭৬০ টাকায় এবং চিতল মাছ দুটি প্রতি কেজি ৪ হাজার টাকা দরে ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। এতে মাছ তিনটির মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকা।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, শনিবার বেলা ১০টার দিকে আড়তে নিলামে অংশ নিয়ে তিনি মাছগুলো কিনে নেন। পরে অনলাইনে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে মাছগুলো বিক্রি করেছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক, আহত উদ্ধার
তিনি বলেন, বর্তমানে পদ্মার বড় আকৃতির মাছের প্রতি ক্রেতাদের আগ্রহ অনেক বেশি। অনলাইন যোগাযোগমাধ্যমের কারণে দেশের এক প্রান্তের মাছ অন্য প্রান্তের ক্রেতার কাছে সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এতে মাছের বাজার সম্প্রসারণের পাশাপাশি জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পাচ্ছেন।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর মাছের স্বাদ ও গুণগত মানের কারণে দেশজুড়ে আলাদা পরিচিতি রয়েছে। বড় আকৃতির চিতল, কাতল, বোয়াল ও পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে।
তিনি বলেন, ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকার নির্ধারিত সময়ে মাছ ধরা বন্ধ রাখা, জাটকা সংরক্ষণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার ফলে ইলিশের পাশাপাশি চিতল, কাতল, বোয়াল, রুই ও পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। জেলে ও মৎস্যজীবীরা এসব নিয়ম মেনে চললে নদীতে মাছের উৎপাদন আরও বাড়বে। এতে তারা অর্থনৈতিকভাবেও লাভবান হবেন।
আরও পড়ুন: ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী ইন্তেকাল করেছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন