০৯:৪৯ পি.এম
গাজার অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলে গত ৪৮ ঘণ্টার মধ্যে অন্তত ১৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ৬৮ জন আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই হতাহতের তথ্য প্রকাশ করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তীব্র শীতের কারণে গাজায় ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু ঘটেছে। এর ফলে উপত্যকাটিতে বৈরী আবহাওয়া ও শীতের কারণে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় মোট ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৮৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: রিয়াদে ফের হুতিদের ড্রোন হামলা, ধ্বংস করল সৌদি জোট
এছাড়া, নিহতদের তথ্য যাচাই-বাছাই কমিটির অনুমোদনের পর মোট প্রাণহানির তালিকায় নতুন করে আরও ২১ জনের নাম যুক্ত করা হয়েছে। গত ৭ নভেম্বরের পর এটিই তালিকায় প্রথম সংযোজন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ৭৪ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর এ সময়ে আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন। সূত্র: আল জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন