০১:৫৮ এম
রাজধানী শহরে মিছিলের চেষ্টার সময় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার, ২১ জুন, রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, রোববার সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে থানার পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি
এদিকে, একই দিন গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানা পুলিশ। ওই অভিযানে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন মো. কবির ওরফে হুমায়ুন কবির, মো. কালাম ফরাজি, কবির হাওলাদার, মো. সিরাজ, মো. হেলাল হোসেন, মো. আলী রাজ হোসেন, মো. স্বপন মিয়া এবং মুরাদ ওরফে মুরাদ মাতবর।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে : নাহিদ ইসলাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন