ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

গ্রিনল্যান্ডে তেল-গ্যাস ও খনিজ অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প


গ্রিনল্যান্ডে তেল-গ্যাস ও খনিজ অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গ্রিনল্যান্ডে ব্যাপকভাবে তেল, গ্যাস ও খনিজ সম্পদের অনুসন্ধান শুরুর প্রস্তুতি চলছে।

বুধবার ট্রাম্পের দেওয়া বক্তব্যে উল্লেখ করা হয়েছে যে, গ্রিনল্যান্ডে অনুসন্ধান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা প্রকাশ করেননি।

ট্রাম্পের দাবি, বিশেষজ্ঞদের মতে, গ্রিনল্যান্ডে সহজে উত্তোলনযোগ্য তেলের মজুত বিশ্বের যেকোনো স্থানের তুলনায় অনেক বেশি।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

কৌশলগত অবস্থান এবং বিপুল খনিজ সম্পদের সম্ভাবনার কারণে গ্রিনল্যান্ড দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে দ্বীপটিতে তেল-গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ অনুসন্ধানের পরিকল্পনা সম্পর্কে ট্রাম্পের বক্তব্যে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের ওপর দিয়ে যুক্তরাষ্ট্রে ভবিষ্যতে কোনো হামলা চালানো হলে ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ যেকোনো ধরনের অস্ত্র ভূপাতিত করার হুঁশিয়ারি দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের ওপর ভবিষ্যতে যেকোনো হামলা গ্রিনল্যান্ডের ওপর দিয়ে আসতে হবে। সেখানে আমাদের প্রতিরক্ষা বাহিনী নিয়মিতভাবে ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা এখনো কল্পনাও করা হয়নি—এমন যেকোনো অস্ত্র ভূপাতিত করবে।’

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে ট্রাম্পের বারবার হুমকির পর যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনা প্রশমনের লক্ষ্যে গত সেপ্টেম্বরে তিন পক্ষ একটি চুক্তি সই করে।

আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?

চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও ভূমিকা আরও বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। এর ফলে সেখানে নতুন দুটি সামরিক ঘাঁটি স্থাপন এবং ট্রাম্পের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার পথও উন্মুক্ত হয়েছে।

তবে চুক্তিতে ডেনমার্কের সার্বভৌমত্ব এবং গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলে অবস্থিত একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ। এর অবস্থান ও খনিজ সম্পদের কারণে অঞ্চলটি নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ দীর্ঘদিনের।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরও পড়ুন: ডিজেল রপ্তানি বাড়াতে চায় ভারত, শোধনাগারগুলো সক্ষমতা বাড়াচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


জয়পুরহাটে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

জয়পুরহাট, ১৪ অক্টোবর, ২০২৬ : বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মসূচি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচিটি আজ বুধবার শহরের ছমির উদ্দিন হোটেল মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জেলা কার্যালয় জয়পুরহাটের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের জন্য করণীয় এবং বাজার ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন জয়পুরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুবাইর আল-ফয়সাল, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জয়পুরহাট জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়া, এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাটের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এ লক্ষ্যে বাজারের ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের সচেতন হওয়ার পাশাপাশি সঠিক বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্তমান সরকার গণতন্ত্রকে সমুন্নত রাখতে আন্তরিক: ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


বর্তমান সরকার গণতন্ত্রকে সমুন্নত রাখতে আন্তরিক: ডেপুটি স্পিকার

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৬ : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন, বর্তমান সরকার গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য আন্তরিক। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও পরবর্তী সময়ে গণতান্ত্রিক উত্তরণের পথ সহজ ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ক্ষমতার সুষ্ঠু হস্তান্তর এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনে তাঁর অবদান রয়েছে।

আজ সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে জনপ্রশাসন সংস্কার, সংসদ সদস্যদের প্রশিক্ষণ, সংসদীয় কমিটির কার্যক্রমে সহায়তা এবং লিঙ্গসমতা নীতি বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ডেপুটি স্পিকার বলেন, ইউএনডিপি বাংলাদেশে ঘনিষ্ঠভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারেও ইউএনডিপি ইতিবাচক ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রশাসনের সংস্কারের প্রসঙ্গে ডেপুটি স্পিকারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি মন্তব্য করেন, নিয়োগ প্রক্রিয়ায় দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধের মূল্যায়ন জরুরি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সারাদেশে প্রায় ৩২৫টি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে উল্লেখ করে তিনি এসব প্রতিষ্ঠানের প্রশিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন আনা এবং বাস্তবভিত্তিক ও জ্ঞাননির্ভর মূল্যায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

স্টিফেন রড্রিকস বলেন, ১৯৭২ সাল থেকে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির সহযোগিতামূলক সম্পর্কের সূচনা হয়েছে। বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে ইউএনডিপি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি জানান, জাতীয় সংসদে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কোর্স ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা দিতে ইউএনডিপি সবসময় প্রস্তুত। সংসদীয় কমিটিগুলোকে সহায়তা প্রদান এবং লিঙ্গসমতা নীতি বাস্তবায়নেও সংস্থাটি আগ্রহী।

ডেপুটি স্পিকার ইউএনডিপির আবাসিক প্রতিনিধির জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সরকারের শাসনের অবসান ঘটে। তাঁর মতে, জেন-জি ও ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধ দেশের রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং জনগণের ভোটাধিকারের মাধ্যমে বর্তমান সরকার নির্বাচিত হয়েছে।

বৈঠকে ইউএনডিপি ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেন তুরস্ক থেকে ১৫টি সুপারসনিক প্রশিক্ষণ বিমান কিনতে চায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


স্পেন তুরস্ক থেকে ১৫টি সুপারসনিক প্রশিক্ষণ বিমান কিনতে চায়

স্পেন তুরস্কের তৈরি ১৫টি সুপারসনিক প্রশিক্ষণ বিমান ‘হুরজেট’ কেনার পরিকল্পনা করছে। এর আগে দেশটি ৩০টি বিমান কেনার জন্য চুক্তি সম্পন্ন করেছে। এ তথ্য জানিয়েছেন তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (টিএআই) প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমেত দেমিরোগলু।

দেমিরোগলু বলেন, তুরস্কের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাস্তামোনুতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে, ২০২৮ সালে স্পেনের কাছে বিমান সরবরাহ শুরু করার প্রস্তুতি চলছে। প্রথম দফার ৩০টি বিমানের চুক্তি সই হওয়ার পর স্পেন আরো ১৫টি কেনার পরিকল্পনা করছে।

তিনি উল্লেখ করেন, তুরস্কের বিমানবাহিনীর কাছে হুরজেট সরবরাহ শুরুর আগে স্পেন বিমানটি কেনার আগ্রহ প্রকাশ করে। এর পর দুই পক্ষের মধ্যে ৩০টি বিমান কেনার চুক্তি সম্পন্ন হয়।

দেমিরোগলু তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি খাতের উৎপাদন সক্ষমতার বিষয়টিও তুলে ধরেন। তিনি জানান, একই স্থাপনায় ‘কান’ যুদ্ধবিমান, হুরজেট ও হুরকুশ বিমান, হেলিকপ্টার, চালকবিহীন আকাশযান, কৃত্রিম উপগ্রহ এবং বিমানের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে কাজ হচ্ছে। সেখানে ছয়টি পৃথক ক্ষেত্রে গবেষণা, পরীক্ষা ও উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি জানান, হুরকুশ বিমানের সরবরাহ শুরু হয়েছে এবং আগামী বছরগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। আজারবাইজানকে সম্ভাব্য রপ্তানি বাজার হিসেবে উল্লেখ করে তিনি আরও বিদেশি ক্রেতা পাওয়ার আশাও প্রকাশ করেন।

দেমিরোগলুর তথ্যমতে, তুর্কি অ্যারোস্পেসে বর্তমানে ১৬ হাজার ৫০০ কর্মী কাজ করছেন। তাঁর দাবি, প্রতিরক্ষা শিল্পে তুরস্কের সাফল্য দেশটির আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করেছে এবং তুর্কি প্রযুক্তির প্রতি বিশ্বজুড়ে আগ্রহ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, তুরস্কের প্রতিরক্ষা কর্মসূচির মূল লক্ষ্য হলো যুদ্ধ শুরু করা নয়, বরং যুদ্ধ ঠেকানোর সক্ষমতা বৃদ্ধি করা। ‘কান’ যুদ্ধবিমান তৈরির উদ্দেশ্যও একই—যাতে এটি ব্যবহার করার প্রয়োজন না হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন ও ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান দেমিরোগলু। তুরস্কের মহাকাশ ও প্রযুক্তি উৎসব ‘টেকনোফেস্ট’ তরুণদের প্রযুক্তি নিয়ে কাজ করার আগ্রহ বাড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কাস্তামোনু প্রাদেশিক জাতীয় শিক্ষা অধিদপ্তর অনুষ্ঠানটির আয়োজন করে।

সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৭ শিক্ষক পেলেন রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


খুলনা বিশ্ববিদ্যালয়ে ৭ শিক্ষক পেলেন রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫

খুলনা, ১৪ অক্টোবর, ২০২৬ : খুলনা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলের অন্তর্ভুক্ত ৭টি ডিসিপ্লিনের ৭ জন শিক্ষককে ‘রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হয়েছে, যা গবেষণা ক্ষেত্রে তাদের অবদান ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও সনদপত্র অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গবেষণাকর্মের মূল্যায়নের ভিত্তিতে জীব বিজ্ঞান স্কুলের উদ্যোগে এই প্রথমবারের মতো এ অ্যাওয়ার্ড প্রদান করা হলো।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন- এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইয়ামিন কবীর, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মুরছালিন বিল্লাহ, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সাধন চন্দ্র স্বর্ণকার, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. অলোকেশ কুমার ঘোষ, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইফতেখার শামস্, ফার্মেসি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. মনিরুল ইসলাম এবং সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট সায়েন্স ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মিল্টন হালদার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য উল্লেখ করেন, "বর্তমান সরকার দেশের জনগণকে দক্ষ জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।" তিনি আরও বলেন, উদ্ভাবন ও গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এবং খুলনা বিশ্ববিদ্যালয় ইমপ্যাক্টফুল গবেষণার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে চায়। এ জন্য ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, "প্রতিটি গবেষণাই মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সম্পর্কিত।" তিনি উল্লেখ করেন যে গবেষণার ক্ষেত্রে অনেক সময় প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এ ধরনের অ্যাওয়ার্ড গবেষকদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের আরও উৎসাহিত করবে।

বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী বলেন, "যেকোনো স্বীকৃতিই আনন্দের এবং অনুপ্রেরণার।" তিনি প্রশংসা করেন যে জীব বিজ্ঞান স্কুল প্রথমবারের মতো গবেষণায় অবদানের স্বীকৃতি দিতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. নবীউল ইসলাম খান। অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকবৃন্দ তাদের গবেষণা সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন।

একই অনুষ্ঠানে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাওয়ায় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মুরছালিন বিল্লাহ এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাসিফ আহসানকে জীব বিজ্ঞান স্কুলের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা ও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রভাষক নওরিন আহসান হাবিব।

এ অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, জীব বিজ্ঞান স্কুলভুক্ত ডিসিপ্লিনের প্রধান, বিভিন্ন বিভাগের পরিচালক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%