ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

স্পেন তুরস্ক থেকে ১৫টি সুপারসনিক প্রশিক্ষণ বিমান কিনতে চায়


স্পেন তুরস্ক থেকে ১৫টি সুপারসনিক প্রশিক্ষণ বিমান কিনতে চায়

স্পেন তুরস্কের তৈরি ১৫টি সুপারসনিক প্রশিক্ষণ বিমান ‘হুরজেট’ কেনার পরিকল্পনা করছে। এর আগে দেশটি ৩০টি বিমান কেনার জন্য চুক্তি সম্পন্ন করেছে। এ তথ্য জানিয়েছেন তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (টিএআই) প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমেত দেমিরোগলু।

দেমিরোগলু বলেন, তুরস্কের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাস্তামোনুতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে, ২০২৮ সালে স্পেনের কাছে বিমান সরবরাহ শুরু করার প্রস্তুতি চলছে। প্রথম দফার ৩০টি বিমানের চুক্তি সই হওয়ার পর স্পেন আরো ১৫টি কেনার পরিকল্পনা করছে।

তিনি উল্লেখ করেন, তুরস্কের বিমানবাহিনীর কাছে হুরজেট সরবরাহ শুরুর আগে স্পেন বিমানটি কেনার আগ্রহ প্রকাশ করে। এর পর দুই পক্ষের মধ্যে ৩০টি বিমান কেনার চুক্তি সম্পন্ন হয়।

আরও পড়ুন: মিত্রদের অনুরোধে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

দেমিরোগলু তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি খাতের উৎপাদন সক্ষমতার বিষয়টিও তুলে ধরেন। তিনি জানান, একই স্থাপনায় ‘কান’ যুদ্ধবিমান, হুরজেট ও হুরকুশ বিমান, হেলিকপ্টার, চালকবিহীন আকাশযান, কৃত্রিম উপগ্রহ এবং বিমানের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে কাজ হচ্ছে। সেখানে ছয়টি পৃথক ক্ষেত্রে গবেষণা, পরীক্ষা ও উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি জানান, হুরকুশ বিমানের সরবরাহ শুরু হয়েছে এবং আগামী বছরগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। আজারবাইজানকে সম্ভাব্য রপ্তানি বাজার হিসেবে উল্লেখ করে তিনি আরও বিদেশি ক্রেতা পাওয়ার আশাও প্রকাশ করেন।

দেমিরোগলুর তথ্যমতে, তুর্কি অ্যারোস্পেসে বর্তমানে ১৬ হাজার ৫০০ কর্মী কাজ করছেন। তাঁর দাবি, প্রতিরক্ষা শিল্পে তুরস্কের সাফল্য দেশটির আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করেছে এবং তুর্কি প্রযুক্তির প্রতি বিশ্বজুড়ে আগ্রহ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, তুরস্কের প্রতিরক্ষা কর্মসূচির মূল লক্ষ্য হলো যুদ্ধ শুরু করা নয়, বরং যুদ্ধ ঠেকানোর সক্ষমতা বৃদ্ধি করা। ‘কান’ যুদ্ধবিমান তৈরির উদ্দেশ্যও একই—যাতে এটি ব্যবহার করার প্রয়োজন না হয়।

আরও পড়ুন: ইরানে মধ্যরাতে হামলা, সিরিক শহরে বিস্ফোরণের ঘটনা

অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন ও ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান দেমিরোগলু। তুরস্কের মহাকাশ ও প্রযুক্তি উৎসব ‘টেকনোফেস্ট’ তরুণদের প্রযুক্তি নিয়ে কাজ করার আগ্রহ বাড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কাস্তামোনু প্রাদেশিক জাতীয় শিক্ষা অধিদপ্তর অনুষ্ঠানটির আয়োজন করে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরও পড়ুন: ট্রাম্প: ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৭ শিক্ষক পেলেন রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


খুলনা বিশ্ববিদ্যালয়ে ৭ শিক্ষক পেলেন রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫

খুলনা, ১৪ অক্টোবর, ২০২৬ : খুলনা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলের অন্তর্ভুক্ত ৭টি ডিসিপ্লিনের ৭ জন শিক্ষককে ‘রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হয়েছে, যা গবেষণা ক্ষেত্রে তাদের অবদান ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও সনদপত্র অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গবেষণাকর্মের মূল্যায়নের ভিত্তিতে জীব বিজ্ঞান স্কুলের উদ্যোগে এই প্রথমবারের মতো এ অ্যাওয়ার্ড প্রদান করা হলো।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন- এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইয়ামিন কবীর, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মুরছালিন বিল্লাহ, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সাধন চন্দ্র স্বর্ণকার, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. অলোকেশ কুমার ঘোষ, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইফতেখার শামস্, ফার্মেসি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. মনিরুল ইসলাম এবং সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট সায়েন্স ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মিল্টন হালদার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য উল্লেখ করেন, "বর্তমান সরকার দেশের জনগণকে দক্ষ জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।" তিনি আরও বলেন, উদ্ভাবন ও গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এবং খুলনা বিশ্ববিদ্যালয় ইমপ্যাক্টফুল গবেষণার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে চায়। এ জন্য ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, "প্রতিটি গবেষণাই মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সম্পর্কিত।" তিনি উল্লেখ করেন যে গবেষণার ক্ষেত্রে অনেক সময় প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এ ধরনের অ্যাওয়ার্ড গবেষকদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের আরও উৎসাহিত করবে।

বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী বলেন, "যেকোনো স্বীকৃতিই আনন্দের এবং অনুপ্রেরণার।" তিনি প্রশংসা করেন যে জীব বিজ্ঞান স্কুল প্রথমবারের মতো গবেষণায় অবদানের স্বীকৃতি দিতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. নবীউল ইসলাম খান। অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকবৃন্দ তাদের গবেষণা সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন।

একই অনুষ্ঠানে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাওয়ায় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মুরছালিন বিল্লাহ এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাসিফ আহসানকে জীব বিজ্ঞান স্কুলের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা ও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রভাষক নওরিন আহসান হাবিব।

এ অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, জীব বিজ্ঞান স্কুলভুক্ত ডিসিপ্লিনের প্রধান, বিভিন্ন বিভাগের পরিচালক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের নতুন কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের নতুন কমিটি গঠন

রাজধানী ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের কার্যক্রমকে আরো গতিশীল, সুসংগঠিত ও বেগবান করার উদ্দেশ্যে সংগঠনটির কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে মুফতি জুনায়েদ গুলজারকে সভাপতি এবং মুফতি আবুল হাসান কাসেমীকে সেক্রেটারি হিসেবে মনোনীত করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে।

বুধবার, রাজধানীর নয়াপল্টনে অবস্থিত কসমিক টাওয়ারে ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের একটি জরুরি পরামর্শ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন মুফতি জুনায়েদ গুলজার। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, ওলামায়ে কেরামের পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করার পাশাপাশি সম্মিলিত উদ্যোগে দ্বীনি ও সামাজিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল গফফার খান, পীর সাহেব গালুয়া মুফতি সাইফুল্লাহ হাবিবী, মুফতি সানাউল্লাহ খান, মুফতি আবুল হাসান কাসেমী, মুফতি সাঈদ আহমদ, মুফতি মুইনুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নানসহ বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম।

সভায় উপস্থিত আলেমরা আশা প্রকাশ করেন যে, নবগঠিত কমিটির নেতৃত্বে ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান হবে। তারা বরিশাল বিভাগের ওলামায়ে কেরামের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সম্মিলিত কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হবে।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগারগাঁওয়ের নির্মাণ মেলায় নাসির সিনটেক্স গ্রুপের আধুনিক পণ্য প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


আগারগাঁওয়ের নির্মাণ মেলায় নাসির সিনটেক্স গ্রুপের আধুনিক পণ্য প্রদর্শনী

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত চার দিনব্যাপী নির্মাণ মেলা ‘IAB BUILD EXPO 2026’-এ অংশগ্রহণ করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান নাসির সিনটেক্স গ্রুপ। এই মেলায় প্রতিষ্ঠানটির বিভিন্ন মানসম্পন্ন ও আধুনিক নির্মাণসামগ্রী প্রদর্শন করা হয়েছে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

মেলায় নাসির সিনটেক্স গ্রুপের প্রদর্শিত পণ্যসম্ভারের মধ্যে রয়েছে বাজারের সবচেয়ে স্বচ্ছ ৬৯০ পিপিএম (690 PPM) নাসির ফ্লোট গ্লাস, অত্যাধুনিক নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম, ইস্পানিয়া সিরামিকসের প্রিমিয়াম স্প্যানিশ টাইলস এবং ডিয়ার চেয়ারসের উদ্ভাবনী পণ্যসমূহ।

প্রদর্শনীতে এই পণ্যের গুণগত মান, আধুনিক নকশা এবং নির্মাণ খাতে ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। মেলায় আগত দর্শনার্থীরা নাসির সিনটেক্স গ্রুপের পণ্যসামগ্রী দেখে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।

দেশি ও বিদেশি স্থপতি, প্রকৌশলী এবং ভবন নির্মাতাদের পদচারণায় মুখর ছিল চার দিনব্যাপী এই আয়োজন। নির্মাণশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণে মেলাটি নির্মাণসামগ্রী, আধুনিক প্রযুক্তি ও নকশাভিত্তিক পণ্যের পরিচিতি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) আয়োজিত ‘IAB BUILD EXPO 2026’-এ নাসির সিনটেক্স গ্রুপের অংশগ্রহণ প্রতিষ্ঠানটির বিভিন্ন নির্মাণসামগ্রী ও উদ্ভাবনী পণ্যকে সংশ্লিষ্ট পেশাজীবী এবং দর্শনার্থীদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

বান্দরবান, ১৪ অক্টোবর, ২০২৬ : সাম্প্রতিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এই সহায়তা বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে।

আজ বুধবার বেলা ১১টায় বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে প্রকল্প অবহিতকরণ সভায় এ তথ্য জানান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান জেলা কার্যালয়ের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার।

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বন্যায় বান্দরবানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পের কার্যক্রম ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং এটি আগামী ১ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত হবে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ও গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) প্রকল্পটি বাস্তবায়ন করছে। হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন সরকারের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের আওতায় বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলার মোট ৫ হাজার ৬৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

প্রকল্পের আওতায় বান্দরবান পৌরসভার ১ হাজার ৫৩০টি, বান্দরবান সদর ইউনিয়নের ৭০০টি, কুহালং ইউনিয়নের ১ হাজার, জামছড়ি ইউনিয়নের ৫৫০টি, রাজবিলা ইউনিয়নের ২০০টি, টংকাবতী ইউনিয়নের ২৫০টি, সুয়ালক ইউনিয়নের ৩০০টি এবং রোয়াংছড়ি উপজেলার ১ হাজার পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হবে।

এই সহায়তার মধ্যে থাকবে চাল, মসুর ডাল, তেল, চিড়া, লবণ ও চিনি। পাশাপাশি খাবার স্যালাইন, সাবান, পানির পাত্রসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও প্রদান করা হবে।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল আরেফিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান জেলা কার্যালয়ের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাউসের উপনির্বাহী পরিচালক চিন্ময় ম্রো, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সোনিয়া আফরোজ।

এ সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার বিভিন্ন শাখার কর্মচারী এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গ্রাউস ও হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%