১০:৩৩ এম
মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানবজাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পরিচিত। তিনি নিজেই ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ২২৯)
নবুয়ত লাভের পর মহানবী (সা.) শুধু ইসলামের দাওয়াতই দেননি; বরং তিনি পবিত্র কোরআন, সুন্নাহ ও জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে জ্ঞান দান করেছেন। মক্কা ও মদিনার বাইরের বিভিন্ন অঞ্চল ও গোত্রে ইসলামের শিক্ষা পৌঁছে দিতে তিনি সাহাবিদের মধ্য থেকে শিক্ষক নিয়োগ করে পাঠাতেন। তবে শিক্ষক নির্বাচনকালে তিনি কখনোই বংশমর্যাদা, সামাজিক অবস্থান বা আর্থিক সচ্ছলতাকে প্রাধান্য দেননি। বরং সংশ্লিষ্ট ব্যক্তির জ্ঞান, আমল, চারিত্রিক গুণাবলি, শিক্ষাদানের দক্ষতা ও দায়িত্ব পালনের যোগ্যতা যাচাই করেই তাঁকে এ গুরুদায়িত্ব অর্পণ করতেন।
মহানবী (সা.)-এর শিক্ষক নিয়োগের আদর্শ পর্যালোচনা করলে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ গুণের সন্ধান পাওয়া যায়, যা আজও একজন আদর্শ শিক্ষকের জন্য অপরিহার্য।
আরও পড়ুন: পাগলা মসজিদের ১৫ দানবাক্সে উদ্ধার ৫১ বস্তা টাকা
১. সংশ্লিষ্ট বিষয়ে বিশুদ্ধ ও গভীর জ্ঞান : শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহানবী (সা.)-এর অন্যতম প্রধান বিবেচনা ছিল প্রার্থীর বিশুদ্ধ ও পর্যাপ্ত জ্ঞান। বিশেষ করে পবিত্র কোরআন শিক্ষা ও ইসলামের বিধিবিধান প্রচারের জন্য তিনি এমন ব্যক্তিদের নির্বাচন করতেন, যাঁরা এ বিষয়ে অধিক দক্ষ ও পারদর্শী।
মদিনায় হিজরতের আগে সেখানকার নতুন মুসলমানদের কোরআন ও ইসলামের শিক্ষা দেওয়ার জন্য মহানবী (সা.) সাহাবি মুসআব ইবনে উমাইর (রা.) ও আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা.)-কে পাঠিয়েছিলেন। মুসআব (রা.) মদিনায় গিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে কোরআন শিক্ষা ও ইসলামের দাওয়াতের কাজ পরিচালনা করেন। অল্প সময়ের মধ্যে তাঁর প্রচেষ্টায় মদিনার বহু মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে। এই কারণে ইতিহাসে তিনি ‘আল-মুকরি’ বা মদিনার প্রথম শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেন। (ইবনে হিশাম, আস-সিরাহ আন-নাবাবিয়্যাহ, ২/৭৫, দারুল জিল, বৈরুত, ১৯৯০)
এ ঘটনা প্রমাণ করে, মহানবী (সা.) শিক্ষকের দায়িত্ব এমন ব্যক্তির হাতে তুলে দিতেন, যাঁর সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা রয়েছে।
২. কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য : একজন শিক্ষক কেবল জ্ঞান বিতরণ করেন না; তাঁর ব্যক্তিত্ব, আচার-আচরণ ও জীবনযাপন শিক্ষার্থীদের ওপর গভীর প্রভাব ফেলে। তাই মহানবী (সা.) শিক্ষকের ক্ষেত্রে চারিত্রিক শুদ্ধতা ও আমলের সামঞ্জস্যকে বিশেষ গুরুত্ব দিতেন। যিনি মানুষকে কোনো ভালো কাজের শিক্ষা দেবেন, তাঁর নিজের জীবনেও সেই শিক্ষার প্রতিফলন থাকা জরুরি।
আরও পড়ুন: আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে: ক্ষমা ও সংযমের আহ্বান
পবিত্র কোরআনে কথা ও কাজের অমিলের ব্যাপারে সতর্ক করে মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা এমন কথা কেন বলো, যা তোমরা নিজেরা করো না?’ (সুরা সাফ, আয়াত: ২)
অর্থাৎ একজন মানুষের বক্তব্য ও কর্মের মধ্যে বৈপরীত্য থাকা উচিত নয়। বিশেষ করে যাঁরা মানুষকে দ্বীনের শিক্ষা দেবেন, তাঁদের জীবন হতে হবে নিজেদের শিক্ষার বাস্তব প্রতিচ্ছবি।
এ কারণে মহানবী (সা.) শিক্ষক ও দায়িত্বশীল হিসেবে সাহাবিদের মধ্যে তাকওয়া, আমানতদারিতা, সততা ও আত্মসংযমের মতো গুণাবলিকে গুরুত্ব দিতেন। মুয়াজ ইবনে জাবাল (রা.) ও আবু মুসা আশআরি (রা.)-কে ইয়েমেনে পাঠানোর ঘটনাতেও তাঁদের দ্বীনি যোগ্যতা ও দায়িত্বশীলতার বিষয়টি বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।
৩. সহজ ও সুন্দরভাবে শিক্ষা দেওয়ার দক্ষতা : কোনো বিষয়ে গভীর জ্ঞান থাকা আর সেই জ্ঞান অন্যের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া এক বিষয় নয়। একজন আদর্শ শিক্ষককে শিক্ষার্থীদের বয়স, মেধা, মানসিক অবস্থা ও বোঝার সক্ষমতা বিবেচনা করে পাঠদান করতে হয়। জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করা এবং শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করাও তাঁর গুরুত্বপূর্ণ দক্ষতা।
আরও পড়ুন: সৌদি আরবে প্রাচীন মুসলিম হজের পথের সন্ধানে নতুন খননকাজ
মহানবী (সা.) শিক্ষাদানের ক্ষেত্রে কোমলতা, সহনশীলতা ও সহজবোধ্য উপস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। মুয়াজ ইবনে জাবাল (রা.) ও আবু মুসা আশআরি (রা.)-কে ইয়েমেনে পাঠানোর সময় তিনি তাঁদের উদ্দেশে বলেছিলেন, ‘তোমরা মানুষের জন্য সহজ করো, কঠিন কোরো না; সুসংবাদ দাও, মানুষকে বিমুখ কোরো না এবং পরস্পর মিলেমিশে কাজ করো, মতভেদ সৃষ্টি কোরো না।’ (সহিহ বুখারি, হাদিস: ৩০৩৮)
এই নির্দেশনা শুধু দাওয়াত ও বিচারকার্যের ক্ষেত্রেই নয়, শিক্ষাদানের ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ কঠোরতা ও অযথা জটিলতা শিক্ষার্থীদের শেখার আগ্রহ নষ্ট করতে পারে। পক্ষান্তরে আন্তরিকতা, কোমলতা ও সহজ উপস্থাপনা তাদের জ্ঞান অর্জনে উৎসাহিত করে।
৪. আত্মীয়তা নয়, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ : দায়িত্বশীল পদে নিয়োগের ক্ষেত্রে মহানবী (সা.)-এর অন্যতম বৈশিষ্ট্য ছিল যোগ্যতাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া। আত্মীয়তা, বন্ধুত্ব, গোত্রীয় পরিচয় কিংবা ব্যক্তিগত সম্পর্কের কারণে অযোগ্য কাউকে দায়িত্ব দেওয়ার সুযোগ তিনি রাখেননি। বরং কোনো দায়িত্বের জন্য অধিক যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও কম যোগ্য কাউকে নিয়োগ দেওয়াকে তিনি গুরুতর খেয়ানত হিসেবে অভিহিত করেছেন।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো দায়িত্ব বা কর্মে কাউকে নিয়োগ দিল, অথচ সে জানে যে সমাজে তার চেয়ে অধিক যোগ্য ব্যক্তি রয়েছে, সে মূলত আল্লাহ, তাঁর রাসুল ও সমগ্র মুমিন সমাজের সঙ্গে খেয়ানত করল।’ (মুসতাদরাকে হাকেম, হাদিস: ৭২১৮)
আরও পড়ুন: আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ‘এমআইএস রিপোর্টিং অ্যানালিস্ট’ পদে স্নাতক পাশের নিয়োগ
যোগ্যতার প্রতি মহানবী (সা.)-এর এই দৃষ্টিভঙ্গির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত পাওয়া যায় বদর যুদ্ধের বন্দীদের ঘটনায়। বন্দীদের মধ্যে যাঁরা লেখাপড়া জানতেন, তাঁদের কয়েকজনকে মদিনার শিশুদের লেখাপড়া শেখানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। শিশুদের শিক্ষা দেওয়াকে তাঁদের মুক্তির বিনিময় হিসেবে নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ ব্যক্তির সামাজিক বা ধর্মীয় পরিচয়ের পরিবর্তে তাঁর জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মহানবী (সা.)। (মুসনাদে আহমাদ, হাদিস: ২২১৬)
৫. প্রজ্ঞা ও সমস্যা সমাধানের সক্ষমতা : শিক্ষাদানের সময় শিক্ষার্থীদের মনে নানা প্রশ্ন জাগতে পারে। কখনো এমন পরিস্থিতিও তৈরি হতে পারে, যার সমাধান তাৎক্ষণিকভাবে দিতে হয়। তাই একজন আদর্শ শিক্ষকের শুধু পাঠ্যবিষয়ে জ্ঞান থাকলেই চলে না; তাঁকে হতে হয় বিচক্ষণ, দূরদর্শী ও প্রজ্ঞাবান। বিশেষ করে নতুন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তাঁর থাকা জরুরি।
মহানবী (সা.) দায়িত্ব অর্পণের আগে সাহাবিদের জ্ঞান ও বিচারবুদ্ধি যাচাই করতেন। মুয়াজ ইবনে জাবাল (রা.)-কে ইয়েমেনে পাঠানোর আগে তাঁর সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছিলেন।
তিনি জিজ্ঞাসা করলেন, ‘হে মুয়াজ! তোমার সামনে যখন কোনো বিচার বা সমস্যা উপস্থিত হবে, তখন কীভাবে তার সমাধান করবে?’
আরও পড়ুন: সন্তান লাভের আশায় কোরআনে বর্ণিত নবীদের চারটি দোয়া
মুয়াজ (রা.) বললেন, ‘আল্লাহর কিতাব অনুযায়ী সমাধান করব।’
রাসুলুল্লাহ (সা.) আবার জিজ্ঞাসা করলেন, ‘যদি আল্লাহর কিতাবে তা না পাও?’
তিনি বললেন, ‘তাহলে রাসুলুল্লাহর সুন্নাহ অনুযায়ী সিদ্ধান্ত নেব।’
নবীজি (সা.) পুনরায় জিজ্ঞাসা করলেন, ‘যদি সেখানেও না পাও?’
আরও পড়ুন: পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা, গণনায় অংশ নিচ্ছে পাঁচ শতাধিক মানুষ
মুয়াজ (রা.) বললেন, ‘তাহলে নিজের ইজতিহাদ ও বিবেচনাবুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব এবং এ ক্ষেত্রে কোনো ত্রুটি করব না।’ তাঁর এ উত্তর শুনে মহানবী (সা.) সন্তুষ্টি প্রকাশ করেন এবং আল্লাহর প্রশংসা করেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৫৯২)
এ ঘটনা থেকে বোঝা যায়, মহানবী (সা.) দায়িত্বশীল ব্যক্তির মধ্যে শুধু মুখস্থ জ্ঞান নয়, বরং প্রজ্ঞা, বিচারবুদ্ধি ও নতুন পরিস্থিতি মোকাবিলার সক্ষমতাও প্রত্যাশা করতেন।
শেষ কথা
মহানবী (সা.)-এর শিক্ষক নিয়োগের আদর্শ থেকে স্পষ্ট হয়, একজন আদর্শ শিক্ষক হতে হলে শুধু সনদ বা প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকাই যথেষ্ট নয়। তাঁর মধ্যে থাকতে হবে বিশুদ্ধ জ্ঞান, উত্তম চরিত্র, আমলের দৃঢ়তা, সহজভাবে বোঝানোর দক্ষতা, দায়িত্ববোধ ও প্রজ্ঞা। কারণ শিক্ষক শুধু শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; বরং তাঁদের চিন্তাভাবনা, মূল্যবোধ ও জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ইমাম গাজালি (রহ.) শিক্ষকের দায়িত্ব ও গুণাবলি সম্পর্কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন। তাঁর মতে, শিক্ষক হবেন শিক্ষার্থীদের প্রতি পিতার মতো স্নেহশীল। তিনি পার্থিব স্বার্থের পরিবর্তে আল্লাহর সন্তুষ্টির জন্য শিক্ষা দেবেন, শিক্ষার্থীদের মেধা ও সামর্থ্য অনুযায়ী তাদের সঙ্গে কথা বলবেন এবং নিজের আচরণের মাধ্যমে নৈতিকতার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করবেন। (ইহইয়াউ উলুমিদ্দিন, ১/৫৫-৫৮, দারুল মারিফাহ, বৈরুত)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন