ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সঙ্গে ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের মতবিনিময়


গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সঙ্গে ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের মতবিনিময়

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জাতিসংঘের মানব বসতি বিষয়ক সংস্থা ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

আজ বৃহস্পতিবার, সচিবালয়ে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের নগর উন্নয়ন, টেকসই মানব বসতি প্রতিষ্ঠা, আবাসন খাতের উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতায় বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করা হয়।

আরও পড়ুন: শিশু নির্যাতন প্রতিরোধে নীরবতা ভাঙার আহ্বান ইনসিডিন বাংলাদেশের

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের নগর উন্নয়ন ও আবাসন খাতের অগ্রাধিকার, সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তিগত সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন, যাতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগরায়ণ নিশ্চিত করা যায়।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন উপস্থিত ছিলেন। ইউএন-হ্যাবিট্যাট সদর দপ্তরের পক্ষে সিনিয়র হিউম্যান সেটেলমেন্টস অফিসার মি. জশুয়া মুলান্দি মাভিতি এবং অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার হেসুং আন উপস্থিত ছিলেন। ইউএন-হ্যাবিট্যাট বাংলাদেশ-এর ন্যাশনাল প্রোগ্রাম স্পেশালিস্ট ফারিবা আলমও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশের টেকসই নগর উন্নয়ন, মানব বসতি ও আবাসন খাতের অগ্রগতিতে ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: ডিসেম্বর মাসে নাশকতা প্রতিরোধে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, নজরদারিতে সন্দেহভাজন পুলিশ সদস্যরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প প্রশাসন ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


ট্রাম্প প্রশাসন ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করছে

নয় মাসের দীর্ঘ ইরান যুদ্ধের অবসান ঘটানোর উদ্দেশ্যে দেশটির শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের মধ্যে আলোচনা চলছে যে কট্টরপন্থি নেতৃত্বকে সরিয়ে দিয়ে যুদ্ধ বন্ধের জন্য সামরিক অভিযান চালানো সম্ভব কিনা। তবে এই পরিকল্পনা নিয়ে মার্কিন প্রশাসন ও সামরিক কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। আনাদোলু এজেন্সিও প্রতিবেদনটি প্রকাশ করেছে।

এনবিসি নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত আরেক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে অভিযান চালানোর পক্ষে প্রশাসনের একটি অংশ রয়েছে। তাদের যুক্তি হলো, এ ধরনের অভিযান চালিয়ে ওয়াশিংটন প্রমাণ করতে পারবে যে তারা যেকোনো সময় ইরানি নেতাদের অবস্থান শনাক্ত করে হত্যা করতে সক্ষম।

তাদের মতে, এই পদক্ষেপ ইরানের নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য যুদ্ধ শেষ করার একটি সুযোগ তৈরি করবে।

তবে প্রশাসন ও সামরিক বাহিনীর অন্য কর্মকর্তারা এই পরিকল্পনার বিরোধিতা করছেন। তাদের আশঙ্কা, ইরানের শীর্ষ নেতাদের হত্যা করা হলে দেশটির অবশিষ্ট নেতারা আরও কঠোর অবস্থান নিতে পারেন। এতে ভবিষ্যতে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া, মার্কিন সেনা ও কর্মকর্তাদের ওপর ইরানের পালটা হামলার ঝুঁকিও বৃদ্ধি পাবে।

এদিকে, ইরানের হুমকির কারণে সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। মন্ত্রিসভার আরও কয়েকজন কর্মকর্তাও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থার আওতায় রয়েছেন।

এনবিসি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প এখনো বিভিন্ন ধরনের সামরিক পদক্ষেপ বিবেচনা করছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তিনি নেননি।

গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তিনি নতুন বছর পর্যন্ত অপেক্ষা করতে পারেন। পেন্টাগন তার সামনে সামরিক অভিযানের বিকল্পগুলো আরও বিস্তৃত করছে।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পরিকল্পনার মধ্যে রয়েছে বড় পরিসরে আবারও যুদ্ধ শুরু করা। এছাড়া, ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি ও পরমাণু স্থাপনায় হামলার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে খারগ দ্বীপের তেল স্থাপনা, কেশম দ্বীপের জ্বালানি অবকাঠামো এবং পিক্যাক্স মাউন্টেনের পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্র।

খারগ দ্বীপ ইরানের জ্বালানি রপ্তানির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, কেশম দ্বীপের জ্বালানি অবকাঠামো এবং পরমাণু স্থাপনাগুলোতে হামলা হলে দেশটির অর্থনীতি ও কৌশলগত সক্ষমতার ওপর বড় প্রভাব পড়তে পারে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে রহস্য তৈরি হয়েছে। তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তিনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বাবার ওপর হামলায় মোজতবা আহত হয়েছিলেন। এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

এনবিসি নিউজ জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিসা বাতিলের দাবি তোলা এজেন্টকে হেনস্তার অভিযোগ, জামায়াতের আইনি নোটিশ দ্য অস্ট্রেলিয়ানকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


ভিসা বাতিলের দাবি তোলা এজেন্টকে হেনস্তার অভিযোগ, জামায়াতের আইনি নোটিশ দ্য অস্ট্রেলিয়ানকে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া ত্যাগ করেছেন, কিন্তু তার বিরুদ্ধে বিতর্কের অবসান হয়নি। সিডনির নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট রেমন্ড সালোমন তার ভিসা বাতিলের দাবি জানিয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

অন্যদিকে, জামায়াত আমির অস্ট্রেলিয়ার জাতীয় দৈনিক দ্য অস্ট্রেলিয়ানকে আইনি নোটিশ পাঠিয়ে প্রতিবেদন প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি করেছেন। তিনি জানিয়েছেন, অন্যথায় মানহানির আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দ্য অস্ট্রেলিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, শফিকুর রহমানের ভিসা বাতিলের দাবি জানানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমে রেমন্ড সালোমনকে আক্রমণ করেছেন অস্ট্রেলিয়ার গ্রিনস পার্টির সাবেক প্রার্থী আবরার আহমদ।

আবরার আহমদ তার পরিচালিত ফেসবুক পেজে সালোমনকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তার বাসা কিংবা কর্মস্থলের ঠিকানা খুঁজে বের করতে অনুসারীদের প্রতি আহ্বান জানান। ওই পোস্টের মন্তব্যে কয়েকজন সালোমনের কর্মস্থলের ঠিকানা ও মোবাইল ফোন নম্বর প্রকাশ করেন এবং তাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনার পর সালোমন তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে আবরার আহমদ দাবি করেছেন যে সালোমনের ক্ষতি করার কোনো উদ্দেশ্য ছিল না। তিনি জানান, চায়ের টেবিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করার জন্য তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। একই সঙ্গে সালোমনের বিরুদ্ধে ইসলামবিদ্বেষী রাজনীতিক ও সংবাদমাধ্যমের পক্ষ নেওয়ার অভিযোগও করেছেন আবরার।

নিউ সাউথ ওয়েলস গ্রিনস পার্টি দ্য অস্ট্রেলিয়ানকে জানিয়েছে, আবরার বর্তমানে দলটির অনুমোদিত প্রার্থী নন।

এর আগে গত সোমবার (২৩ নভেম্বর) অস্ট্রেলিয়ার কোয়াড্রান্ট সাময়িকীতে প্রকাশিত একটি নিবন্ধে জামায়াত আমিরকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন রেমন্ড সালোমন। তিনি দেশটির অভিবাসন আইনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে শফিকুর রহমানের ভিসা বাতিলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের প্রতি আহ্বান জানান।

এদিকে, শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর আখ্যা দিয়ে দ্য অস্ট্রেলিয়ানের প্রকাশনা প্রতিষ্ঠান নেশনওয়াইড নিউজ প্রাইভেট লিমিটেডকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বুধবার এক বিবৃতিতে জানান, শফিকুর রহমানের পক্ষে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মানহানি আইন, ২০০৫-এর ১২এ ধারার অধীনে এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে প্রতিবেদনের সাতটি বক্তব্য ও ইঙ্গিতকে মানহানিকর হিসেবে চিহ্নিত করে প্রতিবেদন প্রত্যাহার, সংশোধনী প্রকাশ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণ এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়াকে নিয়ে শফিকুর রহমানের অতীত বক্তব্যের বিষয়ে দ্য অস্ট্রেলিয়ানে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে জামায়াত বলেছে, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও অধিকারের প্রতি সমর্থনকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন হিসেবে উপস্থাপন করা হয়েছে। সংবাদ প্রকাশের আগে জামায়াত আমিরের বক্তব্য নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছে দলটি।

তবে দ্য অস্ট্রেলিয়ান জানিয়েছে, প্রতিবেদন প্রকাশের আগে শফিকুর রহমানের বক্তব্য জানার চেষ্টা করা হয়েছিল। তারা নিজেদের প্রকাশিত প্রতিবেদনের পক্ষেও অবস্থান জানিয়েছে।

প্রসঙ্গত, পাঁচ দিনের সফরে গত ২০ নভেম্বর সিডনিতে আসেন জামায়াত আমির। তার সফর ঘিরে অস্ট্রেলিয়ার ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের সংগঠনের পাশাপাশি ওয়ান নেশন পার্টি ও ফ্যামিলি ফার্স্ট পার্টি সরব হয়। ওয়ান নেশন তাকে বিদ্বেষপূর্ণ ব্যক্তি আখ্যা দিয়ে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার বিরোধিতা করে।

অন্যদিকে, হামাস নেতার প্রশংসার অভিযোগ রয়েছে এমন একজন রাজনৈতিক নেতাকে আতিথেয়তা দেওয়ায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের প্রতিনিধিদের রয়্যাল কমিশনের আওতায় শপথের অধীনে জিজ্ঞাসাবাদের দাবি জানায় ফ্যামিলি ফার্স্ট পার্টি। ভিসা বাতিলের দাবির মধ্যেই নির্ধারিত সময়ের আগে মালয়েশিয়া সফর বাতিল করে ২৪ নভেম্বর সিডনি ছাড়েন শফিকুর রহমান।

তবে জামায়াতের পক্ষ থেকে জরুরি প্রয়োজনের কথা বলা হলেও ভিসা বাতিলের আশঙ্কায় তিনি অস্ট্রেলিয়া ছেড়েছেন বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটি সংশ্লিষ্ট অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুধু অস্ট্রেলিয়া নয়, ভারত-পাকিস্তানও বল টেম্পারিং করত—উসমান খাজার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


শুধু অস্ট্রেলিয়া নয়, ভারত-পাকিস্তানও বল টেম্পারিং করত—উসমান খাজার দাবি

২০১৮ সালের কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার বহুল আলোচিত ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারির প্রায় আট বছর পর বল টেম্পারিং নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন সাবেক অজি ওপেনার উসমান খাজা। তিনি দাবি করেছেন, সেই ঘটনার পূর্ববর্তী সময়ে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাসহ আন্তর্জাতিক ক্রিকেটের অধিকাংশ দলই বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা করত।

খাজার বক্তব্য অনুযায়ী, কেপটাউন টেস্টের আগের দুই বছরে অস্ট্রেলিয়া দলের মধ্যে বল টেম্পারিং একটি নিয়মিত চর্চায় পরিণত হয়েছিল। ফলে খেলোয়াড়দের মধ্যে এ বিষয়ে অপরাধবোধ বা আপত্তি অনুভব করা তেমন ছিল না। এই কারণেই সতীর্থ ক্যামেরন ব্যানক্রফট স্যান্ডপেপার নিয়ে মাঠে নামার সময় তিনি সরাসরি বাধা দেননি।

ব্যানক্রফটকে থামানোর বিষয়ে খাজা জানান, যদিও তিনি তাকে নিষেধ করেননি, তবে সতর্ক করেছিলেন। বিশেষ করে বৃষ্টির পরিবেশে বল অস্বাভাবিকভাবে সুইং করলে বিষয়টি আম্পায়ার বা অন্যদের নজরে আসতে পারে বলে তিনি সতর্ক করেছিলেন। খাজা স্বীকার করেন, দীর্ঘ সময় ধরে এমন চর্চা চলতে থাকায় তখন বিষয়টিকে বড় কোনো অপরাধ হিসেবে দেখার প্রবণতা কমে গিয়েছিল। তবে তিনি নিজের ভূমিকাকে নির্দোষ হিসেবেও তুলে ধরতে চাননি।

নিজের আত্মজীবনী ‘সাবর’-এর প্রসঙ্গ টেনে খাজা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগের কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, প্রতিপক্ষ দলের এক ক্রিকেটার তাকে জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার তিনজন খেলোয়াড় বলের অবস্থা পরিবর্তনের সঙ্গে জড়িত ছিলেন।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে খেলার অভিজ্ঞতা তুলে ধরে ওয়াহাব রিয়াজের রিভার্স সুইংয়ের কথাও বলেন খাজা। তার কাছে বলের গতিপথ দেখে মনে হয়েছিল, রিভার্স সুইং আদায়ের জন্য বলের সঙ্গে বাড়তি কিছু করা হয়েছে।

তবে খাজার এসব বক্তব্য তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধির ভিত্তিতে করা দাবি। ভারত, পাকিস্তান কিংবা দক্ষিণ আফ্রিকার সংশ্লিষ্ট দলগুলোর বিরুদ্ধে এগুলো কোনো প্রমাণিত অভিযোগ বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার মাটিতে কনসার্টে ওটিলিয়ার সঙ্গী ফুয়াদ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


ঢাকার মাটিতে কনসার্টে ওটিলিয়ার সঙ্গী ফুয়াদ

চার বছর পর আবারও ঢাকায় উপস্থিত হয়েছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া ব্রুমা, যিনি ‘বিলিয়নেরা’ গানের জন্য পরিচিত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আন্তর্জাতিক সংগীতাঙ্গনের এই শিল্পী ঢাকায় এসে পৌঁছান। এবারের কনসার্টে তিনি বাংলাদেশের সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির এবং তাঁর ব্যান্ডের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন।

‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ওটিলিয়া। ফেসবুকে তিনি জানিয়েছেন, ঢাকায় নিরাপদে পৌঁছেছেন এবং বাংলাদেশের ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি অত্যন্ত উচ্ছ্বসিত। এই গায়িকা ভক্তদের প্রতি তাঁর ভালোবাসাও জানিয়েছেন।

এদিকে, কনসার্টে অংশগ্রহণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন ফুয়াদ আল মুক্তাদির। তাঁর সঙ্গে থাকবেন ব্যান্ড ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। ফলে দর্শকরা এবারের আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক পপসংগীতের পাশাপাশি দেশীয় সংগীতও উপভোগ করতে পারবেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টটি আগামী ২৭ নভেম্বর রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে। সংগীতের এই আয়োজন বিকেল ৫টায় শুরু হওয়ার কথা রয়েছে। অগ্রিম টিকিট অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে বিক্রি হচ্ছে।

এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন ওটিলিয়া। সে সময় তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে সংগীত পরিবেশন করেছিলেন। চার বছর পর আবারও বাংলাদেশের দর্শকদের সামনে গান গাইতে আসা এই শিল্পীকে ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।

২০১৪ সালে প্রকাশিত ‘বিলিয়নেরা’ গানটির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন ওটিলিয়া। গানটি ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি এশিয়ার শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে। এই একটি গানই তাঁকে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি এনে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%