বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:২০ পি.এম
চার বছর পর আবারও ঢাকায় উপস্থিত হয়েছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া ব্রুমা, যিনি ‘বিলিয়নেরা’ গানের জন্য পরিচিত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আন্তর্জাতিক সংগীতাঙ্গনের এই শিল্পী ঢাকায় এসে পৌঁছান। এবারের কনসার্টে তিনি বাংলাদেশের সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির এবং তাঁর ব্যান্ডের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন।
‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ওটিলিয়া। ফেসবুকে তিনি জানিয়েছেন, ঢাকায় নিরাপদে পৌঁছেছেন এবং বাংলাদেশের ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি অত্যন্ত উচ্ছ্বসিত। এই গায়িকা ভক্তদের প্রতি তাঁর ভালোবাসাও জানিয়েছেন।
এদিকে, কনসার্টে অংশগ্রহণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন ফুয়াদ আল মুক্তাদির। তাঁর সঙ্গে থাকবেন ব্যান্ড ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। ফলে দর্শকরা এবারের আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক পপসংগীতের পাশাপাশি দেশীয় সংগীতও উপভোগ করতে পারবেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টটি আগামী ২৭ নভেম্বর রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে। সংগীতের এই আয়োজন বিকেল ৫টায় শুরু হওয়ার কথা রয়েছে। অগ্রিম টিকিট অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে বিক্রি হচ্ছে।
এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন ওটিলিয়া। সে সময় তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে সংগীত পরিবেশন করেছিলেন। চার বছর পর আবারও বাংলাদেশের দর্শকদের সামনে গান গাইতে আসা এই শিল্পীকে ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।
২০১৪ সালে প্রকাশিত ‘বিলিয়নেরা’ গানটির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন ওটিলিয়া। গানটি ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি এশিয়ার শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে। এই একটি গানই তাঁকে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি এনে দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক মানুষকে নির্মমভাবে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডের আবেদন করেছেন।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুম-খুনের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে তিনি এই আবেদনটি করেন।
অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেন, "আমাদের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ এবং আইনের ব্যাখ্যা-বিশ্লেষণ দিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই আসামি যে অপরাধ করেছে তা বেসামরিক জনগণের ওপর ব্যাপক এবং পদ্ধতিগত আক্রমণের অংশ; যা আন্তর্জাতিক আইন অর্থাৎ রোম স্ট্যাটিউট অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ। অপরাধী নিজে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন, অধস্তনদের আদেশ দিয়ে অপরাধ করতে বাধ্য করেছেন। ব্যক্তিগত, যৌথ এবং সুপিরিয়র কমাণ্ড রেসপন্সিবিলিটির দায়ে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।"
তিনি আরও বলেন, "প্রসিকিউশনের পক্ষ থেকে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে সব কয়টি চার্জে, সব কয়টি কাউন্টে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট। মানবতাবিরোধী অপরাধগুলোর প্রয়োজনীয় উপাদানগুলো আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। পৃথিবীর যেকোনো ফৌজদারি আদালত এই সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে যুক্তিসঙ্গতভাবে আসামিকে দোষী সাব্যস্ত করবে।"
অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, "এই মামলায় যেসব অপরাধের বিবরণ উঠে এসেছে, তার ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন করা, হত্যা করা এবং গুম ও হত্যার মতো ঘটনা ঘটেছে। একের পর এক, টানা দিন একজন রাষ্ট্রীয় কর্মকর্তার হাতে থাকা ক্ষমতা ব্যবহার করে মানুষের জীবন কেড়ে নেওয়ায় অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে। কোনো শাস্তিই সেই জীবন ফিরিয়ে দিতে পারবে না। কোনো আদালতের রায়ই মায়ের কাছে সন্তানকে, স্ত্রীর কাছে স্বামীকে কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দিতে পারবে না।"
তিনি আরও বলেন, "দার্শনিক হেগেল বলেছেন, শাস্তি পাওয়া অপরাধীর অধিকার। লিগ্যাল ফিলোসফার হারবার্ট মরিস বলেছেন, শাস্তি পাওয়া অপরাধীর মৌলিক অধিকার। অন্যথায় ধরে নেওয়া হতে পারে সমাজ বা রাষ্ট্র অপরাধীকে বোধ-বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করছে না। আজ বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা থাকবে না। এ রকম নিষ্ঠুর অপরাধের দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না। অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা এবং মানুষের জীবনের ওপর ভয়াবহ প্রভাব বিবেচনায় এই অপরাধের জন্য কোনো শাস্তিই যথেষ্ট নয়। একবার মৃত্যুদণ্ডের সাজা এত মানুষের রক্তপাত, প্রাণহানি এবং পরিবার ও স্বজনদের দুর্ভোগের তুলনায় অতি সামান্য। তার অপরাধ সমুদ্রসম; তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরকণা। তদুপরি আমাদের মেনে নিতে হবে যে সভ্যতার সীমাবদ্ধতা রয়েছে, বিচারব্যবস্থারও সীমাবদ্ধতা রয়েছে।"
রুহুল কুদ্দুস কাজল বলেন, "একজন ব্যক্তি শত-সহস্র মানুষকে হত্যা করলেও তাকে একবারের বেশি চরম সাজা দেওয়া যায় না। তাই সব সীমাবদ্ধতা স্বীকার করে আইন যে সর্বোচ্চ শাস্তির বিধান করেছে কিংবা রেখেছে, প্রসিকিউশনের পক্ষ থেকে তা প্রয়োগের জন্য এই ট্রাইব্যুনালের প্রতি নিবেদন জানাচ্ছি। যতগুলো অভিযোগে তাকে বিচারের সোপর্দ করা হয়েছে, সবগুলোতে দোষী সাব্যস্ত করার জন্য আবেদন করছি। প্রতিটি চার্জে বাংলাদেশের জনগণের প্রতি, বাংলাদেশের জনগণের পক্ষে আমি নিষ্ঠুর খুনি, এ মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক আইনে স্বীকৃত বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার এবং বিশ্ব মানবতার কলঙ্ক মেজর জেনারেল চাকরিচ্যুত জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার এবং তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভিকটিমদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ প্রার্থনা করছি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি মন্তব্য করেছেন, আদালত কর্তৃক ‘রং হেডেড’ (অবিবেচক) উপাধি পাওয়া শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই।
তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, "একজন গণহত্যাকারী বাংলাদেশের আইনানুযায়ী দেশে ফেরত আসবে, তার ইচ্ছেমত নয়।"
আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নতুন ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে। তিনি উল্লেখ করেন, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো যদি নতুন ওয়েজবোর্ডের নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করে, তাহলে নারী-পুরুষ নির্বিশেষে সকল সংবাদকর্মীর জন্য ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি, নারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং কর্মক্ষেত্রে সুযোগ সম্প্রসারণের বিষয়েও সরকার উদ্যোগ গ্রহণের কথা ভাবছে।
তথ্য প্রতিমন্ত্রী জানান, নারীদের পেশাগত অগ্রগতি ও ক্ষমতায়নে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। তিনি বলেন, "বিএনপি সরকারের নারী সাংবাদিকদের অবহেলা করার কোনো মানসিকতা নেই। বরং নারীদের পেশাগত ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে সরকারের নির্দেশনা রয়েছে।"
তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বর্তমানে নারীরা দায়িত্ব পালন করছেন। তথ্য মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মহাপরিচালকসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নারীদের উপস্থিতি রয়েছে। তাই, নারীদের চাকরি বা পদোন্নতি থেকে বঞ্চিত করার ধারণার সঙ্গে তিনি একমত নন। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি হওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন।
নারীদের শিক্ষাগত সাফল্যের উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, "বিভিন্ন পরীক্ষার ফলাফলে মেয়েরা ভালো করছে এবং অনেক ক্ষেত্রে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে।" ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের পরীক্ষাসহ বিভিন্ন শিক্ষাগত মূল্যায়নে নারীদের ভালো ফলাফল দেখা যাচ্ছে। এর ফলে, নারী সাংবাদিকদের অবহেলা করার কোনো কারণ নেই। বরং তাদের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে গণমাধ্যমে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি করতে হবে।
উইমেন্স জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে সভায় একটি অফিস ও এককালীন আর্থিক সহায়তার দাবি জানানো হয়। এ বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, "বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই এ ধরনের দাবি রয়েছে।" তবে, নারী সাংবাদিকদের জন্য প্রেস ক্লাবে নির্দিষ্ট জায়গা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং পৃথক টয়লেটের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা যেতে পারে। এ জন্য ফোরামকে যথাযথভাবে আবেদন করার পরামর্শ দেন তিনি। তিনি আশ্বাস দেন, আবেদন করা হলে এ বিষয়ে সহযোগিতার চেষ্টা করা হবে।
নারী সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি প্রয়োজন। তিনি বলেন, "নারী সাংবাদিকদের জন্য আলাদা প্রশিক্ষণ বা স্বল্পমেয়াদি কোর্স চালু করা যায় কি না, সরকার তা বিবেচনা করবে।" এক মাস বা দুই মাসের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি করা যেতে পারে।
তিনি আরও বলেন, "নারী সাংবাদিকদের শুধু প্রশিক্ষণের সুযোগ দিলেই হবে না, প্রচলিত প্রশিক্ষণ কর্মসূচিতেও তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।" অন্তত সমমানের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের সুযোগ দিতে হবে, যাতে তারা কর্মক্ষেত্রে আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন এবং নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পান।
সাংবাদিকদের বেতন-ভাতা প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার নতুন ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে। তবে, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো যদি ওয়েজবোর্ডের নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করে, তাহলে সাংবাদিকদের জন্য সুফল নিশ্চিত করা সম্ভব হবে। এ ক্ষেত্রে নারী-পুরুষ নির্বিশেষে সকল সাংবাদিকের ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, গণমাধ্যমের মালিকপক্ষকে ওয়েজবোর্ডের বিধান অনুসরণ করতে হবে। শুধু ওয়েজবোর্ড প্রণয়ন করলেই হবে না, এর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় এ বিষয়টি গুরুত্বপূর্ণ।
উইমেন্স জার্নালিস্ট ফোরামের প্রকাশনাকে গণমাধ্যম তালিকাভুক্তির বিষয়েও প্রতিমন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, "ফোরামের প্রকাশনাটি তথ্য অধিদপ্তরের (ডিএফপি) তালিকাভুক্ত করা গেলে সরকারি বিজ্ঞাপন পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।" তবে, এ জন্য প্রচলিত আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিয়ম মেনে তালিকাভুক্তির আবেদন করা হলে সরকারি বিজ্ঞাপন প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, নারী সাংবাদিকদের সংগঠনকে শক্তিশালী করা, তাদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সরকার আন্তরিক। এ জন্য ফোরামের নেতৃবৃন্দকে সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ নারী সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বেতন-ভাতা, প্রশিক্ষণ, সাংগঠনিক অবকাঠামো এবং প্রকাশনার সরকারি তালিকাভুক্তিসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। তথ্য প্রতিমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং প্রস্তাবগুলো বাস্তবায়নের সম্ভাব্যতা বিবেচনায় নিয়ে সহযোগিতার আশ্বাস দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে। পাশাপাশি, সন্দেহভাজন পুলিশ সদস্যদের কর্মকাণ্ড ও গতিবিধির ওপর নজরদারি জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা।
তিনি জানান, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না উল্লেখ করে কামারুম মুনিরা বলেন, তাদের ঘোষিত কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটককৃত পুলিশের চার কর্মকর্তার পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণের কাজ চলছে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং আমদানি নির্ভরতা হ্রাস করার উদ্দেশ্যে নওগাঁর রাণীনগরে ২০২৬-২৭ অর্থ বছরের প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো: রেজাউল ইসলাম রেজু প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এই কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার প্রান্তিক কৃষক প্রণোদনার উপকরণ হিসেবে উন্নত জাতের ১ কেজি করে সরিষা বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার (ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি) পাচ্ছেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর), কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ারদী হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: এচাহক আলী, সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুবিধাভোগী কৃষক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, "আমদানি নির্ভরতা কমাতে এবং পারিবারিক চাহিদা পূরণে প্রণোদনা দিয়ে কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করা হচ্ছে। বর্তমান কৃষকবান্ধব সরকার সবার আগে কৃষকদের অগ্রাধিকার দিচ্ছে। তাই কৃষি প্রণোদনার প্রতিটি উপকরণ যেন প্রকৃত কৃষকরা পায় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রণোদনার উপকরণ দিয়ে আত্মীয়তা করার কোন প্রয়োজন নেই। সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দেশে সকল ফসলের উৎপাদন বৃদ্ধি করা।" তিনি জানান, দেশের কৃষিখাতকে আরো সৃমদ্ধশালী করতে আগামীতে প্রণোদনার পরিমাণ আরো বৃদ্ধি করার কথা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ