ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশ সফরের আগে দক্ষিণ আফ্রিকা দলের জন্য বড় ধাক্কা


বাংলাদেশ সফরের আগে দক্ষিণ আফ্রিকা দলের জন্য বড় ধাক্কা

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পূর্বে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের জন্য একটি বড় ধাক্কা এসেছে। চোটের কারণে বাংলাদেশ সফর থেকে বাদ পড়েছেন প্রোটিয়াদের দুই পেসার, জেরাল্ড কোয়েটজি এবং কোয়েনা মাফাকা।

দক্ষিণ আফ্রিকার আসন্ন সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় দলে জেরাল্ড কোয়েটজি ছিলেন। তবে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের (১ম ক্লাস সিরিজ) ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের হয়ে নর্থ ওয়েস্ট ড্রাগনসের বিরুদ্ধে খেলার সময় তিনি কুঁচকির (অ্যাডাক্টর পেশি) চোটে আক্রান্ত হন। ফলে, তাকে পুরো সফর থেকে বাদ পড়তে হলো।

অন্যদিকে, তরুণ পেসার কোয়েনা মাফাকা তার ডান পায়ের হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় নতুন করে সমস্যা অনুভব করেছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, তাকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলের এবং ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সদস্য হিসেবে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শুধু অস্ট্রেলিয়া নয়, ভারত-পাকিস্তানও বল টেম্পারিং করত—উসমান খাজার দাবি

এই দুই পেসারের পরিবর্তে দলে নতুন মুখ অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। ফ্লেক্সব্যান্ডস পেসার তিয়ান ভ্যান ভুরেন প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ডাক পেয়েছেন।

এছাড়া, টি-টোয়েন্টি দলে যুক্ত করা হয়েছে মোমেন্টাম মাল্টিপ্লাই টাইটান্সের অলরাউন্ডার ইথান বোশ এবং ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের অভিষেকের অপেক্ষায় থাকা পেসার জেজে ব্যাসনকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু নির্যাতন প্রতিরোধে নীরবতা ভাঙার আহ্বান ইনসিডিন বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


শিশু নির্যাতন প্রতিরোধে নীরবতা ভাঙার আহ্বান ইনসিডিন বাংলাদেশের

"শিশু নির্যাতন প্রতিরোধে নীরবতা ভাঙুন: শিশুর সুরক্ষা পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব" এই মূল থিমকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে সংবাদ সম্মেলন আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইনসিডিন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মোল্লাহাটের প্রকল্প কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের (European Union) অর্থায়নে এবং তেরে দেস হোমস নেদারল্যান্ডসের (Terre des Hommes Netherlands) কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত ‘স্পিক আপ (Speak Up)’ প্রকল্পের অধীনে এই আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রকাশিত লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, শিশু নির্যাতন কেবল একটি ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নয়, এটি শিশু অধিকার ও মানবাধিকারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক লোকলজ্জা এবং ভয়ের কারণে অধিকাংশ নির্যাতনের ঘটনা গোপন থাকে। এই নীরবতা ভেঙে শিশুদের কথা শোনা, নির্যাতনের ঘটনা গোপন না রেখে যথাযথ কর্তৃপক্ষকে জানানো এবং ‘জাতীয় শিশু সহায়তা হেল্পলাইন ১০৯৮’ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া, শিশু নির্যাতনের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের নৈতিক সাংবাদিকতা চর্চার আহ্বান জানানো হয়। ভুক্তভোগী শিশুর পরিচয়, ছবি ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে এবং চাঞ্চল্যকর শিরোনাম পরিহার করে সংবেদনশীল ও শিশুবান্ধব দৃষ্টিভঙ্গি অনুসরণের অনুরোধ করা হয়।

সংবাদ সম্মেলনে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং পরিবারকে একত্রিত হয়ে প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান পাহাড়ের ভেতরে বিশাল সামরিক স্থাপনা নির্মাণ করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


ইরান পাহাড়ের ভেতরে বিশাল সামরিক স্থাপনা নির্মাণ করছে

ইরান এবার পাহাড়ের ভেতরে বিশাল আকারের একটি ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ করছে। এই স্থাপনাটি দেশের দুটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনার পাশে অবস্থিত। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্মাণ কাজ শেষে স্থাপনাটির আয়তন প্রায় ১২ হাজার একর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধে ইরানের সামরিক ও পরমাণু অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্যের মধ্যে নতুন এই নির্মাণকাজের বিষয়টি সামনে এসেছে। তবে স্থাপনাটির প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা নিরাপত্তাব্যবস্থা, নির্মাণের ধরন এবং কাজের গতি বিশ্লেষণ করে ধারণা করছেন, এটি ক্ষেপণাস্ত্র বা বড় ধরনের অস্ত্রব্যবস্থার কাজে ব্যবহার করা হতে পারে। এমনকি পারমাণবিক কাজে ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি (আইএসআইএস) বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ইরানের বেহজাতাবাদ ভূগর্ভস্থ স্থাপনায় দ্রুত নির্মাণকাজ চলছে। ভ্যান্টর টেকনোলজিসের সরবরাহ করা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, পাহাড়ের ভেতরে নির্মিত এই স্থাপনাটি ইরানের ইসফাহান পরমাণু স্থাপনা এবং নাতাঞ্জ পরমাণু স্থাপনার কাছের পিকঅ্যাক্স মাউন্টেনের মাঝামাঝি এলাকায় অবস্থিত। এর দূরত্ব ইসফাহান থেকে প্রায় ৬২ কিলোমিটার।

আইএসআইএসের তথ্য অনুযায়ী, যুদ্ধের আগে এবং চলাকালে ইরান একাধিক ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ করেছে। তবে বেহজাতাবাদ স্থাপনাটির নির্মাণকাজের অস্বাভাবিক দ্রুতগতি একে অন্যান্য স্থাপনাগুলোর তুলনায় আলাদা করে তুলেছে।

গত মঙ্গলবার প্রকাশিত ভ্যান্টরের স্যাটেলাইট চিত্রে স্থাপনাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ এবং নির্মাণকাজের অগ্রগতি দেখা গেছে। আইএসআইএসের পর্যবেক্ষণ অনুযায়ী, স্থাপনাটির নিরাপত্তাব্যবস্থা, নির্মাণের ধরন ও গতি এবং ইরানের পূর্ববর্তী নির্মাণপ্রক্রিয়া বিবেচনায় এটি ক্ষেপণাস্ত্র কিংবা অন্য বড় ধরনের অস্ত্রব্যবস্থাসংক্রান্ত সামরিক কাজে ব্যবহৃত হতে পারে।

আইএসআইএস জানিয়েছে, স্থাপনাটি পরমাণু কর্মসূচির কোনো কাজে ব্যবহৃত হবে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণ অনুযায়ী, সেখানে সম্প্রতি বাইরের নিরাপত্তাবেষ্টনী নির্মাণ শুরু হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে স্থাপনাটির সম্ভাব্য বাইরের নিরাপত্তাসীমানাও চিহ্নিত করা হয়েছে। নির্মাণকাজ শেষ হলে পুরো স্থাপনাটি প্রায় ১২ হাজার একর এলাকাজুড়ে বিস্তৃত হতে পারে।

ভ্যান্টর স্যাটেলাইট চিত্রের বরাতে নির্মাণকাজের সময়কালও তুলে ধরেছে। সেন্টিনেল-২ স্যাটেলাইটের ছবিতে ২০২৫ সালের ৭ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে প্রথম নির্মাণকাজের চিহ্ন পাওয়া যায়। তখন ভবিষ্যৎ স্থাপনাটির প্রশাসনিক ও প্রবেশপথের জন্য নির্ধারিত এলাকায় ভূমি পরিষ্কারের কাজ চলছিল।

এরপর ২০২৬ সালের জানুয়ারিতে আরো নির্মাণ তৎপরতা দেখা যায়। এপ্রিলে শুরু হয় খননকাজের লক্ষণ। জুন নাগাদ ভূগর্ভস্থ স্থাপনাটির আরও কয়েকটি এলাকায় নির্মাণকাজ ছড়িয়ে পড়ে। তবে স্থাপনাটির চূড়ান্ত ব্যবহার কী হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে এটি সামরিক, ক্ষেপণাস্ত্র নাকি পরমাণুসংক্রান্ত কাজে ব্যবহারের জন্য তৈরি হচ্ছে, তা নিয়ে পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী আন্দোলন ও শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


ইসলামী আন্দোলন ও শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

অভিযোগ তদন্তে সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত

ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে দলটির সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত অভিযোগটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এবং নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে। এসব বক্তব্যের প্রতিবাদ এবং সংশ্লিষ্ট বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন দলটির নেতৃবৃন্দ।

মামলার শুনানিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার উপস্থিত ছিলেন। এ ছাড়া ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহা. মশিউর রহমান ও সরদার মুহা. মানিক মিয়া, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুহা. হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জি এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় ইসলামী আইনজীবী পরিষদের দায়িত্বশীল অ্যাডভোকেট নিয়ামুল নাসির তালুকদার, অ্যাডভোকেট ওসমান গণি, অ্যাডভোকেট শাহাবুদ্দিন, অ্যাডভোকেট বরকতুল্লাহ লতিফ, অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, অ্যাডভোকেট মনির হোসাইনসহ অন্যান্য আইনজীবী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আদালতের নির্দেশে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালিত হবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর মাধ্যমে। তদন্তে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি নির্ধারিত হবে।

উল্লেখ্য, মামলার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মামুনুর রশীদকে অন্য হাসপাতালে নেওয়া হলো

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


মামুনুর রশীদকে অন্য হাসপাতালে নেওয়া হলো

বরেণ্য অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে ল্যাবএইড হাসপাতাল থেকে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মামুনুর রশীদ চার দিন ধরে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। পারিবারিক সূত্রে জানা যায়, তার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে ল্যাবএইড হাসপাতালে তার শারীরিক অবস্থা নিয়ে মেডিক্যাল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিবারের সদস্যদের জানানো হয়, তার অবস্থা সংকটাপন্ন। এরপর তাকে স্কয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মামুনুর রশীদের ছোট ভাই রশিদ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল এই অভিনেতাকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। এরপর তিনি আবার অভিনয়েও ফিরেছিলেন।

বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে তিনি পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করে চলেছেন। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও রয়েছে তার বিশেষ পরিচিতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%