০৬:২৮ পি.এম
ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড অঞ্চলে নতুন এক আকর্ষণ হিসেবে পর্যটকদের জন্য গ্রীষ্মজুড়ে আয়োজন করা হয়েছে লুকানো সোনার বার খোঁজার একটি ব্যতিক্রমী অভিযান।
সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, এই অভিযানে অংশগ্রহণকারীরা উত্তর ফিনল্যান্ডের লেভি এলাকার বিভিন্ন ট্রেইল এবং দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াবেন। শীতকালে স্কি ঢাল ও নর্দার্ন লাইটস দেখার জন্য বিখ্যাত এই এলাকায় লুকিয়ে রাখা হয়েছে ২০ হাজার ইউরো (প্রায় ২৩ হাজার ৩০০ মার্কিন ডলার) মূল্যের একটি সোনার বার।
মঙ্গলবার প্রকাশিত ভিজিট লেভির এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ‘মিডনাইট সান হান্ট’ নামের এই আয়োজন শুরু হবে আগামী ১৮ জুন। অংশগ্রহণকারীরা লেভি ভিজিটর সেন্টার থেকে প্রথম সূত্র (ক্লু) সংগ্রহ করতে পারবেন এবং নিবন্ধন করতে পারবেন। তারপর পর্যায়ক্রমে আরও সূত্র প্রকাশ করা হবে। এসব সূত্র তাদের স্থানীয় ট্রেইল, দর্শনীয় স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্য দিয়ে সোনার বারের দিকে এগিয়ে নিয়ে যাবে।
আরও পড়ুন: ইবিতে আর্থিক সংকটের কারণে ২৬৮ কর্মচারীকে ছাঁটাই
আয়োজকদের ভাষ্য, যেকোনো সূত্র অনুসরণ করে সোনার বারটি খুঁজে পাওয়া সম্ভব। তবে গ্রীষ্মজুড়ে নতুন নতুন ইঙ্গিত প্রকাশ করা হবে, যাতে ধীরে ধীরে সোনার বারের অবস্থান আরও স্পষ্ট হয়ে ওঠে। শেষ সূত্র প্রকাশ করা হবে আগামী ২২ আগস্ট।
লেভি, আর্কটিক সার্কেলের ওপরে অবস্থিত, ফিনল্যান্ডের অন্যতম প্রধান স্কি রিসোর্ট এবং শীতকালীন পর্যটনের একটি জনপ্রিয় কেন্দ্র। গ্রীষ্মকালে এ অঞ্চলে ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্যের দৃশ্য দেখা যায়—যখন ২৪ ঘণ্টা সূর্যের আলো থাকে।
ভিজিট লেভির প্রধান নির্বাহী কর্মকর্তা সাতু পেসোনেন জানান, ‘লেভি মূলত শীতকালীন গন্তব্য হিসেবে পরিচিত হলেও উত্তরাঞ্চলের গ্রীষ্ম অনেক পর্যটকের কাছে অজানা। আমরা ভ্রমণকারীদের লেভিতে আসার নতুন একটি কারণ দিতে চাই, যখন সূর্য অস্ত যায় না এবং পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য সম্পূর্ণ ভিন্ন এক রূপে ধরা দেয়।’
ইউরোপের অন্যান্য শীতকালীন পর্যটন কেন্দ্রগুলোর মতো লেভি স্কি রিসোর্টও সারা বছর পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। স্কি মৌসুমের বাইরে এখানে প্যারাগ্লাইডিং, হাইকিং, নদীতে রাফটিং এবং মাউন্টেন বাইকিংয়ের মতো নানা কর্মকাণ্ডের সুযোগ রয়েছে।
আরও পড়ুন: নভোএয়ারে দেশে প্রথম ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালু
লেভির এই ‘মিডনাইট সান হান্ট’ আয়োজন করা হয়েছে কিট্টিলা-ভিত্তিক সোনার খনি প্রতিষ্ঠান অ্যাগনিকো ঈগল ফিনল্যান্ড এবং লেভি স্কি রিসোর্টের সহযোগিতায়।
আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারীদের দায়িত্বশীল আচরণ করতে হবে, নির্ধারিত এলাকার বাইরে যাওয়া যাবে না এবং প্রাকৃতিক পরিবেশের প্রতি সম্মান দেখাতে হবে। সোনার বার খুঁজে পেতে কোথাও খনন বা ভূমির কোনো ধরনের ক্ষতি করার প্রয়োজন হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন