ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগণ প্রায় ১০ দিন ধরে মুনাফা ও আসল অর্থ ফেরত পাচ্ছেন না


বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগণ প্রায় ১০ দিন ধরে মুনাফা ও আসল অর্থ ফেরত পাচ্ছেন না

বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগণ গত প্রায় ১০ দিন ধরে তাঁদের মুনাফার অর্থসহ মেয়াদোত্তীর্ণ গ্রাহকগণ আসল টাকাও ফেরত পাচ্ছেন না। নতুন করে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রেও বাধা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ‘পরিবার সঞ্চয়পত্র’ ও ‘পেনশনার সঞ্চয়পত্র’ গ্রাহকগণ মাসিক মুনাফার অর্থে সংসার ব্যয় নির্বাহ করেন, তাঁরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

মাসের নির্দিষ্ট সময়ে ব্যাংক হিসাবে মুনাফার অর্থ জমা হওয়ার কথা থাকলেও সঞ্চয় অধিদপ্তরের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বরিশাল অঞ্চলের লক্ষাধিক গ্রাহক গত প্রায় দশ দিন তাঁদের মুনাফার অর্থ পাচ্ছেন না। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালকের সাথে সেলফোনে আলাপের সময় তিনি জানান, সমস্যাটি বরিশালের সীমাবদ্ধ নয়, সারা দেশে বিরাজমান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবহিত আছেন এবং সমস্যা সমাধানে চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন। তবে কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাতে পারেননি।

গত আগস্ট মাসের প্রথম সপ্তাহের বেশিরভাগ সময়ও একই পরিস্থিতি অব্যাহত ছিল। বিগত দুটি ঈদ উৎসবের সময় ৭-৮ দিন ছুটি এবং গত ২০-২৪ অক্টোবর দুর্গাপূজার ৫ দিনের ছুটির সময়েও প্রাপ্য মাসিক মুনাফাপ্রদেয় পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র এবং ৩ মাস অন্তর মুনাফাপ্রদেয় বাংলাদেশ সঞ্চয়পত্রের বিপুল সংখ্যক গ্রাহকের ব্যাংক হিসাবে কোনো মুনাফা জমা হয়নি।

আরও পড়ুন: সিলেটের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে আগুন দেওয়ার ঘটনায় ২ আটক

সাম্প্রতিককালে সরকারি সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারী সাধারণ মানুষ এবং সরকারি ও আধাসরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ যথেষ্ট ভোগান্তির শিকার হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বিভিন্ন স্কিমের বিনিয়োগকারীগণ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ও হতাশ।

গত কয়েকদিন ধরে বরিশালের বিভিন্ন ব্যাংক কাউন্টারে এসব বিনিয়োগকারীর ক্ষোভ ও হতাশার কথা শোনা যাচ্ছে। অপরদিকে সঞ্চয় অধিদপ্তরের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বিনিয়োগকারীদের অর্থ না পাওয়ার বিষয়টি নিয়ে অনেকেই ইতোমধ্যে ঘোলা পানিতে মাছ শিকার করতে শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। কেউ কেউ বিষয়টিকে ‘সরকারের অর্থ সংকটে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের মুনাফা ও বিনিয়োগকৃত আসল অর্থ দেওয়া হচ্ছে না’ বলে প্রচার করে ‘বারবার সার্ভারের সমস্যাকে একটি অজুহাত’ বলেও প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিয়াবাড়ি-মিরপুর মেট্রোরেলের নিচে ঘুটঘুটে অন্ধকার, ছিনতাই আতঙ্কে ক্ষুদ্র ব্যবসায়ীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


দিয়াবাড়ি-মিরপুর মেট্রোরেলের নিচে ঘুটঘুটে অন্ধকার, ছিনতাই আতঙ্কে ক্ষুদ্র ব্যবসায়ীরা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত মেট্রোরেলের নিচের সড়কে সড়কবাতির অভাবের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। সন্ধ্যার পর এই বিস্তীর্ণ সড়কটি সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়, যার ফলে ছিনতাই ও গাড়ি ছিনতাইয়ের মতো অপরাধ ঘটছে প্রতিনিয়ত। আতঙ্কের কারণে রাত আটটার পর ওই এলাকায় চলাচল সীমিত করে দিয়েছেন রিক্সা চালক ও পথচারীরা।

সরেজমিনে পরিদর্শন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দিয়াবাড়ি এলাকার এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনসমাগমপূর্ণ হলেও রাতের বেলা এটি মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। মোহাম্মদ মিজান নামের এক ব্যবসায়ী জানান, যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ীরাও এখানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্ধকারের সুযোগ নিয়ে ছিনতাইকারীরা রিকশাচালক ও সাধারণ পথচারীদের গলায় অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে।

ইব্রাহিম স্টোরের স্বত্বাধিকারী জানান, তিনি দীর্ঘ চার বছর ধরে এই এলাকায় ব্যবসা করছেন, কিন্তু অন্ধকারের কারণে সবসময় ডাকাত বা সন্ত্রাসীদের আতঙ্কে থাকতে হয়। রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে তাদের এই আতঙ্কে দিন কাটাতে হতো না বলে মন্তব্য করেন তিনি।

অন্ধকার এই সড়কে পরিবহন চালকরাও আতঙ্কিত। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চালক জানান, নিরাপত্তার অভাবে তারা রাত ৮টা থেকে ৯টার মধ্যে এলাকা ছেড়ে চলে যান। সম্প্রতি ডিওএইচএস-এর আগে ভোরে একটি খুনের ঘটনা এবং যাত্রীবেশে গাড়ি ছিনতাইয়ের ঘটনা চালকদের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি আরো জানান, সড়কটিতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের চেকপোস্ট কার্যক্রম চলমান থাকলেও অন্ধকারে তা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে তুরাগ থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান জানান, ছিনতাই রোধে তারা মোটরসাইকেল, পুরাতন প্রাইভেটকার ও মাইক্রোবাসগুলোতে নিয়মিত তল্লাশি চালাচ্ছেন। কিন্তু স্ট্রিট লাইটের অভাবে রাতের বেলা পুলিশের কার্যক্রম পরিচালনা করতে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

তিনি আরও জানান, পুলিশের পক্ষ থেকে মেট্রোরেল কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশনকে দ্রুত স্ট্রিট লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের জন্য লিখিত চিঠি দেওয়া হয়েছে এবং একাধিকবার আলোচনা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি টেন্ডার ও ফান্ডের প্রক্রিয়ার কারণে বাতি স্থাপনে কিছুটা সময় লাগছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে ও পুলিশের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় অবিলম্বে সিটি কর্পোরেশন ও মেট্রোরেল কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং পর্যাপ্ত সড়কবাতি ও সিসি ক্যামেরা স্থাপনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে ২৪ নভেম্বর শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


ময়মনসিংহে ২৪ নভেম্বর শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা

ময়মনসিংহে ২৪ নভেম্বর থেকে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা-২০২৬ শুরু হতে যাচ্ছে। এ বইমেলা চলবে নগরীর টাউন হল প্রাঙ্গণে ২ ডিসেম্বর পর্যন্ত। আয়োজকরা আশা করছেন, বইপ্রেমী, পাঠক, লেখক, কবি ও সাহিত্যিকদের পদচারণায় মেলাপ্রাঙ্গণ মুখর হয়ে উঠবে।

রবিবার (২২ নভেম্বর) প্রকাশিত এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে। তবে ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। দর্শনার্থীদের জন্য প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মেলার উদ্বোধন হবে ২৪ নভেম্বর, মঙ্গলবার। মেলাকে ঘিরে প্রতিদিনই নানা আয়োজন থাকবে। ২৫ নভেম্বর কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ২৬ নভেম্বর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ২৭ নভেম্বর কচিকাঁচার উৎসব এবং ২৮ নভেম্বর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এছাড়া ২৯ নভেম্বর কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, ১ ডিসেম্বর স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠ এবং ২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।

জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের ব্যবস্থাপনায় প্রতিবছর এ বইমেলা অনুষ্ঠিত হয়।

আয়োজকদের প্রত্যাশা, এবারের বইমেলা ময়মনসিংহ বিভাগের পাঠক, লেখক, কবি ও সাহিত্যিকদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এ আয়োজন নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস, জ্ঞানচর্চা ও সাহিত্য-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবি উপাচার্য: কেবি কলেজ দেশের গর্বের প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


বাকৃবি উপাচার্য: কেবি কলেজ দেশের গর্বের প্রতিষ্ঠান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার মন্তব্য করেন, কেবি কলেজের একটি গর্বিত ঐতিহ্য রয়েছে, যা বাংলাদেশে খুব কম কলেজের মধ্যে দেখা যায়। এটি দেশের মধ্যে একটি গর্বের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এখানে সবসময় একটি চমৎকার ও সুশৃঙ্খল পরিবেশে পাঠ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে (কেবি কলেজ) একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের আগে ফ্যাসিবাদের সময় এই কলেজের অবস্থা সন্তোষজনক ছিল না, তবে বর্তমানে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। বর্তমান অধ্যক্ষের প্রচেষ্টার মাধ্যমে কলেজটি আবারও স্বমহিমায় ফিরে এসেছে। শিক্ষার্থীরা ক্লাস ও ক্লাসের বাইরে বিশেষ কাউন্সিলের মাধ্যমে পাঠ কার্যক্রমের সুফল সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে পেয়েছে। আশা করা হচ্ছে, আগামীতে কেবি কলেজ ময়মনসিংহ শিক্ষাবোর্ডে সেরা ধারাবাহিকতা ধরে রেখে জাতীয় পর্যায়ে আরও উন্নতি সাধন করবে।

অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. মো: আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলি রেজা ফারুক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আলীম এবং কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. মো মোখলেছুর রহমান।

এ সময় কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. মো: আতাউর রহমান বলেন, কেবি কলেজের ফলাফল কোন জাদুকরি ছোঁয়ায় আসেনি। এটি গতানুগতিক পড়াশোনার ফল নয়, বরং কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করেই ভালো ফলাফল অর্জন করতে হয়েছে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রম, আধুনিক ল্যাব, লাইব্রেরির ব্যবহার, নিয়মিত ক্লাসে উপস্থিতি, বিশেষ অনুশীলন, অভিভাবকদের সমর্থন এবং গভর্নিং বডির সার্বক্ষণিক দিক নির্দেশনায় কেবি কলেজের এই সাফল্য অর্জিত হয়েছে। আজকের এই অর্জন আমাদের ভবিষ্যতের জন্য একটি প্রতিশ্রুতি।

অনুষ্ঠানে নবীণবরণে আসা প্রায় ১০৮০ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান কলেজ কর্তৃপক্ষ। এতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও ভালো ফলাফলের অঙ্গীকার ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে প্রথমবারের মতো পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


দেশে প্রথমবারের মতো পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন শুরু

রাজশাহীর পবা উপজেলায় প্রথমবারের মতো ‘গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি’ শুরু হয়েছে, যা গ্রামীণ সড়কে সবুজায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রাম পুলিশের আর্থ-সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির আওতায় পবা উপজেলার আটটি ইউনিয়নে মোট ১৬ হাজার বৃক্ষরোপণ করা হবে। গ্রাম পুলিশ সদস্যরা রোপণ করা গাছের একটি অংশের পরিচর্যার দায়িত্ব পালন করবেন। গাছগুলো যখন অর্থকরী সম্পদে পরিণত হবে, তখন সংশ্লিষ্ট গাছ থেকে প্রাপ্ত সুবিধার ৫০ শতাংশ দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ পাবেন। বাকি ৫০ শতাংশ অর্থ ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতে জমা হবে।

রোববার (২২ নভেম্বর) সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন এসব কথা বলেন। পরে তিনি পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের আওতাধীন গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করেন।

এমপি মিলন উল্লেখ করেন, গ্রাম পুলিশ সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত প্রতিটি ইউনিয়নে একটি করে সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ নামকরণ এবং ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে পবা উপজেলায় এই কর্মসূচি প্রথমবারের মতো শুরু হয়েছে।

প্রতিটি ইউনিয়নে দুই হাজার করে মোট ১৬ হাজার গাছ লাগানো হবে। গ্রাম পুলিশ সদস্যরা একটি অংশের রোপণ ও পরিচর্যার দায়িত্ব পালন করবেন। বাকি গাছগুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে রোপণ করা হবে।

তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে গ্রাম পুলিশ সড়ক নামে একটি করে সড়কের নামকরণ করা হয়েছে। তাঁদের বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।

এমপি মিলন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের বিভিন্ন জনমুখী কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, বৃক্ষরোপণ, খাল খনন, মাছ চাষ, গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠা ও গণশিক্ষার মতো উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এসব কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী করা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।

তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সময়ে নারী শিক্ষার প্রসার ও অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালুর বিষয়েও কথা বলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এর অংশ হিসেবে বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে। চলাচলে অক্ষম ও প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার, প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন, কৃষকদের কৃষি কার্ড, পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং বয়স্ক, বিধবা ও অসচ্ছল ব্যক্তিদের ভাতা প্রদানের মতো কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ রয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির আর্থ-সামাজিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গাছ লাগানো ও পরিচর্যার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, গ্রামীণ সড়কে সবুজায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থকরী সম্পদ গড়ে তোলা সম্ভব হবে। এটি পরিবেশ সংরক্ষণ ও সমাজকল্যাণকে সমন্বিত করে নেওয়া একটি উদ্যোগ, যা পর্যায়ক্রমে গ্রামীণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, গাছ রোপণ করলেই হবে না, রোপণ করা গাছের সুরক্ষা ও পরিচর্যার দায়িত্বও সংশ্লিষ্টদের নিতে হবে। ভবিষ্যতের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় মেহগনি, নিমসহ বিভিন্ন কাঠ জাতীয় গাছ নির্বাচন করা হয়েছে। স্বল্প মেয়াদে আয়ের সুযোগ তৈরির জন্য বিভিন্ন স্থানে খেজুরগাছ রোপণের পরিকল্পনা রয়েছে। গাছগুলো বড় হলে রস ও গুড় উৎপাদনের মৌসুমে ইজারা দেওয়ার মাধ্যমে আয় করা সম্ভব হবে।

ইউএনও আরও জানান, উপজেলার আটটি ইউনিয়নে আটটি গ্রাম পুলিশ সড়ক স্থাপনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ওয়ার্ড সদস্যদের সমন্বয়ে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ১৬ হাজার বৃক্ষরোপণ করা হবে। সরকারের পাঁচ বছরের বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রার অংশ হিসেবে পবায় এক বছরের মধ্যেই নির্ধারিত লক্ষ্য পূরণের আশা করা হচ্ছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে চলাচলে অক্ষম ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও পৌর মেয়র শেখ মুকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ পবা উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ ও উপকারভোগীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%