১১:৩৭ পি.এম
বরিশালের গৌরনদীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল বোমা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় ব্যাংক কার্যালয়ের একটি দরজার অংশ পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার বার্থী এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ৫-৬ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ব্যাংকের কার্যালয়ে হামলা চালায় এবং নিচতলার দুটি জানালা ভাঙে। এরপর জানালা দিয়ে ভেতরে দুটি পেট্রোল বোমা ছুড়ে মারা হয়। একই সময়, ভবনের দরজা ও দেয়ালে আরও তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বোমা দরজার ওপর নিক্ষেপ করা হলে তা বিস্ফোরিত হয়ে আগুন ধরিয়ে দেয়।
ভবনের দোতলায় বসবাসকারী লোকজন এবং ব্যাংকের নৈশপ্রহরী বালতি দিয়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। এতে ভবনের বাসিন্দারা এবং ব্যাংক কার্যালয় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
আরও পড়ুন: শিউলিমালা হল লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ, নিরাপত্তা জোরদারে পুলিশ
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মামুন হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে তিনি ও সহকারী ব্যবস্থাপক কার্যালয় থেকে বের হয়ে পাশের বার্থী বাজারে যান। বাজারের মসজিদে এশার নামাজ পড়ার সময় নৈশপ্রহীরীর ফোনে হামলার খবর পান। ঘটনাস্থলে এসে তিনি কার্যালয়ের ভেতরে দুটি এবং বাইরে আরও দুটি অবিস্ফোরিত পেট্রোল বোমা দেখতে পান।
ভবনটির অংশীদার খাইরুল হাসান লাভলু জানান, তার দোতলা ভবনের নিচতলা ভাড়া নিয়ে গ্রামীণ ব্যাংক শাখার কার্যক্রম পরিচালনা করা হয়। হামলায় ভবনের জানালা ভাঙচুর ও দরজার কিছু অংশ পুড়ে গেছে।
এলাকাবাসীর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী হরতাল কর্মসূচির অংশ হিসেবে দলটির স্থানীয় নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। ভবনের সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। ফুটেজে তিনটি মোটরসাইকেলে করে ৬-৭ জনকে এসে জানালা ভাঙচুর ও পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখা গেছে। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: ভারত শেখ হাসিনাকে নীরব থাকার নির্দেশ দিতে পারে: শফিকুল আলম
এমএমআর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন