১১:৩২ পি.এম
গজারি বনে অটোরিকশাচালক জাহিদ রহমানকে (২০) হত্যার ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর ৫ জনকে গ্রেপ্তার করেছে।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) রকিবুল আক্তার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভাটিচন্নপাড়া গ্রামের ইন্তাজ আলী ইন্তা (২৫), গাজীপুরের শ্রীপুর উপজেলার বামনগাঁও গ্রামের হাবিবুল্লাহ (২৭), শ্রীপুর পৌরসভার কাজীপাড়া এলাকার আলমগীর হোসেন আলম (৩৪), কাপাসিয়া উপজেলার নলীপলাশ গ্রামের জাহাঙ্গীর ফকির (৪২) এবং কালীগঞ্জ উপজেলার বড়াইয়া পূর্বপাড়া (আওড়াখালী বাজার) গ্রামের ইব্রাহিম খলিলুল্লাহ খলিল (৪০) অন্তর্ভুক্ত রয়েছেন। তাদের কাছ থেকে অটোরিকশা বিক্রির সাড়ে ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: পিএম অফিসের খাবার নিয়ে আইনজীবী মামুনের আইনি নোটিশ
নিহত জাহিদ রহমান কাপাসিয়া উপজেলার দস্যুনারায়ণপুর (পূর্বপাড়া) গ্রামের হবিবুর রহমান হাবির ছেলে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের সাভারচালা (পশ্চিমপাড়া) গ্রামের গভীর গজারি বনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের গ্রেপ্তার করা হয়েছে শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে। পিবিআই গাজীপুরের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর অটোরিকশাচালক জাহিদ রহমান তার অটোরিকশা নিয়ে কাপাসিয়ার কেওয়া ঘাট থেকে যাত্রী উঠিয়ে লতিফপুর-গোসিংগার দিকে যান। ওই দিন তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরদিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তার বাবা কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে ছেলের মরদেহ গজারি বনের ভেতর পড়ে থাকার খবর আসে। পরে সাভারচালা (পশ্চিমপাড়া) গভীর গজারি বনের ভেতর থেকে হাত-পা, মুখ ও গলায় রশি দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ শনাক্ত করেন।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাচালক জাহিদ রহমানের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অটোরিকশাচালকের বাবা হাবিবুর রহমান হবি বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা (নং-৫৪) দায়ের করেন। মামলাটি পিবিআইয়ের সিডিউলভুক্ত হওয়ায় তারা স্ব-উদ্যোগে মামলার তদন্তভার গ্রহণ করে। পরে তদন্ত কর্মকর্তা তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অটোরিকশাচালক জাহিদ রহমান হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পান এবং তাদের গ্রেপ্তার করেন। তাদের মধ্যে তিনজন হত্যার ঘটনায় জড়িত থাকার কথা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন: শিউলিমালা হল লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ, নিরাপত্তা জোরদারে পুলিশ
তিনি আরও জানান, নিহত জাহিদ ও আসামি ইন্তাজ পূর্বপরিচিত ছিলেন। নগদ টাকার প্রয়োজন হলে আসামি ইন্তাজ ও সহযোগী আসামিরা জাহিদকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরে বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামি ইন্তাজ আলী গজারি বন থেকে লাকড়ি আনার কথা বলে জাহিদকে অটোরিকশাসহ ডাকবাংলোর মোড়ে যেতে বলেন। পরে ইন্তাজ ও হাবিবুল্লাহ জাহিদের অটোরিকশায় উঠে তাকে গজারি বনে নিয়ে যান। তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামি হাবিবুল্লাহ দড়ি কিনে রাখেন। সেখানে দড়ি দিয়ে হাত-পা বেঁধে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান তারা। অটোরিকশাটি বিক্রির জন্য আসামি আলমের সঙ্গে যোগাযোগ করা হয়। আলম, জাহাঙ্গীর ও খলিলের সহায়তায় অটোরিকশাটি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেন তারা।
পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) রকিবুল আক্তার বলেন, "একজন নিরীহ অটোরিকশাচালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর। অপরাধীরা ভেবেছিল নির্জন স্থানে ক্লুলেস অপরাধ ঘটিয়ে পার পেয়ে যাবে। পিবিআইয়ের গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা ২৪ ঘণ্টার মধ্যেই চাঞ্চল্যকর অটোরিকশাচালক হত্যার মূল আসামিদের গ্রেপ্তার করতে পেরেছি। হত্যাকাণ্ডের ঘটনায় আরও কারও সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে পিবিআই আদালতে দ্রুততম সময়ের মধ্যে নিখুঁত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন