ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

আগামী ২৪-৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি বিপৎসীমা ছাড়াতে পারে


আগামী ২৪-৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি বিপৎসীমা ছাড়াতে পারে

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির স্তর আরও বাড়তে পারে। কিছু কিছু স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করে রংপুর অঞ্চলে স্বল্পস্থায়ী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের রংপুর বিভাগে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির স্তর বেড়েছে।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নদীগুলোর কিছু কিছু স্থানে পানির স্তর বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলার এসব নদী সংলগ্ন প্লাবনভূমি ও নিচু এলাকাগুলোতে আকস্মিক ও স্বল্পস্থায়ী বন্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন: রাজশাহীতে ৬ মাদক কারবারি সহ গ্রেফতার ২০

তবে তৃতীয় দিনে এই নদীগুলোর পানির স্তর স্থিতিশীল থাকতে পারে। এদিকে, বিডব্লিউডিবি-র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ (সোমবার) এক বুলেটিনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র অববাহিকায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানির স্তর বেড়েছে।

আগামী পাঁচদিন ধরে এই নদীগুলোর পানির স্তর বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলার কিছু স্থানে এই নদীগুলো সতর্কীকরণ স্তরে প্রবাহিত হতে পারে এবং সংলগ্ন নিচু এলাকাগুলোতে সাময়িক জলমগ্নতা দেখা দিতে পারে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশের রংপুরসহ চারটি বিভাগ এবং ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের সংলগ্ন উজান অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভারতের উজান অঞ্চলের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে উইলিয়ামনগরে ৩৭১ মিমি, আরকেএম সোহরায় ২৮২ মিমি, চেরাপুঞ্জিতে ২৭৯ মিমি, গুয়াহাটিতে ১৩৮ মিমি, তুরায় ১০১ মিমি এবং জলপাইগুড়িতে ৫৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: মীরসরাইয়ে হাসপাতালের লাইনে দাঁড়িয়ে স্বর্ণালংকার চুরির চক্রের ৭ নারী গ্রেফতার, স্বর্ণ উদ্ধার

একই সময়ে, ব্রহ্মপুত্র অববাহিকার ভাটিতে বাংলাদেশের উত্তরাঞ্চলে পঞ্চগড়ে ৯১ মিমি, রংপুরে ৬১ মিমি, ডালিয়ায় ৫৫ মিমি, পাটেশ্বরীতে ৫০ মিমি এবং চিলমারীতে ৪৭ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিডব্লিউডিবি’র রংপুর সার্কেলের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার মো. আহসান হাবিব বাসসকে জানান, গত ২৪ ঘণ্টায় উজানে ও ভাটিতে মৌসুমী বৃষ্টিপাত বাড়ায় প্রধান নদীগুলোর প্রায় সব পয়েন্টেই পানির স্তর বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও জানান, আগামী দিনগুলোতে ব্রহ্মপুত্র অববাহিকায় বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই। আমরা সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছি।

আজ বিকেল ৩টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদী নির্ধারিত বিপৎসীমার ৯ সেমি নিচে, রংপুরের কাউনিয়া পয়েন্টে ৩৩ সেমি নিচে এবং গাইবান্ধার তারাপুর ও হরিপুর পয়েন্টে যথাক্রমে ৮ সেমি ও ২৭ সেমি নিচে প্রবাহিত হচ্ছিল।

আরও পড়ুন: ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের, শোকের ছায়া আলফাডাঙ্গার পবনবেগে

একই সময়ে দুধকুমার নদী পাটেশ্বরীতে নির্ধারিত বিপৎসীমার ৩৫ সেমি নিচে, ধরলা নদী কুড়িগ্রামে বিপৎসীমার ৬২ সেমি নিচে এবং ব্রহ্মপুত্র নদী নুনখাওয়ায় বিপৎসীমার ৬৯ সেমি, হাতিয়ায় ৫০ সেমি ও চিলমারী পয়েন্টে ৪৫ সেমি নিচে প্রবাহিত হচ্ছিল।

অন্যদিকে যমুনা নদী ফুলছড়িতে মাত্র ৫৯ সেমি, বাহাদুরাবাদে ৫৮ সেমি, সাঘাটায় ৫৯ সেমি, সারিয়াকান্দিতে ৫০ সেমি, কাজিপুরে ১০৩ সেমি এবং সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৬৫ সেমি নিচে প্রবাহিত হচ্ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেন হবে বিশ্ব চ্যাম্পিয়ন, আগেই জানিয়েছিল এআই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


স্পেন হবে বিশ্ব চ্যাম্পিয়ন, আগেই জানিয়েছিল এআই

 

আর্জেন্টিনাকে হারিয়ে, দীর্ঘ ১৬ বছর পর আবারও ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল স্পেন। তবে এই ঐতিহাসিক জয় ছাড়াও ফুটবলপ্রেমীদের বেশি অবাক করে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর নিখুঁত ভবিষ্যদ্বাণী।

৪৮টি দেশের অংশগ্রহণে আয়োজিত ইতিহাসের বৃহত্তম এই ফুটবল মহাযজ্ঞ শুরু হওয়ার আগেই প্রযুক্তির দুনিয়ায় এক অভিনব পরীক্ষা চালানো হয়েছিল। বর্তমান সময়ের শীর্ষ চার কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটের কাছে জানতে চাওয়া হয়েছিল, কার মাথায় উঠবে বিশ্বজয়ের মুকুট? আশ্চর্যজনকভাবে, টুর্নামেন্টের সমীকরণ শুরুর আগেই চারটি ভিন্ন চ্যাটবট সর্বদিক বিবেচনা করে স্পেনের জয়ের ব্যাপারে একসাথে একমত হয়েছিল, যা মাঠের লড়াইয়ে শতভাগ সত্যি প্রমাণিত হলো।

চ্যাটজিপিটি, ক্লদ এআই, গুগল জেমিনি এবং মাইক্রোসফট কো-পাইলটের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর কাছে পরিসংখ্যান ও সম্ভাবনার বিচার জানতে চাওয়া হয়েছিল, ২০২৬ ফুটবল বিশ্বকাপ কারা জিতবে? সে সময় চ্যাটজিপিটি তাদের গাণিতিক ও পরিসংখ্যানগত মডেলের ওপর ভিত্তি করে স্প্যানিশ দলকেই বিশ্বজয়ের দৌড়ের জন্য সবচেয়ে এগিয়ে রেখেছিল। একইভাবে গুগল জেমিনিও তাদের পূর্বাভাসে উল্লেখ করেছিল যে, স্পেনের বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনা সবচেয়ে বেশি এবং তারা ট্রফি জয়ের তালিকায় একদম শীর্ষে অবস্থান করছে। মাঠে স্পেনের প্রতিটি আক্রমণ ও কৌশল, জেমিনির সেই গাণিতিক পূর্বাভাসকেই যেন সত্য প্রমাণ করেছে। অন্যদিকে, ক্লদ এআই স্পেনের এই সম্ভাব্য সাফল্যের পেছনে তাদের দুর্দান্ত স্কোয়াড এবং লামিন ইয়ামালের মতো তরুণ প্রতিভাদের ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেছিল। সদ্য ইউরো চ্যাম্পিয়ন হওয়া স্পেনের ওপর বুকমেকারদের যে ভরসা ছিল, তা টুর্নামেন্টের শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে পেরেছে দলটি। এ ছাড়া, মাইক্রোসফটের কো-পাইলট বিভিন্ন ডেটা মডেল ও অপ্টা সিমুলেশনের পরিসংখ্যান তুলে ধরে আগেই জানিয়েছিল যে, টুর্নামেন্টের অন্য যেকোনো দলের চেয়ে স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যার পরিমাণ ছিল প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ।

শক্তিশালী বেঞ্চ এবং সাম্প্রতিক ফর্মের কারণে, প্রেডিকশন মডেলগুলোর দেওয়া সেই রায়কে সত্যে রূপ দিয়ে, মাঠের লড়াইয়েও শেষ হাসি হাসল স্পেনই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে দুগ্ধ ও গরুর মাংস উৎপাদন ব্যবস্থা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


বাকৃবিতে দুগ্ধ ও গরুর মাংস উৎপাদন ব্যবস্থা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুগ্ধ ও গরুর মাংস উৎপাদনের আধুনিকায়ন, সঠিক পুষ্টি, ফিড ব্যালেন্সিং, পশুর কল্যাণ, এবং টেকসই খামার ব্যবস্থাপনা নিয়ে দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে 'ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অন ডেইরি অ্যান্ড বিফ প্রোডাকশন সিস্টেমস: নিউট্রিশন, ফিড ব্যালেন্সিং, ওয়েলফেয়ার অ্যান্ড সাসটেইনেবিলিটি' শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়। ২০ ও ২১ জুলাই এই কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে, যা যৌথভাবে আয়োজন করেছে বাকৃবির ডেইরি সায়েন্স বিভাগ ও পশু পুষ্টি বিভাগ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) ডা. মো. বয়জার রহমান। ডেইরি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. পিয়েত্রো চেলি, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কানেকটিকাটের সহকারী অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন এবং বাকৃবির পশু পুষ্টি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুর রহমান শিশির। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, প্রাণিসম্পদ খাতের কর্মকর্তা, উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

এ কর্মশালায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা শুধুমাত্র দুগ্ধ ও গরুর মাংস উৎপাদনের আধুনিকায়ন, সুষম পুষ্টি, ফিড ব্যালেন্সিং, পশুর কল্যাণ, এবং টেকসই খামার ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করেন। দুই দিনব্যাপী এই কর্মশালার গ্লোবাল একাডেমিক পার্টনার হিসেবে রয়েছে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কানেকটিকাট এবং অস্ট্রেলিয়ার জেমস কুক বিশ্ববিদ্যালয়। কর্মশালার কী ইন্ডাস্ট্রিয়াল স্পন্সর হলো নারিশ, এবং কী পার্টনার স্পন্সর হলো প্রোভেট রিসোর্সেস লিমিটেড।

মূল প্রবন্ধে ড. পিয়েত্রো চেলি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে হিট স্ট্রেস গবাদিপশুর উৎপাদনশীলতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। অতিরিক্ত তাপ পশুর শারীরবৃত্তীয় কার্যক্রম এবং বিপাক প্রক্রিয়াকে ব্যাহত করে, ফলে দুধ ও মাংস উৎপাদন কমে যায় এবং স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পায়। তিনি উল্লেখ করেন যে, এ সমস্যা মোকাবিলায় কেবল একটি পদ্ধতি যথেষ্ট নয়; সুষম পুষ্টি, বিজ্ঞানভিত্তিক ফিড ব্যালেন্সিং, শীতলীকরণ ব্যবস্থা, নিয়মিত পর্যবেক্ষণ, এবং প্রতিকূল পরিবেশ সহনশীল গবাদিপশু নির্বাচনকে সমন্বিতভাবে গুরুত্ব দিতে হবে। এটি উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি খামার ব্যবস্থাপনাকেও আরও টেকসই করে তুলবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, এ ধরনের আন্তর্জাতিক কর্মশালা তরুণ গবেষক এবং শিক্ষার্থীদের জন্য শেখার, নতুন জ্ঞান অর্জনের, এবং ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে। এর মাধ্যমে তারা জানতে এবং বুঝতে সক্ষম হবে কীভাবে বাংলাদেশের ডেইরি ও বিফ উৎপাদন ব্যবস্থাকে ভবিষ্যতের চাহিদা এবং বৈশ্বিক চ্যালেঞ্জের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত করা যায়। কাজটি গঠনমূলক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে গবেষণা, শিক্ষা, এবং শিল্প খাতের মধ্যে সহযোগিতা আরও জোরদার করবে। এছাড়াও, মাঠপর্যায়ে আধুনিক প্রযুক্তি এবং গবেষণার ফলাফল বাস্তবায়নের পথ সুগম হবে। এর ফলে, দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে দুগ্ধ ও গরুর মাংসের ক্রমবর্ধমান চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা দিল হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা দিল হুতিরা

ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে।

সোমবার (২০ জুলাই) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র অবিলম্বে এই নৌ-অবরোধ কার্যকরের ঘোষণা দেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, অপরাধী সৌদি আরবের বিরুদ্ধে চোখের বদলে চোখ নীতির ভিত্তিতে এই মুহূর্ত থেকে নৌ-অবরোধ ঘোষণা করা হলো। তারা বলেছে, এই বিবৃতি জারির পর থেকেই অবরোধ কার্যকর হবে। দীর্ঘ প্রায় ১২ বছর ধরে ইয়েমেনের জনগণের ওপর চলা অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ, সম্পদ লুণ্ঠন এবং জল, স্থল ও আকাশপথে বন্দর ও বিমানবন্দরগুলোর ওপর সর্বাত্মক অবরোধ আরোপের প্রতিক্রিয়ায় তারা সৌদি আরবের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে বলে হুতিরা দাবি করছে।

এর আগে, হুতিদের নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে—এমন অভিযোগ এনে গত সপ্তাহে হুতিরা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মাধ্যমে দীর্ঘ চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির অবসান ঘটে।

২০১২ সালের মার্চে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হুতিদের হামলার পর একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর থেকে এই হুতিদের সৌদি আরবের বিরুদ্ধে এটিই প্রথম হামলার ঘটনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি হাসপাতাল যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


সরকারি হাসপাতাল যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

সরকার প্রধান তারেক রহমান প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নত ও সহজ প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেছেন, সরকারি হাসপাতালে যাওয়ার পর যেকোনো ভোগান্তি ছাড়াই যেন সবাই চিকিৎসা সেবা পেতে পারে। গ্রামীণ এলাকার মানুষদের চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে না হয়। তিনি জানান, সরকারি হাসপাতালই যেন তাদের একমাত্র আশ্রয়স্থল হয়।

প্রধানমন্ত্রী একইসঙ্গে চিকিৎসকদের রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আরো আন্তরিক হতেও নির্দেশনা দেন।

আজ বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী এই নির্দেশনা প্রদান করেছেন। এটি ছিল প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে যাওয়ার পরের প্রথম বৈঠক।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি জানান। তিনি জানান, প্রধানমন্ত্রী বৈঠকে একাধিক নির্দেশনা দেন। বৈঠকের শুরুতে তিনি বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ৫ মাসের অভিজ্ঞতা মানুষের সামনে তুলে ধরার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ উপস্থিত সকলের কাছে জানতে চান। তারা তাদের বক্তব্য উপস্থাপন করেন।

তারা জানায়, বিগত সরকারের সময় স্বাস্থ্য খাত একেবারেই দুর্বল অবস্থানে ছিল। প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার বিষয়টি খুবই কঠিন হয়ে পড়েছিল। এই অবস্থান থেকে উত্তরণের জন্য তারা নিরন্তর কাজ করে যাচ্ছেন।

বৈঠকে আলোচনা হয় যে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে অভিযোগ দেখা যায় যে, উপজেলা পর্যায়ে চিকিৎসক থাকা সত্ত্বেও অনেক রোগী সন্তোষজনক চিকিৎসা পাচ্ছেন না। চিকিৎসকদের দায়িত্বে অবহেলার ব্যাপারটি উঠে আসে। এ জন্য শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, যেভাবেই হোক গ্রামের জনগণের জন্য স্বাস্থ্যসেবা সহজ করে দিতে হবে। তাদের জন্য সহজলভ্য ও সন্তোষজনক চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, সরকারি হাসপাতালে গিয়ে তাদের যেন কোনো ভোগান্তি না হয়। সরকারি হাসপাতালই যেন তাদের একমাত্র ভরসার জায়গা হয়।

উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, কিডনি রোগীদের চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। তিনি কিডনি রোগীদের কষ্ট কমাতে জেলা পর্যায়ে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ব্যাপারে কথা বলেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টারগুলোকে ৫০ শয্যায় সম্প্রসারণ করা হবে এবং আগামী তিন বছরের মধ্যে দেশের উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।

আজ বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

এ সময় প্রয়োজনীয় দক্ষ জনবল সৃষ্টি এবং লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করার জন্যও প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ থেকে ১০১ শয্যায় উন্নীত করতে উদ্যোগ নিয়েছে। ১০১ শয্যায় উন্নীত করার জন্য প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো স্থাপন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বলেও জানানো হয় উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা।

বৈঠকে গণপূর্তের প্রকৌশলীরা অবকাঠামোর নকশা ও অন্যান্য বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং নানা হাসপাতালের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%