০৫:১৮ পি.এম
কুমিল্লার বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১০ জুন) তার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য জানান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, কুমিল্লা-ঢাকা মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার (সিএনজি চালিত অটোরিকশা) নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৯ জুন) ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি হাইওয়ে থানার একটি দল অভিযান পরিচালনা করে। এই সময় উল্টোপথে চলাচল ও যানজট সৃষ্টির অভিযোগে একটি অটোরিকশা আটক করা হয়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
আটক অটোরিকশাটি হাইওয়ে পুলিশের এক সদস্য নিয়ে যাওয়ার সময়, চালক হঠাৎ গাড়ির সামনে এসে হ্যান্ডেল ধরে টানাটানি করলে অটোরিকশাটি উল্টে যায়। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায় এবং চালক সামান্য আহত হন।
এরপর ওই চালকের ডাকে প্রায় ১০০ থেকে ১৫০ জন থ্রি-হুইলার চালক ও তাদের সহযোগীরা ঘটনাস্থলে জড়ো হয়ে হাইওয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। এই সংঘর্ষে দায়িত্ব পালনকারী কনস্টেবল ইউসুফ আলী ও রবিউল ইসলাম আহত হন। হামলাকারীরা পুলিশের পিকআপভ্যান ভাঙচুর, সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পদের ক্ষতিসাধন করে বলেও পুলিশ জানিয়েছে।
ঘটনার পর জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবি ও বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালায়। সিসিটিভি ফুটেজ ও ভাইরাল ভিডিও বিশ্লেষণ করে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে জেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়।
আটক হওয়ার ব্যক্তিরা হলেন: মো. মিলন হোসেন, মো. ইউসুফ মিয়া, মো. হাসান, মো. রিফাত, মো. হাবিব, মো. মকবুল, মো. আলাউল হোসেন, মো. সিফাত, মো. রুবেল, আবু ইউসুফ ইফরাম, মো. জুয়েল, মো. সোহেল হোসেন, নুরুল শাহ, মো. সোহাগ মিয়া, মো. বিল্লাল, মো. সোহেল মিয়া, মো. ইব্রাহিম খলিল, মো. দেলোয়ার হোসেন এবং মো. আদিজল।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন