০৬:১৪ পি.এম
ভারী বর্ষণজনিত বন্যা এবং ইসরায়েলি ত্রাণের ওপর কঠোর বিধিনিষেধের কারণে অবরুদ্ধ গাজা উপত্যকায় সাধারণ মানুষের বসবাস ‘অসম্ভব ও অমানুষিক’ হয়ে উঠেছে বলে সতর্ক করেছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সংস্থাটির কর্মকর্তা কার্ল বেকার এই উদ্বেগজনক পরিস্থিতির কথা জানান, যা সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে।
গাজার দেইর আল-বালাহ এলাকা থেকে কথা বলার সময় কার্ল বেকার জানান, সাম্প্রতিক অতিবৃষ্টিতে উপত্যকার তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে প্রচুর পানি জমে গেছে। এর ফলে বাস্তুচ্যুত পরিবারগুলোর ঘরবাড়ি পানিতে ভেসে গেছে। বহু দুর্গম এলাকায় এখন পর্যন্ত কোনো মানবিক সহায়তা পৌঁছায়নি।
আইওএম প্রতিনিধি জানান, তীব্র বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে গত রবিবার একটি বালুর পাহাড় ধসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর পড়লে শিশুসহ অন্তত পাঁচজন নিহত হন।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে নতুন রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র, উদ্বেগ বাড়ছে
ইসরায়েলের চলমান যুদ্ধ ও ধ্বংসযজ্ঞে গাজার অবকাঠামোর অধিকাংশ আগেই ধ্বংস হয়ে গেছে। এর পাশাপাশি তাঁবু নির্মাণ, অবকাঠামো পুনঃনির্মাণ এবং মৌলিক আশ্রয় সামগ্রী গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এসব সামগ্রীর প্রবেশাধিকারের জন্য তাদের কঠোর নিরাপত্তা তল্লাশির প্রয়োজন রয়েছে।
কার্ল বেকার জোর দিয়ে বলেন, জাতিসংঘ ও তাদের সহযোগী সংস্থাগুলো যদি গাজায় তৈরি ঘরবাড়ি (প্রিফ্যাব্রিকেটেড হাউজিং) ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী দ্রুত নিয়ে যেতে পারে, তবেই এই চরম সংকটময় মুহূর্তে সেখানে ফিলিস্তিনিদের জীবনযাত্রায় পরিবর্তন আনা সম্ভব হবে। সূত্র: আল জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন