ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

হাসপাতাল পরিদর্শনে এমপি, ভেতরেই বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হট্টগোল


হাসপাতাল পরিদর্শনে এমপি, ভেতরেই বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হট্টগোল

 

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির তাজ উদ্দিন খান। এসময় বিএনপির এক কর্মীকে দেখে জামায়াতের নেতাকর্মীরা 'দালাল' বললে তাদের মধ্যে হট্টগোল শুরু হয়ে যায়।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে হাসপাতালের নতুন ভবনে এই ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গরুবাহী ট্রলি খাদে পড়ে নিহত ১, আহত ২

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতালে বিভিন্ন অনিয়ম এবং আউটসোর্সিং কর্মীদের বিষয়ে খোঁজ নিতে গিয়ে সংসদ সদস্য পরিচয়পত্র এবং নিয়োগসংক্রান্ত তথ্য জানতে চান। এ সময় উপস্থিত বিএনপির এক পক্ষের নেতাকর্মীদের সঙ্গে তার সাথে থাকা লোকজনের বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে সংসদ সদস্যের ব্যক্তিগত দেহরক্ষী, ছাত্রদলের এক কর্মীকে থাপ্পড় দেওয়ার পর উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার স্বার্থে সংসদ সদস্য তাজউদ্দিন খানকে হাসপাতাল থেকে সরিয়ে তার ব্যক্তিগত কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।

এই খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হাসপাতাল গেটে অবস্থান নিয়ে জামায়াতবিরোধী স্লোগান দিতে শুরু করে।

আরও পড়ুন: "পাল্টা অভিযোগ সৌদি প্রবাসী কাদির মিয়ার" কুলিয়ারচরে মেম্বার প্রার্থী পারভেজকে জড়িয়ে সংবাদ প্রকাশ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, এমপি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে আসেন। সেখানে আমাদের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এক সময় একজন দালালকে চিহ্নিত করে তাকে এখানে কে রেখেছে জানতে চাইলে জামায়াতের নেতাকর্মীরা দলবেঁধে এসে হট্টগোল সৃষ্টি করে।

এদিকে, জেলা ছাত্রদলের সহসভাপতি সানি আহমেদ জানান, রবি নামের তাদের এক কর্মীকে হাসপাতাল কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেন। জামায়াতের কর্মীরা তাকে দেখে মারধর করলে সেখানে হট্টগোল শুরু হয়।

সদর উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান অভিযোগ করেন, হাসপাতালের বৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের তারা অবৈধ আখ্যা দিয়ে সংসদ সদস্যের সঙ্গে থাকা লোকজন মারধর করেছেন। এ ঘটনার জন্য তিনি নিন্দা জানান।

অন্যদিকে, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন দাবি করেন, হাসপাতাল পরিদর্শনের সময় অতিরিক্ত আউটসোর্সিং কর্মীদের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের এক কর্মী অসৌজন্যমূলক আচরণ করেন। পরে দেহরক্ষীর সঙ্গে ওই কর্মীর সংঘর্ষের জেরে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলার চেষ্টা চালান।

আরও পড়ুন: কিশোর-যুবকদের শিক্ষামূলক কর্মসূচিতে যুক্ত করতে চান ছাত্রদল নেতা কাওসার খান

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. ফজলুর রহমান বলেন, এমপি হাসপাতালে ভিজিটে এসেছিলেন। নতুন ভবনের প্যাথলজিতে গিয়ে তিনি সেখানে নতুন কিছু স্বেচ্ছাসেবক দেখেছেন, যাদের এখনো আইডি কার্ড দেওয়া হয়নি। তার সঙ্গে কিছু নেতাকর্মীও ছিলেন। তারা দালাল মনে করে কিছু কথা বলেছেন। পরে উভয় পক্ষের লোকজনের সঙ্গে একটু হট্টগোল হয়ে যায়।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংসদ সদস্যকে নিরাপদে তার ব্যক্তিগত কার্যালয়ে পৌঁছে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে ২৫ শতাংশ খনিজ উপাদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


নিঝুম দ্বীপের বালুতে মিলেছে ২৫ শতাংশ খনিজ উপাদান

মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা নিঝুম দ্বীপের বালুতে মূল্যবান ভারী খনিজ (টিএইচএম) একটি গবেষণায় মিলেছে। গবেষণায় বলা হয়েছে, এর পরিমাণ প্রায় ২৫ শতাংশ।

এক্স-রে  (এক্সআরডি) বিশ্লেষণের ফলাফলে ওই অঞ্চলের বালুর ভারী খনিজের ঘনীভূত অংশে সিলিম্যানাইট, গারনেট (অ্যালম্যান্ডিন), জিরকন, রুটাইল, ইলমেনাইট, জেনোটাইম, মোনাজাইট ও ক্যানাইটসহ বিভিন্ন খনিজ শনাক্ত করা হয়েছে। এছাড়াও, অ্যাম্ফিবোল ও পাইরক্সিন গ্রুপের আরো বেশ কিছু খনিজের উপস্থিতিও পাওয়া গেছে।

গবেষণায় বলা হয়েছে, নমুনায় অনেক ধরনের স্বতন্ত্র খনিজ রয়েছে। তবে এসব খনিজের একাধিকটির এক্সআরডি পিক পরস্পরের সঙ্গে মিলে যাওয়ায়, এক্সআরডি পদ্ধতিতে সেগুলো আলাদাভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

চৌম্বকীয় অংশের সর্বোচ্চ তীব্রতায় প্রধানত এনস্টাটাইটের উপস্থিতি দেখা গেছে ভোলার এই দ্বীপটির বালুতে। পাশাপাশি বায়োটাইট, পারগাসাইট, মাসকোভাইট, সোডালাইট, ডায়োপসাইড, ম্যাগনেসাইট, পাইরক্সিন, স্পিনেল, ট্রেমোলাইট, অ্যানোরথাইট, ম্যাগনেসিওফেরাইট, টাইটানাইট, ক্যানাইট, পেরিক্লেজ, স্পোডুমিন, হর্নব্লেন্ড, অ্যালম্যান্ডিন ও মোনাজাইটের উপস্থিতিও শনাক্ত হয়েছে।

গবেষণায় এসব খনিজ শনাক্ত করতে জাপানের রিগাকু কম্পানির ‘স্মার্টল্যাব এসই’ এক্স-রে ডিফ্র্যাক্টোমিটার এবং এক্স’পার্ট হাইস্কোর প্লাস সফটওয়্যারের স্বয়ংক্রিয় ম্যাচিং ডেটা ব্যবহার করা হয়েছে।

এদিকে বাংলাদেশের নদ-নদীর বালুতে সেমিকন্ডাক্টর শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল তৈরির সম্ভাবনা যাচাইয়ের জন্য প্রথমবারের মতো জরিপ চালানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দি টাইমসের জুলাই ফটো কনটেস্টের বিজয়ীদের পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


বালিয়াকান্দি টাইমসের জুলাই ফটো কনটেস্টের বিজয়ীদের পুরস্কার বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনুষ্ঠিত ‘জুলাই ফটো কনটেস্ট’-এর বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ইসলামপুর ইউনিয়নের স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন, বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার।

ফটো কনটেস্টে প্রথম স্থান অর্জন করেন আরাফাত ইসলাম রাতুল, দ্বিতীয় এস কে সাব্বির রহমান এবং তৃতীয় স্থানে রয়েছেন মুশতারী।

পরে প্রধান অতিথি মোঃ ফারুক হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম এবং বালিয়াকান্দি টাইমসের প্রতিষ্ঠাতা ও পরিচালক তাসসীন আহমেদ মিঠু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মোঃ ফারুক হোসেন। তিনি বক্তব্যে বলেন, “সত্য ও নিষ্ঠার সঙ্গে চললে একদিন বালিয়াকান্দি টাইমস বালিয়াকান্দির মানুষের ভরসার জায়গা হয়ে উঠবে। বালিয়াকান্দি টাইমস ফেসবুক পেজের জন্য শুভকামনা রইলো।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, “অল্প কিছুদিনের মধ্যেই এই অনলাইন মিডিয়া চ্যানেলটি বালিয়াকান্দির মানুষের মাঝে আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বালিয়াকান্দি উপজেলার ঘটমান ঘটনাগুলো আমরা এই পেজের মাধ্যমে দ্রুত জানতে পারছি। এছাড়াও বিভিন্ন সেবামূলক কার্যক্রমেও তাদের অবদান রয়েছে। আগামী দিনে এই পেজের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

বালিয়াকান্দি টাইমসের প্রতিষ্ঠাতা ও পরিচালক তাসসীন আহমেদ মিঠু বলেন, “আমি এবং আমার টিম বালিয়াকান্দি উপজেলার মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করছি। রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে আমরা আরও এগিয়ে আসার চেষ্টা করছি। পাশাপাশি উপজেলার ঘটে যাওয়া ঘটনাগুলো দ্রুত প্রকাশের চেষ্টা করছি। ইনশাআল্লাহ, আগামী দিনে আরও ভালো কিছু করার চেষ্টা চালিয়ে যাব। এ ক্ষেত্রে বালিয়াকান্দি উপজেলার মানুষের সহযোগিতা কামনা করছি।”

অনুষ্ঠানে বালিয়াকান্দি টাইমস ফেসবুক পেজের সহকারী পরিচালক মুহাম্মাদ মামুনসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, স্থানীয় মানুষের প্রতিভা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার পাশাপাশি বালিয়াকান্দির ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলা বিচার শুরুর জন্য প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলা বিচার শুরুর জন্য প্রস্তুত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেনের হত্যা মামলার বিচারের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

এজন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ জারি করেছেন আদালত। আগামী ১৩ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে দিন ধার্য করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির নির্দেশ দেন। বিষয়টি প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন জানিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলায় একটি টিউশনি দিতে গিয়ে জোবায়েদ খুন হন। সেই দিন বিকেল সাড়ে ৪টার দিকে নুর বক্স লেনের রৌশান ভিলায় শিক্ষার্থী বার্জিস শাবনাম বর্ষার বাসায় পড়াতে যান তিনি।

পরে ভবনের তৃতীয় তলার সিঁড়িতে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে আরো খোঁজ নেওয়া হলে জানা যায়, ঘটনার পর দুই দিন পর, ২১ অক্টোবর, নিহতের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে বংশাল থানায় হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে গত ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন। অভিযোগপত্রে জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, তার প্রেমিক মো. মাহির রহমান এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লানকে আসামি করা হয়েছে।

তদন্তে এই ত্রিভুজ প্রেমের সম্পর্কের বিষয়টি উঠে এসেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, জোবায়েদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পাশাপাশি টিউশনি করতেন। ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বর্ষাকে পড়াতে রৌশান ভিলায় যান। সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বর্ষা জোবায়েদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই সৈকতকে মেসেঞ্জারে খবর দেন যে, জোবায়েদকে কে বা কারা হত্যা করেছে।

পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. কামরুল হাসান রাত সাড়ে ৭টার দিকে জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেনকে ফোন করে ঘটনার বিষয়ে জানান।

এনায়েত তার শ্যালক শরীফ মোহাম্মদকে সঙ্গে নিয়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তারা ভবনের সিঁড়ি ও দেয়ালে রক্তের দাগ দেখতে পান। পরে তৃতীয় তলার সিঁড়িতে জোবায়েদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

মামলার তিন আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর আশ্বাস ও সিএমএইচে চিকিৎসা, নতুন আশায় জুলাই-যোদ্ধা মিতুর লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


প্রধানমন্ত্রীর আশ্বাস ও সিএমএইচে চিকিৎসা, নতুন আশায় জুলাই-যোদ্ধা মিতুর লড়াই

আমি সেদিন বাসা থেকে বের হয়েছিলাম পুরোপুরি জীবনের অনিবার্য ঝুঁকি নিয়েই- হয় মরবো, না হয় বাঁচবো মাথা উঁচু করে।' ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর স্মৃতি স্মরণ করে নিজের অদম্য মানসিকতার কথা এভাবেই ব্যক্ত করেন নেত্রকোণার তরুণী সোমাইয়া আক্তার মিতু।

৪ আগস্ট নেত্রকোণা শহরের কুরপাড় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের চলাকালে একদফা দাবিতে অংশ নিয়ে মারাত্মক হামলার মুখে পড়েন ২৪ বছর বয়সী এই তরুণী। আত্মরক্ষার্থে দৌড়ে একটি দোকানে আশ্রয় নিতে গেলে ওপরে থেকে পড়া শাটারের তীব্র আঘাতে তার কোমর ও মুখের চোয়াল ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকদের মতে, কোমরের পিএলআইডি (PLID) এবং চোয়ালের জয়েন্টের জটিলতার পাশাপাশি থ্যালাসেমিয়া মাইনরজনিত শারীরিক সমস্যার কারণে বর্তমানে হুইলচেয়ারেই থমকে গেছে তার স্বাভাবিক চলাচল। তবে শারীরিক প্রতিবন্ধকতা ও দীর্ঘ চিকিৎসার চরম আর্থিক ভোগান্তি সত্ত্বেও অসীম আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ার স্বপ্নে তিনি অবিচল আছেন।

সোমাইয়া আকের মিতু, নেত্রকোণা শহরের প্রয়াত মোফাজ্জল হোসেন ও রেহেনা খানমের সন্তান। ৮ বোন ও ৫ ভাইয়ের বিশাল পরিবারে বেড়ে উঠা মিতু ২০১৭ সালে দত্ত উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৯ সালে নেত্রকোণা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। চিকিৎসক হওয়ার স্বপ্ন থাকলেও পরিবারিক আর্থিক বাস্তবতায় তা সফল হয়নি।

পরবর্তীতে ২০২১ সালে সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে সফলভাবে ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি’ কোর্স সম্পন্ন করেন। মানুষের সেবায় আত্মনিয়োগের লক্ষ্য নিয়ে তৈরি হওয়া এই তরুণী ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলনে শহীদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামের রক্তাক্ত ছবি দেখে ঘরে বসে থাকতে পারেননি।

রাজপথ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হয়ে ওঠেন তিনি। প্রতিবাদে নানা হুমকি ও ছাত্রলীগের হেনস্তার মুখে পড়লেও পরিবারের সদস্যরা একপর্যায়ে মিতুর পাশে এসে দাঁড়ান। মিতুর এই দূরন্ত পথচলার বিষয়ে তার সহোদর বড় বোন কবি, লেখক ও উন্নয়নকর্মী তহুরা আক্তার বলেন, 'মিতু শুধু আমার ছোট বোন নয়; সে আমাদের পরিবার ও নতুন প্রজন্মের সাহস ও প্রতিবাদের এক জীবন্ত প্রতীক। আন্দোলন চলাকালে ওর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ছিল, নানা হুমকি-ধমকিও এসেছে। কিন্তু ওর অদম্য জেদ আর সত্যের পক্ষে দাঁড়ানোর মানসিকতা দেখে আমরা পিছু হটতে পারিনি। আমরা ওকে বলেছিলাম- ‘তুমি সবার মতো ন্যায্য প্রতিবাদ চালিয়ে যাও।’ এখন হুইলচেয়ারে থমকে গেলেও ওর চিন্তার স্বাধীনতা ও স্বপ্নের জায়গায় সে একটুও হারেনি। আমরা চাই সে দ্রুত সুস্থ হয়ে আবার নিজের পায়ে দাঁড়াক।'

এদিকে, মিতু জানান, তার বড় বোন তহুরা আক্তারের নিবিড় ছায়ার পাশাপাশি তহুরার স্বামী কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক স্বাধীন চৌধুরীর মুক্তচিন্তা, সততা, প্রগতিশীলতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা তার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর নৈতিক শক্তিকে আরও মজবুত করেছে।

২০২৪ সালের ৪ আগস্ট জেলা শহরের কুরপাড় এলাকায় গুরুতর আঘাত পাওয়ার পর মিতুর স্বাভাবিক চলাফেরার সক্ষমতা কমতে থাকে। চিকিৎসায় পরিবারের প্রায় ৬ লাখ টাকা ব্যয় হয়েছে এ পর্যন্ত। ৫ আগস্টের পর সহযোদ্ধাদের সঙ্গে শহরের বিভিন্ন দেয়াল গ্রাফিতি আঁকা ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেও পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে পুঁজি করে সুবিধা নিতে চাওয়া সুযোগসন্ধানী ভুয়া আন্দোলনকারীদের অপতৎপরতার বিরুদ্ধে কথা বলায় নতুন করে সাইবার বুলিং ও হেনস্তার শিকার হন তিনি। অন্যায়ের প্রতিবাদ করায় সাবাবা হক প্রাপ্তিসহ তাদের সক্রিয় নারী শিক্ষার্থীদের ওপর অপপ্রচারের বিষয়ে স্থানীয় সেনাক্যাম্পে লিখিত অভিযোগ জানালে কর্তৃপক্ষে অভিযুক্তদের ডেকে আনা হয় এবং মিতুর সামনে ক্ষমা চাওয়া ও ভবিষ্যতে হেনস্তা না করার লিখিত অঙ্গে রাখা হয়।

নিজের শারীরিক কষ্ট ও আন্দোলনের অবদানকে কোথাও বিক্রি না করে নীরব থেকে চিকিৎসা চালিয়ে যাওয়ার এই বিরল দৃষ্টান্ত সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন নিশাত তাবাসসুম প্রাপ্তি।

এই বিষয়টি সিএমএইচে আহতদের প্রতিনিধি হিসেবে সিনিয়র প্রতিনিধি নুসরাত জাহানের মাধ্যমে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশে এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে সিএমএইচে মিতুর উন্নত চিকিৎসার সুব্যবস্থা করা হয়।

২০২৬ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে যোগ দেন মিতু। কিন্তু সময়সূচির কারণে বক্তব্য বাদ পড়ে যায়। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে প্রত্যক্ষ করেন এবং পরবর্তীতে মিতুকে ডেকে নেন।

প্রধানমন্ত্রী তার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে বলেন, 'সোমাইয়া, তোমার শরীরের কী অবস্থা এখন? তোমার কথা তো অনেক শুনলাম!' জবাবে মিতু বলেন, 'খানিকটা উন্নতি হলে আবার অবনতি হয়, এভাবেই চলছে সিএমএইচে চিকিৎসা। দেখা যাক, আল্লাহ ভরসা।' তখন প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করে বলেন, 'আমি সেনাপ্রধানকে বলে দিয়েছি তোমার সকল প্রকার চিকিৎসা যেন সঠিকভাবে চলে সে ব্যবস্থা নিতে। তোমার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে হলে আমি আমার নিজের অর্থায়নে বাহিরে পাঠাবো, চিন্তা করো না।'

প্রধানমন্ত্রীর এই আশ্বাসের জবাবে মিতু নিজের ব্যক্তিগত সুবিধার চেয়ে দেশ ও নারীদের নিরাপত্তার কথা তুলে ধরে বলেন, 'ধন্যবাদ স্যার, লাগবে না। আপনাদের দোয়া চাই এবং একজন সাধারণ মানুষ হিসেবে, একজন নারী হিসেবে আমাদের নিরাপত্তা চাই।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর নতুন বাংলাদেশ তো আমরা এমন চাইনি, যেখানে নারীদের নিরাপত্তা দিন দিন কমতে শুরু করবে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলেই সাইবার বুলিংয়ের শিকার হতে হবে। আমরা নারীদের নিরাপত্তার পাশাপাশি খেটে খাওয়া দিনমজুর মানুষের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের নিশ্চয়তাটুকু চাই।' উত্তরে প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, 'ইনশাআল্লাহ, সব হবে। তোমার চিকিৎসা তো একটা লম্বা প্রসেস, তাই এমআইএস (গওঝ) প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এটা লাগবেই। আগে তুমি সুস্থ হও, এরপর আবার একসাথে বসে তোমার কথা শুনবো।'

সাক্ষাৎকালে এক অনন্য হৃদ্যতাপূর্ণ মুহূর্তের সৃষ্টি হয়, যখন প্রধানমন্ত্রীর কন্যা জাইনাহ রহমান বসা থেকে উঠে দাঁড়িয়ে মিতুর সঙ্গে অত্যন্ত আন্তরিক ও সহজ-সরলভাবে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ ও খোঁজখবর রাখার বিষয়ে মিতু বলেন, 'যে বৈষম্যহীন মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তা এখনো পুরোপুরি হয়ে ওঠেনি। আমি সেই বাংলাদেশের অপেক্ষাতেই আছি।' সিএমএইচে চিকিৎসাধীন মিতু সুস্থ হয়ে উচ্চশিক্ষা গ্রহণ, চাকরি এবং পিছিয়ে পড়া নারীদের কল্যাণে কাজ করার অদম্য প্রত্যয় নিয়ে আজও পথচেয়ে আছেন সেই স্বপ্নের বাংলাদেশের দিকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%