মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:২৮ পি.এম
ভারত ও ভুটানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা থাকলেও শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর নানা প্রতিবন্ধকতার কারণে পিছিয়ে পড়ছে।
ভুটান থেকে তুলনামূলক কম দামে পাথর আমদানির সুযোগ থাকা সত্ত্বেও সীমান্তপথের জটিলতার কারণে তা নিয়মিতভাবে হচ্ছে না। ভারতীয় ভিসা জটিলতা, সড়ক যোগাযোগের সমস্যা এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়হীনতা আমদানি-রপ্তানির কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।
গত দুই বছরে পাথর আমদানির পরিমাণ প্রায় ৫০ শতাংশ কমেছে। নিয়মিত রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় শ্রমিকরা কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন।
ভুটান থেকে পাথর আমদানি করা ব্যবসায়ী জাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম জানান, "আমরা ভুটান থেকে ভারতের চেয়ে অনেক কম দামে পাথর আমদানি করতে পারি। কিন্তু ওই পাথর ভুটান থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করতে নানা প্রতিবন্ধকতা রয়েছে।" তিনি আরও বলেন, "ভুটান থেকে আগত পাথরের ট্রাক বাংলাদেশে প্রবেশে ভারতীয় ব্যবসায়ীদের নানান নিয়ম ও নীতির পাশাপাশি পথে পথে রয়েছে স্থানীয় বিভিন্ন মহলের নানা চাঁদাবাজি।"
তিনি উল্লেখ করেন, "ইতিপূর্বে প্রতি রোববার ভুটানের পাথর বাংলাদেশে ঢুকলেও সম্প্রতি গত দুই সপ্তাহ যাবত রোববার করে ভুটানের কোন পাথর ঢুকতে পারছে না।" ভারতের রোববার ছুটির দিন থাকায় স্থানীয় ভারতীয় ব্যবসায়ীরা তাদের পাথর প্রবেশে বাধা দিচ্ছেন।
নাকুগাঁও আমদানি রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান জানান, "ভারতীয় সিন্ডিকেটের প্রভাবে পাথর আমদানিতে ব্যবসায়ীরা সমস্যার মুখে পড়ছেন।" তিনি বলেন, "পাথরের পাশাপাশি কয়লা ও অন্যান্য পণ্যের আমদানি-রপ্তানি চালু এবং ব্যবসায়ীদের মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ বাড়ানো হলে বাণিজ্য ও কর্মসংস্থান দুটিই বাড়বে।"
ব্যবসায়ী কামরুল জানান, অতীতে এ বন্দর দিয়ে কাপড়, পাম অয়েল, মাছ, মশারি, তৈরি পোশাক ও সিমেন্টসহ বিভিন্ন পণ্য রপ্তানি হতো। তিনি বলেন, "কয়লাও আমদানি করা হতো। কিন্তু ২০২৩ সালের পর থেকে নিয়মিত রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে এবং কয়লা আমদানিও বন্ধ।"
নাকুগাঁও ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ পলাশ চন্দ্র সরকার বলেন, "সরকারি নির্দেশনা অনুযায়ী ইমিগ্রেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে।" তবে ভিসা জটিলতার কারণে ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াত উল্লেখযোগ্যভাবে কমেছে।
বন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (ট্রাফিক) মো. জাহিদুল ইসলাম দৈনিক ইনকিলাবকে বলেন, "বর্তমানে ভারতীয় পাথর আমদানির ওপর নির্ভর করেই বন্দর পরিচালিত হচ্ছে।" তিনি জানান, "ভারত থেকে ২১ ধরনের পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে আইনসম্মত সব পণ্য রপ্তানির অনুমতি থাকলেও বাস্তবে তা হচ্ছে না।"
এদিকে আমদানি-রপ্তানি কমে যাওয়ায় পণ্য ওঠানো-নামানো, ট্রাক খালাস, পাথর ভাঙা ও পরিবহনের কাজে নিয়োজিত শ্রমিকদের কাজ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে শত শত শ্রমিক এখন বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি ২০১৯-২০ অর্থবছরে ছিল ৮৫ হাজার ৩৫ মেট্রিক টন।
২০২১-২২ অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৭৬ হাজার ৪৮৩ মেট্রিক টনে। এরপর আমদানির পরিমাণ আরও বেড়ে ২০২৩-২৪ অর্থবছরে সর্বোচ্চ ৩ লাখ ৯১ হাজার ১৩৭ মেট্রিক টনে পৌঁছায়।
কিন্তু এরপর থেকে আমদানিতে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে পাথর আমদানি কমে প্রায় ১ লাখ ৯৫ হাজার মেট্রিক টনে নেমে আসে। অর্থাৎ, মাত্র দুই অর্থবছরের ব্যবধানে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পাথর আমদানি কমেছে প্রায় ৫০ শতাংশ।
উল্লেখ্য, এই বন্দর দিয়ে পাথর, কয়লা, চুনাপাথর, কাঠ, সার, পেঁয়াজ, রসুন, আদা, ফল, গমসহ বিভিন্ন পণ্য আমদানির অনুমতি রয়েছে। নির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া ভুটানের পণ্যও আমদানি করা যায়। বাংলাদেশ থেকে আইনসম্মত সব ধরনের পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। তবে বাস্তবে আমদানি কার্যক্রম মূলত পাথরনির্ভর হয়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতীয় ও শ্রীলঙ্কান রুপি এবং জাপানি ইয়েনের বিপরীতে টাকার বিনিময় হার অপরিবর্তিত রয়েছে। তবে মার্কিন ডলার, অস্ট্রেলীয় ডলার, কানাডীয় ডলার, সিঙ্গাপুর ডলার ও সুইডিশ ক্রোনার দাম কমেছে। অন্যদিকে ইউরো, ব্রিটিশ পাউন্ড ও চীনা ইউয়ানের বিপরীতে বেড়েছে টাকার বিনিময় হার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বৈদেশিক মুদ্রার বিনিময় হার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এদিন প্রতি মার্কিন ডলার বিনিময় হচ্ছে ১২৪ টাকা ৭০ পয়সায়। এ ছাড়া প্রতি ইউরো ১৩৫ টাকা ৯৪ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১৬২ টাকা ৫০ পয়সা, অস্ট্রেলীয় ডলার ৮২ টাকা ৬৩ পয়সা, জাপানি ইয়েন ৭৯ পয়সা, কানাডীয় ডলার ৮৬ টাকা ৮০ পয়সা, সুইডিশ ক্রোনা ১২ টাকা ১৩ পয়সা, সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৫৩ পয়সা এবং চীনা ইউয়ান রেনমিনবি ১৮ টাকা ৭০ পয়সায় লেনদেন হচ্ছে।
এ ছাড়া প্রতি ভারতীয় রুপি ১ টাকা ৩৪ পয়সা এবং শ্রীলঙ্কান রুপি ২ টাকা ৬৭ পয়সা বিনিময় হচ্ছে।
এর আগের দিন সোমবার প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ছিল ১২৪ টাকা ৭৫ পয়সা। একই দিনে ইউরো ১৩৬ টাকা ৮১ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১৬৩ টাকা ১৯ পয়সা, অস্ট্রেলীয় ডলার ৮২ টাকা ৫২ পয়সা, জাপানি ইয়েন ৭৯ পয়সা, কানাডীয় ডলার ৮৬ টাকা ৯৬ পয়সা, সুইডিশ ক্রোনা ১২ টাকা ১৯ পয়সা, সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৭০ পয়সা এবং চীনা ইউয়ান ১৮ টাকা ৬৯ পয়সায় লেনদেন হয়েছিল। ভারতীয় ও শ্রীলঙ্কান রুপির বিনিময় হার ছিল যথাক্রমে ১ টাকা ৩৪ পয়সা ও ২ টাকা ৬৭ পয়সা।
এদিকে গত রোববার প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ছিল ১২৪ টাকা ৫৫ পয়সা। ইউরো ১৩৬ টাকা ৫৯ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১৬২ টাকা ৯২ পয়সা, অস্ট্রেলীয় ডলার ৮২ টাকা ৩৯ পয়সা, জাপানি ইয়েন ৭৯ পয়সা, কানাডীয় ডলার ৮৬ টাকা ৮২ পয়সা, সুইডিশ ক্রোনা ১২ টাকা ১৮ পয়সা, সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৫৪ পয়সা এবং চীনা ইউয়ান ১৮ টাকা ৬৬ পয়সায় বিনিময় হয়েছিল। ভারতীয় রুপি ১ টাকা ৩৪ পয়সা এবং শ্রীলঙ্কান রুপি ২ টাকা ৬৭ পয়সায় লেনদেন হয়েছিল।
এর আগে বৃহস্পতিবার প্রতি মার্কিন ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা, ইউরো ১৩৬ টাকা ৮৮ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১৬৪ টাকা, অস্ট্রেলীয় ডলার ৮৩ টাকা ৭৯ পয়সা, জাপানি ইয়েন ৭৯ পয়সা, কানাডীয় ডলার ৮৭ টাকা ২৪ পয়সা, সুইডিশ ক্রোনা ১২ টাকা ২০ পয়সা, সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৭০ পয়সা এবং চীনা ইউয়ান ১৮ টাকা ৭০ পয়সায় বিনিময় হয়েছিল। এ ছাড়া ভারতীয় রুপি ১ টাকা ৩৪ পয়সা ও শ্রীলঙ্কান রুপি ২ টাকা ৬৭ পয়সায় লেনদেন হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মুহাম্মদ নিজাম উদ্দিন আজ (২৪ নভেম্বর) মঙ্গলবার ভোর ৫.৩০ মিনিটে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।" মরহুমের নামাজে জানাযা আজ বাদে আসর সীতাকুণ্ড দক্ষিণ রহমতনগরে অনুষ্ঠিত হবে।
মরহুমের জন্য মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ গভীরভাবে শোকাহত। সংগঠনটি রূহের মাগফিরাত কামনার পাশাপাশি তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার কারণে চাচার ছুরিকাঘাতে গুরুতর আহত ইয়াছিন মিয়া ওরফে মিশকাত (২২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বোনজামাই মাসুম মিয়া অভিযোগ করেছেন যে, দেবই মাদ্রাসার দপ্তরি ও ইয়াছিনের চাচা মামুনের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা বিদ্যমান ছিল। এর ফলস্বরূপ ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসার সামনে ইয়াছিনকে একা পেয়ে মামুন হামলা চালান। এ সময় সেখানে রিয়াদ, শান্তসহ অজ্ঞাতপরিচয় আরো চার-পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে উপস্থিত হন। মাসুম মিয়া জানান, একপর্যায়ে মামুন ইয়াছিনের পেটে ছুরি দিয়ে আঘাত করেন।
হামলাকারীরা পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ইয়াছিনকে উদ্ধার করে তার পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
নিহত ইয়াছিন মিয়া উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি দেবই-কাজীরবাগ মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়ে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। তার আগামী সপ্তাহে ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পরীক্ষায় অংশ নেওয়ার আগেই সহিংসতার শিকার হয়ে প্রাণ হারালেন তিনি।
এ ঘটনায় নিহতের বোনজামাই মাসুম মিয়া রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে ইয়াছিনের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানিয়েছেন, হামলার ঘটনায় আগেই একটি অভিযোগ পাওয়া গিয়েছিল। সেটির ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। নিহতের ঘটনায় নতুন করে মামলার প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি নগরবাসীর দীর্ঘদিনের যানজটের সমস্যা সমাধানের উদ্দেশ্যে বন্দর-সল্টগোলা-নিউমুরিং সড়কের যোগাযোগব্যবস্থা পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ লক্ষ্যে সল্টগোলা ক্রসিংয়ে আধুনিক গোলচত্বর ও সেতু নির্মাণ, বন্দরের পণ্যবাহী যানবাহনের জন্য পৃথক লেন স্থাপন এবং ভারী যানবাহন চলাচলকারী গুরুত্বপূর্ণ সড়কগুলোকে আরসিসি সড়কে রূপান্তরের পরিকল্পনা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সল্টগোলা ক্রসিংসহ বন্দর এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শনকালে এসব পরিকল্পনার কথা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
প্রশাসক বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় এবং মাননীয় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সহযোগিতায় চট্টগ্রামের সড়ক যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ও যানজট নিরসনে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।" তিনি আরও বলেন, "দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করতে বন্দর এলাকার সড়ক অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত জরুরি।" বিশেষ করে সল্টগোলা ক্রসিং, নিউমুরিং ও বন্দর এলাকায় দীর্ঘদিন ধরে চলমান যানজট নিরসনে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, সল্টগোলা ক্রসিংয়ে একটি বড় গোলচত্বর ও প্রয়োজনীয় সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া বন্দরের পণ্যবাহী ভারী যানবাহন চলাচলের জন্য পৃথক ডেডিকেটেড লেন নির্মাণ করা হবে। এতে বন্দরের পণ্যবাহী যানবাহন ও সাধারণ যানবাহনের চলাচল পৃথক করা সম্ভব হবে। ফলে যানজট কমার পাশাপাশি বন্দরের পণ্য পরিবহন কার্যক্রমে গতি আসবে। সড়ক সম্প্রসারণ ও ডেডিকেটেড লেন নির্মাণের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন প্রয়োজনীয় জায়গা ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতার মাধ্যমে বন্দর এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও দীর্ঘদিনের যানজট নিরসন সহজতর হবে।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, "বিমানবন্দর সড়ক থেকে দেওয়ানহাট ব্রিজ পর্যন্ত বন্দরকেন্দ্রিক গুরুত্বপূর্ণ সড়কসহ আগ্রাবাদ এক্সেস রোড ও আগ্রাবাদ পিসি রোডকে আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) সড়কে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।" তিনি উল্লেখ করেন, "এসব সড়ক দিয়ে প্রতিদিন বন্দরের বিপুলসংখ্যক ভারী পণ্যবাহী যানবাহন চলাচল করে।" অতিরিক্ত ভার বহনের কারণে প্রচলিত বিটুমিনাস কার্পেটিং সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। ফলে বারবার সংস্কারের প্রয়োজন হয় এবং জনগণের দুর্ভোগ বাড়ে। আরসিসি সড়ক নির্মাণ করা হলে সড়কের স্থায়িত্ব বাড়বে, দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ ব্যয় কমবে এবং টেকসই যোগাযোগ অবকাঠামো গড়ে উঠবে।
সড়ক নির্মাণে আধুনিক ডাক্ট সিস্টেম সংযোজনের পরিকল্পনার কথা জানিয়ে প্রশাসক বলেন, "প্রস্তাবিত আরসিসি সড়কগুলোতে সমন্বিত ইউটিলিটি ডাক্ট সিস্টেম রাখা হবে।" এর মাধ্যমে পানি, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট ও অন্যান্য সেবা সংস্থার লাইন পরিকল্পিতভাবে স্থাপন করা যাবে। ভবিষ্যতে এসব সংযোগের মেরামত, রক্ষণাবেক্ষণ কিংবা নতুন সংযোগ স্থাপনের জন্য বারবার সড়ক খননের প্রয়োজন হবে না। এতে সড়কের স্থায়িত্ব নিশ্চিত করার পাশাপাশি অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে সৃষ্ট যানজট, জনদুর্ভোগ ও সরকারি অর্থের অপচয় কমানো সম্ভব হবে।
প্রশাসক জানান, এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ চলমান রয়েছে। প্রকল্পটিতে সড়ক নির্মাণের পাশাপাশি যানজট নিরসন, ভারী যানবাহনের সুশৃঙ্খল চলাচল এবং বিভিন্ন সেবা সংস্থার ইউটিলিটি ব্যবস্থাপনার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
নগরীর সব সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, "চট্টগ্রামের উন্নয়ন কোনো একক প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভব নয়।" তিনি উল্লেখ করেন, "চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা, গণপূর্ত অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত পরিকল্পনার আওতায় কাজ করতে হবে।" একটি সংস্থার উন্নয়ন কার্যক্রম যাতে অন্য সংস্থার কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। বিচ্ছিন্নভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনার পরিবর্তে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামকে একটি আধুনিক, ব্যবসাবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল) মাহমুদুল হোসেন খান, চসিকের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ চসিকের প্রকৌশলীবৃন্দ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ