মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:০৪ পি.এম
চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে পুনর্বহালের পর কোম্পানিটির শেয়ারের দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এনভিডিয়ার শেয়ার থেকে সর্বোচ্চ ১ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ২০০ কোটি টাকা লাভ হয়েছে।
গতকাল সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম ৩১ দশমিক ৫ শতাংশ বেড়ে গেছে। এই বৃদ্ধির ফলে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৯৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার সময় জেনসেন হুয়াং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সম্প্রতি, পরিচালনা পর্ষদ তাকে সিইওর পদ থেকে সরিয়ে দিয়েছিল। তার বিরুদ্ধে তিনটি বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছিল, যার মধ্যে একজন চীনা গুপ্তচর বলে সন্দেহ করা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের দুজন কর্মীর সঙ্গে সম্পর্কের অভিযোগও অন্তর্ভুক্ত ছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে আবার দায়িত্বে ফিরিয়ে আনে।
সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন যে, তিনি এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করেছেন এবং হুয়াংকে ফিরিয়ে আনতে তাদের রাজি করিয়েছেন। পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচালনা পর্ষদকে তিনি প্রশংসা করেন।
ট্রাম্প বলেন, "জাতীয় নিরাপত্তার ঝুঁকি নিয়ে পরিচালনা পর্ষদ নিশ্চয়তা চেয়েছিল। তারা যতটুকু জানেন, সে অনুযায়ী নিশ্চয়তা দিয়েছেন। এ বিষয়ে তাদের কাছে অনেক তথ্য রয়েছে।"
হুয়াংয়ের ফিরে আসা কোনো হুমকি কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তাকে হারানোই বরং হুমকি।’
হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার শেয়ারের দরপতন ট্রাম্পকে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করতে প্রভাবিত করেছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্ভবত তাই।’
যুক্তরাষ্ট্রের সরকারি নৈতিকতা দপ্তরে জমা দেওয়া ট্রাম্পের আর্থিক বিবরণী থেকে তার এনভিডিয়ার শেয়ারের পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। সর্বশেষ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, তার কাছে সর্বোচ্চ ৩ লাখ ৭০ হাজার শেয়ার থাকতে পারে। এই তথ্য প্রথম প্রকাশ করে ফিন্যান্সিয়াল টাইমস।
বিবিসির গত দুই বছরের সরকারি আর্থিক বিবরণী পর্যালোচনায় দেখা গেছে, ট্রাম্প এনভিডিয়ার ২ কোটি ৩০ লাখ থেকে ৮ কোটি ৬০ লাখ ডলার মূল্যের শেয়ার কিনেছেন। প্রেসিডেন্টের দায়িত্বে ফেরার পর তিনি কোম্পানিটির কিছু শেয়ার বিক্রিও করেছেন। এতে তার আয় হয়েছে ৩৫ লাখ থেকে ১ কোটি ২০ লাখ ডলারের মধ্যে।
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের উত্থানের কেন্দ্রে রয়েছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির নেতৃত্বে জেনসেন হুয়াংয়ের এই আকস্মিক ও বিতর্কিত প্রত্যাবর্তনের প্রভাব পড়েছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারেও। মঙ্গলবার এ অঞ্চলের বিভিন্ন বাজারে শেয়ারের দাম বেড়েছে।
তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার শেয়ারবাজারে বড় উত্থান দেখা গেছে। কয়েক মাসের অস্থিরতার পর এআই খাতের শেয়ারে আবার বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। তাইওয়ানের টিডব্লিউ৫০ সূচক বেড়েছে ৯ দশমিক ৫ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ। দেশটির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্স ও স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারের দাম বৃদ্ধিতে এই উত্থানে ভূমিকা ছিল। জাপানের নিক্কেই সূচক বেড়েছে প্রায় ৪ শতাংশ।
এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটেও শেয়ারবাজারে উত্থান হয়েছিল। গত কয়েক মাস ধরে এআই খাতের শেয়ারে ব্যাপক ওঠানামা চলছে। এআই অবকাঠামো গড়ে তুলতে এ খাতের কোম্পানিগুলোর বিপুল ঋণ নেওয়া নিয়ে উদ্বেগ রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এ ছাড়া মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর যুক্তরাষ্ট্রে এআই খাতে কঠোর নিয়ন্ত্রণ আরোপের আশঙ্কা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে ট্রাম্পের শেয়ার লেনদেন নিয়ে তদন্তের দাবি তুলেছেন ডেমোক্র্যাট দলের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সিনেটর রুবেন গ্যালেগো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘ঘোষণার আগে শেয়ারের কী ধরনের অবস্থান নেওয়া হয়েছিল, তা তদন্ত করা প্রয়োজন। এই হোয়াইট হাউস ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত।’
পরে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘ট্রাম্প হয়তো এআই বুদ্বুদ ফাটার সূচনা করেছেন।’
অর্থনীতিবিদেরা মনে করছেন, জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনের ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বেড়েছে। একই সঙ্গে এআই খাতের সম্ভাব্য বুদ্বুদ শিগগির ফেটে যাওয়ার আশঙ্কাও কমেছে।
ডয়চে ব্যাংকের অর্থনীতিবিদ জিম রিড বলেন, এআই খাতের প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা কমায় বাজারে ফেডারেল রিজার্ভের সুদের হার আরো কঠোর করার সম্ভাবনা আবার গুরুত্ব পেয়েছে। আগামী কয়েক মাসে এ প্রবণতা বজায় থাকতে পারে।
তিনি বলেন, ‘ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের পরবর্তী বৈঠকে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর বিষয়টি বাজার এখন পুরোপুরি ধরে নিচ্ছে।’
২৫ বেসিস পয়েন্ট অর্থ সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানো।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোরের হত্যার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ প্রদান করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক তাকে সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করেছিলেন। শুনানির সময় বেলা আড়াইটার দিকে তাকে এজলাসে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে রিমান্ডে নেওয়ার কারণ উল্লেখ করেন। রাষ্ট্রপক্ষও রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। পরে আদালত তার এ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, ১৭ নভেম্বর এ মামলায় দশ দিনের রিমান্ডের জন্য আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে আবদুল মোতালিব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরবর্তীতে ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলায় সাঈদ খোকন এজাহার নামীয় ২৯ নম্বর আসামি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই-এম জোন) মো. কায়কোবাদের বিরুদ্ধে টেন্ডার সিন্ডিকেট, কমিশন বাণিজ্য, বদলি-পদোন্নতিতে অনিয়ম এবং জ্ঞাত আয়বহির্ভূত শতকোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনে সংশ্লিষ্ট সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। সাংবাদিক সুরক্ষা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর এই অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে তাঁর অবসরোত্তর ছুটি (পিআরএল) চূড়ান্ত হওয়ার আগেই উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ ও বিভাগীয় তদন্তের জোর দাবি জানানো হয়েছে।
অভিযোগপত্রের মূল দিকসমূহ:
আবেদনকারী মোহাম্মদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া তাঁর লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রকৌশলী মো. কায়কোবাদ চট্টগ্রাম জোন ও ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে সরকারি ক্রয় ও উন্নয়ন প্রকল্পে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন।
অভিযোগের প্রধান দিকগুলো হলো:
* টেন্ডার ও কমিশন সিন্ডিকেট:ইলেকট্রো-মেকানিক্যাল (ই-এম) বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন তৈরি, দরপত্র নিয়ন্ত্রণ এবং ঠিকাদারদের কাছ থেকে নির্দিষ্ট হারে কমিশন আদায়ের মাধ্যমে একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনার অভিযোগ আনা হয়েছে।
* অবৈধ সম্পদ ও বেনামি বিনিয়োগ: চাকরি জীবনে প্রাপ্ত বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে ঢাকা (বিশেষত মোহাম্মদপুর এলাকা), সাভার ও ধামরাইসহ বিভিন্ন স্থানে ফ্ল্যাট, বহুতল ভবন এবং জমির মালিকানা অর্জনের তথ্য যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে।
* বদলি ও পদায়ন বাণিজ্য: দপ্তরের অভ্যন্তরে প্রভাব খাটিয়ে পছন্দের প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ জোনে পদায়ন এবং বদলি বাণিজ্যের মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার বিষয়টিও অভিযোগপত্রে তুলে ধরা হয়।
প্রকৌশল খাতের স্বচ্ছতা ও টিআইবির পর্যবেক্ষণ:
সরকারি ক্রয় ও অবকাঠামো খাতে স্বচ্ছতা নিয়ে কাজ করা দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিভিন্ন সময়ে সরকারি প্রকৌশল ও নির্মাণ সংস্থাগুলোর প্রকল্প বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। টিআইবির বিভিন্ন গবেষণা ও পর্যবেক্ষণে উঠে এসেছে যে, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থা চালু থাকা সত্ত্বেও দাপ্তরিক প্রাক্কলন ফাঁস, যোগসাজশমূলক দরপত্র (সিন্ডিকেট) এবং প্রকল্পের ব্যয় বৃদ্ধির মতো অনিয়মের কারণে রাষ্ট্রীয় অর্থের অপচয় ঘটছে। প্রকৌশল খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) যথাযথভাবে অনুসরণ না করা এবং প্রকল্প তদারকিতে জবাবদিহির অভাবের সুযোগেই এ ধরনের অনিয়মের অভিযোগ ওঠে।
দুদকের এখতিয়ার ও আইনি প্রক্রিয়া:
অভিযোগপত্রটি দাখিলের পর দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ অনুযায়ী এর আইনি গুরুত্ব রয়েছে।
আইন ও বিধিমালা অনুযায়ী:
* যাচাই-বাছাই ও অনুসন্ধান: দুদকের যাচাই-বাছাই কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পেলে কমিশনের অনুমোদনক্রমে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করতে পারে।
* সম্পদ বিবরণী ও ক্রোক: দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ ও ২৭ ধারার অধীনে কমিশন সন্দেহভাজন ব্যক্তির সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করতে পারে এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রাথমিক প্রমাণ মিললে আদালতের অনুমতিসাপেক্ষে তা ক্রোক বা অবরুদ্ধ (ফ্রিজ) করার আইনি বিধান রয়েছে।
* প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা: সরকারি চাকরি আইন, ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী, কোনো কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অসদাচরণ বা দুর্নীতির অভিযোগ উঠলে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার আগে বা পরেও বিভাগীয় মামলা রুজু ও পেনশন-সংক্রান্ত সুবিধা স্থগিত রাখার সুযোগ প্রশাসনের হাতে রয়েছে।
অভিযুক্তের বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ:
এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কায়কোবাদের ব্যক্তিগত বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
তবে অভিযোগকারী মোহাম্মদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া আশা প্রকাশ করেছেন, জনস্বার্থে এবং সরকারি প্রকৌশল খাতের ভাবমূর্তি রক্ষায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং দুদক দ্রুত অভিযোগগুলো আমলে নিয়ে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রেস ব্রিফিং : ২৪- ১১- ২০২৬
ময়মনসিংহ ডিবি পুলিশের বিশেষ অভিযানে আন্তর্জাতিক ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে আ ট ক চক্রের ৭ সদস্য ।
চক্রের সদস্যদের ময়মনসিংহ সানকিপারা সেন বাড়ি থেকে আটক করা
হয় । পুলিশ সুপার সাংবাদিকদের উদ্দেশ্যে আরোও বলেন চক্রের অন্যান্য সদস্যদের আ*টক প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ