মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:০১ পি.এম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজধানীতে মোটরসাইকেল র্যালি আয়োজন করেছে, যা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধের ঘোষণা দেয়। মঙ্গলবার দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হওয়া এই র্যালিতে শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন দলটির নেতাকর্মীরা। এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের শীর্ষ নেতারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে র্যালিটি শুরু হয়। এর আগে দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচি শুরু হবে। আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতামূলক তৎপরতা প্রতিরোধে দলীয় কর্মসূচির অংশ হিসেবে এ র্যালির আয়োজন করা হয়েছে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাদের ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হওয়া র্যালিটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর এলাকা প্রদক্ষিণ করে মিরপুর-১৪ নম্বরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ও জনবহুল এলাকা ঘিরে এ কর্মসূচির নির্ধারণ করা হয়েছে।
এর আগে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে দলটির নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই এ মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে অংশ নিতে গণমাধ্যমকর্মীদেরও আমন্ত্রণ জানিয়েছিল দলটির ঢাকা মহানগর উত্তর শাখা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামায়াতের এক নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ অভিযোগ তুলে ধরেন। সাদিক কায়েমের দাবি, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের শ্বশুর এবং জামায়াতের এক ইউনিয়ন আমীরের বাড়িতে হামলা চালিয়ে আগুন দেওয়া ও লুটপাট করা হয়েছে।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম উল্লেখ করেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের সুযোগ নিয়ে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে পড়েছে। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যেখানে সরকারি দলের দায়িত্ব, সেখানে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধেই রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে সন্ত্রাস ও লুটপাটে জড়ানোর অভিযোগ উঠছে।
তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনার পরও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। সাদিক কায়েম সতর্ক করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক আস্থার পরিবেশ নষ্ট করবে।
বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে ডাকসু ভিপি বলেন, একদিকে ঐক্যের কথা বলা হচ্ছে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ঘটনা ঘটছে। তিনি বিএনপিকে এ ধরনের দ্বিমুখী আচরণ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে চলতি মাসের ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে।
এ তথ্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেছেন, এই সময়ে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ৯৯টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে তথ্য উপদেষ্টা জানান, গত ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশের বিভিন্ন এলাকায় ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং ১১ জন আহত হয়েছেন। এ পর্যন্ত ৬২টি মামলা দায়ের করা হয়েছে, ২৭টি জিডি করা হয়েছে এবং ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডা. জাহেদ উর রহমান আরো জানান, এ সময়ে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল সংক্রান্ত মোট ৭২টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২টি মামলা এবং ৫টি জিডি করা হয়েছে। ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, যেহেতু দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে, তাই এসব কর্মকাণ্ড ও ঝটিকা মিছিল বেআইনি। এ কারণে মামলা ও গ্রেফতার চলছে।
পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলা-অগ্নিসংযোগের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, পুলিশের স্থাপনায় হামলা হয়েছে ৪টি, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে ২৮টি এবং পুলিশের স্থাপনা বা গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে ৪টি। মোট ঘটনা ৯টি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। মামলা হয়েছে ১টি এবং গ্রেফতার হয়েছে ৪ জন।
সারাদেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বা বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগ প্রসঙ্গে পুলিশের তথ্যের বরাত দিয়ে উপদেষ্টা জানান, গ্রামীণ ব্যাংকে মোট ৩৪টি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ২৫টি এবং অগ্নিসংযোগের ঘটনা ২৩টি। এসব ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও মামলা হয়েছে ৮টি, জিডি হয়েছে ১৯টি এবং ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে উপদেষ্টা বলেন, পুলিশের নথিভুক্ত তথ্যের বাইরে গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৭২টি ঘটনার কথা জানা গেছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রায় ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় হামলার দাবি করেছেন। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২টি, মামলা হয়েছে ২টি এবং গ্রেফতার হয়েছেন ১১ জন।
উপদেষ্টা আরও জানান, বিএনপির কর্মসূচির ওপর হামলায় এখন পর্যন্ত ৪ জন বিএনপির নেতাকর্মী নিহত হয়েছেন। গোপালগঞ্জে সহিংসতার সময় সংসদ সদস্যসহ অনেক নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি একটি হাসপাতালে অগ্নিসংযোগ করা হয়েছে। যুদ্ধের মধ্যেও হাসপাতালে পরিকল্পিত হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়। তিনি আওয়ামী লীগের এ ধরনের তাণ্ডবের তীব্র নিন্দা জানান।
গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে উপদেষ্টা জানান, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী চুক্তি আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১০ দিনের চক্রে পানি ভাগ করা হয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ কমিটি গঠন করেছে এবং ভারতকেও কমিটি গঠন করে প্রথম বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি ১৭ নভেম্বর বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী ভারতের জলশক্তি মন্ত্রীকে চিঠি দিয়েছেন।
গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে আসবেন কি আসবেন না—এ নিয়ে সরকারের সঙ্গে তার কোনো আলোচনা নেই। আলোচনা চলছে ভারতের সঙ্গে।
তিনি বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বাংলাদেশ অপেক্ষা করছে। ভারত সরকারের কাছে তাকে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা যেহেতু নিজেই দেশে আসতে চাইছে এবং বাংলাদেশও তার প্রত্যর্পণ চাইছে, তাই এখানে আর কোনো আইনি জটিলতার প্রশ্ন থাকার কথা নয়।
নড়াইলে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ সংক্রান্ত এক প্রশ্নে উপদেষ্টা বলেন, গণমাধ্যমের প্রতিবেদনেই স্পষ্ট হয়েছে যে সেখানে সেভাবে হিন্দু সম্প্রদায়ের বড় বসতি নেই। তবে ভারতের মূলধারার গণমাধ্যম এ বিষয়ে বাংলাদেশকে নিয়ে ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালাচ্ছে।
এমন ডিসইনফরমেশন ক্যাম্পেইন দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি ভারতের গণমাধ্যম ও সরকারকে এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান। তবে নড়াইলে আওয়ামী লীগ সমর্থকদের কিছু বাড়িঘরে হামলার ঘটনা সত্য বলে স্বীকার করে তিনি জানান, এসব ফৌজদারী অপরাধের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।
সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা ও বিজিবির সতর্কতা প্রসঙ্গে তিনি বলেন, অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত কাজের অংশ। ডিসেম্বরকে কেন্দ্র করে পালিয়ে থাকা নেতাকর্মীদের মধ্যে দেশে ফেরার যে আলোচনা তৈরির চেষ্টা চলছে, তার পরিপ্রেক্ষিতে কোনো অভিযুক্ত অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে বিজিবি সতর্ক আছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের চারটি হিন্দু বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের ঘটনায় মামলা হয়েছে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা জানান, প্রতিটি ফৌজদারী অপরাধের বিরুদ্ধেই মামলা হয়েছে, তদন্ত ও গ্রেফতারের কাজ চলমান রয়েছে।
ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করার আগে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সাতটি শর্ত পূরণের দাবি পুনর্ব্যক্ত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, শত্রুপক্ষ যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে সংঘাতের ভৌগোলিক পরিধি বদলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইরান। গালিবাফ ওয়াশিংটনের প্রতি তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি উল্লেখ করে মার্কিন হুমকি ও অবমাননাকর মন্তব্যকে ‘আমেরিকানদের হতাশার বহিঃপ্রকাশ’ বলে অভিহিত করেছেন।
ফার্স নিউজের একটি প্রতিবেদনে গালিবাফের এই বক্তব্য তুলে ধরা হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, গালিবাফ বলেন, ‘আমাদের অবস্থান আগের মতোই স্পষ্ট ও অপরিবর্তিত রয়েছে। ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ বা আলোচনা হবে না।’
শত্রুপক্ষকে সতর্ক করে তিনি আরও বলেন, ‘শত্রুর যেকোনো পদক্ষেপের চূড়ান্ত জবাব দিতে আমরা প্রস্তুত আছি। শত্রু যদি কোনো ভুল হিসাব-নিকাশ করে, তবে আমরা সংঘাতের ভৌগোলিক পরিধি বদলে দিতেও প্রস্তুত রয়েছি।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক ‘অর্থহীন মন্তব্য ও হুমকির’ জবাবে গালিবাফ এসব কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ‘সাপের মাথা গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত’ তার দপ্তর ইরানের অবৈধ আর্থিক নেটওয়ার্ক ভেঙে দেওয়ার অভিযান চালিয়ে যাবে।
গতকাল সোমবার (২৩ নভেম্বর) মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের বৈশ্বিক ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক ধ্বংসের লক্ষ্যে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। এই নিষেধাজ্ঞাগুলো দেশটির দুই ডজনেরও বেশি মানি এক্সচেঞ্জ হাউস, ফ্রন্ট কোম্পানি এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ওপর আরোপ করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগে ইরানের পক্ষ থেকে সাতটি শর্ত পূরণের দাবি জানানো হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে—ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি তহবিল মুক্তি দেওয়া, সব ফ্রন্টে শত্রুতা ও হামলা বন্ধ করা এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দেওয়া।
ইরানের দাবি, এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা পদক্ষেপ নেওয়া হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বিদেশে অবস্থানরত অন্যান্য দণ্ডিত পলাতক আসামিদের ক্ষেত্রে যেভাবে বাংলাদেশের আইন প্রয়োগ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও একইভাবে আইন প্রয়োগ করা হবে।
আজ মঙ্গলবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর আকাশপথে বাংলাদেশে ফিরে আসতে চান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন, তবে তাকে গ্রেপ্তার করা হবে।
তিনি উল্লেখ করেন, ‘কে কী বলছেন বা তিনি যেখানেই আত্মগোপন করুক না কেন, বাংলাদেশে প্রবেশ করলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে।’
শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগ রয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী, তার জন্য কোনো বিশেষ সুবিধা বা আচরণের সুযোগ নেই।
তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী, সাজাপ্রাপ্ত আসামি। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।’
বিদেশে পালিয়ে থাকা দণ্ডিত ব্যক্তিদের বিষয়ে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনার ক্ষেত্রেও সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুনর্ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ