ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাকিস্তানের কারাগারে অধিকাংশ বন্দি চিকিৎসা থেকে বঞ্চিত, স্বাস্থ্যসেবা সংকট


পাকিস্তানের কারাগারে অধিকাংশ বন্দি চিকিৎসা থেকে বঞ্চিত, স্বাস্থ্যসেবা সংকট

পাকিস্তানের কারাগারগুলোতে বন্দিদের জন্য যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অসুস্থ হওয়ার পরও অনেক বন্দি যথাসময়ে চিকিৎসা পান না। এমনকি জরুরি চিকিৎসার প্রয়োজন হলে তাদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে বিলম্বের অভিযোগও উঠেছে।

এই চিকিৎসাসেবার সংকটকে কাঠামোগত ও পদ্ধতিগত সমস্যা হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

গত ১৯ নভেম্বর পাকিস্তানের কয়েকজন সিনেটর ইসলামাবাদ মডেল জেলের একটি পরীক্ষামূলক স্থাপনা পরিদর্শন করেন। সেখানে বন্দিদের জন্য নির্ধারিত স্বাস্থ্যসেবা ও চিকিৎসাসুবিধা দেখে তারা সেগুলোকে ‘পর্যাপ্ত’ বলে অভিহিত করেন। তবে মানবাধিকারকর্মীদের মতে, পরিকল্পিত ওই পরিদর্শনে দেখা পরিস্থিতির সঙ্গে পাকিস্তানের অধিকাংশ কারাগারের বাস্তব চিত্রের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানের অর্থনীতিতে আস্থা সংকট, বিদেশি বিনিয়োগে হ্রাস

এইচআরডব্লিউর ২০২৩ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কারাগারগুলোতে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার কাঠামোগত সংকট বিদ্যমান। এর ফলে অধিকাংশ বন্দির প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়েছে। কারাগারে অসুস্থ হয়ে পড়লেও অনেক বন্দি সময়মতো কিংবা মানসম্মত চিকিৎসা পান না।

সম্প্রতি পেশোয়ার কেন্দ্রীয় কারাগারে চিকিৎসা পেতে বিলম্বের অভিযোগের পর দুই বন্দির মৃত্যুর ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এ ঘটনায় একজন আইনজীবী পেশোয়ার হাইকোর্টে আবেদন করেছেন। আবেদনে প্রদেশের সব কারাগারে বন্দিরা কখন চিকিৎসা চেয়েছেন, তা নথিভুক্ত করার এবং জরুরি প্রয়োজনে দ্রুত হাসপাতালে স্থানান্তরের সুস্পষ্ট নিয়ম চালুর দাবি জানানো হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো কারাগার পরিচালনায় ঔপনিবেশিক আমলের আইন ও প্রশাসনিক ব্যবস্থার প্রভাবকেও এ সংকটের অন্যতম কারণ হিসেবে দেখছে। এসব ব্যবস্থার কারণে কারা পরিচালনায় সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়। কখনো কখনো রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতেও কারাগারের দুরবস্থাকে কাজে লাগানোর অভিযোগ রয়েছে।

এদিকে, গত ১৬ নভেম্বর আইনজীবীর মাধ্যমে প্রকাশিত এক চিঠিতে নিজের ও স্ত্রী বুশরা বিবির জন্য জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি উচ্চ রক্তচাপের সমস্যার কথা উল্লেখ করেছেন।

আরও পড়ুন: লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেফতার ৬

অন্যদিকে, তার স্ত্রীর চোখের অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন। এর আগে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও কারাগারে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ করেছিলেন। তাদের অভিযোগ, শাস্তি দেওয়ার উদ্দেশ্যে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হয়েছিল।

এ পরিস্থিতিতে পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারগুলোকে কারাগারের স্বাস্থ্যসেবা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। বিশেষ করে জাতিসংঘের বন্দিদের সঙ্গে আচরণের জন্য প্রণীত নেলসন ম্যান্ডেলা বিধিমালা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিধিমালা অনুযায়ী, বন্দিদের বিনা মূল্যে সমাজের সাধারণ মানুষের সমমানের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে হবে। জরুরি চিকিৎসার ক্ষেত্রেও দ্রুত ব্যবস্থা নিতে হবে।

গত অক্টোবরে জাস্টিস প্রজেক্ট পাকিস্তান প্রদেশভেদে কারাগারের চিকিৎসাব্যবস্থায় অভিন্ন মানদণ্ড চালুর আহ্বান জানায়। সংস্থাটি বলেছে, প্রয়োজন অনুযায়ী বন্দিদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ এবং কারাগার থেকে মুক্তির পরও চিকিৎসা অব্যাহত রাখার ব্যবস্থা থাকতে হবে।

মানবাধিকার সংস্থাগুলোর সুপারিশ অনুযায়ী, বন্দিদের নির্ধারিত ওষুধ বিনা মূল্যে সরবরাহ করতে হবে। চিকিৎসার জন্য আবেদন করার পর কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, তা কারা কর্তৃপক্ষকে নথিভুক্ত করতে হবে। জরুরি প্রয়োজনে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও দ্রুত করতে হবে। রাজনৈতিক পরিচয় কিংবা সামাজিক অবস্থান যা-ই হোক, সব বন্দির জন্য সময়মতো পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

আরও পড়ুন: ১৬৮ শিশুর হত্যার কথা ভুলবে না ইরান: পেজেশকিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতেও প্রতি ১৫ মিনিটে বাজছে গির্জার ঘণ্টা, ঐতিহ্য ও শান্তির দাবিতে বিভক্ত ফরাসি শহর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


রাতেও প্রতি ১৫ মিনিটে বাজছে গির্জার ঘণ্টা, ঐতিহ্য ও শান্তির দাবিতে বিভক্ত ফরাসি শহর

পশ্চিম ফ্রান্সের লা গার্নাশ শহর গভীর রাতে ঘুমের শান্তি এবং শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে। স্থানীয় ‘নটর ডেম দে লাসোম্পসিওঁ’ গির্জার ঘড়িঘর থেকে রাতভর প্রতি ১৫ মিনিট পরপর ঘণ্টা বাজার শব্দ বন্ধ করার উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের ভোটে ব্যর্থ হয়েছে।

১৯৪২ সাল থেকে ওই গির্জার ঘড়িঘর থেকে অষ্টম শতাব্দীর একটি স্তোত্র বা গান প্রতি ১৫ মিনিট অন্তর দিন-রাত ২৪ ঘণ্টাই বাজছে। রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত ঘণ্টাগুলো ৩৭ বার বাজে, যা এক রাতেই সাত শতাধিক স্বতন্ত্র শব্দতরঙ্গ তৈরি করে।

গির্জার আশপাশে বসবাসকারী বাসিন্দাদের দাবি, রাতের বেলায় শান্তিতে ঘুমানো তাদের প্রধান চাওয়া। ২০১৪ সালে গির্জার কাছের সাবেক যাজক ভবনে আসা ৬৩ বছর বয়সী থিয়েরি সিমোনিন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, রাত ১০টা থেকে সকাল ৭টার মধ্যে প্রায় ৭২৬ বার ঘণ্টা বাজে। গ্রীষ্মকালে গরমের সময় জানালা খোলা রাখলে গরম এবং ঘণ্টার শব্দের মধ্যে যেকোনো একটি বেছে নিতে হয়, ফলে রাতে ঠিকমতো বিশ্রাম নেওয়া সম্ভব হয় না। রাতের বেলায় ঘণ্টা বন্ধ রাখার দাবিতে তিনি একটি পিটিশন চালু করেন এবং বেশ কিছু স্বাক্ষর ও সমর্থনপত্র পৌরসভায় জমা দেন।

তবে ঐতিহ্যবাদী বাসিন্দাদের মতে, এই শব্দ ফরাসি সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এবং নতুন আসা বাসিন্দারা এলাকায় বসতি গড়ার আগে ভালোভাবে খোঁজখবর নেননি। এ নিয়ে আয়োজিত ভোটে শহরের ৫ হাজার ৫১৫ জন বাসিন্দার মধ্যে ৭৪৯ জন ভোট দেন, যার প্রায় তিন-চতুর্থাংশই ঘণ্টা চালু রাখার পক্ষে মত দেন। পৌর কর্তৃপক্ষ ফলাফল নথিভুক্ত করে অংশগ্রহণকারী বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৪২ সালের সেপ্টেম্বরে গির্জার মূল তিনটি ঘণ্টার পাশাপাশি ছয়টি ঘণ্টার একটি ‘ক্যারিলন’ বসানো হয়। ১৭১১ সালে নঁতের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত লা গার্নাশ হয়ে যাওয়া ব্রেটন ধর্মযাজক সেন্ট লুই-মারি গ্রিনিওঁ দে মঁফরের রচিত একটি স্তোত্র এটি বাজায়। স্প্রিং ও চাকার জটিল যান্ত্রিক কাঠামোয় হাতুড়ির আঘাতে চলা এই ক্যারিলন ফ্রান্সে টিকে থাকা হাতেগোনা কয়েকটির একটি, যা বেশ নাজুক বলে বিবেচিত। প্রতি ১৫ মিনিটে স্তোত্রের চার ভাগের এক ভাগ, ৩০ মিনিটে অর্ধেক, ৪৫ মিনিটে তিন-চতুর্থাংশ এবং প্রতি ঘণ্টায় পুরো সুর ও ঘণ্টার ধ্বনি শোনা যায়।

ঘণ্টা বন্ধের বিরোধিতা করা সাবেক মেয়র ফ্রাঁসোয়া পেতি বলেন, যারা এ বিষয়ে সোচ্চার হচ্ছেন, তাদের সবাই ঘণ্টা চালু থাকার পরেই এখানে এসেছেন; হয়তো গির্জার পাশে বাড়ি নেওয়ার আগে তারা যথাযথ খোঁজ নেননি। যান্ত্রিক স্প্রিং ও ওজনের কারণে এটি সহজে বন্ধ করাও সম্ভব নয় বলে জানান তিনি। অন্যদিকে বাসিন্দা রোমাঁ মেনের মতে এটি ফরাসি ঐতিহ্যের অংশ, আর ২৭ বছর ধরে থাকা জেরোম দেপোর্তে জানান, শুরুতে সামান্য মনে হলেও এখন আর এ নিয়ে তার কোনো মাথাব্যথা নেই।

গ্রামীণ এলাকার ‘শব্দদূষণ’ বা ‘সংবেদনশীল ঐতিহ্য’ নিয়ে পুরোনো ও নতুন বাসিন্দাদের বিরোধ ফ্রান্সে নতুন নয়। ২০১৯ সালে ইল দোলেরঁ দ্বীপে ‘মরিস’ নামের একটি মোরগের ডাক নিয়ে করা মামলায় মোরগটির পক্ষে রায় আসে। পরবর্তীতে ২০২১ সালে ফ্রান্সের পার্লামেন্ট গ্রামীণ সংবেদনশীল ঐতিহ্য সুরক্ষায় আইন পাস করে এবং ২০২৪ সালের নতুন আইনে স্পষ্ট করা হয় যে কোনো বাসিন্দা আসার আগে থেকেই গ্রামীণ কোনো শব্দ, কার্যক্রম বা গন্ধ বিদ্যমান থাকলে এবং তা আরও খারাপ না হলে সে বিষয়ে শব্দদূষণের আইনি অভিযোগ করা যাবে না। সূত্র: দ্য গার্ডিয়ান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালনে দায়সারা কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


সৈয়দপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালনে দায়সারা কর্মসূচি

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে একটি দায়সারা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমের উদ্দেশ্য ব্যাহত হওয়া এবং সরকারি বরাদ্দের অপচয় হওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে প্রাণী সম্পদ খাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা সুবিধা প্রাপ্তি বা উপকার থেকে বঞ্চিত হয়েছেন।

২৬ নভেম্বর উপজেলা পরিষদে একটি নামকাওয়াস্তে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেনারী হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে এই কর্মসূচিটি পরিচালনা করে। কিন্তু যাদের জন্য এই আয়োজন করা হয়েছিল, তাদের অংশগ্রহণ ছিল অত্যন্ত নগণ্য। র‌্যালিতে মাত্র ২০ জনের উপস্থিতি দেখে স্থানীয় জনতা হাসাহাসি করেছে। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন এবং সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা সভাপতিত্ব করেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ডা. আবু কায়েস বিন আজিজ, উপজেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি সাহিদ আজিজ এবং সেক্রেটারি মোশাররফ হোসেন। সারাদেশের সাথে একযোগে সৈয়দপুরের এই উদ্বোধনী কর্মসূচিতে গুটিকয়েক খামারী অংশ নেন। পোল্ট্রি ও গরু মোটাতাজাকরণসহ প্রকৃত ও সাধারণ খামারীদের উপস্থিতি ছিল একেবারেই অনুপস্থিত। র‌্যালিতে মাত্র ৫ জন খামারীকে দেখা যায়, যা অত্যন্ত প্রশ্নবোধক বলে মনে হচ্ছে। এই নামকাওয়াস্তে কর্মসূচি পালন নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

সৈয়দপুর বিউটি ডেইরি ফার্মের মালিক ব্যবসায়ী আলতাফ হোসেন মন্তব্য করেন, "আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে কোন প্রকার সেবাই পাইনা। সরকারি সুযোগ সুবিধা তো দূরের কথা। কোন কর্মসূচিতেও ডাকেনা। এ অনুষ্ঠানের খবরও জানিনা।" উপজেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি সাহিদ আজিজ বলেন, "প্রাণী সম্পদ কর্মকর্তা অনুষ্ঠানে মাত্র ৫ জনকে নিয়ে আসতে বলেছেন। তাই ৫ জনকেই নিয়ে আসি। তবে খামারিদের উপস্থিতি কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছি।" উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কর্মকর্তা ডা. আবু কায়েস বিন আজিজ জানান, "এটা মূলতঃ জাতীয় সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠান ছিল। খামারিদের সমাবেশ নয়, তাই সবাইকে ডাকা হয়নি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


কুড়িগ্রামে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

কুড়িগ্রামের কুড়িগ্রাম-১(সদর উপজেলা) ও কুড়িগ্রাম-৩(রাজারহাট উপজেলা) এর বেলগাছা হলোখানা, কাঁঠালবাড়ি মোগলবাসা(আংশিক) ইউনিয়ন এবং রাজারহাট উপজেলার রাজারহাট, ঘড়িয়ালডাঙ্গা, চাকিরপাশা, বিদ্যানন্দ, উমরমজিদ, নাজিমখান, ছিনাই (আংশিক) ইউনিয়নসমূহে ৩৩/১১ কেভি বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে এসব এলাকার সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৩/১১ কেভিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কুঁড়ি-লাল পবিসের এজিএম(ওএন্ডএম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সেই ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে: প্রশাসক ডা. শাহাদাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


বিএনপি রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে: প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বিএনপির নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি মন্তব্য করেছেন, ‘রাজপথের আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা মনে করছেন ক্ষমতায় আসার পর বিএনপির নেতাকর্মীরা আর রাজপথে থাকবেন না, তারা বোকার স্বর্গে বাস করছেন।’

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নগরের নয়া বাজার বিশ্বরোড মোড়ে চট্টগ্রাম-১০ সংসদীয় আসন বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য সাঈদ আল নোমানের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, জনপ্রিয় সংসদ সদস্য সাঈদ আল নোমানের ওপর ন্যক্কারজনক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগজনক। এ ধরনের হামলার বিরুদ্ধে বিএনপি ও জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সমাবেশে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, জনগণ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেয় না।

তিনি উল্লেখ করেন, মহানগর বিএনপি, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি প্রমাণ করে, দীর্ঘ ১৭ বছর ধরে যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তারা এখনো ঐক্যবদ্ধ ও সক্রিয় রয়েছেন। বিএনপি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাস করে।

ডিসেম্বর মাসের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, মহান বিজয় দিবসকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পুরো ডিসেম্বর মাসজুড়ে বিজয় উৎসব, বিজয় র‍্যালি ও বিজয় মেলার আয়োজন করা হবে। মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গণতান্ত্রিক রাজনীতির প্রসঙ্গ তুলে প্রশাসক বলেন, বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হয়েছে। তাই জনগণের রায় ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।

বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে আত্মগোপনে থেকে মিছিল করার পরিবর্তে সাহস থাকলে প্রকাশ্যে এসে রাজনৈতিক কর্মসূচি পালন করুন। জনগণের সামনে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরুন। রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে এবং জনগণের মুখোমুখি হতে হবে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, সাঈদ আল নোমান রাতের ভোটে নির্বাচিত কোনো সংসদ সদস্য নন, তিনি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। তাঁর ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষের মতামত ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সফল হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, এস কে খোদা তোতন, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, মো. কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, মোশাররফ হোসেন ডিপ্টিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেন ও মোহাম্মদ আবু সুফিয়ানের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল নয়া বাজার বিশ্বরোড মোড় থেকে শুরু হয়ে বড়পোল মোড়ে গিয়ে শেষ হয়। এতে চট্টগ্রাম-১০ সংসদীয় এলাকার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%