শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:৫৬ পি.এম
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বিএনপির নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি মন্তব্য করেছেন, ‘রাজপথের আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা মনে করছেন ক্ষমতায় আসার পর বিএনপির নেতাকর্মীরা আর রাজপথে থাকবেন না, তারা বোকার স্বর্গে বাস করছেন।’
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নগরের নয়া বাজার বিশ্বরোড মোড়ে চট্টগ্রাম-১০ সংসদীয় আসন বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য সাঈদ আল নোমানের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, জনপ্রিয় সংসদ সদস্য সাঈদ আল নোমানের ওপর ন্যক্কারজনক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগজনক। এ ধরনের হামলার বিরুদ্ধে বিএনপি ও জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সমাবেশে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, জনগণ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেয় না।
তিনি উল্লেখ করেন, মহানগর বিএনপি, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি প্রমাণ করে, দীর্ঘ ১৭ বছর ধরে যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তারা এখনো ঐক্যবদ্ধ ও সক্রিয় রয়েছেন। বিএনপি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাস করে।
ডিসেম্বর মাসের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, মহান বিজয় দিবসকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পুরো ডিসেম্বর মাসজুড়ে বিজয় উৎসব, বিজয় র্যালি ও বিজয় মেলার আয়োজন করা হবে। মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গণতান্ত্রিক রাজনীতির প্রসঙ্গ তুলে প্রশাসক বলেন, বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হয়েছে। তাই জনগণের রায় ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।
বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে আত্মগোপনে থেকে মিছিল করার পরিবর্তে সাহস থাকলে প্রকাশ্যে এসে রাজনৈতিক কর্মসূচি পালন করুন। জনগণের সামনে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরুন। রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে এবং জনগণের মুখোমুখি হতে হবে।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, সাঈদ আল নোমান রাতের ভোটে নির্বাচিত কোনো সংসদ সদস্য নন, তিনি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। তাঁর ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষের মতামত ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সফল হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, এস কে খোদা তোতন, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, মো. কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, মোশাররফ হোসেন ডিপ্টিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেন ও মোহাম্মদ আবু সুফিয়ানের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল নয়া বাজার বিশ্বরোড মোড় থেকে শুরু হয়ে বড়পোল মোড়ে গিয়ে শেষ হয়। এতে চট্টগ্রাম-১০ সংসদীয় এলাকার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার (এক দশমিক তিন বিলিয়ন ইউরো) বেলআউট তহবিল ছাড়তে বিলম্বের কারণে পাকিস্তানের ওষুধ শিল্পে সংকটের পরিস্থিতি তীব্র হয়ে উঠেছে। ডয়চে ভেলের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
রুপির অবমূল্যায়ন, আমদানিতে জটিলতা এবং লাগামহীন মূল্যস্ফীতির কারণে উৎপাদন ব্যয়ের পরিমাণ নাগালের বাইরে চলে যাওয়ায় দেশটির ওষুধ শিল্পের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, শিগগিরই কয়েক ডজন স্থানীয় ওষুধ কম্পানি বন্ধ হয়ে যেতে পারে।
সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ এশিয়ার এই দেশে ওষুধ উৎপাদন ২১ দশমিক ৫ শতাংশ কমে গেছে। মূলত কাঁচামাল আমদানিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর দীর্ঘদিনের অসহযোগিতার ফলেই এই সংকট সৃষ্টি হয়েছে।
পাকিস্তান ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ ফারুক বুখারি ডয়চে ভেলেকে (ডিডব্লিউ) জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারিতে ব্যাংকগুলো আমদানির অর্থ পরিশোধের আনুষ্ঠানিক নিশ্চয়তা হিসেবে লেটার অব ক্রেডিট (এলসি) খোলার প্রক্রিয়া পুনরায় শুরু করেছিল। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার কারণে ব্যাংকগুলো এলসি খোলার আবেদনের মাত্র ৫০ শতাংশ অনুমোদন দিয়েছে। এই নথি নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধের নিশ্চয়তা দিয়ে পণ্য আমদানিকারকদের অনুকূলে ইস্যু করা হয়।
এদিকে, এলসি আবেদনের মাত্র ৫০ শতাংশ অনুমোদন দেওয়ার ফলে দেশে ওষুধের সংকট দেখা দিচ্ছে। পাশাপাশি পাইকারি ও খুচরা বিক্রেতাদের মধ্যে ওষুধ মজুদ করার প্রবণতা তৈরি হয়েছে বলেও সৈয়দ ফারুক বুখারি উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বজুড়ে স্বাস্থ্য সচেতনতা এবং মানসিক প্রশান্তির প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাওয়ার ফলে ভারতের প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা জনপ্রিয়তা অর্জন করছে। বিশেষ করে কেরালা রাজ্যের বিভিন্ন ওয়েলনেস রিট্রিটে বিদেশি পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এসব কেন্দ্রে মূলত ভেষজ ওষুধ, তেল মালিশ, বিশেষ খাদ্যাভ্যাস, যোগব্যায়াম এবং ধ্যানের সমন্বয়ে শরীর ও মনের সামগ্রিক সুস্থতার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তবে এই চিকিৎসার কার্যকারিতা সম্পর্কে বৈজ্ঞানিক প্রমাণ এখনও যথেষ্ট নয়।
‘আয়ুর্বেদ’ শব্দটি জীবনের বিজ্ঞান বোঝায়। এই চিকিৎসা পদ্ধতি শরীরের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনতে ভেষজ চিকিৎসা, প্রলেপ, মালিশ ও যোগব্যায়াম ব্যবহার করে। আয়ুর্বেদ চিকিৎসক দীপা পদিঞ্জাপ্পুরাথ মন্তব্য করেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসা নেওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধে আগাম স্বাস্থ্য সচেতন হওয়ার গুরুত্বও মানুষ উপলব্ধি করছে।
খালিজ টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দীপা রাজাহ আয়ুর্বেদ নামের একটি ওয়েলনেস প্রতিষ্ঠানে কর্মরত। প্রায় ৩০ বছর আগে প্রতিষ্ঠানটি প্রথম সমন্বিত চিকিৎসাকেন্দ্র চালু করে। বর্তমানে তাদের চারটি রিট্রিট রয়েছে। দীপা জানান, তারা আধুনিক রোগনির্ণয় পদ্ধতির সঙ্গে আয়ুর্বেদের সমন্বয় করেন। রোগীর শারীরিক অবস্থার পাশাপাশি মানসিক অবস্থা ও জীবনযাপনও বিবেচনায় নেওয়া হয়।
কেরালা রাজ্য এখন সুস্থতা পর্যটনের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। এ খাত থেকে রাজ্যের আয় বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরার একটি মাধ্যম হিসেবেও কাজ করছে আয়ুর্বেদ।
ব্রিটেনে বসবাসকারী ভারতীয় নারী প্রীতি পারেখ কেরালার নাত্তিকা বিচ রিসোর্টে ১০ দিনের চিকিৎসা শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তার চিকিৎসার অংশ ছিল কপালে উষ্ণ তেল ঢালার বিশেষ পদ্ধতি। তিনি জানান, রিট্রিটে যাওয়ার আগে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন।
সুইজারল্যান্ডের সিলভানা ইনভারনিজ্জি একই রিসোর্টে অষ্টমবারের মতো দুই সপ্তাহের চিকিৎসা নিচ্ছেন। তিনি বিশ্বাস করেন, নিয়মিত মালিশ এবং বিশেষ খাদ্যাভ্যাস তাকে গুরুতর স্বাস্থ্য সমস্যা এড়িয়ে চলতে সহায়তা করেছে।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টারের গবেষণাপ্রধান গীতা কৃষ্ণন বলেন, আয়ুর্বেদ একটি ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থা। এতে রোগীর পাশাপাশি পরিবেশ, ঋতু, দিনের সময় এবং খাদ্যাভ্যাস বিবেচনা করা হয়।
আয়ুর্বেদে সাধারণত ৮০০ থেকে ৯০০ ধরনের ভেষজ ও উদ্ভিদ ব্যবহার করা হয়। তবে নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে এসব উদ্ভিদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। কেরালার বৈদ্যরত্নম আয়ুর্বেদ কলেজের অধ্যাপক শ্রীলক্ষ্মী জানান, কিছু উদ্ভিদ ইতিমধ্যে হারিয়ে গেছে, অন্যগুলো বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
চিকিৎসক দীপা বলেন, ভারতে এবং বিদেশে আয়ুর্বেদ আগের যেকোনো সময়ের চেয়ে জনপ্রিয় হলেও এ চিকিৎসা পদ্ধতির ওপর নির্ভরশীল কিছু উদ্ভিদ এখন বন্য পরিবেশে আর পাওয়া যাচ্ছে না। ফলে জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়ুর্বেদের প্রাকৃতিক উপাদান সংরক্ষণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকসে নারীদের শটপুট প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক অর্জন করেছেন বাংলাদেশের জাকিয়া সুলতানা।
শুক্রবার (২৭ নভেম্বর) কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় দিনের প্রতিযোগিতায় শটপুটের ফাইনালে ১২.৬৪ মিটার দূরত্ব অতিক্রম করে তিনি তৃতীয় স্থান অধিকার করেন। ছয়টি প্রচেষ্টার মধ্যে পঞ্চম প্রচেষ্টায় জাকিয়া তার সেরা নৈপুণ্য প্রদর্শন করেন।
জাকিয়ার ছয়টি প্রচেষ্টার দূরত্ব ছিল যথাক্রমে ১১.৬৫, ১১.২৭, ১১.৭৯, ১২.০৪, ১২.৬৪ ও ১০.৭০ মিটার।
এই ইভেন্টে স্বর্ণ ও রৌপ্য পদক দুটিই ভারতীয় অ্যাথলেটদের দখলে গেছে। ১৫.১৭ মিটার দূরত্ব অতিক্রম করে স্বর্ণ পদক জিতেছেন আনশু। রিয়া ভার্মা ১৪.৫৯ মিটার থ্রো করে রৌপ্য পদক অর্জন করেন।
বাংলাদেশের আরেক প্রতিযোগী মিনু খাতুন একই ইভেন্টে সপ্তম স্থান লাভ করেন। তার সেরা থ্রো ছিল ৮.৫৯ মিটার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে একটি ইজিবাইকে অবস্থানরত নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা করার সময় স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতদের কাছ থেকে একটি ম্যাগাজিন ও গুলিবিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানাধীন উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় বেড়িবাঁধের পাকা সড়কে। আটককৃতদের মধ্যে রয়েছেন ফরিদপুরের সদরপুর থানার শ্যামপুর (মটকচর) এলাকার দবির উদ্দিনের ছেলে ও প্রাইভেট কারের চালক জুয়েল উদ্দিন (২৩), একই থানার আমিরাবাদ এলাকার আঃ আলিমের ছেলে মো. জাহিদ (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার বায়তুল আমান পৌর এলাকার ২৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার শেখের ছেলে রাতুল শেখ (২২)।
পুলিশের সূত্রে জানা যায়, ছিনতাইকারী চক্রের ছয় সদস্য একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৩২-০৮২৪) ও একটি ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে চারজন প্রাইভেট কারে এবং দুজন মোটরসাইকেলে ছিল। এ সময় ফরিদপুর থেকে গোয়ালন্দগামী একটি ইজিবাইকে থাকা নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা।
ইজিবাইকে থাকা যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রাইভেট কারে থাকা দুজন ও মোটরসাইকেলে থাকা একজনসহ মোট তিনজনকে আটক করে। পরে তাদের গণধোলাই দেওয়ার খবরও পাওয়া গেছে।
ঘটনার খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজিব শিকদার, এসআই মধুসূদন সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কার এবং আটক তিনজনকে পুলিশের হেফাজতে নিয়ে থানায় আনা হয়।
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ