শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১০:০৩ পি.এম
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় লন্ডন মেট্রোপলিটন পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে। এ তথ্য জানিয়েছেন লন্ডন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ ব্যবস্থাপক ন্যান্সি বাউহার্স্ট।
গ্রেফতারকৃতদের ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে আটক করা হয়। তবে তদন্ত চলমান থাকায় তাদের জামিনে মুক্তি দেয়া হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় প্রকাশ করেনি।
নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার মে ফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।
লন্ডন পুলিশের তথ্য অনুযায়ী, ওই দিন রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোড এলাকায় প্রায় ৫০ জনের উপস্থিতিতে বিশৃঙ্খলার খবর পায় তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় তিনজন আহত হন, যাদের হাসপাতালে নেয়া হয়, তবে তাদের আঘাত গুরুতর ছিল না।
পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও বিভিন্ন তদন্তের মাধ্যমে যুক্তরাজ্যের ১৯৮৬ সালের পাবলিক অর্ডার অ্যাক্টের ২ নম্বর ধারায় সহিংস বিশৃঙ্খলায় জড়িত থাকার সন্দেহে ছয়জনকে গ্রেফতার করা হয়। তবে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে পুলিশ কিছু জানায়নি।
তদন্তের নেতৃত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মালকাহি বলেন, এ ঘটনায় রেডব্রিজ এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছিলেন। তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এ ঘটনায় এনসিপির কোনো নেতা-কর্মী গ্রেফতার হননি বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এহতেশামুল হক। তিনি দাবি করেছেন, তাদের দলের কেউ পুলিশের হাতে আটক হননি।
অন্যদিকে, আওয়ামী লীগের অনলাইন অ্যাকটিভিস্ট সুশান্ত দাস জানিয়েছেন, তাদের ছয়-সাতজনকে পুলিশ ফোন করে থানায় যেতে বলেছিল। শুক্রবার বেলা ৩টার দিকে তিনি পুলিশ স্টেশনে গিয়ে সাক্ষাৎকার দেন এবং রাত ১০টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। অন্যদেরও পুলিশ ছেড়ে দিয়েছে বলে তিনি শুনেছেন।
লন্ডন পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনও চলছে। তদন্তে সহায়ক হতে পারে—এমন সিসিটিভি বা গাড়ির ড্যাশক্যামের ফুটেজ কারো কাছে থাকলে ১০১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, বিএনপি সরকার গণভোটের রায় মানতে বাধ্য হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এই মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, গণভোটের রায় না মানার ফলে পতিত ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসার সুযোগ পেয়েছে। তবে, দেশের সচেতন ছাত্র-জনতা ফ্যাসিবাদের কবর রচনা করবে।
তিনি উল্লেখ করেন যে, গণভোটের রায় মানতে বিএনপি সরকার বাধ্য হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতো, গণভোটের রায়ও বিএনপি মানতে বাধ্য হবে।
জামায়াত আমিরের প্রত্যাশা, ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় সরকার মানবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পাওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে লোহাগাড়া-সাতকানিয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়া (চুসালস)।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের অডিটোরিয়ামে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সংগঠনের সেক্রেটারি সাফওয়ানুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গিফট হাউসের (মিডফোর্ড রোড, ঢাকা) পরিচালক মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সানাউল্লাহ চৌধুরী, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান চৌধুরী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, যুক্তরাজ্যের উইলিয়াম কলেজের ক্যাম্পাস কো-অর্ডিনেটর ব্যারিস্টার মো. রিয়াজ এবং চাকসুর সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল হক সালমান।
এ সময় অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাঁদের বিশ্ববিদ্যালয়জীবনের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে চুসালস পরিবারের শুভাকাঙ্ক্ষী, সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরাও উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসাইনের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট, ২৭ নভেম্বর, ২০২৬ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের চোরাই মালামাল আটক করেছে।
আজ শুক্রবার সন্ধ্যায় সিলেট বিজিবি-৪৮ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।
বিজিবি’র সিলেট ব্যাটালিয়নের সদস্যরা সিলেটের সীমান্তবর্তী প্রতাপপুর, বিছনাকান্দি, শ্রীপুর, উৎমা, ডিবিরহাওর, সোনারহাট, পান্থুমাই, তামাবিল, মিনাটিলা, সংগ্রাম বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভারতীয় অবৈধ কম্বল, জিরা, গরু, ওষুধ, মহিষ, টমেটো, এসএস টোব্যাকো, চকলেট, আলু, বাসমতি চাল, জুস, সনপাপড়ি, কসমেটিকস, পান মশলা, মিষ্টি পান আটক করা হয়।
একই অভিযানে পাচারকালে বাংলাদেশ থেকে রসূন ও শীতের সোয়েটারও আটক করা হয়েছে। আটক মালামালের আনুমানিক মূল্য ৫২ লাখ ৯৬ হাজার ৩৮৫ টাকা বলে বিজিবি জানায়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, "সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।" তিনি আরও বলেন, "এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ এসব চোরাচালানী মালামাল আটক করা হয়।" আটক চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি মন্তব্য করেছেন যে, গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের মতামতকে অগ্রাহ্য করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি। তাই গণভোটের গণরায় মেনে নিতে হবে, অন্যথায় প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না।
শুক্রবার সকালে বরিশাল নগরীর অম্বিনী কুমার টাউন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, গণভোটের রায়কে অগ্রাহ্য করে কোনো আলোচনা বা ঐকমত্যের উদ্যোগ সফল হতে পারে না। জনগণের বৃহত্তর অংশের মতামতকে সম্মান না জানালে আলোচনা হতে পারে না। তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ কমিশনের দীর্ঘ আলোচনার পর গণভোট অনুষ্ঠিত হলেও একটি দলের অসহযোগিতার কারণে সেই আলোচনা অর্থবহ হয়নি। জনগণের মতামত উপেক্ষা করে জাতীয় ঐক্যের কথা বলা বাস্তবসম্মত নয়। গণভোটের গণরায় মেনে না নেওয়া হলে আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি আরও যোগ করেন, দেশের বিভিন্ন রাজনৈতিক দল অতীতে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, আবার ক্ষমতা থেকেও বিদায় নিয়েছে। কিন্তু কেউই আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা কিংবা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। কিছু রাজনৈতিক দলের কথা ও কাজের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে। যারা প্রকাশ্যে ইসলামী শরিয়াহর প্রতি বিশ্বাসের কথা স্বীকার করে না, তারাও নির্বাচনের সময় ভোট পাওয়ার আশায় ইসলামের কথা বলে। অথচ মানুষের কাছে তাদের অবস্থান ও বক্তব্যের মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন।
রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর মর্যাদা ও আদর্শ যথাযথভাবে উপলব্ধি করতে হবে এবং তাঁর আদর্শ জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। তিনি উল্লেখ করেন, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ থেকে দূরে সরে গিয়ে সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নবীজির আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মুয়ায্জম হোসাইন হেলাল বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আগমনে সমগ্র সৃষ্টিজগৎ উপকৃত হয়েছে। তিনি এমন এক সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন, যখন সমাজে মানুষের জীবনের মূল্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত ছিল না। জাহেলি সমাজে দুর্বল ও অসহায় মানুষের অধিকার পদদলিত হতো। নারীর মর্যাদা ও নিরাপত্তা ছিল উপেক্ষিত। রাসুলুল্লাহ (সা.) মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন এবং মানবতার মুক্তির দিশা দিয়েছেন।
তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা শুধু ইবাদত-বন্দেগির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, যুদ্ধ, শান্তি ও মানবিক আচরণের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ অনুসরণীয়। তিনি প্রাণীর প্রতিও দয়া প্রদর্শনের শিক্ষা দিয়েছেন। পানি অপচয় না করা, যুদ্ধের সময় নিরীহ মানুষ ও সম্পদের ক্ষতি না করা এবং নারী, শিশু ও অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করার শিক্ষা দিয়েছেন। এমনকি পরিবারের মধ্যেও ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন।
মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল ও মাওলানা মতিউর রহমান, সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুর রব, লুৎফর রহমান মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ কিউ এম আব্দুল হাকিম মাদানী এবং উত্তমপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সোহরাব হোসাইন।
আলোচনা সভা শেষে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সীরাত গ্রন্থ পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়, ইনসাফ, মানবিকতা ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ