ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিয়ের অনুষ্ঠানে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা খান


বিয়ের অনুষ্ঠানে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা খান

মানিকগঞ্জে যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খানকে গ্রেফতার করেছে স্পেশাল র‍্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-৪ (সিপিসি-৩)। তিনি আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে গ্রেফতার হন।

গ্রেফতারির ঘটনাটি ঘটে রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে, যখন তাকে মানিকগঞ্জ পৌর ভবনের সামনে তার নিজ বাসা থেকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া হামজা খান মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া নগরভবন রোড এলাকার মৃত মালেক খানের পুত্র।

আরও পড়ুন: ডিসেম্বর মাসে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রেক্ষিতে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটে। একই দিনে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনার পর মানিকগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। উক্ত দুই মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর হামজা খান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। हाल हीতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছিল। রোববার তিনি এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে নিজ বাসায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, "গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা খানকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।"

আরও পড়ুন: অপ্রয়োজনীয় হর্ন বন্ধে অভিযান পরিচালনার নির্দেশ হাইকোর্টের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আমজনতার তারেক রহমানের পোস্ট

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে নিয়োগের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ এম


আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে নিয়োগের আহ্বান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে মন্তব্য করেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

রোববার (১৫ নভেম্বর) রাতে, তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।

তারেক রহমান লিখেছেন, ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান। আগেরবার তো এপিসিতে করে পালায় আসছিল।’

এর আগে, একইদিনে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, যদি এই পরিস্থিতি সমাধান করা না যায়, তাহলে তাকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অন্তর্বর্তী সরকারের সময় ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির ঘটনা স্মরণ করিয়ে দেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, অন্তর্বর্তী সরকারের সময় এনসিপির নেতাদের লংমার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির কারণে সৃষ্ট পরিস্থিতিতে চারজন আওয়ামী লীগ সমর্থক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন এবং অনেকেই আহত হন। তবে বিএনপি সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজনও নিহত হোক, তা চায় না। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন যে, শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তার ভাষ্য, একটি নির্বাচিত সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এ সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের কাছে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শমিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ এম


পাকিস্তানের কাছে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শমিত

শ্রীলঙ্কাকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশের পর বাংলাদেশের ফুটবলে যে আনন্দের ঢেউ উঠেছিল, তা মাত্র কয়েক দিন স্থায়ী হলো। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে শিরোপার লড়াই থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ফাইনালে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হওয়ার পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন ফুটবলাররা। দলের এই চরম ব্যর্থতার দায় স্বীকার করে বাংলাদেশ দলের মিডফিল্ডার শমিত সোম স্পষ্টভাবে জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের জন্য দল যথেষ্ট প্রস্তুত ছিল না। তিনি হতাশ সমর্থকদের কাছে দলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছেন।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে দলের প্রতিনিধি হিসেবে শমিত বলেন, 'বাংলাদেশের জন্য, বিশেষ করে যেসব সমর্থক কষ্ট করে ও টাকা খরচ করে মাঠে খেলা দেখতে এসেছেন, তাদের জন্য আমাদের খুব খারাপ লাগছে। পুরো দলের পক্ষ থেকে—সব খেলোয়াড় ও স্টাফদের পক্ষ থেকে—তাদের সবার কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত।'

চলতি বছর বাংলাদেশ দলের আন্তর্জাতিক ব্যস্ততা ও হতাশার কথা স্মরণ করে তিনি আরও যোগ করেন, 'আগে এশিয়ান কাপ বাছাই, এরপর আসিয়ান কাপ আর এখন সাফ—সব মিলিয়ে আমাদের মন খারাপ। তবে এই ধাক্কা সামলে নতুন বছরে আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে ও উন্নতি করতে হবে।'

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে এক দুর্দান্ত ও দাপুটে জয়ের পর সেমিফাইনালে পাকিস্তানের কাছে এমন ছন্দপতনের কারণ বিশ্লেষণ করতে গিয়ে শমিত জানান, ওই বড় জয়টি হয়তো অজান্তেই দলের মধ্যে কিছুটা আত্মতুষ্টির জন্ম দিয়েছিল। এছাড়া প্রতিপক্ষের ফুটবলারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও ম্যাচ রিডিংয়ের কারণে লাল-সবুজের দল পিছিয়ে পড়েছে। শমিতের ভাষায়, 'শ্রীলঙ্কার বিপক্ষে আমরা খুব ভালো খেলেছিলাম বলে হয়তো সবাই একটু বেশি ভেবে ফেলেছিলাম যে ম্যাচটা সহজ হবে। কিন্তু পাকিস্তান একদম ভিন্ন কম্বিনেশন ও আলাদা ফরমেশনে খেলেছে। কোনো অজুহাত দাঁড় করানো যায় না, তবে ওদের দলটা অনেক অভিজ্ঞ। সেমিফাইনাল বা প্লে-অফের মতো বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা আমাদের চেয়ে তাদের বেশি ছিল।'

খেলার কৌশলের বিষয়ে কথা বলতে গিয়ে শমিত জানান, পুরো ম্যাচে পাকিস্তানের গতি এবং ট্যাকটিকসের সঙ্গে তাল মেলাতে স্বাগতিকদের বেগ পেতে হয়েছে। ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলার মানসিকতা থাকলেও প্রতিপক্ষের গোছানো কৌশল তাদের বেশ কয়েকবার ব্যাকফুটে ঠেলে দেয়।

নিজের দলের দুর্বলতা স্বীকার করতে কুণ্ঠাবোধ করেননি এই মিডফিল্ডার। সতীর্থদের কান্নাজড়িত মুখ ও ভেঙে পড়া মন তাকে কতটা কষ্ট দিয়েছে, তা প্রকাশ করে তিনি বলেন, 'সত্যি বলতে, এই ম্যাচের জন্য আমরা ঠিকমতো প্রস্তুত ছিলাম না। আমাদের খেলোয়াড়েরা ভীষণ কষ্ট পেয়েছে। আপনি যদি দেখেন, আমাদের সবাই কাঁদছে, সবার মন খারাপ। এটা দেখে খুব খারাপ লাগছে।'

শ্রীলঙ্কা ম্যাচের পর সমর্থকদের মনে তৈরি হওয়া উচ্চাশা ও প্রত্যাশার পারদ শেষ মুহূর্তে নেমে যাওয়ায় গভীর আক্ষেপ প্রকাশ করেন শমিত। তবে এই ব্যর্থতায় মুড়ে না গিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নিতে সমর্থকদের আবারও দলের পাশে থাকার আকুল আবেদন জানান তিনি।

শমিতের শেষ বার্তাটি ছিল এমন, 'শ্রীলঙ্কা ম্যাচের পর সবার মধ্যে একটা ভালো অনুভূতি তৈরি হয়েছিল, আমরা সবাইকে অনুপ্রাণিত করতে পেরেছিলাম। কিন্তু এভাবে হেরে আমরা অনেক ওপর থেকে নিচে নেমে গেলাম। আমরা জানি, এই পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল না। তবে ফুটবলে এমনটা হয়েই থাকে। বাংলাদেশের সব সমর্থকের কাছে আমি ক্ষমা চাইছি। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব, আপনারা আমাদের ওপর থেকে আশা ছাড়বেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ টাকার নকলের অভিযোগে ১৯০০ টাকা আদায়ের পর সাংবাদিককে ফের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৭ এম


২০ টাকার নকলের অভিযোগে ১৯০০ টাকা আদায়ের পর সাংবাদিককে ফের হুমকি

লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সরকারি ২০ টাকার নকলের জন্য ১ হাজার ৯০০ টাকা আদায়ের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর দৈনিক যুগান্তরের সাংবাদিক মো. জহিরুল ইসলামকে আবারও ফোনে হুমকি প্রদান করেছেন শেখ আনোয়ার হোসেন আকাশ নামে এক ব্যক্তি। ভূমি অফিসের দালালদের কার্যকলাপ নিয়ে ধারাবাহিক অনুসন্ধান ও সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকের ব্যক্তিগত নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করেন তিনি। এ সময় আনোয়ার বলেন, মামলা ও জিডি করলেও তার বিরুদ্ধে কিছু করা যাবে না বলে দম্ভোক্তি করেন। সাংবাদিককে ‘ভয়ংকর পরিণতি’র হুমকি দেওয়ার কথাও বলেন আনোয়ার।

রোববার (১৫ নভেম্বর) বিকাল ৩টা ৩৩ মিনিটে ফোন করে আনোয়ার সম্প্রতি প্রকাশিত ‘ভূমি অফিসে ২০ টাকার নকলে ১৯০০ টাকা’ শিরোনামের সংবাদ এবং লালবাগ এসি ল্যান্ড কার্যালয়ে দালালদের বিষয়ে অনুসন্ধানের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘তুমি কোন বড় সাংবাদিক, সিটি সাংবাদিক! এর আগেও আমি তোমাকে হুমকি দিয়েছি, তুমি সেজন্য জিডি করেছো—এগুলোতে আমার কিছু হয়েছে?’

তিনি আরও প্রশ্ন করেন, কেন সাংবাদিক লালবাগ এসি ল্যান্ড অফিস নিয়ে পাঁয়তারা করছেন এবং কাঁটাবনে এই অফিসের বিষয়ে সংবাদ প্রকাশ করছেন? সাংবাদিক জহিরুল ইসলাম তার জবাবে বলেন, এর আগেও আপনি হুমকি দিয়েছিলেন, এ কারণে থানায় জিডি করেছিলাম, মামলা করিনি। এটা কি আমার ভুল হয়েছে?

এ কথা শুনে আনোয়ার বলেন, ‘তুই মামলা, জিডি কোনোকিছু করেই আমাকে কিছু করতে পারবি না। তুমি পুলিশে জিডি করছো, আমাকে কিছু করতে পারছে?’ এরপর তিনি বলেন, ‘তোকে এসবকিছুর জন্য ভয়ংকর পরিণতি ভোগ করতে হবে।’ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করবেন এবং তার নামে সংবাদ প্রকাশ করাবেন বলেও হুমকি দেন তিনি।

গত ২৪ অক্টোবর দৈনিক যুগান্তরে ‘ভূমি অফিসে ২০ টাকার নকলে ১৯০০ টাকা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে লালবাগ রাজস্ব সার্কেলের ভূমি অফিসে সরকারি ২০ টাকার নকল সরবরাহের বিপরীতে একজন সেবাগ্রহীতার কাছ থেকে ১ হাজার ৯০০ টাকা আদায়ের অভিযোগ তুলে ধরা হয়। এছাড়া ভূমি অফিসে দালালদের তৎপরতা ও সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টিও উল্লেখ করা হয়। প্রতিবেদন প্রকাশের পরও দালালচক্রের বিষয়ে তথ্য সংগ্রহ ও অনুসন্ধান অব্যাহত রেখেছেন প্রতিবেদক।

সাংবাদিক মো. জহিরুল ইসলাম বলেন, ভূমি অফিসের অনিয়ম ও দালালদের দৌরাত্ম্য নিয়ে জনস্বার্থে সংবাদ প্রকাশ করছেন। তিনি জানান, কোনো ব্যক্তিগত বিরোধ থেকে এসব প্রতিবেদন করা হয়নি। তবে সংবাদ প্রকাশের পর একই ব্যক্তির কাছ থেকে বারবার হুমকি পাচ্ছেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, এর আগে লালবাগ তহশিল অফিসে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক মো. জহিরুল ইসলাম। ওই সংবাদ প্রকাশের পর শেখ আনোয়ার হোসেন আকাশ তাকে ফোনে গালাগাল ও হুমকি দিয়েছিলেন। এ ঘটনায় লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। ওই হুমকির ঘটনা নিয়ে ২০২৬ সালের ৯ মার্চ দৈনিক যুগান্তরেও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশখালীর এসপিএম ফেব্রুয়ারিতে চালু, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ এম


মহেশখালীর এসপিএম ফেব্রুয়ারিতে চালু, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায়

২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কক্সবাজারের মহেশখালীতে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) বা ভাসমান জেটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর ফলে সমুদ্রে নোঙর করা বড় জাহাজ (মাদার ভেসেল) থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি চট্টগ্রামের পতেঙ্গায় জ্বালানি তেল পরিবহন সম্ভব হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আশা করছে, ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পরিচালনাকারী প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম মোতায়েনের কাজ শেষ হবে। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যাবে। এসপিএম চালু হলে তেল খালাসের সময় কমবে এবং পরিবহন ব্যয় ও তেল পরিবহনে ক্ষতি কমবে। ফলে বছরে প্রায় ৮০০ কোটি টাকার সাশ্রয় হবে বলে সংস্থাটি আশা করছে।

বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে এসপিএম চালুর আশা করছে বিপিসি। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ তিনি উল্লেখ করেন, বর্তমানে সমুদ্রে বড় জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে জ্বালানি তেল খালাস করতে হয়। এই প্রক্রিয়ায় অতিরিক্ত পরিবহন ব্যয় ও সময় লাগে। এসপিএম পূর্ণ সক্ষমতায় ব্যবহার করা গেলে লাইটার জাহাজের ব্যবহার, সময়, পরিবহন ব্যয় এবং তেল পরিবহনে ক্ষতি কমানো সম্ভব হবে। ফলে বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয়ের সুবিধা পাওয়া যাবে।

বিপিসি গত ৫ নভেম্বর এসপিএম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পিটি পার্টামিনা ট্রান্স কন্টিনেন্টালের সঙ্গে চুক্তি করেছে। ঢাকায় বিপিসির লিয়াজোঁ অফিসে পাঁচ বছরের জন্য এ চুক্তি স্বাক্ষরিত হয়, যার মূল্য ধরা হয়েছে ১২৮ মিলিয়ন মার্কিন ডলার।

বর্তমানে আমদানি করা জ্বালানি তেলবাহী বড় জাহাজ বা মাদার ভেসেল সরাসরি ইস্টার্ন রিফাইনারি পিএলসির (ইআরপিএলসি) জেটিতে ভিড়তে পারে না। চট্টগ্রাম বন্দরের চ্যানেল ও নাব্যতাসংক্রান্ত সীমাবদ্ধতা এর প্রধান কারণ। এই কারণে বড় জাহাজগুলো বঙ্গোপসাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর বা কুতুবদিয়া দ্বীপের কাছাকাছি গভীর সমুদ্রে অবস্থান করে। সেখান থেকে ছোট লাইটার ট্যাংকারে তেল স্থানান্তর করা হয়। পরে এসব ট্যাংকারে করে তেল ইআরপিএলসির জেটি বা সংরক্ষণাগারে নেওয়া হয়। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ১১ থেকে ১২ দিন সময় লাগে।

এসপিএম চালু হলে এ পদ্ধতির পরিবর্তন আসবে। বড় জাহাজ থেকে ভাসমান মুরিংয়ের মাধ্যমে সমুদ্রের তলদেশের পাইপলাইনের মাধ্যমে সরাসরি মহেশখালীর সংরক্ষণাগারে তেল পাঠানো হবে। এরপর সেখান থেকে অপরিশোধিত তেল পাইপলাইনে চট্টগ্রামের পতেঙ্গায় ইআরপিএলসিতে পৌঁছাবে। অন্যদিকে, ডিজেল সরবরাহ করা হবে যমুনা অয়েল কোম্পানির ডিপোসহ সংশ্লিষ্ট স্থাপনায়।

বিপিসির কর্মকর্তারা জানান, প্রচলিত পদ্ধতিতে তেল পরিবহনে ১১ থেকে ১২ দিন সময় লাগে। এসপিএম চালু হলে তা ৪৮ থেকে ৭২ ঘণ্টায় সম্পন্ন করা সম্ভব হবে। এতে জাহাজের অপেক্ষার সময় কমবে এবং ছোট লাইটার ট্যাংকারের ব্যবহারও কমবে। ফলে পরিবহন ব্যয় ও সিস্টেম লস কমানোর সুযোগ তৈরি হবে।

বিপিসি জানায়, দেশের জ্বালানি তেল আমদানি, খালাস ও পরিবহনব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে ৮ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে ‘সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) চুক্তির আওতায় ২০১৮ সালে প্রকল্পের কাজ শুরু হয়। বিপিসির পক্ষে প্রকল্পটি বাস্তবায়ন করে ইআরপিএলসি। ২০২৪ সালের মার্চে নির্মাণ ও কমিশনিংয়ের কাজ শেষ হবে।

প্রকল্পের আওতায় মহেশখালীর পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে একটি ভাসমান মুরিং স্থাপনা বা বয়া নির্মাণ করা হয়েছে। এ স্থাপনার মাধ্যমে বড় জাহাজ থেকে সরাসরি তেল খালাস করা হবে। মহেশখালী থেকে চট্টগ্রামের পতেঙ্গা পর্যন্ত সমুদ্রের তলদেশ ও স্থলভাগ মিলিয়ে ১১০ কিলোমিটার দীর্ঘ পথে দুটি সমান্তরাল পাইপলাইন স্থাপন করা হয়েছে। পাইপলাইন দুটির মোট দৈর্ঘ্য ২২০ কিলোমিটার। একটি পাইপলাইন দিয়ে অপরিশোধিত তেল এবং অন্যটি দিয়ে পরিশোধিত ডিজেল পরিবহন করা হবে।

প্রতিটি পাইপলাইনে প্রতি ঘণ্টায় ৯০০ ঘনমিটার তেল পাম্প করার সক্ষমতা রয়েছে। অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইনের বার্ষিক নকশাগত সক্ষমতা ৪৫ লাখ মেট্রিক টন। অন্য পাইপলাইন দিয়ে ডিজেল মহেশখালীর সংরক্ষণাগার থেকে সংশ্লিষ্ট স্থাপনায় সরবরাহ করা হবে।

প্রকল্পের আওতায় মহেশখালীতে পাম্পিং স্টেশন ও ট্যাংক ফার্ম (পিএসটিএফ) নির্মাণ করা হয়েছে। সেখানে ছয়টি বড় সংরক্ষণ ট্যাংক এবং প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো রয়েছে। এসব অবকাঠামোর মাধ্যমে আমদানি করা তেল খালাস, সংরক্ষণ ও সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

মহেশখালীতে ২ লাখ টন তেল সংরক্ষণ

এসপিএম প্রকল্পের আওতায় মহেশখালীতে মোট দুই লাখ মেট্রিক টন জ্বালানি তেল সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল এবং ৭৫ হাজার মেট্রিক টন ডিজেল রাখা যাবে।

মাদার ভেসেল থেকে পাইপলাইনের মাধ্যমে খালাস করা অপরিশোধিত তেল প্রথমে মহেশখালীর সংরক্ষণাগারে রাখা হবে। এরপর তা পাইপলাইনে চট্টগ্রামের পতেঙ্গায় ইআরপিএলসিতে পাঠানো হবে। অন্যদিকে, সংরক্ষণাগারে রাখা ডিজেল যমুনা অয়েল কোম্পানির ডিপোসহ সংশ্লিষ্ট স্থাপনায় সরবরাহ করা হবে।

এ ব্যবস্থায় আমদানি করা তেল দ্রুত খালাস ও মজুত করা সম্ভব হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী তেল সরবরাহ সহজ হবে। পরবর্তী সময়ে পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে ফতুল্লা ও নারায়ণগঞ্জ পর্যন্ত জ্বালানি সরবরাহ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ

এসপিএম প্রকল্পের বাহ্যিক নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিপিসি।

চুক্তি অনুযায়ী, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান পাইপলাইন, বয়া ও সংশ্লিষ্ট স্থাপনার পরিচালনাগত দায়িত্ব পালন করবে। কার্যক্রম চলাকালে কোনো ক্ষয়ক্ষতি হলে চুক্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় মেরামতও করবে প্রতিষ্ঠানটি।

বিপিসি জানায়, প্রাকৃতিক দুর্যোগ, জোয়ার-ভাটা ও প্রতিকূল সামুদ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রকল্পটির নকশা করা হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে স্থাপনাটির কার্যক্রম সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাঁচ বছরের চুক্তির মেয়াদে পিটি পার্টামিনা এসপিএম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। এ সময় প্রতিষ্ঠানটি বিপিসির কর্মকর্তা-কর্মচারীদের স্থাপনাটি পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে। চুক্তির মেয়াদ শেষ হলে বিপিসি নিজেই এটি পরিচালনার দায়িত্ব নেবে বলে জানিয়েছ বিপিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসপিএমের পূর্ণ সক্ষমতা ব্যবহারে প্রয়োজন ইআরপিএলসি-২।

এসপিএমের অপরিশোধিত তেল পরিবহনের বার্ষিক নকশাগত সক্ষমতা ৪৫ লাখ মেট্রিক টন। তবে বর্তমানে ইআরপিএলসির একটি ইউনিটে বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল পরিশোধন করা যায়। ফলে এখনই পাইপলাইনটির পূর্ণ সক্ষমতা ব্যবহার করা সম্ভব হবে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এ সক্ষমতা কাজে লাগাতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট বা ইআরপিএলসি-২ প্রকল্প বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। এটি চালু হলে অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা বাড়বে। তখন এসপিএমের মাধ্যমে আরও বেশি তেল পরিবহন ও পরিশোধন করা সম্ভব হবে।

বিপিসির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, এসপিএম থেকে পূর্ণ সুবিধা পেতে ইআরপিএলসি-২ প্রকল্পের দ্বিতীয় ইউনিট চালু হওয়া গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ইউনিট চালুর সময়সীমা ২০৩০ সালের মধ্যে। এর আগে এসপিএম যাতে কম ব্যবহৃত অবস্থায় না থাকে, সেজন্য বিকল্পভাবে এটি ব্যবহারের উপায় খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, এসপিএমের বিকল্প ব্যবহার নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা ও সম্ভাব্যতা যাচাই চলছে। কীভাবে স্থাপনাটি আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে বিপিসি কাজ করছে।

বিপিসির আশা, এসপিএম চালু হলে আমদানি করা জ্বালানি তেল খালাস ও পরিবহনে সময় কমবে। এতে লাইটার জাহাজের ওপর নির্ভরতা কমবে এবং পরিবহন ব্যয় সাশ্রয় হবে। তবে প্রকল্পটির পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে ইআরএল-২ চালু করা এবং এসপিএমের কার্যকর ব্যবহার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%