মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৩৪ এম
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ইরানকে রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইটের তথ্য সরবরাহ করা হচ্ছে কিনা, তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক অনুসন্ধানগুলোতে দেখা গেছে, ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার পূর্বে সউদী আরবের গুরুত্বপূর্ণ সামরিক ও জ্বালানি স্থাপনার ওপর রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইটের কার্যক্রমের তথ্য উঠে এসেছে। বিশ্লেষকদের আশঙ্কা, এসব স্যাটেলাইটের সক্ষমতা ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি পর্যবেক্ষণ করতে এবং সম্ভাব্য হামলার জবাব দিতে সহায়তা করতে পারে।
সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছানোর খবর নিশ্চিত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তার বরাতে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, রণতরিটি এক দিনের মধ্যে ওই অঞ্চলে পৌঁছাবে। পরে বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থাও এর আগমনের খবর নিশ্চিত করে। রণতরিটি আগে থেকেই মধ্যপ্রাচ্যে অবস্থানরত ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটনের সঙ্গে যুক্ত হয়েছে।
তবে সামরিক উপস্থিতি বাড়ানোর পরও ইরানে নতুন হামলার বিষয়ে ওয়াশিংটন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। গত ১৪ নভেম্বর রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান বা তাদের মিত্র হুতিরা নতুন করে কোনো উসকানি না দিলে আরও হামলা থেকে বিরত থাকার কথা উপদেষ্টাদের জানিয়েছেন। তবে পরিস্থিতি অবনতির আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে।
গত ২৭ অক্টোবর প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক অনুসন্ধানে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার সঙ্গে রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইটের গতিবিধির সম্ভাব্য সম্পর্ক তুলে ধরা হয়। অরোরাহ (AURORAH) নামের একটি ভূস্থানিক গোয়েন্দা গবেষণা প্রকল্পের গবেষকেরা গত ১ জুলাই থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সৌদি আরবে চালানো ৪০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তথ্য বিশ্লেষণ করেন। এসব হামলা ইয়েমেনের হুতি ও ইরাকের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো চালায়।
গবেষকদের পর্যবেক্ষণে দেখা যায়, হামলার আগে ও পরে সউদী আরবের বিভিন্ন তেল ও সামরিক স্থাপনার ওপর দিয়ে রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইট চলাচল করেছে। লক্ষ্যবস্তুর মধ্যে ছিল দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের পাম্পিং স্টেশন এবং সামরিক স্থাপনা। সউদী কর্মকর্তারা, হুতিদের একজন জ্যেষ্ঠ নেতা এবং গোয়েন্দা বিশ্লেষকেরা এপিকে জানিয়েছেন, রাশিয়ার গোয়েন্দা তথ্য ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে সহায়তা করেছে।
তবে স্যাটেলাইটের তথ্য সরাসরি ইরান বা তাদের মিত্রদের কাছে হস্তান্তরের বিষয়টি যাচাই করতে পারেনি অরোরাহ। তাদের অনুসন্ধানে মূলত হামলার আগে ও পরে লক্ষ্যবস্তুর ওপর রুশ স্যাটেলাইটের উপস্থিতি ও গতিবিধির মিল পাওয়া গেছে। ফলে এ তৎপরতা গোয়েন্দা সহায়তার সম্ভাবনা তৈরি করলেও তথ্য সরবরাহের সরাসরি প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে না।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর সিএনএনের এক অনুসন্ধানে বলা হয়েছিল, সউদী আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের হামলার দুই দিন আগে ১৪টি রুশ গোয়েন্দা স্যাটেলাইট ঘাঁটিটির ওপর দিয়ে উড়ে যায়। গত ২৭ মার্চের ওই হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হন। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয় গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম, যার মধ্যে যুক্তরাষ্ট্রের একটি আকাশপথে নজরদারি ও নিয়ন্ত্রণকারী বিমানও ছিল। মার্কিন কর্মকর্তা ও গোয়েন্দা সূত্রের বরাতে সিএনএন জানায়, রুশ স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ইরানকে হামলা আরও নিখুঁত করতে সহায়তা করেছিল। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে প্রতিবেদনটিকে ভুয়া খবর বলে বর্ণনা করেছে।
গত ১৬ নভেম্বর আলজাজিরায় প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নিবন্ধে রাশিয়ার স্যাটেলাইট সক্ষমতা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন কিংস কলেজ লন্ডনের যুদ্ধবিষয়ক বিভাগের জ্যেষ্ঠ গবেষক নওয়াফ ওবায়েদ। তিনি অরোরাহর প্রতিষ্ঠাতা। ওবায়েদের দাবি, তাঁর গবেষণা প্রকল্প কসমস-২৬০০ সিরিজের অন্তত ২০টি রুশ মহাকাশযান শনাক্ত করেছে, যার মধ্যে ১৮টির গতিবিধি অনুসরণ করা সম্ভব হয়েছে। এসব স্যাটেলাইটের মাধ্যমে সামরিক স্থাপনা ও ভূখণ্ডের ছবি, রাডারসংক্রান্ত তথ্য এবং বেতার সংকেত সংগ্রহ করা যায়।
ওবায়েদের মতে, এ ধরনের তথ্যের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েনের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে। এতে সম্ভাব্য হামলার আগাম ধারণা পাওয়ার পাশাপাশি পাল্টা আঘাতের প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে এটি তাঁর বিশ্লেষণ। নতুন কোনো মার্কিন হামলার প্রস্তুতির জন্য রাশিয়া বর্তমানে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে, এমন স্বাধীনভাবে নিশ্চিত প্রমাণ প্রকাশ্যে আসেনি।
রুশ স্যাটেলাইটের নজরদারি সক্ষমতার প্রভাব শুধুমাত্র সামরিক স্থাপনায় সীমাবদ্ধ থাকার আশঙ্কা নেই। উপসাগরীয় অঞ্চলের তেলক্ষেত্র, রপ্তানি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ স্থাপনাও সম্ভাব্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। বিশেষ করে সউদী আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালি এড়িয়ে দেশটির পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের উপকূলে তেল পরিবহনের বিকল্প পথ এটি। ফলে এসব স্থাপনায় হামলা হলে আঞ্চলিক জ্বালানি সরবরাহের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও প্রভাব পড়তে পারে।
রাশিয়ার স্যাটেলাইটের গতিবিধি এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার সময়ের মধ্যে পাওয়া মিল মধ্যপ্রাচ্যের সংঘাতে গোয়েন্দা তথ্যের গুরুত্ব নতুন করে সামনে এনেছে। তবে এসব তথ্যের ভিত্তিতে মস্কো ও তেহরান আসন্ন মার্কিন হামলার বিরুদ্ধে যৌথভাবে প্রস্তুতি নিচ্ছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। এখন বড় প্রশ্ন, রাশিয়ার উন্নত নজরদারি সক্ষমতা কি যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার সুযোগ সীমিত করে ইরানকে পাল্টা জবাবের প্রস্তুতির জন্য বাড়তি সময় দিতে পারে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রে গর্ভাবস্থায় হাম ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুর জন্ম হচ্ছে। এই ঘটনা দেশটির চিকিৎসকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, যা গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ঘটছে। গর্ভবতী মায়ের শরীর থেকে গর্ভের শিশুর মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার ফলে এই ধরনের সংক্রমণ ঘটে। এতে নবজাতকের জন্য গুরুতর জটিলতা এবং মৃত্যুর সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত গর্ভে থাকা অবস্থায় হাম আক্রান্ত হওয়ার ১৩টি ঘটনা শনাক্ত করা হয়েছে। একই সময়ে গর্ভবতী নারীদের মধ্যে হাম আক্রান্তের ১১২টি ঘটনা পাওয়া গেছে। তাদের মধ্যে অধিকাংশই হাম প্রতিরোধী টিকা গ্রহণ করেননি অথবা টিকা নেওয়ার তথ্য পাওয়া যায়নি।
চিকিৎসকদের মতে, টিকার গ্রহণের হার কমে যাওয়ার কারণে দেশটিতে হাম ছড়িয়ে পড়ছে। গত দুই বছরে যুক্তরাষ্ট্রে ৭ হাজার ৫০০-এর বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। ২০০০ সাল থেকে হামমুক্ত থাকার স্বীকৃতি হারানোর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা।
বিশেষজ্ঞরা বলছেন, গর্ভাবস্থার আগে হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধী টিকা গ্রহণ করা এ ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। তবে গর্ভাবস্থায় এই টিকা দেওয়া সম্ভব নয়। গর্ভে আক্রান্ত শিশুর মধ্যে জ্বর, জন্ডিস এবং শরীরে ফুসকুড়ি দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া এবং মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা দেখা দিতে পারে।
চিকিৎসকদের আশঙ্কা, যদি টিকা নেওয়ার হার আরও কমে যায়, তবে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। তাদের মতে, কোনো এলাকায় ৯৫ শতাংশ মানুষের টিকা গ্রহণ থাকলে হাম ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। কিন্তু ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের কিন্ডারগার্টেনের মাত্র ৯২ দশমিক ৪ শতাংশ শিশু প্রয়োজনীয় টিকা পেয়েছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঘন কুয়াশার মধ্যে পাথরবোঝাই ট্রাকের চাপায় এক কৃষক ও এক দলিল লেখক প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং অন্যজন দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। উল্লেখ্য, আব্দুল আলীম সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক হিসেবে কাজ করতেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানান, মঙ্গলবার সকালে ঘন কুয়াশার মধ্যে ওই দুই ব্যক্তি মহাসড়কের পাশে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পাথরবোঝাই ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে।
হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
একই দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাড়ির দাম বর্তমানে অত্যন্ত উচ্চ। একা আয়ের মাধ্যমে পছন্দের বাড়ি কেনা সম্ভব নয়। এ কারণে কানাডার দুই পরিবার অভিনব একটি পন্থা গ্রহণ করেছেন। তারা আগে কখনো পরিচিত না হওয়া একটি পরিবারের সঙ্গে মিলে স্বপ্নের বাড়ি কিনেছেন। বর্তমানে একই বাড়িতে দুই পরিবার বসবাস করছে এবং ঋণ পরিশোধ, সংসারের খরচ ও বাড়ির দেখভাল ভাগাভাগি করে চলছে।
কানাডার ভ্যাঙ্কুভারের বাসিন্দা এলিজাবেথ ও টম উইলকক্স তাদের দুই সন্তানকে নিয়ে এমন একটি বাড়িতে থাকতে চেয়েছিলেন, যেখানে শিশুদের খেলার জন্য পেছনে খোলা জায়গা বা বাগান থাকবে। কিন্তু শহরটির বাড়ির অতিরিক্ত দামের কারণে তাদের এই স্বপ্ন পূরণ হচ্ছিল না।
স্বাস্থ্যসেবা খাতের প্রকল্প ব্যবস্থাপক এলিজাবেথ জানান, তারা এমন একটি বাড়ি খুঁজছিলেন, যেখানে ট্রাম্পোলিন বসানোর মতো জায়গা এবং বাগান থাকবে, সেইসঙ্গে আশপাশে হাঁটার সুবিধা থাকবে। কিন্তু তাদের একার পক্ষে এমন বাড়ি কেনা সম্ভব ছিল না। তাদের বাজেট ছিল ১০ লাখ কানাডীয় ডলার, যা দিয়ে বড়জোর বারান্দাসহ একটি ছোট অ্যাপার্টমেন্ট কেনা সম্ভব হতো।
এ অবস্থায় অন্য একটি পরিবারের সঙ্গে যৌথভাবে বাড়ি কেনার চিন্তা করেন এলিজাবেথ। স্থানীয় একটি আবাসন প্রতিষ্ঠানের ই-নিউজলেটারে বিজ্ঞাপনও দেন তারা। তবে মনের মতো পরিবারের সন্ধান পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে প্রায় দুই বছর।
অবশেষে উইলকক্স পরিবারের পরিচয় হয় অ্যাশলি পুলম্যান, তার স্বামী ও দুই সন্তানের সঙ্গে। দুই পরিবারের মধ্যে বোঝাপড়া তৈরি হওয়ায় তারা যৌথভাবে বাড়ি কেনার সিদ্ধান্ত নেন। ২০২৩ সালে দুই পরিবার মিলে ভ্যাঙ্কুভারে ছয় শয়নকক্ষের একটি স্বতন্ত্র বাড়ি কেনেন। পেছনে রয়েছে বড় বাগান। বাড়িটির দাম ছিল ১৮ লাখ ৫০ হাজার কানাডীয় ডলার।
বাড়ি কেনার জন্য দুই পরিবার ২ লাখ ৫০ হাজার কানাডীয় ডলার ডাউন পেমেন্ট করেন। এ অর্থ তারা সমানভাবে ভাগ করে নেন। বর্তমানে প্রতি মাসে ৩ হাজার ৯০০ কানাডীয় ডলারের বন্ধকী ঋণের কিস্তিও তারা সমানভাবে পরিশোধ করছেন। বিদ্যুৎ, পানি, অন্যান্য বিল এবং বাড়ির মেরামতের খরচও ভাগাভাগি করে দেন তারা।
এলিজাবেথ মন্তব্য করেন, এভাবে বাড়ি কেনার ফলে দুই পরিবারেরই কয়েক দশ হাজার ডলার সাশ্রয় হয়েছে।
অপরিচিতদের সঙ্গে বাড়ি কেনার প্রবণতা বাড়ছে।
কানাডায় আগে থেকে পরিচিত নন, এমন মানুষের সঙ্গে যৌথভাবে বাড়ি কেনার প্রবণতা কতটা বেড়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সরকারি পরিসংখ্যান নেই। তবে দেশটির সবচেয়ে বড় শহর টরন্টোতে এ ধরনের উদ্যোগে আগ্রহ বাড়তে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
টরন্টোভিত্তিক অ্যাপ ও ওয়েবসাইট ‘হাসমেটস’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পারিমল গোসাল জানান, বাড়ির অতিরিক্ত দামের কারণে অপরিচিত মানুষের সঙ্গে মিলে বাড়ি কেনার বিষয়ে আগ্রহ বাড়ছে। তার প্রতিষ্ঠান এমন মানুষদের মধ্যে যোগাযোগ তৈরি করে দেয়, যারা যৌথভাবে বাড়ি কেনার সম্ভাবনা খুঁজছেন।
গোসালের মতে, বিষয়টিকে মূলত একটি আর্থিক সম্পর্ক হিসেবে দেখা যেতে পারে। এতে ব্যক্তিগত আবেগের চেয়ে আর্থিক বাস্তবতাকে বেশি গুরুত্ব দেওয়া সম্ভব হয়।
যুক্তরাজ্যেও এ ধরনের উদ্যোগের অস্তিত্ব রয়েছে বলে মনে করেন দেশটির বন্ধকি ঋণ পরামর্শক প্রতিষ্ঠান এলঅ্যান্ডসির ডেভিড হলিংওয়ার্থ। যদিও তার মতে, সেখানে এখনো এটি খুব বেশি প্রচলিত নয়। তিনি জানান, করোনাভাইরাস মহামারির আগে লন্ডনের একটি পানশালায় অপরিচিত মানুষের সঙ্গে যৌথভাবে বাড়ি কেনার আগ্রহীদের জন্য পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠানও হয়েছিল।
এক ছাদের নিচে দুই পরিবারের সংসার
বাড়ি কেনার তিন বছর পরও উইলকক্স ও পুলম্যান পরিবার জানাচ্ছে, তাদের যৌথ বসবাসের ব্যবস্থা বেশ ভালোভাবেই চলছে। বাড়িটিতে দুই পরিবারের জন্য আলাদা কিছু ব্যক্তিগত জায়গা রয়েছে। প্রত্যেক পরিবারের নিজস্ব রান্নাঘরও আছে। তবে নিচতলার বড় বসার ঘরটি তারা একসঙ্গে ব্যবহার করেন। সেখানে এক পাশে রয়েছে ব্যায়ামের সরঞ্জাম এবং একটি যৌথ ফ্রিজার।
এলিজাবেথ বলেন, কেউ যদি ব্যায়াম করার জন্য নিচতলায় থাকার কথা জানান, তাহলে অন্যরা কিছু সময় সেখানে যাওয়া থেকে বিরত থাকেন। এ নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি। অ্যাশলি পুলম্যানও জানিয়েছেন, দুই পরিবারের মধ্যে কোনো বড় ধরনের সমস্যা তৈরি হয়নি। তার স্বামী ও তিনি শুরু থেকেই মনে করেছিলেন, অপরিচিত মানুষের সঙ্গে এক বাড়িতে বসবাস করার মতো মানসিকতা তাদের রয়েছে।
বাড়ি নিয়ে নিয়মিত বৈঠক, আছে আইনি চুক্তিও।
টরন্টোর বাসিন্দা সাবরিনা বোম্যান ২০১৮ সাল থেকে আরও দুজনের সঙ্গে যৌথভাবে একটি বাড়ির মালিক। বাড়িটি কেনার সময় অন্য দুজনের একজনের সঙ্গে তার আগে কোনো পরিচয় ছিল না।
পেশায় ফ্রিল্যান্স ব্যবসায়িক পরামর্শক সাবরিনা জানান, তিনজনের আয়ের পরিমাণ বিবেচনা করে বাড়ির ডাউন পেমেন্ট ও বন্ধকি ঋণের কিস্তি ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে ব্যক্তিগত আর্থিক হিসাব প্রকাশ করতে চাননি তিনি।
বাড়ির কাজকর্ম, আর্থিক বিষয় কিংবা কোনো মতবিরোধ তৈরি হলে তা দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করেন তারা। এ জন্য নিয়মিত বৈঠকও করেন। সেখানে ঘরের কাজ ভাগাভাগি, আর্থিক হিসাব, জন্মদিন উদ্যাপন এবং পারস্পরিক মতপার্থক্য নিয়ে আলোচনা হয়।
সাবরিনা বলেন, বাড়িতে কোনো সমস্যা হলে তা নিয়ে খোলামেলা কথা বলা এবং সবাই মিলে সমাধান বের করাই তাদের কাছে গুরুত্বপূর্ণ।
তবে যৌথভাবে বাড়ি কেনার ক্ষেত্রে শুধু পারস্পরিক বোঝাপড়াই যথেষ্ট নয়। ভবিষ্যতে কেউ বাড়ি ছেড়ে চলে যেতে চাইলে বা নিজের অংশ বিক্রি করতে চাইলে কী হবে, সে বিষয়েও দুই পরিবারের মধ্যে আইনি চুক্তি রয়েছে।
টরন্টোর আবাসনবিষয়ক আইনজীবী তানিয়া ওয়াকার বলেন, এ ধরনের যৌথ মালিকানার ক্ষেত্রে আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি থাকা অত্যন্ত জরুরি। শুধু ই-মেইল বা ফেসবুক বার্তার ওপর নির্ভর করলে ভবিষ্যতে কোনো বিরোধ দেখা দিলে তা সমাধান করা কঠিন হতে পারে।
তিনি জানান, বাড়ির কোনো মালিক চলে যেতে চাইলে কত দিন আগে নোটিশ দিতে হবে, সে বিষয়গুলো চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকা উচিত। সাবরিনার বাড়ির চুক্তিতে আরো বলা হয়েছে, কেউ নিজের অংশ বিক্রি করতে চাইলে অন্য অংশীদারদের আগে সেটি কেনার সুযোগ দিতে হবে।
অন্যদিকে ভ্যাঙ্কুভারে উইলকক্স ও পুলম্যান পরিবারের মধ্যে কেউ কত দিন বাড়িটিতে থাকবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই।
এলিজাবেথ বলেন, বর্তমান ব্যবস্থা ও বাড়ির অবস্থান নিয়ে দুই পরিবারই খুশি। তাই এখান থেকে চলে যাওয়ার কথা ভাবাও কঠিন।
সন্তানদের প্রথমবার ট্রাম্পোলিনে লাফাতে দেখা কিংবা বাড়ির সবুজ ঘাসের ওপর আনন্দে ছোটাছুটি করতে দেখার অনুভূতির কোনো আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (কেএডিআইজেড) রাশিয়ার কিছু সামরিক বিমান প্রবেশের পর যুদ্ধবিমান মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়া। একই সঙ্গে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য কৌশলগত সামরিক তৎপরতাও গ্রহণ করেছে দেশটি। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার সরকার।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সিউলে অবস্থিত দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, মঙ্গলবার ভোরে রাশিয়ার একাধিক সামরিক বিমান ওই অঞ্চলে প্রবেশ করে। বিমানগুলো পূর্ব সাগর (জাপান সাগর) এলাকার ওপর দিয়ে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করে এবং পরে সেখান থেকে বের হয়ে যায়।
জয়েন্ট চিফস অব স্টাফের একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়ার বিমানগুলো আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশের পূর্বে আমাদের সামরিক বাহিনী সেগুলোর উপস্থিতি শনাক্ত করে। এরপর যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য বিমানবাহিনীর যুদ্ধবিমান মোতায়েন এবং প্রয়োজনীয় কৌশলগত ব্যবস্থা গ্রহণ করা হয়।’
আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল কোনো দেশের সার্বভৌম আকাশসীমার অংশ নয়। এটি একটি নির্দিষ্ট এলাকা, যেখানে নিরাপত্তার স্বার্থে কোনো দেশের দিকে এগিয়ে আসা উড়োজাহাজের পরিচয় শনাক্ত ও গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।
সাধারণত, কোনো দেশের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশের আগে সংশ্লিষ্ট দেশকে সামরিক বিমানের আগাম তথ্য দেওয়ার রীতি রয়েছে। তবে আন্তর্জাতিক আইনে এ ধরনের আগাম তথ্য দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, রাশিয়ার সামরিক বিমানগুলো দেশের সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন করেনি।
এর আগে গত জুনে, চীন ও রাশিয়ার ১০টির বেশি সামরিক উড়োজাহাজ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছিল। ওই ঘটনায়ও যুদ্ধবিমান মোতায়েন করেছিল সিউল। তবে সেবারও উড়োজাহাজগুলো দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি।
সে সময় বেইজিং জানিয়েছিল, জাপান সাগর, পূর্ব চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া ছিল একটি ‘কৌশলগত আকাশ টহল’। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই ছিল এ তৎপরতার উদ্দেশ্য।
তবে চীন তাদের ওই বক্তব্যে দক্ষিণ কোরিয়া বা দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ