মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৪১ এম
বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে চার বোলার নিয়ে খেলার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তার মতে, এই সমন্বয় দলের ভারসাম্যকে উন্নত করেছে।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন যখন চার বোলার নিয়ে খেলার সিদ্ধান্তের কথা প্রকাশ করেন, তখন থেকেই দেশের ক্রিকেটাঙ্গনে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকের মতে, পাঁচ বোলারের পরীক্ষিত কৌশল থেকে সরে আসা একটি রক্ষণাত্মক পদক্ষেপ ছিল।
একাদশে অভিষেক হওয়া ওপেনার মাহফিজুল ইসলামের অন্তর্ভুক্তি এবং পেসার শরিফুল ইসলামের বাদ পড়া অনেককে অবাক করেছে। কিছু ক্রিকেট বিশ্লেষক মনে করছেন, নাজমুল যদি নিজে ওপেনিংয়ে নামতেন, তাহলে শরিফুলকে একাদশে রাখা সম্ভব হতো। তবে লিটন এই মতের সঙ্গে একমত নন।
দ্বিতীয় দিনের খেলা শেষে লিটন বলেন, "প্রথমত, আমার মনে হয় না তিন পেসার ও একজন স্পিনার নিয়ে খেলা আমাদের জন্য খারাপ কোনো সিদ্ধান্ত। আমার মতে, দলের ভারসাম্য বেশ ভালো ছিল। অবশ্যই মিরাজের ভূমিকা ছিল খুব গুরুত্বপূর্ণ। আজ ১৬-১৭ ওভার বোলিং করে মিরাজ যদি ৫০-৬০ রানের মধ্যে থাকতে পারত, তাহলে প্রতিপক্ষের স্কোর ৪০ রান কম হতো এবং তাদের চাপে ফেলা যেত।"
তিনি আরও বলেন, "অবশ্য আজ সেটা হয়নি। একজন খেলোয়াড়ের খারাপ দিন যেতেই পারে। আমি নিশ্চিত, বাংলাদেশের জন্য সে অনেক ভালো করছে এবং ভবিষ্যতেও করবে। সে ভালোভাবে ঘুরে দাঁড়াবে।"
আগের দিনের ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শুরু করে। এরপর ১৭ ওভারের কিছু বেশি সময়ে আরও ৭৩ রান যোগ করে দলটি। আগের দিন ৯২ রানে অপরাজিত থাকা লিটন তার সেঞ্চুরি পূর্ণ করেন। ডানহাতি এই ব্যাটার শেষ পর্যন্ত ১৭৯ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ১২০ রান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আজ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানিয়েছেন যে, শুনানিতে পরীমণি উপস্থিত থাকবেন।
গত ২৯ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল, কিন্তু পায়ে ব্যথার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমণি। তার আইনজীবীর আবেদনের পর আদালত নতুন তারিখ হিসেবে ১৭ নভেম্বর নির্ধারণ করেছেন।
২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে র্যাব দাবি করে যে, বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এই ঘটনার পর র্যাবের দায়ের করা মামলায় পরীমনিকে গ্রেপ্তার করা হয়, তবে পরে তিনি জামিনে মুক্তি পান।
মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার। ২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন।
পরে পরীমনি মামলার বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টের পর্যবেক্ষণসহ রায়ের পর মামলায় পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ জারি হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, অভিযোগ রয়েছে যে তারা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরিতে যথাযথ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেনি। সোমবার (১৬ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা এই মামলা করার কথা ঘোষণা করেছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মামলার অভিযোগে বলা হয়েছে যে চলতি বছরের জুলাই মাসে ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ইন্টারনেটে প্রবেশের সুযোগ পেয়ে হাগিং ফেস নামক প্রযুক্তি প্ল্যাটফর্মে কয়েক দিন ধরে সাইবার হামলা চালিয়েছে। ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা দাবি করেছেন যে যথাযথ নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা না থাকার কারণে এই ঘটনা ঘটেছে।
রব বন্টা অভিযোগ করেছেন যে ওপেনএআই নিরাপত্তার চেয়ে দ্রুত উন্নয়ন ও ব্যবসায়িক প্রবৃদ্ধিকে বেশি গুরুত্ব দিচ্ছে। মামলায় উল্লেখ করা হয়েছে যে প্রতিষ্ঠানটি এ ধরনের ঝুঁকিপূর্ণ পরীক্ষা পরিচালনা করার পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনার তদন্তে কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্য প্রদানেও বাধা সৃষ্টি করেছে।
মামলায় ওপেনএআইয়ের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন এবং জনস্বার্থের ক্ষতির অভিযোগ আনা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানা এবং অন্যায্য ব্যবসায়িক কার্যক্রম বন্ধে আদালতের নির্দেশ চাওয়া হয়েছে।
অন্যদিকে, ওপেনএআই জানিয়েছে যে জুলাইয়ের ঘটনার পর তারা নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে। প্রতিষ্ঠানটি গত সেপ্টেম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলের ভুল ও ঝুঁকিপূর্ণ আচরণ শনাক্ত, তদন্ত এবং প্রকাশের জন্য নতুন কাঠামোও প্রকাশ করেছে।
সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের ঊর্ধতন নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সাথে পরকীয়া প্রেমের কারণে জেনসেন হুয়াং এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে তিনি পরকীয়ার কথা স্বীকার করে স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চেয়েছেন। তবে এই ঘটনায় মূল অপরাধ পরকীয়া নয়।
মার্কিন গোয়েন্দাদের ধারণা, অ্যালিস হুয়াং কেবল একজন করপোরেট কর্মকর্তা নন, বরং তিনি চীন সরকারের নিয়োগকৃত গুপ্তচর। চীনের স্বার্থ রক্ষা করতে তিনি জেনসেনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। যদিও চীনে এআই চিপ রপ্তানি নিষিদ্ধ, জেনসেন দীর্ঘদিন ধরে চীনে চিপ রপ্তানির পক্ষে তদ্বির করে আসছিলেন। মার্কিন গোয়েন্দারা দীর্ঘ সময় ধরে অ্যালিসকে অনুসরণ করছিলেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি গোপন মেমো তদারকি করছিলেন। অন্তত এক বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও অ্যালিস হুয়াংয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়েছিল। তবে চীন সরকার বরাবরই অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে মার্কিন অভিযোগ অস্বীকার করে আসছে। গোয়েন্দা তথ্যের কারণে জেনসেনকে প্রথমে প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। গণমাধ্যমে খবর দেখে শেষ মুহূর্তে ট্রাম্প নিজে তাকে অন্তর্ভুক্ত করেছিলেন।
জেনসেন হুয়াংয়ের পদত্যাগের মাত্র এক সপ্তাহের মধ্যে তাকে পুনরায় স্বপদে ফেরানোর জন্য বিভিন্ন উদ্যোগ চলছে। সিলিকন ভ্যালির শীর্ষ নির্বাহীরা জেনসেনের পক্ষে শক্তিশালী অবস্থান নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার পুরোনো মিত্র জেনসেনকে ফেরানোর পক্ষে অবস্থান নিয়েছেন। জেনসেনের প্রত্যাবর্তন প্রসঙ্গে সোমবার তিনি সাংবাদিকদের বলেন, 'এমনটা ঘটলে আমি নিশ্চয়ই কিছু মনে করব না। আমার মনে হয় তিনি একটি বড় শিক্ষা পেয়েছেন।' তবে পুরোনো মিত্র জেনসেনের পক্ষে সাফাই গাইতে গিয়ে ট্রাম্প মার্কিন গোয়েন্দাদের তথ্যের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
জেনসেন হুয়াংয়ের সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানো নারী অ্যালিস হুয়াং আদৌ চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। মার্কিন গোয়েন্দাদের খোঁচা মেরে সোমবার ট্রাম্প বলেছেন, 'তিনি (অ্যালিস) যে একজন গুপ্তচর, তা আমার জানা নেই। সাধারণত যা ঘটে তা হলো, চীন থেকে এই দেশে আসা যেকোনো সুন্দরী নারীকেই তারা (মার্কিন গোয়েন্দা) গুপ্তচর বলে। চীন আমাদের সাথে খেলা খেলে এবং আমরাও তাদের সাথে খেলা খেলি।'
অ্যালিস হুয়াং একজন গুপ্তচর—পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমন গোয়েন্দা তথ্য ট্রাম্পকে জানিয়েছিলেন বলে যে খবর বেরিয়েছে, তা নাকচ করে দিয়ে ট্রাম্প বলেন, 'আমি এমন কিছু শুনিনি।' ট্রাম্পের এই বক্তব্য অ্যালিসের ব্যাপারে চীন সরকারের অবস্থানকেই সমর্থন করে। আরেকটি চীন সফরকে সামনে রেখে ট্রাম্পের এই বক্তব্যে চীন সরকার খুশি হবে। এদিকে জেনসেনের সাথে অ্যালিসের সম্পর্কের কারণে হোয়াইট হাউসে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চীনে উন্নত মার্কিন এআই চিপ বিক্রি নিয়ে অর্থমন্ত্রী আর বাণিজ্যমন্ত্রীর মধ্যে টানাপড়েন চলছে।
অর্থমন্ত্রী স্কট বেসেন্টের নেতৃত্বাধীন একটি পক্ষ মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের মন্ত্রণালয়ের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী চিপগুলোর রপ্তানি নিয়ন্ত্রণ সঠিকভাবে কার্যকর করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে। তবে সোমবার বাণিজ্য মন্ত্রণালয় চীনা প্রবেশাধিকারের একটি আইনি ফাঁকফোকর বন্ধ করে দিয়েছে। অন্য দেশে অবস্থিত ডেটা সেন্টারে থাকা উন্নত মার্কিন এআই চিপ যাতে চীনা কোম্পানিগুলো ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যে তারা একটি নতুন নিয়ম জারি করেছে।
ট্রাম্প অবশ্য এখানে কৌশলী, 'লুটনিক এবং বেসেন্টের দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। একটি দৃষ্টিভঙ্গি হলো, আপনি চীনকে অপমান করতে চান না। চীনের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে এবং আপনি তাদের অপমান করতে চান না। অন্য দৃষ্টিভঙ্গিটি হলো, সরাসরি কঠোর অবস্থানে গিয়ে যা করার দরকার তা-ই করা। এর কোনোটিকেই ভুল বা সঠিক বলা যায় না, আমরা আপনাদের জানিয়ে দেব।'
জেনসেন অবশ্য দীর্ঘদিন ধরেই চীনে চিপ বিক্রির পক্ষে। তিনি ট্রাম্পকে কিছুটা নরমও করতে পেরেছিলেন। সোমবার ট্রাম্প বলেন, 'জেনসেনের সামনে স্পষ্টতই দুটি বিষয় চলছে- তার একটি পারিবারিক পরিস্থিতি রয়েছে যা বেশ কঠিন, আর তিনি যা করতে চান তা হলো চিপ বিক্রি করা। আমরা তাকে গুরুত্বপূর্ণ ও আধুনিক চিপগুলো বিক্রি করতে নিষেধ করেছি। তবে খোলাখুলিভাবে বললে, অন্যান্য চিপ বিক্রি করা একটি ভালো বিষয়, খারাপ কিছু নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাচের ঘুঙুর থেকে গানের মঞ্চ, পাকিস্তানের চলচ্চিত্র থেকে বাংলাদেশের সংগীতাঙ্গন—জীবনের প্রতিটি বাঁকে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন তিনি। প্রতিকূলতা, ঈর্ষা, বয়কট কিংবা সময়ের পরিবর্তন—কোনো কিছুই থামাতে পারেনি তার কণ্ঠের জাদু। দশ হাজারের বেশি গান, অসংখ্য সম্মাননা আর কোটি মানুষের ভালোবাসায় আজও তিনি উপমহাদেশের সংগীতের এক উজ্জ্বল নাম। তিনি রুনা লায়লা। তার জন্ম ১৯৫২ সালের ১৭ নভেম্বর।
কিছু কণ্ঠ থাকে, যাদের পরিচয় কোনো একটি দেশ, ভাষা কিংবা সময়ের গণ্ডিতে আটকে থাকে না। কিছু শিল্পী থাকেন, যাদের গান শুনলে প্রজন্মের ব্যবধান ঘুচে যায়, স্মৃতির দরজা খুলে যায়, আর সুরের সঙ্গে মিশে যায় ভালোবাসা। রুনা লায়লা তেমনই একজন শিল্পী। ছয় দশকেরও বেশি সময় ধরে যিনি গানকে করেছেন নিজের জীবন, আর সুর দিয়ে জয় করেছেন দেশ থেকে দেশান্তরের শ্রোতাদের হৃদয়।
বাংলা, হিন্দি, উর্দু কিংবা অন্যান্য ভাষা—যে ভাষাতেই গান গেয়েছেন, সেখানেই রেখে গেছেন নিজস্ব স্বাক্ষর। তার কণ্ঠে কখনো প্রেমের কোমলতা, কখনো বিরহের হাহাকার, কখনো উচ্ছ্বাসের ঝলক, আবার কখনো জীবনের গভীর উপলব্ধি। সময় বদলেছে, সংগীতের ধারা বদলেছে, বদলেছে শ্রোতার রুচি; কিন্তু রুনা লায়লার কণ্ঠের আবেদন হারায়নি।
দশ হাজারের বেশি গান গাওয়ার বিরল অভিজ্ঞতা, আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়ার মতো অর্জন তাকে শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের সংগীত ইতিহাসেরও এক অনন্য অধ্যায়ে পরিণত করেছে। তবে এই সাফল্যের গল্পের শুরুটা ছিল বেশ অন্য রকম।
আজ যাকে কোটি মানুষ সংগীতশিল্পী হিসেবে চেনেন, ছোটবেলায় তার প্রথম ভালোবাসা ছিল নাচ। করাচিতে কেটেছে রুনা লায়লার শৈশবের একটি বড় সময়। বাবা এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা। মা আমিনা লায়লা মেয়ের নাচের প্রতি আগ্রহ বুঝতে পেরে তাঁকে ভর্তি করিয়ে দেন বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে।
সেখানে আফরোজা বুলবুলের কাছে চার বছর কত্থক ও ভরতনাট্যম শেখেন তিনি। নাচের প্রতি তার ভালোবাসা কতটা গভীর ছিল, তার একটি মজার স্মৃতিও রয়েছে। ছোটবেলায় নানির কাছ থেকে পাওয়া টাকা দিয়ে ভাইবোনেরা যখন নিজেদের পছন্দের জিনিস কিনেছিল, রুনা কিনেছিলেন এক জোড়া ঘুঙুর। সেই ঘুঙুর পরে বাড়িময় নেচে বেড়াতেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ