মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৯ এম
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : কোস্টারিকার স্বাধীন সাংবাদিক কামিলো রদ্রিগেজকে গুলি করে হত্যা করা হয়েছে, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক পাচারকারী চক্রের সঙ্গে রাজনীতিকদের কথিত যোগসাজশ নিয়ে সরব ছিলেন।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী সান হোসের উপকণ্ঠে গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, পুলিশপ্রধান রাউল রিভেরা জানান, সান্তো দোমিঙ্গো দে এরেদিয়া শহরের মধ্য দিয়ে গাড়ি চালানোর সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি রদ্রিগেজকে লক্ষ্য করে গুলি চালায়।
৫০ বছর বয়সী রদ্রিগেজ এর আগে মাদক পাচারকারী চক্রের কাছ থেকে একাধিক প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সম্রাটদের নাম প্রকাশ করতেন। এছাড়া, তিনি মাদক পাচারকারীদের সঙ্গে রাজনীতি ও ব্যবসা-বাণিজ্যের প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএকে তথ্য ও প্রতিবেদন প্রদান করেছেন বলেও দাবি করেছিলেন।
গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সময় লরা ফার্নান্দেজের বিরুদ্ধে একটি ভিডিও প্রকাশ করেন রদ্রিগেজ। সেখানে তিনি অভিযোগ করেন, এক মাদক পাচারকারীর অর্থে ফার্নান্দেজের বাড়ি নির্মিত হয়েছে। এই অভিযোগের পর ফার্নান্দেজ তার বিরুদ্ধে মানহানির মামলা করেন।
রদ্রিগেজ হত্যার ঘটনায় দেওয়া একটি ভিডিও বার্তায় ফার্নান্দেজ বলেন, ‘তার বক্তব্যের বিষয়বস্তু যা-ই হোক না কেন, আজ আমাদের দেশে যা ঘটেছে, তা মতপ্রকাশের স্বাধীনতার জন্য একটি কলঙ্ক।’
২০২২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিলেন রদ্রিগেজ। তবে কারিগরি কারণে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ তাঁর মনোনয়ন বাতিল করে।
এছাড়া, তিনি নিজের সাবেক স্ত্রীর বিরুদ্ধে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছিলেন। অন্যদিকে, তার সাবেক স্ত্রী অভিযোগ করেছেন, রদ্রিগেজ তাদের সন্তানদের যৌন নির্যাতন করেছেন।
কোস্টারিকার সাংবাদিক সমিতি রদ্রিগেজ হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে এবং দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি করেছে। সাংবাদিক সমিতির সভাপতি ইয়ানানসি নোগুয়েরা এএফপিকে বলেন, ‘এ পর্যন্ত পাওয়া সব তথ্য-প্রমাণই ইঙ্গিত করছে, কোস্টারিকায় ভিন্নমত প্রকাশকারী একটি কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। ওই সাংবাদিক দেশে সংঘবদ্ধ অপরাধচক্রের কর্মকাণ্ড নিয়ে তথ্য প্রকাশ করতেন।’
সাম্প্রতিক বছরগুলোতে কোস্টারিকা আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অন্যতম সরবরাহ ও পরিচালনাকেন্দ্রে পরিণত হয়েছে, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে।
গত মে মাসে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট ফার্নান্দেজ নির্বাচনী প্রচারে অপরাধ ও সহিংসতা দমনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি এল সালভাদরের কঠোর অবস্থানের জন্য পরিচিত প্রেসিডেন্ট নায়িব বুকেলের নীতিকে অনুসরণ করছেন বলেও জানিয়েছেন।
কোস্টারিকার অ্যাটর্নি জেনারেল কার্লো দিয়াজ সাংবাদিক হত্যার ঘটনায় তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন। তিনি জানান, রদ্রিগেজ বিভিন্ন সংবাদপত্র, রেডিও ও টেলিভিশন মাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সক্রিয় ছিলেন। এর আগে তাকে সাক্ষী সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মক্কা প্রতিরক্ষা জোটের শীর্ষ কমিটির পরবর্তী বৈঠক পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ তথ্য জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
সোমবার (১৬ নভেম্বর) ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ইসহাক দার জানান, গত ৭ আগস্ট পাকিস্তান, সউদী আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়, তিন দেশের যেকোনো একটি দেশের ওপর হামলাকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে গণ্য করা হবে।
জোটের অগ্রগতি সম্পর্কে দার বলেন, কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি (এসপিডিসি) চলতি মাসের শেষ দিকে ইসলামাবাদে বৈঠকে বসতে পারে। জোটের প্রথম বৈঠকে পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তিনটি দেশই এতে সম্মতি জানিয়েছে। এর আগে, গত মাসে সউদী আরবে হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে এসপিডিসির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
এসপিডিসিতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।
আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নিয়ে ইসহাক দার বলেন, কোনো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সেই অঞ্চলের দেশগুলোর নিজস্ব নিরাপত্তাব্যবস্থা থাকা প্রয়োজন। দক্ষিণ এশিয়া ও আশপাশের দেশগুলোরও নিজেদের নিরাপত্তা কাঠামো গড়ে তোলা উচিত। মক্কা প্রতিরক্ষা চুক্তিকে এ ধরনের উদ্যোগের সূচনা হিসেবে দেখা যেতে পারে।
তিনি আরও বলেন, বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোও একদিনে গড়ে ওঠেনি। মক্কা চুক্তি মূলত নিজেদের প্রতিরক্ষার স্বার্থেই করা হয়েছে। সংবাদ সম্মেলনে ইসিওর মহাসচিব আসাদ মজিদ খান এবং পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উপস্থিত ছিলেন।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইসহাক দার। তিনি বলেন, এ বিষয়ে পাকিস্তান এখনো আশা ছাড়েনি এবং নিজেদের উদ্যোগ চালিয়ে যাচ্ছে।
ইসিও বৈঠকের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে তাঁর বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান দার। তাঁর ভাষ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে অত্যন্ত খোলামেলা, আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।
দার জানান, হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাব কমিয়ে দুই দিনের পরিকল্পনায় আনা হয়েছে। এখন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় রয়েছে পাকিস্তান। তিনি বলেন, ‘আমরা আশা বা প্রচেষ্টা কোনোটিই ছেড়ে দিইনি। পরিস্থিতি স্বাভাবিক করতে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ওয়াশিংটন এখন ইরানের প্রস্তাবের বিষয়ে দ্রুত জবাব দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইসিও কীভাবে কার্যক্রম পরিচালনা করবে, এমন প্রশ্নের জবাবে দার বলেন, নিষেধাজ্ঞা চিরকাল থাকবে না। নিষেধাজ্ঞা উঠে গেলে পুরো বিশ্ব ইরানের দিকে ছুটে যাবে। এ প্রসঙ্গে তিনি লিবিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দেশটিতে প্রথম সফরকারী হিসেবে একজন ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদাহরণ তুলে ধরেন।
উল্লেখ্য, অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) সচিবালয় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজনের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে। কমিশন এখন ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলোকেও সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজনের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তবে, এই সুযোগ পেতে কোম্পানিগুলোকে প্রতিবছর ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করতে হবে। পাশাপাশি, টানা পাঁচ বছর ‘বি’ ক্যাটাগরি অথবা এর উপরে ‘এ’ থাকতে হবে। যদি কোম্পানিগুলো এ সময়ে ৫ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করে অথবা ক্যাটাগরির অবনমন ঘটে, তাহলে ডিজিটাল এজিএমের যোগ্যতা হারাবে সংশ্লিষ্ট কোম্পানি।
বিএসইসি সূত্রে জানা গেছে, ভালো পারফরম্যান্সের কোম্পানিগুলোকে উৎসাহিত করা এবং সাধারণ সভা আয়োজনকে সহজতর করতেই এ উদ্যোগ বিবেচনা করা হচ্ছে। এর আগে, ২০২৪ সালে টানা পাঁচ বছর ‘এ’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। এবার সেই সুযোগ ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলোর জন্যও সম্প্রসারণের চিন্তা করা হচ্ছে। এর মাধ্যমে কোম্পানির লভ্যাংশ প্রদান ও ক্যাটাগরির ধারাবাহিকতাকে ডিজিটাল এজিএমের যোগ্যতার সঙ্গে যুক্ত করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আমার দেশকে বলেন, "ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠানের কার্যক্রম সম্প্রসারিত করার লক্ষ্যে বেশকিছু শর্তসাপেক্ষে ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলোকেও এ সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে কমিশন কাজ করছে।" তিনি আরও বলেন, বাস্তবায়ন হলে ‘বি’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলো কম জটিলতায় ও ব্যয় সাশ্রয়ে এজিএম অনুষ্ঠান করতে পারবে। এতে কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিতরণেও উৎসাহিত হবে বলে মনে করেন তিনি।
সবশেষ ইংরেজি পঞ্জিকাবর্ষে নিয়মিত এজিএম আয়োজনের পাশাপাশি কমপক্ষে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানি ‘এ’ ক্যাটাগরিতে স্থান পায়। ১০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলো ‘বি’ ক্যাটাগরিভুক্ত হয়। অন্যদিকে, টানা দুই বছর নগদ লভ্যাংশ ঘোষণা না করা, নির্ধারিত সময়ে এজিএম করতে ব্যর্থ হওয়া, উৎপাদন বন্ধসহ বিভিন্ন কারণে কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়।
করোনাকালে শুরু ডিজিটাল এজিএম
করোনাভাইরাস মহামারির সময় শারীরিক উপস্থিতি ছাড়াই সাধারণ সভা আয়োজনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের মার্চে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম ও ইজিএম আয়োজনের সাময়িক অনুমতি দেয় বিএসইসি। পরে ২০২১ সালের ১০ মার্চ কমিশন হাইব্রিড পদ্ধতিতে সাধারণ সভা আয়োজন বাধ্যতামূলক করে। এতে সভাস্থলে সরাসরি উপস্থিতির পাশাপাশি অনলাইনে অংশগ্রহণের সুযোগ রাখতে হয়।
তবে ভালো পারফরম্যান্সের কোম্পানিগুলোর জন্য ব্যতিক্রমের সুযোগ তৈরি করে বিএসইসি। ২০২৪ সালের ২৭ মার্চ জারি করা চিঠিতে টানা পাঁচ বছর ‘এ’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিগুলোকে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম ও ইজিএম আয়োজনের অনুমতি দেওয়া হয়। এবার ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলোকেও এ সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শেয়ারহোল্ডারদের অধিকার নিশ্চিতের বিষয়টি গুরুত্বপূর্ণ। ডিজিটাল এজিএম আয়োজনের ক্ষেত্রে শেয়ারহোল্ডারদের অধিকার সুরক্ষার শর্তও রয়েছে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী, প্রতিটি প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ, আগাম নিবন্ধন, প্রক্সি ভোট এবং অংশগ্রহণকারীদের রেকর্ড সংরক্ষণ করতে হবে। সভার কার্যক্রম সরাসরি সম্প্রচার এবং ভোটের ফলাফল যাচাইয়ের স্বচ্ছ ব্যবস্থা রাখতে হবে। সভা শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে যাচাইকৃত ফল কমিশনে জমা দেওয়ার নির্দেশনাও রয়েছে।
এজিএম পার্টির দৌরাত্ম্য কমবে
ডিজিটাল প্ল্যাটফর্মে ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলো এজিএম আয়োজনের সুযোগ পেলে এজিএম পার্টির দৌরাত্ম্য আরো কমার সুযোগ তৈরি হবে। সরাসরি সভা আয়োজনের সময় বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী এজিএমে উপস্থিত হয়ে কোম্পানির কাছে অনৈতিক সুবিধা দাবি বা অর্থ আদায়ের চাপ সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে। ডিজিটাল পদ্ধতিতে সভা আয়োজন করা হলে এ ধরনের ব্যক্তিদের শারীরিক উপস্থিতির সুযোগ সীমিত হবে। এতে কোম্পানিগুলো একদিকে যেমন অনাকাঙ্ক্ষিত চাপ থেকে রেহাই পাবে, অন্যদিকে এজিএম আয়োজনের ব্যয় ও ব্যবস্থাপনাগত জটিলতাও কমবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুরের কালকিনিতে কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের পাঁচ বছর পূর্তি উপলক্ষে পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনব্যাপী হাসপাতালটির উদ্যোগে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
কালকিনি উপজেলা হাসপাতাল গেটের পূর্ব পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে আয়োজিত এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ এবং বিনামূল্যে চোখের অপারেশনের ব্যবস্থাও রাখা হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাওলানা এস এম নেছার উদ্দিন উপস্থিত থেকে পুরো কার্যক্রমের তদারকি করেন।
এ সময় মাওলানা এস এম নেছার উদ্দিন বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে প্রতিষ্ঠানটি পাঁচ বছর পূর্ণ করেছে। এই দীর্ঘ পথচলায় মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, চিকিৎসাসেবার মান বজায় রাখতে প্রতিষ্ঠানটি সব সময় সচেষ্ট। দরিদ্র রোগীদের বিনামূল্যে এবং সামর্থ্যবানদের স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। ভবিষ্যতে আরও উন্নত ও মানসম্মত সেবা দেওয়ার প্রত্যাশা রয়েছে।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা। এ উদ্যোগের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিশেষ সহায়ক ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ