০৭:১৫ পি.এম
রাজধানীর মোহাম্মদপুরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২) তালিকাভুক্ত দুই কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার (২৮ নভেম্বর) রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তালিকাভুক্ত কিশোর গ্যাং ‘ফালান গ্রুপের’ সক্রিয় সদস্য মো. ইমরান (২৩) এবং তার সহযোগী সোহাগকে (২৫) একটি সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: কবিতার ছন্দে, স্লোগানের ভাষায় স্মরণীয় কবি নাজমুল হক নজীর
একই রাতে, রায়েরবাজারের পাবনা হাউজিং গলিতে একটি পৃথক অভিযানে তালিকাভুক্ত কিশোর গ্যাং ‘কাঁটা ফিরোজ গ্রুপের’ সক্রিয় সদস্য জিহাদ (২৪) এবং তার সহযোগী রাব্বিকে (২৫) একটি চাপাতিসহ গ্রেফতার করা হয়।
মেজর এম মুবীন রহমান তাপস আরও জানান, প্রাথমিক তথ্যানুসন্ধানে দেখা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা মোহাম্মদপুর থানা এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিচ্ছে। তারা পথচারীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত। এছাড়া, এলাকায় ত্রাস সৃষ্টি এবং আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
গ্রেফতারকৃতদের পিসিপিআর যাচাই করে দেখা গেছে, ইমরানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতার দুটি মামলা রয়েছে। সোহাগের বিরুদ্ধে দস্যুতার একটি মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। জিহাদ ওরফে পাগলা জিহাদের বিরুদ্ধে দস্যুতার দুটি মামলা এবং রাব্বির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ও দস্যুতার একটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মেজর এম মুবীন রহমান তাপস।
আরও পড়ুন: সিএমপিতে নতুন দায়িত্বে ছয় ডিসি, প্রজ্ঞাপন জারি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন