ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নেপালে প্রকৃতি, সভ্যতা ও সৌন্দর্যের সন্ধানে ভ্রমণ


নেপালে প্রকৃতি, সভ্যতা ও সৌন্দর্যের সন্ধানে ভ্রমণ

পরদিন সকালে নাশতা শেষ করে আমরা চন্দ্রগিরির দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নিতে লাগলাম। হোটেল থেকে বের হওয়ার সময় রিসেপশনে দেবী দুর্গার ছবির সামনে এক ব্যক্তিকে মাথা নত করে বারবার বলতে শুনলাম, ‘জয় মা দুর্গা!’ বাইরে তাকালে দেখা গেল, পাশের স্পা সেন্টারে কয়েকজন নারী প্রবেশ করছেন।

একই সকালের দুটি দৃশ্য মনে দুটি ভিন্ন ভাবনার জন্ম দিল। একদিকে দেবীর সামনে প্রার্থনায় মগ্ন মানুষ, অন্যদিকে নগরজীবনের ব্যস্ততায় কর্মস্থলে প্রবেশ করছেন কয়েকজন নারী। বিশ্বাস ও দৈনন্দিন জীবনের ভিন্ন ভিন্ন আয়োজন একই শহরে পাশাপাশি চলমান। থামেলের সকালের দৃশ্যটি শহরজীবনের এক বিচিত্র সহাবস্থানের ছবি এঁকে দিল।

থামেলের পরিচিত কোলাহল পেছনে ফেলে আমরা চন্দ্রগিরির উদ্দেশে রওনা হলাম। কাঠমান্ডুর ব্যস্ত পথ পেরিয়ে গাড়ি পাহাড়ের দিকে এগিয়ে চলেছে। থাঙ্কোটে পৌঁছানোর আগেই দূর থেকে চোখে পড়ল, ইস্পাতের তারে ঝুলন্ত কেবিনগুলো একের পর এক পাহাড়ের চূড়ার দিকে এগিয়ে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছিল, পাহাড়ের বুক বেয়ে আকাশের দিকে উঠে গেছে এক সরু পথ।

আরও পড়ুন: কার্বন নিঃসরণ কমাতে তরুণদের ভূমিকা নিয়ে বসুন্ধরা শুভসংঘের মতবিনিময়

চন্দ্রগিরির পাদদেশে থাঙ্কোট এলাকায় পৌঁছেই চোখে পড়ল কেবল কারের নিচের স্টেশনটি। পাহাড়ের চূড়ায় ওঠার প্রবেশদ্বার যেন এই স্টেশন। সাজানো প্রবেশচত্বর, পানির ফোয়ারা এবং পর্যটকদের গাড়ি রাখার সুব্যবস্থা। সব মিলিয়ে এলাকা বেশ সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন। পর্যটকদের স্বতঃস্ফূর্ত আনাগোনায় চারপাশে তৈরি হয়েছে প্রাণবন্ত পরিবেশ।

পাহাড়ের চূড়ায় আমাদের জন্য কী অপেক্ষা করছে, সেই কৌতূহল নিয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করলাম। আমাদের গাইড আগেই টিকিট সংগ্রহ করে রেখেছিলেন, তাই লাইনে দাঁড়াতে হলো না। এবার পাহাড়ে ওঠার পালা, তবে আঁকাবাঁকা সড়ক পথে নয়; আকাশে ঝুলন্ত কেবিনে চড়ে। আটজন যাত্রীর বসার উপযোগী কেবিনে উঠে বসলাম।

কেবিনটি স্টেশন ছেড়ে ধীরে ধীরে এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যেই গতি বাড়ল। নিচে ছোট হয়ে আসতে লাগল স্টেশন, আর তার সঙ্গে দৃষ্টির নিচে নেমে গেল দূরের জনপদ। সহযাত্রীদের চোখেমুখে বিস্ময়; আমিও জানালার বাইরে তাকিয়ে মুগ্ধ হয়ে দেখছিলাম প্রকৃতির এই বদলে যাওয়া দৃশ্যপট।

দূরের পাহাড়চূড়াটিকেই প্রথমে গন্তব্য বলে মনে হয়েছিল। কিন্তু সেটি পেরোতেই সামনে দেখা দিল আরেকটি পাহাড়, তার আড়ালে আরও একটি। একের পর এক পাহাড় অতিক্রম করে কেবল কার এগিয়ে চলল। নিচের জনপদের কোলাহল কখন যে হারিয়ে গেল, টেরই পেলাম না।

আরও পড়ুন: নতুন বছরে ভ্রমণের ট্রেন্ড বদলে যাচ্ছে

কেবিনের নিচে তাকাতেই হঠাৎ মনে হলো, এই বুঝি ছিঁড়ে যায় কেবল কারের তার! ভাবনাটুকুতেই শরীর শিউরে উঠল। জানালার বাইরে তাকাতে ভয় করছিল, অথচ চোখও ফেরাতে পারছিলাম না। একদিকে পাহাড়ের বিস্তৃত দৃশ্য, অন্যদিকে গভীর খাদে পড়ে যাওয়ার আশঙ্কা—ভয় আর রোমাঞ্চের এমন যুগল অনুভূতি আগে কখনো হয়নি।

প্রায় ২.৫ কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছালাম পাহাড়ের চূড়ার স্টেশনে। কেবিন থেকে নেমে সামনের ঢাল বেয়ে কিছুটা ওপরে উঠে একটি খোলা জায়গায় বসলাম। স্টিলের বেঞ্চে বসে রেলিংয়ে হাত রাখতেই উত্তরের হিমশীতল বাতাস এসে ছুঁয়ে গেল। আকাশজুড়ে ঘন ধূসর মেঘ, চারপাশের পাহাড়ও মেঘে ঢাকা।

পাহাড়চূড়ায় মেঘ ও সবুজের অপূর্ব সমারোহ। চূড়ায় পৌঁছে নিচের দিকে তাকাতেই দৃষ্টি থমকে গেল। সমতলভূমি চোখে পড়ছিল না; দৃষ্টিসীমাজুড়ে শুধু মেঘের বিস্তার। যে পাহাড় পেরিয়ে এতক্ষণ ওপরে উঠেছি, তার ঢালও মেঘের আড়ালে হারিয়ে গেছে।

ভ্রমণসঙ্গীদের সঙ্গে মোবাইল ক্যামেরায় কয়েকটি ছবি তুলে নিলাম। কিছুক্ষণের মধ্যেই দলের অন্যরাও এসে যোগ দিলেন। এরপর পরিচ্ছন্ন পাকা রাস্তা ধরে এগিয়ে চললাম। মিনিট দুয়েক যেতেই রাস্তার ওপরের দিকে চোখে পড়ল একটি মন্দির। পাথরের গাঁথুনি ও স্বতন্ত্র স্থাপত্যশৈলীতে নির্মিত মন্দিরটির প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি।

আরও পড়ুন: প্রোস্টেট ক্যানসারের ৪টি লক্ষণ: অবহেলা করবেন না

মন্দিরে ওঠার পথে ডান দিকে চোখে পড়ল লোহার বেড়াজুড়ে ঝুলে থাকা অসংখ্য তালা। ভ্রমণ নির্দেশিকায় স্থানটি ‘ইচ্ছাপূরণের স্থান’ নামে পরিচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রেমিক-প্রেমিকারা ভালোবাসার বন্ধন অটুট রাখার প্রতীক হিসেবে নিজেদের নাম বা আদ্যক্ষর লেখা তালা এখানে ঝুলিয়ে রাখেন। কেউ আবার মনোবাসনা পূরণ কিংবা প্রিয় স্মৃতি ধরে রাখার আশায় তালা ঝোলান।

সারি সারি তালা দেখে আমারও ইচ্ছে হলো, একটি তালায় লিখি—‘J + B’, অর্থাৎ জাহিদ ও বন্যা। চেয়েছিলাম, সেটি আমাদের দাম্পত্যের সুখ, সমৃদ্ধি ও ভালোবাসার প্রতীক হয়ে থাকুক। কিন্তু আশপাশে খুঁজেও তালা কেনার দোকান পেলাম না। ফলে চন্দ্রগিরির বেড়ায় আমাদের কোনো তালা ঝোলানো হলো না; অপূর্ণ থেকে গেল ছোট্ট একটি ইচ্ছা।

স্বপ্নপূরণের প্রাঙ্গণ

জানতে পারলাম, মন্দিরটির নাম ভালেশ্বর মহাদেব মন্দির। চন্দ্রগিরি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, ধর্মীয় গুরুত্বের কারণেও পরিচিত। পাহাড়ের নির্জন পরিবেশ প্রাচীন ধর্মীয় স্থাপনার পাশাপাশি গড়ে উঠেছে আধুনিক পর্যটনকেন্দ্র।

আরও পড়ুন: কোলেস্টেরল ও ফ্যাটি লিভারে রসুনের কার্যকারিতা নিয়ে মিশ্র গবেষণা ফলাফল

মন্দিরের সামনেই রয়েছে রেস্তোরাঁ, ক্যাফে, ফুডকোর্ট ও বার। পাহাড়ের এত উঁচুতে এসব স্থাপনা দেখে মনে প্রশ্ন জাগল- ইট, পাথর, বালিসহ নির্মাণসামগ্রী কীভাবে এখানে আনা হয়েছিল? দুর্গম এই স্থানে মন্দির নির্মাণের কথা ভাবতেই কৌতূহল বাড়ল। এমন সময় রেস্তোরাঁর পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ির দিকে চোখ পড়ল। বুঝতে পারলাম, কেবল কারের পাশাপাশি সড়কপথেও পাহাড়চূড়ায় পৌঁছানোর ব্যবস্থা রয়েছে।

একটি রেস্তোরাঁয় গিয়ে কয়েক পদের খাবারের অর্ডার দিলাম। নেপালি ভেজিটেবল ও চিকেন মোমো, ফ্রেঞ্চ ফ্রাই, মসলা দিয়ে ভাজা ভুট্টা ও ঝালমুড়ির পাশাপাশি সেখানে পাওয়া যায় চাইনিজ ও ইউরোপীয় ধাঁচের খাবারও। খাওয়া শেষে কফির কাপে চুমুক দিতে দিতে মনে পড়ল, রেস্তোরাঁটির ওপরের তলাতেই রয়েছে ভিউ টাওয়ার। সেখানকার টেলিস্কোপে চোখ রেখে হিমালয়ের শৃঙ্গ ও কাঠমান্ডু শহর দেখার পরিকল্পনা করলাম।

কিন্তু চন্দ্রগিরির আকাশ আমাদের অনুকূলে নেই। ঘন মেঘে ঢাকা পাহাড়চূড়ায় আমার মতো আরও অনেক পর্যটক অপেক্ষা করছিলেন হিমালয়ের শুভ্র শিখর দেখার আশায়। কারও হাতে ক্যামেরা, কেউ মোবাইল তাক করে আছেন আকাশের দিকে। এমন সময় হঠাৎ বৃষ্টি নামল, সঙ্গে বইতে লাগল ঝোড়ো হাওয়া। আকাশ আরও অন্ধকার হয়ে এল। ফলে ভিউ টাওয়ারের টেলিস্কোপে হিমালয় দেখার পরিকল্পনাও অনিশ্চিত হয়ে পড়ল।

পাহাড়চূড়ার রেস্তোরাঁর সামনে ভ্রমণসঙ্গীরা। ভালেশ্বর মহাদেব মন্দিরের পাশে চোখে পড়ল প্যারাগ্লাইডিং এর ব্যবস্থা। শূন্যে ভেসে পাহাড় ও উপত্যকার ওপর দিয়ে চলার অভিজ্ঞতা নিঃসন্দেহে রোমাঞ্চকর। আমারও ইচ্ছে হলো, সুযোগটি কাজে লাগাই। কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়তে থাকায় সে আশা ছেড়ে দিতে হলো। নিজেকে সান্ত্বনা দিলাম, ভ্রমণের সব আয়োজন যে পরিকল্পনামতো উপভোগ করা যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই। কখনো কখনো অপূর্ণ ইচ্ছাও ভ্রমণস্মৃতির বিশেষ অংশ হয়ে থাকে।

আরও পড়ুন: ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যে রেস্তোরাঁয় বসে বৃষ্টির বিরতি অপেক্ষা করছিলাম, তার পাশেই পাহাড়ি জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী সামগ্রীর একটি দোকান। বৃষ্টির মধ্যেই কয়েক কদম এগিয়ে ঢুকে পড়লাম সেখানে। ভেতরে সাজানো হাতে তৈরি পাহাড়ি পোশাক, রঙিন চুড়ি, নকশা করা গয়না, থামি-পিণনসহ নানা ধরনের হস্তশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন।

সহধর্মিণী বন্যার জন্য কিনলাম এক জোড়া ঐতিহ্যবাহী পাহাড়ি কানের দুল। আর মেয়ে সামিহার জন্য নিলাম মিশ্র রঙের পাথরের একটি মালা। সব মিলিয়ে দাম পড়ল এক হাজার নেপালি রুপি। অচেনা দেশের ছোট্ট একটি দোকান থেকে আপনজনদের জন্য উপহার কেনার আনন্দে ভ্রমণের স্মৃতির সঙ্গে যুক্ত হলো নতুন এক প্রাপ্তি।

বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু বৃষ্টির দাপট কমল না। পাহাড়ের গায়ে মেঘের ঘন পর্দায় চারপাশ ক্রমেই ঝাপসা হয়ে আসছিল। এদিকে আমাদের নির্ধারিত সময়ও শেষ হয়ে আসছিল। আর অপেক্ষা করার উপায় না থাকায় বৃষ্টিতে ভেজার প্রস্তুতি নিয়েই ফিরতি পথ ধরলাম।

ফেরার পথে এক ভ্রমণসঙ্গী বলে উঠলেন, "চন্দ্রগিরি এমন এক জায়গা, যা চিরকাল মনে গেঁথে থাকবে।" আরেকজন মন্তব্য করলেন, "নেপাল ভ্রমণের সবচেয়ে সুন্দর জায়গা চন্দ্রগিরি। এখানে না এলে আমাদের নেপাল ভ্রমণ অপূর্ণই থেকে যেত।"

আরও পড়ুন: ঢাকার নিকটবর্তী নারায়ণগঞ্জে জিন্দা পার্কে প্রকৃতির সান্নিধ্য লাভ করুন

কিছুক্ষণ আগেই যে কেবিনে চড়ে পাহাড়ের বুক বেয়ে ওপরে উঠেছিলাম, এবার সেই কেবিনেই ফিরছি নিচের দিকে। জানালার বাইরে তাকিয়ে ভাবছিলাম, পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে কত অচেনা সুন্দর জায়গা, কত বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য! সামর্থ্য হলে একদিন সেসব জায়গা ঘুরে দেখব। পাহাড়, জঙ্গল, মরুভূমি কিংবা সাগর কোনো কিছুই বাদ দিব না। চন্দ্রগিরি থেকে ফিরছিলাম ঠিকই, কিন্তু মনের মধ্যে তখনই জন্ম নিচ্ছিল পরবর্তী ভ্রমণের স্বপ্ন।

চন্দ্রগিরির টিকিট কাউন্টারের সামনে

চন্দ্রগিরি থেকে নেমে আমাদের গাড়ি ছুটে চলল কাঠমান্ডুর থামেলের হোটেলের পথে। চলতি পথে হঠাৎ থামল বটবটিয়া শপিং মলের সামনে। মলে ঢুকে বিভিন্ন দোকান ঘুরে দেখলাম। অধিকাংশ পণ্যই ছিল ভারতীয়। লক্ষ করলাম, এসব পণ্যের দাম বাংলাদেশের তুলনায় বেশ কম। সহযাত্রীরা নিজেদের পছন্দমতো কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লেন। আমিও কিনলাম কয়েকটি প্রসাধনসামগ্রী ও চকলেট। কেনাকাটা শেষে আবার শুরু হলো আমাদের যাত্রা।

কোনো শহরকে সত্যিকার অর্থে চিনতে হলে শুধু তার ঐতিহাসিক স্থাপনা দেখলেই চলে না। হাঁটতে হয় তার অলিগলিতে, কাছ থেকে দেখতে হয় মানুষের জীবনযাপন। অনুভব করতে হয় রাতের আলোয় জেগে ওঠা শহরের নিজস্ব স্পন্দন।

সন্ধ্যার পর রুম থেকে হোটেলের লবিতে নেমে দেখি, আমাদের প্রায় সবাই বাইরে চলে গেছেন। লবির সোফায় বসে আছেন শুধু রাজিব ও জাহিদ। তাঁদের সঙ্গে নিয়ে আমিও বেরিয়ে পড়লাম রাতের থামেল দেখতে।

সন্ধ্যা নামতেই থামেল যেন দিনের পরিচিত চেহারা বদলে নতুন রূপে জেগে উঠেছে। সরু গলির দুই পাশে সারি সারি দোকান, রঙিন আলোর ঝলকানি আর পথচারীদের অবিরাম আনাগোনায় মুখর পুরো এলাকা। কোথাও শোরুমে ঝুলছে বাহারি পোশাক, কোথাও পাহাড়ে ওঠার সরঞ্জাম, আবার কোথাও সাজানো নেপালি হস্তশিল্প। রেস্তোরাঁ থেকে ভেসে আসছে মোমো ও থুকপার ঘ্রাণ। চোখে পড়ছে দেবদেবীর মূর্তি সাজানো দোকান, মদের বার ও রঙিন আলোয় সজ্জিত নাইট ক্লাব। দিনের থামেল আর রাতের থামেল-একই জায়গা, অথচ যেন দুটি ভিন্ন জগৎ।

হাঁটতে হাঁটতে চোখে পড়ল আলোয় ঝলমল করা ‘এলইডি’ নাইট ক্লাব। ভ্রমণের আগে এক সহকর্মীর কাছে শুনেছিলাম, এটি বিশ্বের অন্যতম বিখ্যাত নাইট ক্লাব। কথাটি মনে পড়তেই ভেতরটা দেখার কৌতূহল জাগল। কেমন তার পরিবেশ, কীভাবে কাটে সেখানে রাতের সময়, এমন নানা প্রশ্ন মনে নিয়ে এগিয়ে গেলাম প্রবেশদ্বারে। জানতে পারলাম, প্রবেশ ফি এক হাজার নেপালি রুপি।

বাইরে রাত যত গভীর হয়, নাইট ক্লাবের ভেতরে উচ্ছ্বাস ততই বাড়ে।

ক্লাবের ভেতরে উচ্চ শব্দের সংগীত, বর্ণিল আলোর ঝলকানি আর নৃত্যের ছন্দে এক উত্তাল পরিবেশ। কখনো নীল, কখনো রক্তিম, কখনো বেগুনি আলোয় মঞ্চের দৃশ্য বদলে যাচ্ছে। আলো-ছায়ার খেলায় নৃত্যশিল্পীদের খোলামেলা পোশাক ও ছন্দময় শরীরী ভঙ্গি মুহূর্তে দৃশ্যমান হচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। দর্শকদের কেউ পানীয়ের গ্লাস হাতে সংগীতের তালে তাল মেলাচ্ছে, কেউ উল্লাসে মেতে উঠছে। কেউবা পানীয়ের নেশায় চারপাশ ভুলে ডুবে আছে এক ভিন্ন আবেশে। কল্পনায় ভেসে উঠল আলো-আঁধারির এমনই এক বিচিত্র আয়োজন।

একবার ভাবলাম, ভেতরে গিয়ে পরিবেশটি দেখে আসি। কিন্তু সঙ্গে অফিসের জুনিয়র সহকর্মীরা থাকায় শেষ মুহূর্তে সংকোচ বোধ করলাম। তাঁরা আমাকে কীভাবে দেখবেন, কী ভাববে! সেই ভাবনাই আর এগোতে দিল না। শেষ পর্যন্ত প্রবেশদ্বার পেরোনো হলো না। পেছনে পড়ে রইল আলোকোজ্জ্বল ক্লাব, আর মনে রয়ে গেল না-দেখা এক জগতের কৌতূহল।

আরও কিছুটা এগিয়ে চোখে পড়ল কয়েকটি বাংলা রেস্তোরাঁ। ‘ধানসিঁড়ি’ ও ‘বরিশালের খাবার ঘর’ নামগুলো বাংলায় লেখা। বিদেশের মাটিতে পরিচিত ভাষার অক্ষর দেখে মনটা ভালো হয়ে গেল। মনে হলো, দূর দেশে গিয়েও মানুষ নিজের ভাষা ও খাবারের শিকড় ভুলে যায় না। সেই পরিচিত টানেই একটি রেস্তোরাঁয় ঢুকে বাংলা খাবার খেলাম। খাওয়া শেষে ফিরে এলাম হোটেলে।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর, বিদায়ের শেষ মুহূর্তে।

পরদিন দুপুরে ফেরার পথে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবছিলাম, এই কদিনে নেপালের কিছুটা দেখেছি, কিন্তু দেশটিকে জানার পথ যেন সবে শুরু হলো। কাঠমান্ডু উপত্যকার ইতিহাস, প্রাচীন স্থাপত্য আর পাহাড়ি প্রকৃতির কয়েকটি রূপের সঙ্গে পরিচয় হয়েছি মাত্র। পোখরার ফেওয়া হ্রদ, গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী, এভারেস্টের দুর্গম পথ। কত গন্তব্যই না অপেক্ষায় রয়ে গেল! মনে মনে সেগুলোকে তুলে রাখলাম ভবিষ্যতের ভ্রমণতালিকায়।

বিমান যখন নেপালের আকাশ ছেড়ে দূরে সরে যাচ্ছিল, জানালা দিয়ে শেষবারের মতো পাহাড়গুলোর দিকে তাকালাম। নিচে পড়ে রইল পাহাড়, উপত্যকা আর অসংখ্য স্মৃতি। মনে হলো, একটি দেশ থেকে বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু তার কিছু অদেখা পথ আমাকে আবারও ফিরে আসার ডাক দিয়ে গেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুসলিম বিচারককে বাড়ি ছাড়ার হুমকির মামলার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুসলিম বিচারককে বাড়ি ছাড়ার হুমকির মামলার নির্দেশ

রাজস্থানের একটি আদালত হাওয়া মহল আসনের উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক বালমুকুন্দাচার্য ওরফে সঞ্জয় শর্মার বিরুদ্ধে প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) নথিভুক্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে। এই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, মিনা কলোনিতে একটি বাড়ি কেনাকে কেন্দ্র করে এক মুসলিম দায়রা বিচারককে হুমকি দেওয়া হয়েছে।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৭৫(৩) ধারার অধীনে অতিরিক্ত দেওয়ানি বিচারক ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে গত ২৩ নভেম্বর গলতা গেট থানায় এফআইআরটি নথিভুক্ত করা হয়। অভিযোগে বিধায়কের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, ধর্মীয় ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি, জাতীয় সংহতির পরিপন্থী কার্যকলাপ, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে ইচ্ছাকৃত আচরণ এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াকুব খানের দায়ের করা অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১০ ডিসেম্বর বালমুকুন্দাচার্য প্রশাসনিক কর্মকর্তা ও সমর্থকদের নিয়ে মিনা কলোনিতে দায়রা বিচারক মোহাম্মদ আরিফের বাসভবনে যান।

এফআইআরে উল্লেখ করা হয়েছে, ওই বিধায়ক এলাকা থেকে হিন্দুদের চলে যাওয়ার প্রসঙ্গ তুলে অশালীন ও হুমকিমূলক ভাষা ব্যবহার করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিচারককে বাড়িটি বিক্রি করে ‘সি স্কিম’ বা ‘বৈশালী নগরে’ চলে যেতে বলেন এবং মন্তব্য করেন যে, “মিনা কলোনি এখন মিয়া কলোনিতে পরিণত হয়েছে।”

অভিযোগে আরও বলা হয়েছে, বালমুকুন্দাচার্য পুরো ঘটনাটির একটি ভিডিও ধারণ করে অনলাইনে আপলোড করেন। ভিডিওতে তিনি বিচারকের নাম লেখা দেয়ালটি ফোকাস করে দেখান এবং ওই এলাকায় মুসলিমদের বাড়ি কেনা, নির্মাণ বা সংস্কারের বিরোধিতা করেন। যদিও ভিডিওটি পরে মুছে ফেলা হয়, তবুও তা অনলাইনে ছড়িয়ে পড়তে থাকে।

অভিযোগকারী খান দাবি করেন, এফআইআর নথিভুক্ত করার জন্য তিনি ২০২৫ সালের ডিসেম্বরেই গলতা গেট থানা ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া ২০২৫ সালের আগস্টে বিচারকের বাড়িতে সংঘটিত একটি চুরির ঘটনার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে, যা পুলিশ নথিভুক্ত করেনি। অভিযোগে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, সম্পত্তিটি বিক্রিতে বাধ্য করার কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এমনটি ঘটানো হয়ে থাকতে পারে।

এফআইআরে বলা হয়েছে, বিধায়কের এমন আচরণ এবং সেখানে বিপুল সংখ্যক লোকের উপস্থিতি ভবিষ্যতে আরও ভীতি প্রদর্শন বা ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহায়ন প্রতিমন্ত্রী: ইসলামের খেদমতে ছারছীনা দরবারের অবদান অপরিসীম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


গৃহায়ন প্রতিমন্ত্রী: ইসলামের খেদমতে ছারছীনা দরবারের অবদান অপরিসীম

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ সোহেল মনজুর বলেছেন, নেছারাবাদ উপজেলার ঐতিহাসিক ছারছীনা দরবার শরীফ থেকে দেশে বড় বড় আলেম তৈরি হচ্ছেন। ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দ্বীনি শিক্ষা প্রচার ও প্রসারসহ ইসলামের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে আসছে এ দরবার। ইসলামের দাওয়াত প্রচারে ছারছীনা দরবারের অবদান অপরিসীম।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে যোহরের নামাজের আগে নেছারাবাদের ঐতিহাসিক ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিন দিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলনে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ছারছীনা দরবার শরীফ একটি হক্কানি দরবার। এ দরবারের প্রতি আমাদের সবার শ্রদ্ধা, ভক্তি ও হৃদয়ের সম্পর্ক রয়েছে। রাষ্ট্রীয় কাজে শত ব্যস্ততার মধ্যেও তাই মাহফিলে ছুটে আসতে হয়েছে। দরবারের মাহফিলে এসে হৃদয় জুড়িয়ে যায়।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি বলেন, এ প্রিয় মাতৃভূমি আমাদের সবার। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মহান আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবাই যেন সুখে-শান্তিতে বসবাস করতে পারি, সে জন্য দোয়া করতে হবে।

এ সময় বর্তমান সরকার অন্যায় ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী সরকারের এ কার্যক্রমের সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশ রসাতলে যাচ্ছে রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে: পীর সাহেব চরমোনাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


দেশ রসাতলে যাচ্ছে রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে: পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) মন্তব্য করেছেন যে, রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তের কারণে দেশ রসাতলে যাচ্ছে।

তিনি বলেন, ‘সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে দলীয় স্বার্থই মুখ্য। দেশের স্বার্থ সর্বদাই তাদের কাছে নগণ্য হয়ে থেকেছে, যার প্রতিফল আমাদের ভোগ করতে হচ্ছে। দলগুলোর দলান্ধ সিদ্ধান্তের কারণেই চব্বিশের পরে সংস্কার ও বিচার নিশ্চিত করা যায়নি; চব্বিশের পরে ফ্যাসিবাদবিরোধী ঐক্য চূর্ণ হয়েছে।’

রোববার (২৯ নভেম্বর) দুপুরে চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ রেজাউল করীম এ আহ্বান জানান।

পীর সাহেব চরমোনাই উল্লেখ করেন, সাম্প্রতিক ঐক্যের আলোচনাতেও যার যার দলীয় স্বার্থই মুখ্য হচ্ছে; যার সুযোগ পতিত শক্তি নিচ্ছে। তিনি বলেন, দেশকে অরাজকতা থেকে রক্ষা করতে দলান্ধ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। দেশকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের প্রধান ভিত্তিমূলক দাবি ছিল রাষ্ট্র সংস্কার ও পতিত ফ্যাসিবাদের বিচার। তিনি সত্যি বলেন, সংস্কার নিয়ে বিএনপির মনোভাব হতাশাজনক, বিচার গতিহীন হয়েছে। জুলাইয়ের ঐক্য ধরে রাখতে সংস্কার ও বিচারে মনোযোগী হোন। বিরোধী দলের প্রতি আহ্বান রেখে তিনি আরও বলেন, নিজস্ব জোটের অভ্যন্তরীণ রাজনীতি যদি ফ্যাসিবাদের পথ সুগম করে, তাহলে তার দায় এড়াতে পারবেন না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের পতনের অন্যতম কারণ ছিল সহিংসতা ও সন্ত্রাস। পতনের পরেও সেই সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার কল্পনা আপনাদের জন্য বুমেরাং হবে। সেজন্য বলব, জাতির কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করুন। শেখ হাসিনাসহ যারা অপরাধ করেছে, তারা আইনের কাছে আত্মসমর্পণ করুন এবং পাচারকৃত টাকা ফেরত দিন।

জেলা প্রতিনিধি সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা আরিফুল ইসলাম, উপাধ্যক্ষ সিরাজুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতার শিবপ্রসাদ অপি করিমের সঙ্গে জুটি বাঁধতে চান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


কলকাতার শিবপ্রসাদ অপি করিমের সঙ্গে জুটি বাঁধতে চান

বাংলাদেশের অভিনেত্রী অপি করিমের অভিনয়গুণে মুগ্ধতা প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা শিব প্রসাদ মুখোপাধ্যায়। তিনি শুধু প্রশংসা করেই থেমে থাকেননি, ভবিষ্যতে এই অভিনেত্রীর সঙ্গে একই সিনেমায় কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন।

অপি করিম একসময় নিয়মিত অভিনয় করতেন, তবে বর্তমানে পর্দায় খুব বেশি দেখা যায় না। কিন্তু যখনই তিনি কোনো কাজে হাজির হন, তখনই নিজের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকের মনোযোগ আকর্ষণ করেন। তাঁর অভিনয়ের প্রশংসা এবার শোনা গেল টালিউডের পরিচিত মুখ শিবপ্রসাদের কণ্ঠে।

সম্প্রতি অপি করিম একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশীদ খানের কাছে মুঠোফোনে একটি ভয়েস বার্তা পাঠান শিবপ্রসাদ। ওই বার্তায় তিনি বাংলাদেশের শিল্পীদের প্রতি নিজের বিশেষ ভালো লাগার কথা তুলে ধরেন।

শিবপ্রসাদ জানান, তাঁর অভিনয়জীবনের শুরুর দিকে ২০০৩ সালে ‘একটি নদীর নাম’ সিনেমায় বাংলাদেশের অভিনেত্রী শমী কায়সারের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। সেই অভিজ্ঞতা তাঁর কাছে বিশেষ আনন্দের ছিল। বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কাজ করার বিষয়টি শুরু থেকেই তাঁর কাছে আলাদা গুরুত্ব পেয়েছে।

পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্র দেখতে গিয়ে অপি করিমের অভিনয়ের সঙ্গে পরিচয় ঘটে তাঁর। বিশেষ করে এনামুল করিম নির্ঝর পরিচালিত ‘আহা’ সিনেমার প্রতি নিজের মুগ্ধতার কথা জানান এই নির্মাতা। নির্ঝরের সঙ্গে তাঁর ব্যক্তিগত সুসম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি।

অপি করিমের অভিনয় নিয়ে শিবপ্রসাদের মূল্যায়ন, ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় তাঁর কাজ দেখে তিনি রীতিমতো বিস্মিত হয়েছিলেন। চরিত্রটিতে অভিনেত্রীর অভিনয় তাঁকে গভীরভাবে মুগ্ধ করেছে বলেও জানান।

শুধু অভিনয় নয়, অপি করিমের শুদ্ধ বাংলা উচ্চারণও শিবপ্রসাদের নজর কেড়েছে। তাঁর মতে, বর্তমান প্রজন্মের অনেক অভিনয়শিল্পীর বাংলা বলার ক্ষেত্রে আরও যত্নবান হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে অপি করিমের কাছ থেকে শেখার সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি।

ভয়েস বার্তার শেষ দিকে অপি করিমকে আরও বেশি অভিনয়ে ফেরার আহ্বান জানান শিবপ্রসাদ। তিনি ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করে বলেন, সুযোগ হলে তাঁরা একই সিনেমায় কাজ করবেন—এমন প্রত্যাশা তাঁর রয়েছে।

অন্যদিকে, শিবপ্রসাদের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে আবেগাপ্লুত হয়েছেন অপি করিম। গুণী এই নির্মাতার ভালোবাসা ও মূল্যায়নের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, অপি করিমকে সর্বশেষ ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে। সিনেমাটি দর্শকের কাছে ব্যাপক সাড়া ফেলে এবং বক্স অফিসেও সফলতা অর্জন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%