ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

বিয়েতে উপহার দেওয়া বাধ্যতামূলক কি? ইসলামের বিধান বিশ্লেষণ


বিয়েতে উপহার দেওয়া বাধ্যতামূলক কি? ইসলামের বিধান বিশ্লেষণ

ইসলামের দৃষ্টিতে বিয়ে কেবল একটি সামাজিক বন্ধন নয়, বরং এটি ঈমানের পূর্ণতা ও একটি পবিত্র ইবাদত হিসেবে বিবেচিত। সুস্থ ও প্রশান্তিময় মানবসমাজ গঠনের জন্য বিয়ের বিকল্প নেই। রাসুলুল্লাহ (সা.) জীবনসঙ্গী নির্বাচনের সামর্থ্য থাকা সত্ত্বেও বিবাহে বিলম্ব না করার নির্দেশ দিয়েছেন।

হাদিস শরিফে উল্লেখ রয়েছে, হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাদের উদ্দেশ্যে বলেছেন—

يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ

আরও পড়ুন: মামুনুল হক ইস্যুতে পীর সাহেব দেওনা ও তিন শীর্ষ আলেমের খোলা চিঠির জবাব

‘হে যুবসমাজ! তোমাদের মধ্যে যার বিবাহের সামর্থ্য রয়েছে, তার বিবাহ করা উচিত। কারণ বিবাহ দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর যার (আর্থিক বা শারীরিক) সামর্থ্য নেই, সে যেন সিয়াম (রোজা) পালন করে। কেননা রোজা তার যৌবনের উত্তাপ প্রশমিত করে।’ (বুখারি, ৫০৬৫; মুসলিম, ১৪০০)

এক ব্যক্তি প্রশ্ন করেছেন, পরিচিত একজন তাকে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন। দাওয়াতে অংশ নিলে অর্থ দিতে হবে, অন্যথায় লজ্জিত হতে হবে। এই প্রেক্ষাপটে উপহার হিসেবে দেওয়া ওই টাকা কি সদকার সওয়াব পাওয়া যাবে? (সম্মান রক্ষার্থে ব্যয়)

উত্তরে গাজীপুরের মিরাশপাড়ার বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম জানিয়েছেন, ইসলামে ওলিমা বা বিয়ের দাওয়াত গ্রহণ করা সুন্নত। তবে বর্তমান সমাজে প্রচলিত প্রথা হলো, দাওয়াতে অংশ নিলে অর্থ বা উপহার দিতে হয়। আর না দিলে কিংবা দাওয়াতে অংশ না নিলে সামাজিক লজ্জা ও অপমানের সম্মুখীন হতে হয়।

উপহার দেওয়া মূলত পারস্পরিক ভালোবাসা ও আন্তরিকতা বৃদ্ধির একটি উত্তম মাধ্যম। কিন্তু যখন এটি সামাজিক চাপ বা বাধ্যতামূলক রেওয়াজে পরিণত হয়, তখন তা দাওয়াতের মূল সুন্নত ও আন্তরিকতার পরিপন্থী হয়ে দাঁড়ায়। তবুও এমন পরিস্থিতিতে নিজের মান-সম্মান রক্ষা এবং অন্য মুসলিম ভাইয়ের মনঃতুষ্টির নিয়তে অর্থ প্রদান করলে আল্লাহ তাআলা এর বিনিময় দান করবেন।

আরও পড়ুন: ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন,

وما وقى به المرء المسلم عرضه كتب له به صدقة

অর্থাৎ, যে অর্থ ব্যয়ের মাধ্যমে কোনো মুসলমান নিজের ইজ্জত-আব্রু রক্ষা করে, তার বিনিময়ে সদকার সওয়াব লেখা হয়।

সুতরাং, বিয়ের অনুষ্ঠানে সামাজিক সম্মান রক্ষা এবং লোকলজ্জা বা অপবাদ থেকে বাঁচার উদ্দেশ্যে অর্থ বা উপহার প্রদান করলে সদকার সওয়াব লাভ করবেন, ইনশাআল্লাহ।

আরও পড়ুন: গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও ১০০০ হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

المنتخب من مسند عبد بن حميد ت صبحي السامرائي (ص: ৩২৭)

عن جابر بن عبد الله، أن رسول الله صلى الله عليه وسلم قال: «كل معروف صدقة وما أنفق المسلم من نفقته على نفسه وأهله كتب له بها صدقة، وما وقى به المرء المسلم عرضه كتب له به صدقة وكل نفقة أنفقها المسلم فعلى الله خلفها ضامنا إلا نفقة في بنيان أو معصية» قال: فقلت لابن المنكدر: ما قوله، وما وقى به المرء المسلم عرضه قال: أن يعطي الشاعر وذا اللسان قال: لا أعلمه إلا قال: المتقي

সূত্র: মুসলিম বাংলা

আরও পড়ুন: মদিনার অর্থনীতি বদলে দেন আবদুর রহমান, উসমান, জুবায়ের ও তালহা সাহাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতকড়া ছাড়া জিয়াউল আহসানের আদালতে হাজিরা, সংসদে উদ্বেগ প্রকাশ ইলিয়াস আলীর স্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


হাতকড়া ছাড়া জিয়াউল আহসানের আদালতে হাজিরা, সংসদে উদ্বেগ প্রকাশ ইলিয়াস আলীর স্ত্রীর

গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করার বিষয়টি জাতীয় সংসদে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে, যা সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা প্রকাশ করেছেন।

রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নিখোঁজ এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা আইনমন্ত্রীর কাছে এ ঘটনার ব্যাখ্যা দাবি করেন।

তাহসিনা রুশদীর লুনা তার বক্তব্যে উল্লেখ করেন, অসংখ্য গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত মেজর জিয়াউল আহসান বর্তমানে কারাগারে বন্দি আছেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। গত বৃহস্পতিবার আদালতে হাজির করার সময় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে তার অঙ্গভঙ্গি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে মনে হচ্ছিল তিনি যেন কোনো আনন্দ ভ্রমণে বের হয়েছেন, আর সঙ্গে থাকা পুলিশ সদস্যদের দেখে মনে হচ্ছিল তারা তাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, এ ধরনের একজন অভিযুক্ত ব্যক্তি হাতকড়া পরতে অস্বীকৃতি জানানোয় তাকে হাতকড়া বা ডান্ডাবেড়ি ছাড়াই আদালতে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার কারণে তারা মর্মাহত হয়েছেন এবং তার মতো ভুক্তভোগী বহু পরিবার চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছে।

সংসদে বক্তব্যের শেষে তিনি প্রশ্ন তোলেন, সরকার কি তাকে নিয়ন্ত্রণে আনতে পারছে না, নাকি তার প্রতি বিশেষ মানবিকতা প্রদর্শন করা হচ্ছে? ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি এমন অমানবিক আচরণের বিষয়ে তিনি আইনমন্ত্রীর কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
গাজীপুরের মার্কেট দখল

বরখাস্ত বিচারক আরিফুল ইসলামের বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


বরখাস্ত বিচারক আরিফুল ইসলামের বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ

গাজীপুরের হাজী হোসেন পাইকারি মার্কেটের দখল ও সম্পত্তির বিরোধের কারণে বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি ও মানবপাচারের মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা এসব মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে আবুল কালাম আজাদ এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ লিখিত বক্তব্যে উল্লেখ করেন, বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের শ্বশুরবাড়ি গাজীপুরের চৌরাস্তায় এবং স্থায়ী বাড়ি সিরাজগঞ্জে অবস্থিত। শ্বশুরবাড়ির সম্পত্তির বিরোধের কারণে তার স্ত্রী মোশাররেফা মোহাম্মদ রীম হাজী হোসেন মার্কেটের মালিকানা দাবি করছেন। এর ফলে আরিফুল ইসলাম একাধিকবার মার্কেটটি দখলের চেষ্টা করেছেন। ব্যবসায়ীদের জামানতের টাকা ফেরত না দিয়ে নতুন ব্যবসায়ীদের দোকানে বসানোর চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আবুল কালাম আজাদ আরও অভিযোগ করেন, মার্কেটের বৈধ মালিক তৌহিদুল ইসলাম মুজিবের ওপর অন্যায়-অত্যাচারের প্রতিবাদ এবং ব্যবসায়ীদের স্বার্থে অবস্থান নেওয়ার কারণে আরিফুল ইসলাম তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একের পর এক মামলা দায়ের করতে শুরু করেন।

তিনি বলেন, তার বয়স বিবেচনায় না নিয়েই যশোরের কোতোয়ালি থানায় ২০২৬ সালের ৫ জুলাই করা একটি ধর্ষণ মামলায় তাকে এক নম্বর আসামি করা হয়েছে। অথচ এর আগের দিন ৪ জুলাই স্থানীয় সংসদ সদস্য মুজিবর রহমানের উপস্থিতিতে মার্কেটের ভেতরে বিরোধ নিষ্পত্তির জন্য আপস-মীমাংসার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকের সিসিটিভি ফুটেজও রয়েছে বলে দাবি করেন তিনি।

আবুল কালাম আজাদ আরও জানান, অজ্ঞাতপরিচয় এক তরুণীকে বাদী করে ধর্ষণ মামলাটি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, তিনি বাদীকে খুঁজে পাচ্ছেন না। জমিজমার বিরোধকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছে বলেও তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মার্কেটের ব্যবসায়ী ও মালিকের বিরুদ্ধে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন জেলায় চাঁদাবাজি ও মানবপাচারের মামলা করা হয়েছে। এসব মামলার বেশিরভাগই মিথ্যা প্রমাণিত হয়েছে এবং আদালত সেগুলোতে রায় দিয়েছেন বলে দাবি করেন আবুল কালাম আজাদ।

মার্কেট দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, আরিফুল ইসলামের লোকজন মার্কেটে প্রবেশ করে একটি অংশ দখলে নেন। এ সময় বাধা দিতে গেলে ব্যবসায়ীদের ওপর হামলা চালানো হয়। এতে অনেকে আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এলে তারা আরিফুল ইসলাম ও তার ভাই কনস্টেবল মেহেদীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে বিচারক পরিচয় দেওয়ার পর তারা ছাড়া পেয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, আরিফুল ইসলাম ও তার স্ত্রী মোশাররেফা মোহাম্মদ রীম একজন নারী ব্যবসায়ীকে জোরপূর্বক মার্কেট থেকে বের করে দিচ্ছেন, এমন একটি ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে। ওই ঘটনায় আরিফুল ইসলাম ‘রক্তের গঙ্গা বইয়ে দেওয়ার’ হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, হয়রানিমূলক মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মার্কেটের ব্যবসায়ীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেমিফাইনালে হারের পর গোলরক্ষক শ্রাবণ ক্ষমা চাইলেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


সেমিফাইনালে হারের পর গোলরক্ষক শ্রাবণ ক্ষমা চাইলেন

নিজেদের মাটিতে আয়োজিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছিল হট ফেবারিট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে থমাস ডুলির শিষ্যরা প্রত্যাশার পারদ আরও চড়িয়ে দেয়। ২৩ বছরের শিরোপাখরা কাটানোর স্বপ্নে বিভোর বাংলাদেশ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল প্রবাসী ফুটবলারে বদলে যাওয়া পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচের পুরোটা সময় নিজেদের জাল অক্ষত রাখলেও বাংলাদেশ ম্যাচের একদম অন্তিম সময়ে এসে গোল হজম করে, যার দায় অনেকটাই বর্তায় গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ওপর।

গতরাতে (১৪ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শেষদিকে গোল খেয়ে বাংলাদেশ হেরে যায়। এই পরাজয়ে ২৩ বছর পর শিরোপা জেতার স্বপ্ন শেষ হয়ে যায়। হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, শমিত সোমদের মতো তারকাদের নিয়েও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনে ব্যর্থ হয় বাংলাদেশ।

বাংলাদেশের হারের কারণ নিয়ে আক্ষেপ বেড়েছে। নির্ধারিত সময়ের খেলা প্রায় শেষ হয়ে আসছিল, অতিরিক্ত সময়ের পরিকল্পনাও হয়ত সাজিয়ে ফেলেছিল দুই দলের কোচ। ম্যাচের ৮৬ মিনিটে অদ্ভুতুড়ে এক ভুল করে বসেন বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এতে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক বিভিন্ন কমিটির রিপোর্ট পর্যালোচনা এবং ২০২৭ সালের বার্ষিক সাংগঠনিক পরিকল্পনা প্রণয়নসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%