০৬:৫৩ পি.এম
গাজীপুরের হাজী হোসেন পাইকারি মার্কেটের দখল ও সম্পত্তির বিরোধের কারণে বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি ও মানবপাচারের মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা এসব মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে আবুল কালাম আজাদ এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ লিখিত বক্তব্যে উল্লেখ করেন, বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের শ্বশুরবাড়ি গাজীপুরের চৌরাস্তায় এবং স্থায়ী বাড়ি সিরাজগঞ্জে অবস্থিত। শ্বশুরবাড়ির সম্পত্তির বিরোধের কারণে তার স্ত্রী মোশাররেফা মোহাম্মদ রীম হাজী হোসেন মার্কেটের মালিকানা দাবি করছেন। এর ফলে আরিফুল ইসলাম একাধিকবার মার্কেটটি দখলের চেষ্টা করেছেন। ব্যবসায়ীদের জামানতের টাকা ফেরত না দিয়ে নতুন ব্যবসায়ীদের দোকানে বসানোর চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: সাখাওয়াত হোসেনের হার্টে দুটি রিং পরানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
আবুল কালাম আজাদ আরও অভিযোগ করেন, মার্কেটের বৈধ মালিক তৌহিদুল ইসলাম মুজিবের ওপর অন্যায়-অত্যাচারের প্রতিবাদ এবং ব্যবসায়ীদের স্বার্থে অবস্থান নেওয়ার কারণে আরিফুল ইসলাম তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একের পর এক মামলা দায়ের করতে শুরু করেন।
তিনি বলেন, তার বয়স বিবেচনায় না নিয়েই যশোরের কোতোয়ালি থানায় ২০২৬ সালের ৫ জুলাই করা একটি ধর্ষণ মামলায় তাকে এক নম্বর আসামি করা হয়েছে। অথচ এর আগের দিন ৪ জুলাই স্থানীয় সংসদ সদস্য মুজিবর রহমানের উপস্থিতিতে মার্কেটের ভেতরে বিরোধ নিষ্পত্তির জন্য আপস-মীমাংসার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকের সিসিটিভি ফুটেজও রয়েছে বলে দাবি করেন তিনি।
আবুল কালাম আজাদ আরও জানান, অজ্ঞাতপরিচয় এক তরুণীকে বাদী করে ধর্ষণ মামলাটি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, তিনি বাদীকে খুঁজে পাচ্ছেন না। জমিজমার বিরোধকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছে বলেও তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মার্কেটের ব্যবসায়ী ও মালিকের বিরুদ্ধে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন জেলায় চাঁদাবাজি ও মানবপাচারের মামলা করা হয়েছে। এসব মামলার বেশিরভাগই মিথ্যা প্রমাণিত হয়েছে এবং আদালত সেগুলোতে রায় দিয়েছেন বলে দাবি করেন আবুল কালাম আজাদ।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই, গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু
মার্কেট দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, আরিফুল ইসলামের লোকজন মার্কেটে প্রবেশ করে একটি অংশ দখলে নেন। এ সময় বাধা দিতে গেলে ব্যবসায়ীদের ওপর হামলা চালানো হয়। এতে অনেকে আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এলে তারা আরিফুল ইসলাম ও তার ভাই কনস্টেবল মেহেদীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে বিচারক পরিচয় দেওয়ার পর তারা ছাড়া পেয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, আরিফুল ইসলাম ও তার স্ত্রী মোশাররেফা মোহাম্মদ রীম একজন নারী ব্যবসায়ীকে জোরপূর্বক মার্কেট থেকে বের করে দিচ্ছেন, এমন একটি ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে। ওই ঘটনায় আরিফুল ইসলাম ‘রক্তের গঙ্গা বইয়ে দেওয়ার’ হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, হয়রানিমূলক মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মার্কেটের ব্যবসায়ীরা।
আরও পড়ুন: হাতকড়া ছাড়া জিয়াউল আহসানের আদালতে হাজিরা, সংসদে উদ্বেগ প্রকাশ ইলিয়াস আলীর স্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন