ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালী উপজেলা পরিষদে অতিরিক্ত দায়িত্বে কর্মকর্তারা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ


কাউখালী উপজেলা পরিষদে অতিরিক্ত দায়িত্বে কর্মকর্তারা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

পিরোজপুরের কাউখালীতে উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী কর্মকর্তা না থাকায় প্রশাসনিক কার্যক্রমে চরম স্থবিরতা ও বিঘ্ন সৃষ্টি হয়েছে। একের পর এক গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় দাপ্তরিক কাজ যেমন ব্যাহত হচ্ছে, তেমনই সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পার্শ্ববর্তী উপজেলার কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করলেও সপ্তাহে মাত্র এক বা দুই দিন অফিসে আসায় কাজের পাহাড় জমছে কাউখালীতে।

অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে উপজেলার হিসাবরক্ষণ অফিসার, ভেটেরিনারি সার্জন, সমাজসেবা অফিসার, সমবায় অফিসার, মহিলা বিষয়ক অফিসার, খাদ্য নিয়ন্ত্রক অফিসার, পরিসংখ্যান অফিসার, যুব উন্নয়ন অফিসার এবং পোস্টমাস্টারসহ একাধিক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

শুধু প্রশাসনিক দপ্তরই নয়, উপজেলার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভিভাবক পদও ফাঁকা। কাউখালী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ, এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান शिक्षक এবং সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা

এখন, এক কর্মকর্তা তিন উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এবং তালাবদ্ধ অবস্থায় থাকছেন পরিসংখ্যান অফিসে। সবচেয়ে বেশি ভোগান্তির সৃষ্টি হয়েছে উপজেলা হিসাবরক্ষণ অফিসে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন সিরাজী কাউখালীসহ তিনটি উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি সপ্তাহে শুধুমাত্র মঙ্গলবার কাউখালী অফিসে আসেন। ফলে উপজেলা পরিষদ ও বিভিন্ন দপ্তরের বিল-ভাউচার নিষ্পত্তি, সরকারি অর্থ উত্তোলন এবং আর্থিক কার্যক্রমে দেখা দিয়েছে দীর্ঘসূত্রতা।

একইভাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তামান্না খুরশিদ জাহান তিনটি উপজেলার দায়িত্ব পালন করছেন এবং সপ্তাহে মাত্র একদিন কাউখালীতে অফিস করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত জিয়ান জিয়ানগর উপজেলার মূল দায়িত্বে থেকেই এবং যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল দেবনাথ নেছারাবাদ উপজেলার মূল দায়িত্বে থেকে সপ্তাহে এক-দুই দিন কাউখালীতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান পিরোজপুর সদর উপজেলায় কর্মরত থেকে কাউখালীতে অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন। অন্যদিকে, উপজেলা সমবায় কর্মকর্তা মানসী ইসলাম কাউখালীর পদে থাকলেও বর্তমানে ঢাকার অধিদপ্তরে সংযুক্ত আছেন। ফলে স্থানীয় সমবায় সমিতিগুলো কোনো সেবা পাচ্ছে না।

অন্যদিকে, উপজেলা পরিসংখ্যান অফিসের অবস্থা সবচেয়ে নাজুক। সেখানে দীর্ঘদিন ধরে কোনো কর্মকর্তা নেই। অফিসের একমাত্র কর্মচারী মোঃ আসাদুজ্জামান দাপ্তরিক কার্যক্রম চালিয়ে গেলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে প্রায়ই উপজেলার বাইরে দায়িত্ব পালন করতে হয়। ফলে অধিকাংশ সময়ই অফিসটি তালাবদ্ধ থাকে। এ ছাড়া পোস্টমাস্টারের পদ শূন্য থাকায় ডাক বিভাগের কার্যক্রমে চরম ধীরগতি নেমে এসেছে।

আরও পড়ুন: কবি রাধারমণ দত্তের গ্রামে গানবাজনা বন্ধের আবেদন জমা

উপজেলা সদরের বাসিন্দা ভুক্তভোগী মাহফুজুর রহমান তার ক্ষোভ প্রকাশ করে বলেন, "একটি জরুরি বিলের কাজ করাতে এসে প্রায় দুই সপ্তাহ ধরে কাউখালী অফিসে ঘুরছি। হিসাবরক্ষণ কর্মকর্তা সপ্তাহে মাত্র একদিন আসেন, তাও আবার কাজের এত চাপ থাকে যে সাধারণ মানুষের সিরিয়াল পাওয়াই কঠিন। কর্মকর্তা না থাকায় দিনের পর দিন ঘুরেও কাজ শেষ করা যাচ্ছে না। আমাদের মতো সাধারণ মানুষের সময় ও অর্থ—দুইই নষ্ট হচ্ছে। আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই।"

সার্বিক এই সংকটের বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান-এর সাথে যোগাযোগ করা হলে তিনি প্রশাসনিক সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, "কাউখালী উপজেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরে স্থায়ী কর্মকর্তা না থাকায় দাপ্তরিক কাজে কিছুটা গতিহীনতা তৈরি হয়েছে, এটি সত্য। অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তারা নিজ উপজেলার কাজ শেষ করে এখানে সময় দেন, যার ফলে সাধারণ মানুষকে অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে। পরিসংখ্যান অফিসসহ যেসব দপ্তর তালাবদ্ধ বা জনবল সংকটে রয়েছে, সেগুলোর বিষয়ে আমরা অবগত আছি।"

তিনি বলেন, "সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে শূন্য পদগুলোতে দ্রুত স্থায়ী কর্মকর্তা পদায়নের জন্য আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি এবং নিয়মিত যোগাযোগ রাখছি। আশা করছি, দ্রুতই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলো থেকে স্থায়ী কর্মকর্তা নিয়োগের মাধ্যমে এই সংকটের সমাধান হবে।"

আরও পড়ুন: কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

‎রাজবাড়ী প্রতিনিধি

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মুরগির খামার সম্পর্কিত অপপ্রচার ও মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মো. নায়েব আলী।

সংবাদ সম্মেলনের সময় লিখিত বক্তব্য পাঠ করে তিনি জানান, তিনি প্রায় ৩৫ বছর ধরে বালিয়াকান্দি বাজারে মুরগির ব্যবসা পরিচালনা করে আসছেন। তার নিজস্ব বাড়ি বালিয়াকান্দি-আমতলা সড়কের পাশে অবস্থিত। তিনি বিভিন্ন মুরগির খামার থেকে বড় মুরগি ক্রয় করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি করেন। বিক্রির আগে কিছু মুরগি বিভিন্ন সময়ে তার বাড়ির সংলগ্ন স্থানে এক বা দুই দিনের জন্য সংরক্ষণ করা হয়ে থাকে।

তিনি অভিযোগ করেছেন, তার ব্যবসা গড়ে ওঠার পর থেকে একটি স্বার্থান্বেষী মহল তাকে আর্থিকভাবে এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ দিচ্ছে। এসব অভিযোগের কারণে তার ব্যবসা এবং ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে। নায়েব আলী আরও জানান, তিনি কখনোই ছোট মুরগি লালন-পালন করে বড় করেন না। শুধুমাত্র বাজারজাত করার উদ্দেশ্যে বড় মুরগি ক্রয় করে তা অল্প সময়ের জন্য সংরক্ষণ করেন। সেই কারণে, তার কার্যক্রমে আশেপাশের মানুষের ক্ষতি বা কোন রকম পরিবেশ দূষণের সৃষ্টি হয় না।

তিনি দাবি করেছেন, তার সংরক্ষণস্থল সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা হয়, এবং সেখান থেকে কোন ধরনের দুর্গন্ধ বের হয় না। তাই, প্রকৃত তথ্য যাচাই করে সঠিক সংবাদ প্রকাশের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যবসায়ী মো. নায়েব আলী। তিনি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের বিপ্লবী গার্ডের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের বিপ্লবী গার্ডের

 ইরানের বিপ্লবী গার্ডের দাবি, জর্ডান, বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তু ও ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে। সোমবার এই তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। খবরটি এসেছে এএফপি’র মাধ্যমে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিপ্লবী গার্ডের প্রকাশিত একাধিক বিবৃতির উদ্ধৃতি দিয়ে তারা জানায় যে, হামলাই করা হয়েছে জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি, বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন কমান্ড সেন্টার এবং কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসুস্থতার কারণে অনুপস্থিতি নিয়ে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সিনেটর ম্যাককনেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


অসুস্থতার কারণে অনুপস্থিতি নিয়ে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সিনেটর ম্যাককনেল

যুক্তরাষ্ট্রের ৮৪ বছর বয়সী সিনেটর এবং সাবেক রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল রোববার জানান, তার হাসপাতালে থাকার কারণ ছিল অচেতন হয়ে পড়া এবং পরে নিউমোনিয়াতেও আক্রান্ত হন।

কেন্টাকি অঙ্গরাজ্যের প্রবীণ সিনেটর ম্যাককনেলের কয়েক সপ্তাহের অনুপস্থিতি নিয়ে ওয়াশিংটনে নানা জল্পনা তৈরি হয়েছিল। তার দলের জন্য সিনেটে সংখ্যাগরিষ্ঠ থাকার পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছিল।

১৪ জুন ম্যাককনেলকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার কার্যালয় থেকে বারবার জানানো হয়েছিল যে তিনি ‘চিকিৎসা সেবা’ পাচ্ছেন।

রোববার একটি বিবৃতিতে ম্যাককনেল বলেছেন, তার অনুপস্থিতি নিয়ে ‘প্রশ্ন’ ওঠেছে। তিনি বলেন, ‘শৈশবে পোলিও থেকে বেঁচে যাওয়ার কারণে সারা জীবনই আমাকে চলাফেরার সমস্যার সঙ্গে লড়াই করতে হয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এসব সমস্যা সহজ হয়নি। গত মাসে আমি পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম।’

তিনি আরও জানান যে চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে তার কোনো হাড় ভাঙেনি এবং মাথায় আঘাত বা মস্তিষ্কে সমস্যা হয়নি।

ম্যাককনেল বলেছেন, ‘আমার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়নি। শরীরে কোনো টিউমার বা রক্তক্ষরণও নেই। তবে আমি কিছু সময়ের জন্য অচেতন হয়ে পড়েছিলাম এবং আমাকে হাসপাতালে নেওয়া হয়।’

হাসপাতালে থাকার সময় তিনি ‘নিউমোনিয়ায়’ আক্রান্ত হয়েছিলেন। কবে তিনি কংগ্রেসে ফিরবেন সে বিষয়ে ম্যাককনেল কোনো নির্দিষ্ট সময় জানাননি। জুনের শুরুর পর থেকে তিনি আর কোনো ভোটে অংশ নেননি।

তিনি বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এখনই সিনেটে ফিরে ভোট দেওয়ার মতো অবস্থায় আমি নেই।’ বর্তমানে তাকে একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে।

ম্যাককনেলের বিবৃতির সঙ্গে একটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে তাকে চিকিৎসা শয্যায় বসে ওয়াশিংটন পোস্ট পত্রিকা তার হাতে দেখা যায়। ছবিতে তার স্ত্রী এবং যুক্তরাষ্ট্রের সাবেক পরিবহনমন্ত্রী এলেইন চাওও রয়েছেন।

বছরের পর বছর ধরে ম্যাককনেলের স্বাস্থ্য নিয়ে নজর রয়েছে। ২০২৩ সালে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত বছর আরেকবার পড়ে গিয়ে তার কবজিতে আঘাত লাগে এবং চলতি বছরের শুরুতে ফ্লুর মতো উপসর্গে এক সপ্তাহের বেশি হাসপাতালে ছিলেন।

ম্যাককনেল আগামী নির্বাচনে আর প্রার্থী হচ্ছেন না এবং জানুয়ারিতে তার অবসর নেওয়ার কথা। তবে তার আগেই যদি তিনি পদত্যাগ করেন, তাহলে কেন্টাকি অঙ্গরাজ্যের আইন অনুযায়ী বিশেষ নির্বাচন করতে হবে। সে ক্ষেত্রে ডেমোক্র্যাট গভর্নর অ্যান্ডি বেসিয়ার সরাসরি কোনো অস্থায়ী উত্তরসূরি নিয়োগ করতে পারবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র তাপদাহে যুক্তরাজ্যে প্রাণ গেল ২৭০০ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


তীব্র তাপদাহে যুক্তরাজ্যে প্রাণ গেল ২৭০০ জনের

যুক্তরাজ্যে মে এবং জুন মাসে বয়ে যাওয়া তীব্র তাপদাহের ফলে দেশটিতে ২ হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) প্রকাশিত ওই গবেষণায় বিজ্ঞানীরা জানান, ২১ থেকে ২৯ মে-র মধ্যে তাপদাহের কারণে ৫৫০ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ থেকে ২৮ জুনের মধ্যে মারা গেছেন প্রায় দুই হাজার ২০০ জন।

ইম্পেরিয়াল কলেজ লন্ডন, মেট অফিস এবং লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা আবহাওয়া সংক্রান্ত তথ্য, জলবায়ু মডেল এবং চরম আবহাওয়াকালীন অতিরিক্ত মৃত্যুর ওপর করা বিভিন্ন গবেষণার পর এমস তথ্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহের সময়ের মৃত্যুর রেকর্ডের ওপর ভিত্তি করে তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাপজনিত মৃত্যুর বিষয়ে তাদের আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহ

চলতি বছরে যুক্তরাজ্য এবং ইউরোপের বড় অংশে ইতোমধ্যে দুটি রেকর্ড-ভাঙা তাপপ্রবাহের ঘটনা ঘটেছে। এর মধ্যে ইংল্যান্ডে তাপমাত্রা মে মাসে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস এবং জুন মাসে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

মেট অফিসের জলবায়ু অ্যাট্রিবিউশন (জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণকারী) দলের বিজ্ঞান ব্যবস্থাপক মার্ক ম্যাকার্থি বলেন, যুক্তরাজ্য এবং পশ্চিম ইউরোপের সব অঞ্চলের জন্য এগুলো ছিল একটি চরম মাত্রার তাপপ্রবাহ। বিশেষ করে বছরের কোন সময়ে এবং কতটা আগেভাগে এগুলো আঘাত হেনেছে, তার বিচারে এগুলো ছিল অত্যন্ত অস্বাভাবিক ঘটনা।

বিজ্ঞানীরা তাপপ্রবাহকে আরও তীব্র ও ঘন ঘন করে তোলার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ভূমিকার ওপর জোর দিয়েছেন। তাদের হিসাব অনুযায়ী, বৈশ্বিক উষ্ণায়ন না থাকলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা যতটা হতো, তার চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জলবায়ু পরিবর্তন বিষয়ে ব্রিটিশ সরকারকে পরামর্শ প্রদানকারী সংস্থা ‘ক্লাইমেট চেঞ্জ কমিটি’ গত বছরই সতর্ক করেছিল। সংস্থাটি জানায়, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিণতি মোকাবিলায় যুক্তরাজ্য ‘প্রস্তুত নয়’। ইউকেএইচএসএ -এর ‘সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড হেলথ সিকিউরিটি’-র লিয়া বেরাং ফোর্ড বলেছেন, সোমবার প্রকাশিত এই গবেষণাটি ‘চরম তাপমাত্রাজনিত ঝুঁকির মাত্রা এবং আমাদের সুস্থতার ওপর জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকির বিষয়টি তুলে ধরতে সহায়তা করবে।

মে মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ২০৫০ সালের মধ্যে যুক্তরাজ্যের ৯২ শতাংশ বাড়ি অতিরিক্ত গরম হয়ে উঠতে পারে। এতে আরও বলা হয়েছে, চরম আবহাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে সরকারের উচিত কর্মক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা নির্ধারণ করা এবং হাসপাতাল ও স্কুলের মতো সরকারি ভবনগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য বিনিয়োগের ওপর জোর দেয়া।

যুক্তরাজ্যে তাপজনিত মৃত্যুর বিষয়ে এই গবেষণাটি এমন এক সময়ে সামনে এল, যখন তথ্য উপাত্তে দেখা গেছে, জুনের শেষভাগে ইউরোপের পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহের সময় মহাদেশজুড়ে ১০ হাজারেরও বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে।

‘ইউরোমোমো’ যা ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থিত একটি নেটওয়ার্ক জানিয়েছে, এই মৃত্যুগুলোর অধিকাংশই ঘটেছে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে; এই বয়সসীমার মধ্যে অতিরিক্ত মৃত্যুর সংখ্যা ছিল ৯,০০০।

বিজ্ঞানীরা জুনে ইউরোপের ২৭টি দেশের জাতীয় মৃত্যুহার সংক্রান্ত পরিসংখ্যান বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তাদের মতে, কোভিড-১৯ প্রাদুর্ভাবের মতো অন্য কোনো উল্লেখযোগ্য কারণ ছাড়াই ২২ থেকে ২৮ জুনের মধ্যে ১০ হাজার ৬৫০টি অতিরিক্ত মৃত্যুর সংখ্যা বৃদ্ধির পেছনে সম্ভবত তাপপ্রবাহই প্রধান ভূমিকা রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%