০৮:৪৪ এম
ফেনীর দাগনভূঞা থানার প্রত্যাহার হওয়া ওসি ফয়জুল আজিম নোমানকে অবশেষে রাতের আঁধারে থানা ছাড়তে হয়েছে স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে। যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় তার প্রত্যাহারের চার দিন পর শনিবার ভোরে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এর আগে শুক্রবার রাত পর্যন্ত থানা না ছাড়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা পুলিশ সুপার যোগদান করার পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বুধবার ওসিকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার প্রস্তুতির কারণে পুলিশ লাইন্সে সংযুক্ত হতে বিলম্ব হয়েছে। এই ঘটনায় আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। দাগনভূঞা থানায় নতুন ওসি পদায়ন না হওয়া পর্যন্ত ওসি তদন্ত ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করবেন। ফেরদৌসি বেগম জানিয়েছেন, শনিবার সকাল থেকে তিনি থানার দায়িত্ব বুঝে নিয়েছেন। দায়িত্ব পালনকালে দালাল ও মামলা বাণিজ্যে জড়িতদের কোনো সুযোগ দেওয়া হবে না। সেবাপ্রার্থীরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ নজর রাখা হবে।
মঙ্গলবার গভীর রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি নোমানের আপত্তিকর ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বুধবার বিকালে তাকে থানা থেকে প্রত্যাহার করে খাগড়াছড়িতে বদলি করা হয়।
আরও পড়ুন: মীরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমায় আগুন
নোমানের বিরুদ্ধে এর আগেও দায়িত্ব পালনকালে বিতর্কের অভিযোগ রয়েছে। ১০ আগস্ট আদালতের নির্দেশের পরও মামলা রেকর্ড না করার অভিযোগে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে প্রত্যাহারের নির্দেশ দেন। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও প্রতিবেদন প্রকাশিত হয়নি। এ ছাড়া নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, মাদক কারবারিদের সঙ্গে সখ্য এবং মামলা বাণিজ্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন