মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৩১ পি.এম
বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বৃদ্ধির ফলে মানুষ জীবাশ্ম জ্বালানির বিকল্প খুঁজতে শুরু করেছে। এর ফলে চলতি বছরে জলবায়ুর জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ হ্রাস পাচ্ছে।
বিজ্ঞানীদের একটি বিস্তৃত মূল্যায়ন অনুযায়ী, চলতি বছরে তেল, গ্যাস ও কয়লা পোড়ানোর ফলে সৃষ্ট কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ গত বছরের তুলনায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বিশেষ করে, তেল পোড়ানোর কারণে কার্বন নিঃসরণ ২ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে। গাড়ির ব্যবহার কমানোর ফলে এবং বৈদ্যুতিক গাড়ির প্রতি মানুষের আগ্রহ বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় আয়োজিত কপ-৩১ জলবায়ু সম্মেলনে বিজ্ঞানীরা এই প্রতিবেদনটি প্রকাশ করেন। এতে ইরান যুদ্ধের প্রভাবের পাশাপাশি বিশ্বজুড়ে সস্তা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে সৌর ও বায়ুবিদ্যুতের সম্প্রসারণ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সহায়তা করছে।
তবে, বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমার প্রবণতা শুরু হয়েছে, এমন সিদ্ধান্তে এখনই পৌঁছানো ঠিক হবে না বলে সতর্ক করেছেন প্রতিবেদনটির লেখক ও অন্যান্য বিশ্লেষকেরা। তাদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন নিঃসরণ গত বছরের তুলনায় মাত্র ০.৪ শতাংশ কমতে পারে।
এদিকে, জীবাশ্ম জ্বালানি থেকে নিঃসরণ সামান্য কমলেও বন উজাড় ও ভূমির ব্যবহার পরিবর্তনের কারণে কার্বন নিঃসরণ বেড়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বড় ধরনের দাবানল এবং কৃষিকাজের জন্য নতুন করে বনভূমি ও প্রাকৃতিক জমি ব্যবহার করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানি থেকে নিঃসরণ কমার এ প্রবণতা যেকোনো সময় বাধাগ্রস্ত হতে পারে। ভারতে কয়লার ব্যবহার বৃদ্ধি, বিশ্ববাজারে তেলের দাম হ্রাস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবাশ্ম জ্বালানির প্রতি আগ্রহ এ ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠতে পারে।
প্রতিবেদনটির লেখকদের মতে, কার্বন নিঃসরণে স্থায়ীভাবে কমানোর জন্য নবায়নযোগ্য জ্বালানি এবং বৈদ্যুতিক গাড়ির মতো কম কার্বন নিঃসরণকারী প্রযুক্তিতে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন। শুধুমাত্র জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে সাময়িকভাবে ব্যবহার কমলেই জলবায়ু পরিবর্তন মোকাবিলা সম্ভব হবে না।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে গেছেন মো. কাউসার মিয়া, যিনি রাজধানীর দক্ষিণ খান থানার একটি হত্যা মামলার আসামি। মঙ্গলবার, ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে তিনি কৌশলে পালিয়ে যান।
আদালত সূত্রে জানা গেছে, ওই দিন হত্যার মামলায় সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল। এ কারণে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামি কাউসার মিয়াকে আদালতে হাজির করা হয়েছিল। শুনানির সময় তাকে আদালতের হাজতখানা থেকে এজলাসে নিয়ে আসা হয়। তবে, ওই দিন কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত নতুন সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন।
এরপর, আসামি কাউসারকে আবারও এজলাস থেকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতির সময়, দায়িত্বরত পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান।
আদালতের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মোহসীন হোসেন জানিয়েছেন, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার মিয়া। তাকে আদালতের হাজতখানা থেকে আনা ও নেওয়ার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। ওই পুলিশ সদস্য আসামিকে কাঠগড়ায় হাতকড়া পরা অবস্থায় রেখে কাস্টডি আনতে আদালতের সামনে যাওয়ার সুযোগে আসামি হাতকড়া খুলে পালিয়ে যান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের মধ্যনগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি মধ্যনগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে
উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবুল বাশার তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন সোহেল ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিনু, সদস্যসচিব মুসাব্বির হোসেন সাগর যুগ্ম আহবায়ক শেখ ফরিদ, যুগ্ম আহবায়ক মেহদী হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা ছাত্রদল নেতা বাপ্পি ও মাসুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন - "গণতন্ত্র ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশের মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পতিত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ