ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ১ হাজার ২৮৫


হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ১ হাজার ২৮৫

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে পাঁচজন শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪৪ জন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৫ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ঢাকা আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেল হত্যা মামলার আসামি

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে তিনজন এবং ঢাকা ও সিলেট বিভাগে একজন করে রোগী রয়েছে।

অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে পৌঁছেছে এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৬১০ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ১ হাজার ৪১৬ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৬ হাজার ৭৯৯ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: মিয়া গোলাম পরওয়ার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের উদ্দেশ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সভাকক্ষে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) প্রেসিডেন্ট অধ্যাপক Pai-Chi Li সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় মাভাবিপ্রবির শিক্ষকদের জন্য পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি ও ফেলোশিপ, যৌথ তত্ত্বাবধানে গবেষণা এবং যৌথ প্রকাশনার উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। এছাড়া, যৌথ ব্যাচেলর-মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম, শিক্ষার্থী বিনিময় এবং ক্রেডিট ট্রান্সফার ব্যবস্থার সুযোগও থাকবে।

এছাড়া, উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি যৌথ গবেষণা কেন্দ্র (Joint Research Centre) প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে যৌথ গবেষণা, আন্তর্জাতিক গবেষণা অনুদান আহরণ, আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সুযোগ তৈরি হবে।

বিশেষ গুরুত্ব দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence), রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস (IoT), সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং এবং আধুনিক প্রকৌশল প্রযুক্তির মতো সম্ভাবনাময় গবেষণা ক্ষেত্রে।

সমঝোতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ‍্যা ইন্টারন‍্যাশনাল এফেয়ার্স এর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম (শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক) এবং এআইটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিচালক ড. সুমনা শ্রেষ্ঠা কার্যক্রম পরিচালনা করবেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে AIT Extension-এর নির্বাহী পরিচালক Mr. Voravate Chonlasin এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার Mr. SK. Shahin Hossain, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, গবেষণা সেলের পরিচালকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (AIT) এশিয়ার একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক শিক্ষা-গবেষণা নেটওয়ার্কে সম্পৃক্ততা আরও জোরদার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনআকাঙ্ক্ষা পূরণে দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান মো. ইসমাইল জবিউল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


জনআকাঙ্ক্ষা পূরণে দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান মো. ইসমাইল জবিউল্লাহর

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ জনগণের প্রত্যাশা পূরণে সিভিল সার্ভিসকে আরও দক্ষ, জবাবদিহিমূলক, নীতিবান ও প্রযুক্তি-সক্ষম করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেছেন, "একটি নীতি বা কর্মসূচি তখনই সফল হয়, যখন মাঠপর্যায়ের কর্মকর্তারা তা যথাসময়ে ও যথাযথভাবে জনগণের কাছে পৌঁছে দিতে পারেন।" এই কারণে, জনপ্রশাসনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মকর্তাদের জন্য জীবনব্যাপী শিক্ষা ও যোগ্যতাভিত্তিক পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি করা প্রয়োজন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত ‘ক্যাপাসিটি নিডস অ্যাসেসমেন্ট (সিএনএ) অব দ্য বাংলাদেশ সিভিল সার্ভিস’ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এবং ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।

ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, দেশের জনগণ বর্তমান সরকারের কাছে একটি স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব প্রশাসনের প্রত্যাশা ব্যক্ত করেছে। সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো (জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১) সফলভাবে বাস্তবায়নে সিভিল সার্ভিসের দক্ষতা, কর্মক্ষমতা ও দ্রুত সেবা প্রদানের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিবর্তনশীল বিশ্বে প্রশাসনের চ্যালেঞ্জ মোকাবিলায় সিভিল সার্ভিসকে সময়োপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্য-উপাত্তের কার্যকর ব্যবহার বিশ্বজুড়ে শাসনব্যবস্থায় নতুন মাত্রা যোগ করছে।" সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, কর্মকর্তাদের জন্য জীবনব্যাপী শিক্ষা এবং যোগ্যতাভিত্তিক পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশের সিভিল সার্ভিসকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে তুলতে হবে।

সিভিল সার্ভিসের সক্ষমতা নিরূপণ (সিএনএ) উদ্যোগের প্রশংসা করে উপদেষ্টা বলেন, এ উদ্যোগের মাধ্যমে সরকারি অর্থ ও ক্রয় ব্যবস্থাপনা, প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতা, তথ্যের সুরক্ষা, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, আইন প্রণয়নের খসড়া তৈরি এবং নাগরিককেন্দ্রিক সেবাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে। এসব ক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে জনপ্রশাসনের সামগ্রিক সক্ষমতা আরও জোরদার করা সম্ভব হবে।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, "দক্ষ কর্মকর্তারাই উন্নত জনসেবা নিশ্চিত করতে পারেন।" তাই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সিভিল সার্ভিসকে আরও দক্ষ, নীতিবান ও প্রযুক্তি-সক্ষম হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে। এ ছাড়া বক্তব্য দেন গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রিজওয়ান খায়ের। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় ২৫০ পরিবারের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


কলাপাড়ায় ২৫০ পরিবারের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় শীতকালীন সবজি চাষে উৎসাহিত করার উদ্দেশ্যে নীলগঞ্জ ইউনিয়নের ২৫০ উপকারভোগী পরিবারের মাঝে লাল শাক, পালং শাক, ধনিয়া, বরবটি, করলা এবং মুলার বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নেদারল্যান্ডসভিত্তিক দাতা সংস্থা কার্ক ইন অ্যাক্টি (কিয়া)-এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটির (সিআরএসএস) নিরাপদ জীবন-জীবিকা প্রকল্পের আওতায় এই বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রকল্প ব্যবস্থাপক সুজিত হালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি কার্যালয়ের অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিমা আক্তার।

নিরাপদ জীবন-জীবিকা প্রকল্পের অর্গানাইজার এ্যালবাট সবুলান বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) রিগবী সেতু গমেজ, এগ্রি-অফিসার মো. শফিকুল ইসলাম, প্রচেষ্টা প্রকল্পের ভোলা অঞ্চলের কো-অর্ডিনেটর নোয়েল রানা সাহা এবং গণমাধ্যমকর্মীরা।

আলোচনায় বক্তারা উল্লেখ করেন, শীতকালীন সবজি চাষের জন্য সঠিক সময় নির্বাচন, জমির সঠিক পরিচর্যা এবং পরিমিত সার ও কীটনাশক ব্যবহারের গুরুত্ব অপরিসীম। বাড়ির আঙিনাসহ পতিত জমিতে সবজি চাষের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় অর্জন সম্ভব। এই লক্ষ্যে তারা উপকারভোগীদের নিয়মিত সবজি চাষে উদ্বুদ্ধ করেন।

বীজ পেয়ে উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা তাদের সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ পরিবারের নিরাপদ জীবিকা, স্বাবলম্বিতা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতা: গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতা: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারকে ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ এবং সন্ত্রাসীদের দমনে ব্যর্থতার জন্য নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে এবং বাস ও অন্যান্য গণপরিবহনে অগ্নিসংযোগ করে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে। কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা এসব সন্ত্রাসী কার্যক্রম দমনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, "সরকারের পক্ষ থেকে ফ্যাসিস্ট ও সন্ত্রাসী বাহিনীকে মোকাবিলা করতে না পারা এবং সব সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

তিনি আরও বলেন, সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট, আদালতের সামনেসহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহন এবং সিআইড কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। সরকারের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি, যা অত্যন্ত উদ্বেগজনক। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ফরিদপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু ঘটেছে, যা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের নারকীয়কাণ্ডের স্মৃতি মনে করিয়ে দেয়।

গোলাম পরওয়ার আরও বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের পর জুলাই সনদ বাস্তবায়ন না করা, গণভোটের গণরায় বাস্তবায়ন না করা এবং সংবিধান সংস্কার ও রাষ্ট্র কাঠামোয় সংস্কার না করার ফলে ফ্যাসিস্টরা এমন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে। তিনি বলেন, "সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের বিস্ময়কর নিষ্ক্রিয়তা ও এক ধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া সারাদেশে এ ধরনের তাণ্ডব চালানো ফ্যাসিস্টদের পক্ষে সম্ভব নয়।" এজন্য বিএনপি সরকার এসব সন্ত্রাসী কার্যক্রমের দায় এড়াতে পারে না।

তিনি উল্লেখ করেন, দেশের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দায়িত্বশীল বিরোধীদল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও অধিকার প্রতিষ্ঠায় বিভিন্নভাবে সমালোচনা, সহযোগিতা ও পরামর্শ দিলেও বিএনপি সরকার তাতে কর্ণপাত করছে না। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট আরও গভীর হয়েছে। তিনি বলেন, "জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতায় সৃষ্ট সংকট বিরোধীদলের উপর চাপানোর অপকৌশল নিয়ে এগোচ্ছে।" তিনি বলেন, দেশে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির দায় বিরোধীদলের উপর চাপানোর সরকারের দুরভিসন্ধিমূলক মনোবাসনা পূরণ হবে না। তিনি মনে করেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা, বিস্ফোরণ সরকারকে কঠোর হাতে দমন করতে হবে। তা না হলে এর ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের প্রতিরোধে সরকারকে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করে সংবিধান ও রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন করতে হবে। যাতে, আর কোনো ফ্যাসিস্টের উত্থান এবং সন্ত্রাসবাদ বাংলাদেশে চলতে না পারে। নতুবা জনগণের ন্যায্য দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে, যা সরকারের জন্য উভয় সংকট তৈরি করবে। একই সঙ্গে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%