০৩:০৫ পি.এম
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার মন্তব্য করেছেন যে, গার্মেন্টস শ্রমিকদের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে যে অসন্তোষ ও নাশকতার ঘটনা ঘটছে, তা শ্রমিকদের আন্দোলন নয় বরং রাজনৈতিক আন্দোলনের অংশ। তিনি উল্লেখ করেন যে, এই আন্দোলনে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পৃক্ততা নেই।
গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন নিয়ে আজ প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এসব কথা বলেন। নাজমা আক্তার বলেন, মজুরি বোর্ড গঠনের পরও বিভিন্ন স্থানে আন্দোলন ও কারখানা ভাঙচুরের ঘটনা ঘটছে। তবে, এসব ঘটনার সঙ্গে প্রকৃত শ্রমিকদের সংশ্লিষ্টতা নেই বলে তিনি মনে করেন।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আরও বলেন, মিরপুরসহ বিভিন্ন স্থানে শ্রমিকদের নাম ব্যবহার করে নানা ঘটনা ঘটানো হচ্ছে। গাজীপুরেও বিভিন্ন পক্ষের সংশ্লিষ্টতায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে। তিনি এসব ঘটনাকে রাজনৈতিক ইন্ধন হিসেবে দেখছেন।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু
নাজমা আক্তার শ্রমিকদের নাম ব্যবহার করে নাশকতা ও শিল্পকারখানা ভাঙচুরের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, ‘শিল্প-কারখানা ধ্বংস করে তো লাভ নেই।’
তিনি আরও বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও নতুন মজুরি নির্ধারণে সরকার উদ্যোগ নিয়েছে। এই অবস্থায় শিল্পকারখানা ভাঙচুর এবং আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।
নতুন মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠনকে ইতিবাচক হিসেবে দেখছেন উল্লেখ করে নাজমা আক্তার বলেন, সবার মতামতের ভিত্তিতে বোর্ড গঠন করা হয়েছে। তিনি সরকারকে দ্রুততম সময়ে বোর্ড গঠন করায় ধন্যবাদ জানান।
তিনি বলেন, সরকারকে সহযোগিতা করা হবে এবং দ্রুত নতুন মজুরি ঘোষণা করা প্রয়োজন।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ে সেনাসদস্য আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন