ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক ইউনাইটেড ফিডেলিটি বন্ধ


যুক্তরাষ্ট্রে দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক ইউনাইটেড ফিডেলিটি বন্ধ

যুক্তরাষ্ট্রে ইউনাইটেড ফিডেলিটি ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকটির বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, কারণ এটি আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ব্যাংকটি বন্ধ হয়ে যায় এবং এর সমস্ত আমানত ও সম্পদ ফার্স্ট সিটিজেন্স ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়। বন্ধ হওয়া ব্যাংকটির পাঁচটি অঞ্চলে মোট ২২টি শাখা বিদ্যমান। এই শাখাগুলি সোমবারের মধ্যে ফার্স্ট সিটিজেন্স ব্যাংকের শাখা হিসেবে পুনরায় চালু হবে।

যুক্তরাষ্ট্রের আমানত বীমা সংস্থা জানিয়েছে, সেপ্টেম্বরের শেষে ব্যাংকটির মোট সম্পদ ছিল প্রায় ৫৯০ কোটি ডলার এবং আমানত ছিল ৫৪০ কোটি ডলার। গ্রাহকদের সকল আমানত নিরাপদ রয়েছে এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত বীমার আওতায় রয়েছে।

আরও পড়ুন: কিউবার নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে ডব্লিউএইচও প্রধানের আহ্বান

২০২৪ সালে রিপাবলিক ফার্স্ট ব্যাংক বন্ধ হওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক ব্যর্থতার ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। ব্যাংকটি বন্ধ হওয়ার ফলে আমানত বীমা তহবিলের প্রায় ১৮৩ কোটি ডলার ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় এসএমই মেলায় সেরা স্টল পুরস্কার পেল আইটি বিটস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩১ এম


জাতীয় এসএমই মেলায় সেরা স্টল পুরস্কার পেল আইটি বিটস

শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় ‘তথ্য ও প্রযুক্তি সেবা’ বিভাগে সেরা স্টলের পুরস্কার অর্জন করেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আইটি বিটস। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার সমাপনী দিনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এরিকা আফরিন বুশরা পুরস্কার গ্রহণ করেন। পুরস্কারপ্রাপ্ত ডি-৭৫ নম্বর স্টল থেকেই আইটি বিটসের তৈরি পারিবারিক স্বাস্থ্যযত্নের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সাইকেল সার্কেল’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

দেশীয় উদ্যোক্তাদের পণ্য ও সেবা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতায় এই মেলা আয়োজন করা হয়েছিল, যা আইটি বিটসকে সম্ভাব্য ব্যবহারকারীদের কথা শোনার সুযোগও করে দিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাত দিনের মেলায় স্টলে আসা দর্শনার্থীদের মধ্যে কেউ নিজের মাসিকের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন, কেউ মায়ের যত্নে কী ধরনের সহায়তা প্রয়োজন সে বিষয়টি জানিয়েছেন। অভিভাবকদের সঙ্গে আলোচনা চলাকালীন স্কুলপড়ুয়া মেয়েকে কীভাবে আগে থেকে প্রস্তুত করা যায়, সে বিষয়টিও উঠে এসেছে। দর্শনার্থীদের অভিজ্ঞতা ও পরামর্শের জন্য বুশরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সাইকেল সার্কেলের ধারণা মা ও মেয়ের দৈনন্দিন জীবনের একটি পরিচিত পরিস্থিতি থেকে উদ্ভূত হয়েছে। স্কুলে হঠাৎ পিরিয়ড শুরু হলে মেয়েটি ব্যাগে প্রয়োজনীয় সামগ্রী আছে কি না, কিংবা কার কাছে সাহায্য চাইবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারে। বাংলাদেশে এ প্রস্তুতির গুরুত্ব ২০১৮ সালের জাতীয় হাইজিন জরিপ থেকে স্পষ্ট হয়। জরিপে অংশ নেওয়া স্কুলছাত্রীদের মাত্র ৫৩ শতাংশ প্রথম মাসিকের আগে মাসিক সম্পর্কে শুনেছিল।

এরিকা আফরিন বুশরা মন্তব্য করেন, ‘আমরা চেয়েছি, মেয়েটা স্কুলে যাওয়ার আগেই মায়ের সঙ্গে কথাটা বলার সুযোগ পাক। নিজের ব্যাগে প্যাডটা কোথায় আছে, দরকার হলে কোন আপাকে বলবে- এইটুকু জানা থাকলেও ও অনেকটা নিশ্চিন্তে ক্লাস করতে পারে।’

সাইকেল সার্কেলের একটি বিশেষ সুবিধা হলো, একই অ্যাকাউন্টে পরিবারের একাধিক সদস্যের জন্য আলাদা প্রোফাইল রাখা যায়। আগের মাসিকের তারিখ নথিভুক্ত থাকলে পরবর্তী মাসিকের সম্ভাব্য সময়ের আগে রিমাইন্ডার পাওয়া যায়। এতে মা ও মেয়ে একসঙ্গে স্কুলের দিনের প্রস্তুতি নিতে পারে। আবার মেনোপজের সময় একজন নারী নিজের উপসর্গের পরিবর্তন লিখে রাখতে পারেন। চিকিৎসকের কাছে গেলে কোন সমস্যা কবে শুরু হয়েছিল বা কতবার হয়েছিল, তা নিজের প্রোফাইলের স্বাস্থ্যসারাংশ থেকে দেখাতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইথা’র জন্য ওজন বাড়িয়ে আহত শ্রদ্ধা কাপুর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩১ এম


‘ইথা’র জন্য ওজন বাড়িয়ে আহত শ্রদ্ধা কাপুর

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবার চরিত্রের প্রয়োজনে শারীরিক গঠনে পরিবর্তন আনতে গিয়ে কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। নতুন সিনেমা ‘ইথা’র জন্য তিনি প্রায় ১০ থেকে ১২ কেজি ওজন বাড়িয়েছিলেন। তবে, বাড়তি ওজন নিয়ে নাচের দৃশ্য ধারণ করতে গিয়ে শুটিংয়ের দ্বিতীয় দিনেই গুরুতর চোট পান অভিনেত্রী। এর ফলে, দীর্ঘ সময় শুটিং থেকে বিরতি নিতে হয়েছিল তাকে।

নৃত্য পরিচালক বৈভবী মার্চেন্ট সম্প্রতি শ্রদ্ধার শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানোর পর জটিল নৃত্যভঙ্গি আয়ত্ত করা শ্রদ্ধার জন্য বেশ কঠিন হয়ে পড়ে। বিশেষ করে, দ্রুত পায়ের মুদ্রা পরিবর্তন এবং দীর্ঘ সময় নাচের অনুশীলন করতে গিয়ে শারীরিকভাবে চাপের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে।

পরিচালক লক্ষ্মণ উতেকর সিনেমাটির শুটিংয়ের ক্ষেত্রে ভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছিলেন। গল্পের শেষ দিকের দৃশ্য দিয়ে শুটিং শুরু হওয়ায় শ্রদ্ধাকে শুরুতেই বাড়তি ওজন নিয়ে নাচের দৃশ্যে অংশ নিতে হয়। এ সময় তার শরীরের ওপর বাড়তি চাপ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে নিয়মিত মহড়া ও শারীরিক প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছিল।

বৈভবী জানান, শুটিংয়ের সময় ক্লাইম্যাক্সের একটি নাচের দৃশ্য ধারণ করতে গিয়ে শ্রদ্ধা আহত হন। খালি পায়ে নাচার সময় গরম মেঝের সঙ্গে ঘর্ষণের কারণে তার পায়ে চোট লাগে। এতে শুটিং বন্ধ রাখতে হয়। সুস্থ হতে অভিনেত্রীর প্রায় ছয় সপ্তাহ থেকে দুই মাস সময় লেগেছিল।

পরবর্তী সময়ে শুটিংয়ে ফেরার পর শ্রদ্ধার নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নাচের প্রতিটি দৃশ্যের আগে ও পরে ওয়ার্মআপ, কুলডাউন এবং ফিজিওথেরাপির ব্যবস্থা রাখা হয়েছিল।

‘ইথা’ নির্মিত হয়েছে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্য ও নৃত্যধারা তামাশা এবং লাবনিকে কেন্দ্র করে। এতে শ্রদ্ধা কাপুরকে কিংবদন্তি লোকশিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত চরিত্রে দেখা যাবে। চরিত্রটির প্রয়োজনে অভিনয়ের পাশাপাশি লাবনি নাচেরও বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

সিনেমাটিতে শ্রদ্ধার সঙ্গে আরও অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান ও অনন্ত যোশী। লক্ষ্মণ উতেকর পরিচালিত সিনেমাটি আগামী ৪ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারিকেলের ছোবড়া: বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩২ এম


নারিকেলের ছোবড়া: বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত

হারুন আল নাসিফ

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : একসময় নারিকেলের ছোবড়া ছিল কেবল অবহেলিত গৃহস্থালি বর্জ্য বা গ্রামীণ চুলার জ্বালানি। তবে আধুনিক প্রযুক্তি এবং বিশ্ববাজারের চাহিদার কারণে আজ নারিকেলের ছোবড়া বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

বিশ্বজুড়ে পরিবেশবান্ধব এবং পচনশীল পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায়, দেশের উপকূলীয় অঞ্চলসহ সারা দেশে ছোবড়াভিত্তিক শিল্পে (কয়ার ইন্ডাস্ট্রি) একটি নীরব বিপ্লব ঘটছে। এই শিল্পটি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় জেলা—বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং যশোর অঞ্চলে নারিকেল উৎপাদনের প্রধান কেন্দ্র।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরগুলোতে প্রতিদিন লাখ লাখ কচি ডাব বিক্রি হয়। এর খোসা আগে বর্জ্য হিসেবে শহরের ভাগাড়ে ফেলা হতো, যা নগর বর্জ্য ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করত এবং মূল্যবান কাঁচামাল নষ্ট করত।

বর্তমানে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিকের বিকল্প তৈরির সরকারি উদ্যোগের সাথে তাল মিলিয়ে এই পরিত্যক্ত ছোবড়া সম্ভাবনাময় কয়ার শিল্পের মূল কাঁচামাল হিসেবে পরিণত হয়েছে।

প্রযুক্তিগতভাবে একটি পরিপক্ব নারিকেলের ওজনের প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশই থাকে এর বাইরের ছোবড়া। আধুনিক প্রক্রিয়াজাতকরণ যন্ত্র বা ডিকর্টিকেটর মেশিনের সাহায্যে এই ছোবড়া থেকে সাধারণত ৩০ শতাংশ দীর্ঘ আঁশ (ফাইবার) এবং ৭০ শতাংশ গুঁড়ো বা ডাস্ট আলাদা করা হয়। এরপর বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিশোধন করে বিভিন্ন উচ্চমূল্যের বাণিজ্যিক পণ্য তৈরি হচ্ছে।

ছোবড়ার গুঁড়ো অংশ পানিতে ধুয়ে লবণাক্ততা বা ইসি (ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি) কমিয়ে এবং রোদে শুকিয়ে হাইড্রোলিক প্রেস মেশিনের মাধ্যমে ৫ কেজি বা তার কম-বেশি ওজনের ব্লকে রূপান্তর করা হয়। এই ব্লক আন্তর্জাতিক বাজারে কোকোপিট বা কয়ার পিট নামে পরিচিত।

সাধারণ মাটির তুলনায় এর পানি ধারণক্ষমতা ৮ থেকে ৯ গুণ বেশি। এটি মাটিকে ঝুরঝুরে এবং বায়ুচলাচল উপযোগী রাখে। ফলে আধুনিক বাণিজ্যিক কৃষি, হাইড্রোপনিক চাষাবাদ, গ্রিনহাউস, নার্সারি এবং শহুরে ছাদবাগানে মাটির বিকল্প হিসেবে এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে, ছোবড়ার দীর্ঘ ও শক্ত আঁশের সাথে প্রাকৃতিক তরল রাবার (ল্যাটেক্স) মিশিয়ে তাপ ও চাপের মাধ্যমে তৈরি হচ্ছে রাবারাইজড কয়ার শিট। এই শিট দিয়ে বিশ্বমানের অর্থোপেডিক ম্যাট্রেস, সোফার কুশন, বালিশ এবং অটোমোবাইল শিল্পের সিট তৈরি হচ্ছে। স্প্রিং বা ফোমের ম্যাট্রেসের তুলনায় এটি অধিক স্বাস্থ্যসম্মত ও টেকসই হওয়ায় দেশের বেশ কয়েকটি বৃহৎ শিল্পগোষ্ঠী ইতোমধ্যে এই খাতে বড় অঙ্কের বিনিয়োগ করেছে।

ছোবড়ার আঁশ প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে কাঠের বিকল্প কয়ার বোর্ড বা প্লাইউড, যা আসবাবপত্র ও গৃহনির্মাণে ব্যবহৃত হয়ে প্রাকৃতিক বনাঞ্চল রক্ষায় সরাসরি ভূমিকা রাখছে। আধুনিক মিলনায়তন, সিনেমা হল ও রেকর্ডিং স্টুডিওতে শব্দনিরোধক হিসেবে কয়ার অ্যাকোস্টিক প্যানেলের ব্যবহারও বাড়ছে।

পরিবেশ প্রকৌশল ও অবকাঠামো নির্মাণেও ছোবড়ার ব্যবহার বৈপ্লবিক পরিবর্তন এনেছে। নদীভাঙন রোধ, পাহাড়ের ভূমিধস ঠেকানো, সড়ক ও রেলপথের ঢাল সংরক্ষণ এবং উপকূলীয় টেকসই বাঁধ নির্মাণে কৃত্রিম সিন্থেটিক জালের পরিবর্তে নারিকেলের ছোবড়ার জাল বা কয়ার জিও-টেক্সটাইল পরিবেশবান্ধব সমাধান হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। এটি মাটির ক্ষয় রোধ করে ঘাস ও উদ্ভিদ জন্মাতে সাহায্য করে এবং দুই থেকে তিন বছর পর প্রাকৃতিকভাবে মাটির সাথে মিশে গিয়ে উর্বরতা বৃদ্ধি করে।

এছাড়া ছোবড়ার আঁশ থেকে মজবুত দড়ি, সুতা, বাহারি পাপোশ, কার্পেট, গৃহস্থালি ও শিল্পকারখানায় ব্যবহৃত বিভিন্ন ধরনের ব্রাশ এবং পরিবেশবান্ধব নার্সারি টব বা কয়ার পট তৈরি হচ্ছে। এই পণ্যগুলো দেশীয় বাজারের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে।

দেশের পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি), বাগেরহাট সদর ও ফকিরহাট, লক্ষ্মীপুরের রায়পুর এবং নোয়াখালীর বেগমগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় শত শত ক্ষুদ্র ও মাঝারি ছোবড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় ছোবড়া সংগ্রহ, পরিবহন, মেশিনে আঁশ ছাড়ানো, আঁশ বাছাই, দড়ি পাকানো এবং পাপোশ ও ব্রাশ তৈরির কাজে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে।

স্থানীয় উদ্যোক্তারা জানান, একসময় যে ছোবড়া মানুষ বিনামূল্যে ফেলে দিত বা নামমাত্র মূল্যে জ্বালানি হিসেবে বিক্রি করত, এখন তা কিনে এনে প্রক্রিয়াজাত করে কোকোপিট ও আঁশ তৈরি করা হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পণ্য রপ্তানিকারকদের মাধ্যমে বিদেশেও যাচ্ছে। তবে আধুনিক স্বয়ংক্রিয় মেশিন, মান পরীক্ষার ল্যাবরেটরি এবং সহজ শর্তে ঋণ পেলে এই শিল্প আরও দ্রুত প্রসারিত হতো।

এই খাতে গ্রামীণ নারীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি। কারখানায় কর্মরত নারী শ্রমিকরা জানান, সংসারের দৈনন্দিন কাজের পাশাপাশি কারখানায় বা বাড়িতে বসে ছোবড়ার আঁশ বাছাই ও দড়ি পাকানোর কাজ করে মাসে যে বাড়তি আয় হয়, তা দিয়ে সংসারের খরচ মেটানো ও সন্তানদের লেখাপড়া চালানো অনেক সহজ হয়েছে।

আন্তর্জাতিক বাজার গবেষণা সংস্থাগুলোর ২০২৬ সালের তথ্যমতে, বিশ্বজুড়ে কোকোনাট কয়ার ও কোকোপিট পণ্যের বর্তমান বাজারমূল্য প্রায় দেড় বিলিয়ন (১.৫৭ বিলিয়ন) মার্কিন ডলার। আশা করা হচ্ছে, এটি আগামী ২০৩৩ সাল নাগাদ পৌনে তিন বিলিয়ন ডলারে পৌঁছাবে।

প্রতিবেশী দেশ ভারত ও শ্রীলঙ্কা এই খাত থেকে প্রতি বছর শত শত মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং খাত সংশ্লিষ্টদের মতে, বর্তমানে চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জার্মানি, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসসহ ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে সীমিত পরিসরে কোকোপিট ব্লক ও কয়ার ফাইবার রপ্তানি হচ্ছে। সঠিক আন্তর্জাতিক ব্র্যান্ডিং, মান নিয়ন্ত্রণ ও রপ্তানি প্রক্রিয়া সহজ করা গেলে বিশ্ববাজারে বাংলাদেশের অংশীদারিত্ব বহুগুণ বাড়ানো সম্ভব।

তবে অপার বাণিজ্যিক সম্ভাবনা থাকা সত্ত্বেও এই শিল্পের টেকসই বিকাশে বেশ কিছু কাঠামোগত ও প্রাকৃতিক প্রতিবন্ধকতা রয়েছে। জলবায়ু পরিবর্তন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি এবং সাদা মাছির (হোয়াইট ফ্লাই) আক্রমণে সাম্প্রতিক বছরগুলোতে দেশে নারিকেলের উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে।

এছাড়া সারা দেশে ছড়িয়ে থাকা ডাব ও নারিকেলের খোসা সংগ্রহের কোনো প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক না থাকায় পরিবহন খরচ অনেক বেশি পড়ে এবং কারখানাগুলো সারা বছর কাঁচামালের সংকটে ভোগে।

অধিকাংশ ক্ষুদ্র কারখানা এখনো সনাতন ও নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করে, ফলে উৎপাদনশীলতা কম এবং কোকোপিটের লবণাক্ততা ও আর্দ্রতার আন্তর্জাতিক মান বজায় রাখা কঠিন হয়। নতুন উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ও স্বল্প সুদে এসএমই ঋণের অভাব এবং দেশীয় বাজারে কম মূল্যের প্লাস্টিক ও কৃত্রিম তন্তুর পণ্যের অসম প্রতিযোগিতাও এই খাতের অন্যতম বাধা।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) সূত্র জানায়, পরিবেশবান্ধব ও সম্ভাবনাময় খাত হিসেবে কয়ার শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ছোবড়া শিল্পের কারিগর ও উদ্যোক্তাদের বিসিকের নিবন্ধন, আধুনিক প্রযুক্তির ওপর কারিগরি প্রশিক্ষণ প্রদান, ক্লাস্টারভিত্তিক অবকাঠামো উন্নয়ন এবং সহজ শর্তে ঋণ প্রাপ্তিতে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থনীতিবিদ ও কৃষি প্রক্রিয়াজাতকরণ বিশেষজ্ঞদের মতে, তৈরি পোশাক ও পাটশিল্পের পাশাপাশি কয়ার শিল্পকে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর বর্জ্য ব্যবস্থাপনার আওতায় ডাব ও নারিকেলের খোসা আলাদাভাবে সংগ্রহ করে উদ্যোক্তাদের কাছে সরবরাহের ব্যবস্থা করা জরুরি।

একই সাথে নারিকেল চাষে রোগবালাই দমন ও উচ্চফলনশীল জাত সম্প্রসারণে কৃষি বিভাগের বিশেষ নজরদারি, আধুনিক প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়, মান নিয়ন্ত্রণ ল্যাব স্থাপন এবং রপ্তানিতে নগদ প্রণোদনা প্রদান করা হলে অবহেলিত এই নারিকেলের ছোবড়া অদূর ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতিতে একটি শক্তিশালী ও পরিবেশবান্ধব স্তম্ভ হিসেবে দাঁড়াবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্দোলন নিয়ে বিভক্তি, বিশ্ববিদ্যালয়ে কাটেনি অচলাবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ এম


আন্দোলন নিয়ে বিভক্তি, বিশ্ববিদ্যালয়ে কাটেনি অচলাবস্থা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলমের নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, টানা ৬৮ দিন ধরে চলমান কর্মসূচিতে আন্দোলনকারীদের একটি অংশ দ্রুত সংকটের সমাধান চাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে, অন্যদিকে অপর পক্ষ উপাচার্যবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ সময় ধরে কর্মসূচি চলার ফলে আন্দোলনকারীদের মধ্যে ক্লান্তি ও হতাশা সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, অচলাবস্থার দ্রুত সমাধান চেয়ে আন্দোলনকারীদের একটি অংশ চট্টগ্রামের একজন প্রভাবশালী প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চায়। তাদের মতামত হলো, সরকারের নিয়োগ দেওয়া উপাচার্যকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া উচিত। তবে অপর পক্ষ এ বিষয়ে আলোচনায় বসতে রাজি নয়।

চুয়েটের শিক্ষার্থী ও শিক্ষকরা জানিয়েছেন, দীর্ঘদিন অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। উপাচার্যের কক্ষ তালাবদ্ধ থাকায় আর্থিক অনুমোদন সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। শিক্ষার বিভিন্ন উপকরণ শেষ হয়ে গেলেও নতুন করে তা কেনা সম্ভব হচ্ছে না, কারণ এসব ক্ষেত্রে উপাচার্যের অনুমোদন প্রয়োজন।

এদিকে, জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে বকেয়া থাকায় চুয়েটের বাস চলাচলও অনিশ্চয়তার মুখে পড়েছে। গবেষণা সহকারীদের বেতন বন্ধ রয়েছে এবং শিক্ষকদের নতুন বেতন স্কেল কার্যকর করার বিষয়টিও আটকে আছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালানোর জন্য একজন উপাচার্য প্রয়োজন বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

এরই মধ্যে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি থেকে সরে এসে চুয়েটের শিক্ষার্থী, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠানের ভেতর থেকেই উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে। তবে গত শুক্রবার রাতে সিনিয়র-জুনিয়র বিরোধকে কেন্দ্র করে চুয়েট ক্যাম্পাসে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, যাতে অন্তত ছয়জন আহত হন, তাদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।

চুয়েট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫০ জন গবেষণা সহকারী কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না। কম্পট্রোলার অফিস উপাচার্য কার্যালয়ে অবস্থিত হওয়ায় দপ্তরটির কার্যক্রমও ব্যাহত হচ্ছে। বাজেট থাকলেও বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না। গত ৬৮ দিন ধরে উপাচার্য দপ্তরে শিক্ষার্থীদের দেওয়া তালা ঝুলছে, যার ফলে হোয়াইট বোর্ডের মার্কারসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণের সংকট তৈরি হয়েছে।

সবচেয়ে বড় সংকটে পড়েছে শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা। জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ইস্টার্ন্ড অটোমোবাইলসের কাছে গত তিন মাসের বকেয়া রয়েছে চুয়েটের। বকেয়া পরিশোধে দেওয়া এক সপ্তাহের সময়সীমাও শেষ হয়েছে। বকেয়া পরিশোধ না করলে জ্বালানি সরবরাহ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে প্রতিষ্ঠানটি, ফলে চুয়েটের সব বাস ও অ্যাম্বুলেন্স বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নতুন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করাও বর্তমানে সম্ভব নয়।

বিভিন্ন বিভাগের কর্মচারীরা জানিয়েছেন, জ্বালানি ছাড়াও ডেঙ্গু প্রতিরোধের কীট ও ফার্মেসির ওষুধের মজুত শেষ হয়ে গেছে। উপাচার্য না থাকায় সামনে ভর্তি পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি চলমান বিভিন্ন সেশনের পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না, ফলে শিক্ষার্থীরা ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এদিকে, গত ২৬ নভেম্বর থেকে শিক্ষার্থীরা আবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। তবে শুক্রবার আধা ঘণ্টা সড়ক অবরোধ ও ক্যাম্পাসে মিছিলের পর শনিবার কোনো কর্মসূচি পালন করা হয়নি। শুধুমাত্র একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেই শাটডাউন কর্মসূচি চালানো হয়েছে। আজ রোববার চুয়েট শিক্ষক সমিতি মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে দেওয়া হয়। পরে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলে ২২ সেপ্টেম্বর থেকে শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে চুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও স্টাফ অ্যাসোসিয়েশনও কর্মবিরতি পালন করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%