১১:৩১ এম
শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় ‘তথ্য ও প্রযুক্তি সেবা’ বিভাগে সেরা স্টলের পুরস্কার অর্জন করেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আইটি বিটস। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার সমাপনী দিনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এরিকা আফরিন বুশরা পুরস্কার গ্রহণ করেন। পুরস্কারপ্রাপ্ত ডি-৭৫ নম্বর স্টল থেকেই আইটি বিটসের তৈরি পারিবারিক স্বাস্থ্যযত্নের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সাইকেল সার্কেল’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
দেশীয় উদ্যোক্তাদের পণ্য ও সেবা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতায় এই মেলা আয়োজন করা হয়েছিল, যা আইটি বিটসকে সম্ভাব্য ব্যবহারকারীদের কথা শোনার সুযোগও করে দিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাত দিনের মেলায় স্টলে আসা দর্শনার্থীদের মধ্যে কেউ নিজের মাসিকের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন, কেউ মায়ের যত্নে কী ধরনের সহায়তা প্রয়োজন সে বিষয়টি জানিয়েছেন। অভিভাবকদের সঙ্গে আলোচনা চলাকালীন স্কুলপড়ুয়া মেয়েকে কীভাবে আগে থেকে প্রস্তুত করা যায়, সে বিষয়টিও উঠে এসেছে। দর্শনার্থীদের অভিজ্ঞতা ও পরামর্শের জন্য বুশরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সাইকেল সার্কেলের ধারণা মা ও মেয়ের দৈনন্দিন জীবনের একটি পরিচিত পরিস্থিতি থেকে উদ্ভূত হয়েছে। স্কুলে হঠাৎ পিরিয়ড শুরু হলে মেয়েটি ব্যাগে প্রয়োজনীয় সামগ্রী আছে কি না, কিংবা কার কাছে সাহায্য চাইবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারে। বাংলাদেশে এ প্রস্তুতির গুরুত্ব ২০১৮ সালের জাতীয় হাইজিন জরিপ থেকে স্পষ্ট হয়। জরিপে অংশ নেওয়া স্কুলছাত্রীদের মাত্র ৫৩ শতাংশ প্রথম মাসিকের আগে মাসিক সম্পর্কে শুনেছিল।
আরও পড়ুন: যশোরে নাশকতার মামলায় আ. লীগ-ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
এরিকা আফরিন বুশরা মন্তব্য করেন, ‘আমরা চেয়েছি, মেয়েটা স্কুলে যাওয়ার আগেই মায়ের সঙ্গে কথাটা বলার সুযোগ পাক। নিজের ব্যাগে প্যাডটা কোথায় আছে, দরকার হলে কোন আপাকে বলবে- এইটুকু জানা থাকলেও ও অনেকটা নিশ্চিন্তে ক্লাস করতে পারে।’
সাইকেল সার্কেলের একটি বিশেষ সুবিধা হলো, একই অ্যাকাউন্টে পরিবারের একাধিক সদস্যের জন্য আলাদা প্রোফাইল রাখা যায়। আগের মাসিকের তারিখ নথিভুক্ত থাকলে পরবর্তী মাসিকের সম্ভাব্য সময়ের আগে রিমাইন্ডার পাওয়া যায়। এতে মা ও মেয়ে একসঙ্গে স্কুলের দিনের প্রস্তুতি নিতে পারে। আবার মেনোপজের সময় একজন নারী নিজের উপসর্গের পরিবর্তন লিখে রাখতে পারেন। চিকিৎসকের কাছে গেলে কোন সমস্যা কবে শুরু হয়েছিল বা কতবার হয়েছিল, তা নিজের প্রোফাইলের স্বাস্থ্যসারাংশ থেকে দেখাতে পারেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন