১১:৩১ এম
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবার চরিত্রের প্রয়োজনে শারীরিক গঠনে পরিবর্তন আনতে গিয়ে কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। নতুন সিনেমা ‘ইথা’র জন্য তিনি প্রায় ১০ থেকে ১২ কেজি ওজন বাড়িয়েছিলেন। তবে, বাড়তি ওজন নিয়ে নাচের দৃশ্য ধারণ করতে গিয়ে শুটিংয়ের দ্বিতীয় দিনেই গুরুতর চোট পান অভিনেত্রী। এর ফলে, দীর্ঘ সময় শুটিং থেকে বিরতি নিতে হয়েছিল তাকে।
নৃত্য পরিচালক বৈভবী মার্চেন্ট সম্প্রতি শ্রদ্ধার শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানোর পর জটিল নৃত্যভঙ্গি আয়ত্ত করা শ্রদ্ধার জন্য বেশ কঠিন হয়ে পড়ে। বিশেষ করে, দ্রুত পায়ের মুদ্রা পরিবর্তন এবং দীর্ঘ সময় নাচের অনুশীলন করতে গিয়ে শারীরিকভাবে চাপের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে।
পরিচালক লক্ষ্মণ উতেকর সিনেমাটির শুটিংয়ের ক্ষেত্রে ভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছিলেন। গল্পের শেষ দিকের দৃশ্য দিয়ে শুটিং শুরু হওয়ায় শ্রদ্ধাকে শুরুতেই বাড়তি ওজন নিয়ে নাচের দৃশ্যে অংশ নিতে হয়। এ সময় তার শরীরের ওপর বাড়তি চাপ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে নিয়মিত মহড়া ও শারীরিক প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছিল।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধের পক্ষে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনকারী জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী আজ
বৈভবী জানান, শুটিংয়ের সময় ক্লাইম্যাক্সের একটি নাচের দৃশ্য ধারণ করতে গিয়ে শ্রদ্ধা আহত হন। খালি পায়ে নাচার সময় গরম মেঝের সঙ্গে ঘর্ষণের কারণে তার পায়ে চোট লাগে। এতে শুটিং বন্ধ রাখতে হয়। সুস্থ হতে অভিনেত্রীর প্রায় ছয় সপ্তাহ থেকে দুই মাস সময় লেগেছিল।
পরবর্তী সময়ে শুটিংয়ে ফেরার পর শ্রদ্ধার নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নাচের প্রতিটি দৃশ্যের আগে ও পরে ওয়ার্মআপ, কুলডাউন এবং ফিজিওথেরাপির ব্যবস্থা রাখা হয়েছিল।
‘ইথা’ নির্মিত হয়েছে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্য ও নৃত্যধারা তামাশা এবং লাবনিকে কেন্দ্র করে। এতে শ্রদ্ধা কাপুরকে কিংবদন্তি লোকশিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত চরিত্রে দেখা যাবে। চরিত্রটির প্রয়োজনে অভিনয়ের পাশাপাশি লাবনি নাচেরও বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
সিনেমাটিতে শ্রদ্ধার সঙ্গে আরও অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান ও অনন্ত যোশী। লক্ষ্মণ উতেকর পরিচালিত সিনেমাটি আগামী ৪ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: ২০ বছর পর শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন