শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১১:২৬ পি.এম
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য এবং বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল মাদকের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ‘নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
শুক্রবার (২৭ নভেম্বর) কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচরে হাজী অ্যাডভোকেট ওসমান গনি মডেল কলেজের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এমপি শেখ মজিবুর রহমান ইকবাল আরও বলেন, ‘নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।’
কলেজের অধ্যক্ষ শিরীন আরজু সুলতানা স্বাগত বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে আধুনিক শিক্ষার পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। কলেজের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’
কলেজের অবকাঠামো উন্নয়নে সহযোগিতার দাবির প্রেক্ষিতে এমপি ইকবাল সরকারি পর্যায় থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, কলেজের সার্বিক উন্নয়নে তার পক্ষ থেকে যথাসাধ্য পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা হাজী অ্যাডভোকেট ওসমান গনির সভাপতিত্বে এবং প্রভাষক ও সাংবাদিক রাজ্জাকুন্নাহার সুমীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোস্তফা আমিনুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সরারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন মিয়া, দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার ও মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নাসরুল আনোয়ার, কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মুহাম্মদ ফয়েজ কাউছার, অ্যাডভোকেট তৌহিদ ফাত্তাহ, বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান সিরাজ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ওমরাহ যাত্রীদের সৌদি আরবে নিয়ে যাওয়ার জন্য বিমানের টিকিট সরবরাহের ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মো. রবিউল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিবিআই জেলা পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পিবিআই জানায়, সোনারগাঁয়ের ‘রাহে কাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী মো. আল আমিনের সঙ্গে ওমরাহ যাত্রীদের বিমানের টিকিট সরবরাহের জন্য ২ কোটি ১০ লাখ টাকার চুক্তি করে প্রতারক চক্রটি। চুক্তি অনুযায়ী সৌদি এয়ারলাইনসের টিকিট সরবরাহ করার কথা থাকলেও, প্রতারক চক্রটি মাত্র ৯ জনের যাওয়া-আসার টিকিট এবং ৭০ জনের শুধু যাওয়ার টিকিট সরবরাহ করেছে। পরবর্তীতে দেশে ফিরে আসতে ভুক্তভোগী হজ্ব যাত্রীদের নিজ খরচে আরও ৭১ লাখ ৮৭০ টাকা ব্যয় করতে হয়েছে। এছাড়া, বাকি ১৬৯টি টিকিট সরবরাহ না করায় অর্থ আত্মসাতের পরিমাণ ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকায় দাঁড়িয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই জেলা পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রামের খুলশী থানাধীন ফিনলে আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাথরুমের ফলস ছাদের নিচে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেফতার করা হয় প্রতারক চক্রটির মূল হোতা রবিউল হোসেনকে। পরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মোহাম্মদ রিফাত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পিবিআই জেলা পুলিশ সুপার আরও জানান, রবিউল হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার আদালতে আটটি মামলার তথ্য পাওয়া গেছে। এছাড়া, তার নামে বিভিন্ন ব্যাংকের ৯টি হিসাবের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্যও তদন্তকারী দল পেয়েছে। আত্মসাৎ করা অর্থ বিদেশে পাচার করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রতারক চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার সোভিয়েত শাসনামলে জোসেফ স্তালিনের গুলাগ শ্রমশিবিরে বন্দিদের ওপর নির্যাতন ও হত্যার স্মৃতি মুছে ফেলার উদ্যোগ গ্রহণ করেছে। একের পর এক সরানো হচ্ছে নির্যাতনের শিকার ব্যক্তিদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ও স্মারক ফলক। ইতিহাস সংরক্ষণে কাজ করা সংগঠন ও জাদুঘরগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় প্রচারে স্তালিনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের প্রধান স্থপতি হিসেবে তুলে ধরা হচ্ছে। তার শাসনামলের ব্যাপক দমন-পীড়নকে আধুনিক সোভিয়েত রাষ্ট্র গঠনের অনিবার্য পরিণতি হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে স্তালিনের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রচেষ্টা আরো তীব্র হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়কে জাতীয় গৌরবের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেছে মস্কো। পুতিন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে সেই যুদ্ধের ধারাবাহিকতা হিসেবে উপস্থাপন করছেন। ইতিহাসবিদরা আশঙ্কা করছেন, অতীতের রাষ্ট্রীয় নিপীড়নের ভয়াবহতা আড়াল করে বর্তমান সময়ের দমন-পীড়নকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে ক্রেমলিন।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯২০ থেকে ১৯৫০-এর দশক পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা গুলাগ শ্রমশিবিরে রাজনৈতিক ভিন্নমতাবলম্বী থেকে সাধারণ অপরাধী—লাখ লাখ মানুষকে বন্দি করা হয়েছিল। তীব্র শীত, অনাহার, রোগব্যাধি ও অমানুষিক পরিশ্রমের কারণে এসব বন্দির মধ্যে প্রায় ১৫ লাখ মানুষের মৃত্যু হয়।
সোভিয়েত ইউনিয়নের শেষ বছরগুলোতে গুলাগের ভয়াবহতা সম্পর্কে প্রকাশ্যে আলোচনা শুরু হয়। ভুক্তভোগীদের নাম সংগ্রহ, নির্যাতনের ইতিহাস সংরক্ষণ এবং স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল অতীতের অপরাধগুলো সামনে এনে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকানো।
কিন্তু পুতিন সরকারের আমলে সেই উদ্যোগ ক্রমেই বাধাগ্রস্ত হচ্ছে। গুলাগের ইতিহাস সংরক্ষণে কাজ করা সংগঠন, জাদুঘর ও স্মৃতিচিহ্নগুলো একের পর এক সরিয়ে দেওয়া হচ্ছে।
গুলাগের স্মৃতি মুছে ফেলার অভিযান
রাশিয়ার রাজধানী মস্কোর গুলাগ জাদুঘর বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরিবর্তে চালু করা হয়েছে প্রযুক্তিনির্ভর একটি নতুন জাদুঘর, যেখানে সোভিয়েত জনগণের বিরুদ্ধে নাৎসিদের কথিত গণহত্যার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ফলে স্তালিনের শাসনামলে গুলাগ বন্দিদের ওপর চালানো নির্যাতনের ইতিহাস অনেকটাই আড়ালে চলে যাচ্ছে।
এছাড়া গুলাগের ইতিহাস সংরক্ষণে কাজ করা ‘মেমোরিয়াল’ নামের সংগঠনটির কার্যক্রমও বন্ধ করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর দুই মাসেরও কম সময় আগে সংগঠনটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। ওই বছরই সংগঠনটি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। চলতি বছরের বসন্তে রাশিয়ার সুপ্রিম কোর্ট মেমোরিয়ালকে ‘চরমপন্থী সংগঠন’ হিসেবে ঘোষণা করে। ফলে সংগঠনটির হয়ে কাজ করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে এর কোনো পোস্ট শেয়ার করাও অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে সংগঠনটির অধিকাংশ কার্যক্রম রাশিয়ার বাইরে পরিচালিত হচ্ছে।
এদিকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে গুলাগের বন্দিদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ও ফলকও সরিয়ে ফেলা হচ্ছে। আঞ্চলিক সংবাদমাধ্যম ‘৭এক্স৭’-এর সাংবাদিকদের হিসাবে, ২০২২ সালের পর থেকে দেশটির অন্তত ২৬টি স্মৃতিচিহ্ন অপসারণ করা হয়েছে।
মস্কোর মুজেওন স্মৃতি উদ্যানে গুলাগের একটি স্মৃতিস্তম্ভ সরিয়ে ফেলা হয়েছে। তবে রাজনৈতিক নিপীড়নের জন্য দায়ী ব্যক্তিদের ভাস্কর্যগুলো সেখানে রয়ে গেছে। দেশটির সুদূর পূর্বাঞ্চলের ভ্লাদিভস্তকে গুলাগের ভয়াবহতা নিয়ে বিখ্যাত বই ‘গুলাগ আর্কিপেলাগো’র লেখক আলেকসান্দর সলঝেনিৎসিনের ভাস্কর্য শহরের কেন্দ্রীয় সড়ক থেকে সরিয়ে দূরের একটি পার্কে নেওয়া হয়েছে।
সাইবেরিয়ার ইয়াকুৎস্ক শহরে রাজনৈতিক নিপীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ সরিয়ে সেখানে ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের স্মরণে ভাস্কর্য স্থাপন করা হয়েছে।
ইউক্রেনীয় বন্দিদের নাম থাকায় সরানো হলো স্মারক
রাশিয়ার আর্কটিক অঞ্চলের ভর্কুটা শহরের কাছে ইউর-শর নামের একটি গ্রামে গত গ্রীষ্মে গুলাগের বন্দিদের স্মরণে নির্মিত একটি স্মারক ফলক সরিয়ে ফেলা হয়। সেখানে একটি কবরস্থান রয়েছে। ১৯৪৪ সাল থেকে ১৯৫০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত স্থানীয় একটি খনিতে কাজ করা বন্দিদের সেখানে সমাহিত করা হয়েছিল। তুন্দ্রা অঞ্চলের সেই কবরগুলোর চিহ্ন হিসেবে মাটিতে পুঁতে রাখা হয়েছিল কাঠের খুঁটি।
বন্দিদের অনেকেই ছিলেন রাজনৈতিক ভিন্নমতাবলম্বী। তাদের অনেকে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসেছিলেন। ১৯৫৩ সালে স্তালিনের মৃত্যুর কয়েক মাস পর বন্দিদের একটি অংশ উন্নত জীবনযাপন এবং নিজেদের মামলার পুনর্বিবেচনার দাবিতে বিদ্রোহ করেছিলেন। জবাবে শিবিরের প্রশাসন কয়েক ডজন বন্দিকে হত্যা করে।
প্রায় ৫০ বছর পর ইতিহাসবিদ আলেকসান্দর ভি. কলমাকভ ও কয়েকজন গবেষক রাষ্ট্রীয় আর্কাইভের নথি ঘেঁটে ওই কবরস্থানে সমাহিত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করেন। পরে তাদের নাম সংগ্রহ করে কবরের প্রতিটি ক্রুশের গায়ে ফলক লাগানো হয়।
১৯৬৮ সালে ভূতত্ত্ববিদ হিসেবে ভর্কুটায় আসেন কলমাকভ। সেখানে নামহীন কিছু কবর দেখে তিনি স্থানীয় বাসিন্দাদের কাছে সেগুলোর ইতিহাস জানতে চান। কিন্তু কেউ মুখ খুলতে রাজি হননি। ওই অঞ্চলে গুলাগের ভয়াবহতার ব্যাপ্তি বুঝতে তার প্রায় ২০ বছর সময় লেগেছিল।
২০১০ সালে সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। এতে মূলত ইউক্রেনীয় বন্দিদের নাম ছিল। তাদের কয়েকজনের বিরুদ্ধে ইউক্রেনের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ আনা হয়েছিল। স্মৃতিস্তম্ভ উদ্বোধনের সময় তোলা ছবিতে অংশগ্রহণকারীদের ইউক্রেন ও রাশিয়ার পতাকা হাতে দেখা যায়।
কিন্তু ১৬ বছর পর স্মৃতিস্তম্ভে ইউক্রেনীয়দের নাম থাকাকেই সেটি সরিয়ে ফেলার কারণ হিসেবে দেখান ভর্কুটা সিটি কাউন্সিলের এক সদস্য। ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া সাবেক সেনা গ্রিগরি দিশলিক স্মৃতিস্তম্ভটি অপসারণের দাবি জানান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, অতীতে কী ঘটেছিল, তা সবার মনে রাখা উচিত, যাতে এমন ঘটনা আর না ঘটে। তবে কবরস্থানটি শুধু মানচিত্রে চিহ্নিত থাকলেই যথেষ্ট। স্মারক ফলকটি সেখানে রাখার কোনো প্রয়োজন নেই।
পারিবারিক স্মৃতিতে গুলাগের ভয়াবহতা
গুলাগের নির্যাতনের ইতিহাস শুধু নথি বা স্মৃতিস্তম্ভে সীমাবদ্ধ নয়। রাশিয়ার অনেক পরিবারের ব্যক্তিগত স্মৃতিতেও তা আজও জীবন্ত।
৫২ বছর বয়সী মিখাইল আর. স্মিরিয়াকা তার পুরো জীবন কাটিয়েছেন রাশিয়ার প্রত্যন্ত আর্কটিক অঞ্চলে। আট দশক আগে তার দাদাকে ‘জনগণের শত্রু’ আখ্যা দিয়ে ধরে নিয়ে গুলাগের একটি শ্রমশিবিরে পাঠানো হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুর্ভিক্ষের সময় তার দাদি শস্য চুরি করেছিলেন। সেই অপরাধের জেরেই তার দাদাকে কঠোর পরিশ্রমের শাস্তি ভোগ করতে হয়।
শৈশবে স্মিরিয়াকার পরিবারের রান্নাঘরটিই ছিল একমাত্র জায়গা, যেখানে রাষ্ট্রীয় দমন-পীড়ন নিয়ে খোলামেলা কথা বলা যেত। তার মা তাকে বলেছিলেন, আশপাশের কয়লাখনি, পৌর প্রতিষ্ঠান, এমনকি স্থানীয় থিয়েটারও বন্দিদের হাড়ের ওপর গড়ে উঠেছে।
বর্তমানে বেকার এই সাবেক কয়লাখনিশ্রমিক থাকেন জনসংখ্যা কমতে থাকা জাপোলিয়ার্নি শহরে। তার ভাষায়, রাশিয়ার মানুষকে এখন শুধু ভালো ঘটনা আর বিজয়ের ইতিহাস মনে রাখতে বলা হচ্ছে।
গুলাগের স্মৃতি সংরক্ষণে কাজ করা ইতিহাসবিদ কলমাকভও মনে করেন, রুশ সমাজ ক্রমেই বিভক্ত ও বিদ্বেষপূর্ণ হয়ে উঠছে। তার মতে, মেমোরিয়াল সংগঠন নিষিদ্ধ করার পাশাপাশি ভর্কুটায় গুলাগের ইতিহাস নিয়ে জাদুঘর নির্মাণের নাগরিক উদ্যোগও বাধাগ্রস্ত করা হয়েছে।
তিনি বলেন, আজ রুশ সমাজে ‘মেমোরিয়াল’ শব্দটিই যেন অভিশাপে পরিণত হয়েছে। ইতিহাস থেকে কেউ শিক্ষা নিচ্ছে না। অন্যদের ভয় দেখাতে নিজেদের মানুষকেই শাস্তি দেওয়ার প্রবণতা ফিরে এসেছে।
কলমাকভ আরো জানান, স্তালিনের আমলে প্রতিটি অঞ্চলের জন্য কতজন ‘জনগণের শত্রু’কে গুলি করে হত্যা করা হবে এবং কতজনকে কঠোর শ্রমে পাঠানো হবে, তার নির্দিষ্ট সরকারি লক্ষ্যমাত্রা ছিল। এ বিষয়ে সরকারি নথিপত্র ও বইও তিনি দেখিয়েছেন।
স্তালিনের পক্ষে নতুন বয়ান
তবে রাশিয়ার সবাই যে স্তালিনের শাসনামলের দমন-পীড়নকে অপরাধ হিসেবে দেখছেন, তা নয়। সরকারের প্রচারিত নতুন বয়ানের সঙ্গে মিল রেখে অনেকেই ওই সময়ের ঘটনাগুলো ব্যাখ্যা করছেন।
জাপোলিয়ার্নি শহরের বাসিন্দা লারিসা সুন্দারিওভার বাবা যুদ্ধের সময় বন্দি হওয়ার কারণে ২৫ বছরের কঠোর শ্রমের সাজা পেয়েছিলেন। সোভিয়েত ইউনিয়ন যুদ্ধের সময় শত্রুপক্ষের হাতে বন্দি হওয়াকে বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা করত।
তবে লারিসা মনে করেন, ব্যাপক দমন-পীড়নের জন্য শুধু স্তালিন দায়ী নন। ওই সময়ে অনেক মানুষ নিজেদের প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ করতেন। তার প্রশ্ন, লোহার কঠোর শাসন ছাড়া স্তালিন কি এমন সাফল্য অর্জন করতে পারতেন?
গুলাগের ইতিহাস আড়ালে রেখেই জাদুঘর সংস্কার
গুলাগের ইতিহাস সংরক্ষণে রাশিয়ার সব অঞ্চলে একই ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না। ভর্কুটার প্রতিবেশী ইয়ামাল অঞ্চলে সম্প্রতি ‘ক্যাম্প গ্লুখারিনি’ নামে গুলাগের একটি পুরোনো শিবির সংস্কার করা হয়েছে।
এই প্রত্যন্ত শিবিরের বন্দিদের কঠোর পরিবেশে কাজ করতে বাধ্য করা হতো। তাদের দিয়ে অসমাপ্ত ট্রান্স-পোলার রেলপথ প্রকল্পের ৫০১ ও ৫০৩ নম্বর অংশ নির্মাণের কাজ করানো হয়েছিল।
ওই রেলপথ নির্মাণের জন্য প্রতিষ্ঠিত কয়েকটি শিবির পরবর্তী সময়ে কঠোর নিরাপত্তার কারাগারে রূপান্তরিত হয়। এর মধ্যে পেনাল কলোনি-৩ রয়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, রুশ বিরোধী রাজনীতিক আলেক্সেই নাভালনিকে এই কারাগারেই হত্যা করা হয়েছিল।
ক্যাম্প গ্লুখারিনির উন্মুক্ত জাদুঘরে বন্দিদের কঠিন জীবনযাপনের চিত্র তুলে ধরা হয়েছে। তবে গুলাগের সামগ্রিক ইতিহাস সম্পর্কে সেখানে কোনো তথ্য নেই। এমনকি ওই শিবিরে বন্দিদের বড় একটি অংশ যে রাজনৈতিক বন্দি ছিলেন, সেটিও উল্লেখ করা হয়নি।
ইয়ামাল অঞ্চলের রাজধানী সালেখার্দে ইতিহাসবিদ জার্মান বারদিনের সঙ্গে কথা বলেছেন প্রতিবেদক। তার মতে, সোভিয়েত ইউনিয়নের উন্নয়নের জন্য স্তালিনের কারাগারের বন্দিদের শ্রমের প্রয়োজন ছিল। বন্দিদের কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটি তার কাছে মুখ্য নয়।
এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, পিরামিড নির্মাণে দাসদের ব্যবহার করা হয়েছিল—এই বিষয়টি নিয়ে আজ এত গুরুত্ব দিয়ে ভাবার কী আছে? বর্তমানে পিরামিডকে তো বিশ্বের সপ্তাশ্চর্যের একটি হিসেবেই বিবেচনা করা হয়।
বিশ্লেষকদের মতে, রাশিয়ায় গুলাগের ইতিহাস মুছে ফেলার এই প্রচেষ্টা কেবল অতীতের স্মৃতিচিহ্ন অপসারণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে রাষ্ট্রীয় নিপীড়নের ইতিহাসকে নতুনভাবে ব্যাখ্যা করার পাশাপাশি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সরকারের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে। অতীতের অপরাধ আড়াল করার এই প্রবণতা রাশিয়ায় মানবাধিকার ও রাজনৈতিক স্বাধীনতার ভবিষ্যৎ নিয়েও নতুন উদ্বেগ তৈরি করছে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
এআরকি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ওয়ারী ও হাতিরপুল এলাকায় পৃথক স্থানগুলোতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আবেদ আলী উচ্চ বিদ্যালয় ও ইস্টার্ন প্লাজার সামনে এই বিস্ফোরণগুলো ঘটে। এসব ঘটনায় হতাহত না হলেও হাতিরপুলের ঘটনার সাথে জড়িত একজনকে পুলিশ আটক করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেল সাড়ে তিনটার দিকে ওয়ারীর আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বলেন, বিকেল সাড়ে তিনটার সময় আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর হাতিরপুল এলাকায় ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় পালানোর চেষ্টা করার সময় একজনকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বিশেষ অভিযান পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) মো. শাওন হোসেন সাব্বির (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে। তার কাছে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টায় রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের একটি ভাড়া বাসার ছাদ থেকে তাকে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার হওয়া মো. শাওন হোসেন সাব্বির চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহ আলমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন জানায়, তিনি জব্দকৃত অবৈধ অস্ত্র ও গুলি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখে ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
এ ঘটনার আগে, চলতি বছরের এপ্রিলে পুরান ঢাকার নয়াবাজার এলাকায় যুবদল নেতা রাসেলকে গুলির ঘটনা ঘটে। এই ঘটনায় আসামি ধরতে গিয়ে প্রথমবারের মতো কেরানীগঞ্জ এলাকা থেকে পেনগান উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ