ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

কূটনীতিকদের মধ্যে সম্পর্ক জোরদারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনডোর গেমস আয়োজন


কূটনীতিকদের মধ্যে সম্পর্ক জোরদারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনডোর গেমস আয়োজন

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : ক্রীড়া কূটনীতির মাধ্যমে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করার উদ্দেশ্যে ঢাকায় দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস ২০২৬’ আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই আয়োজনে কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আজ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ ও ২৯ আগস্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-তে দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘স্পোর্টস ডিপ্লোমেসি ইনিশিয়েটিভ ২০২৬’-এর প্রথম আয়োজন।

গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আরও পড়ুন: কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

উদ্বোধনকালে তিনি বলেন, ‘মানুষের মধ্যে আস্থা ও বোঝাপড়ার ভাষা হিসেবে খেলাধুলা সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই আয়োজন আমাদের আন্তর্জাতিক অংশীদার ও দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য প্রথাগত কাঠামোর বাইরে খোলামেলা আলোচনা এবং সম্পর্ক গড়ে তোলার একটি সহজ সুযোগ তৈরি করেছে।’

দ্বিতীয়বারের মতো আয়োজিত এই গেমসে ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ঢাকার কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্যরা আনুষ্ঠানিক কূটনৈতিক পরিবেশের বাইরে পরস্পরের সঙ্গে যোগাযোগের সুযোগ পান।

বাংলাদেশ, আলজেরিয়া, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, মিসর, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, নেপাল, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলও এই আয়োজনে অংশ নেয়। তাছাড়া জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইউএনডিপি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), আন্তর্জাতিক অর্থ কর্পোরেশন (আইএফসি) এবং আইএসডি’র প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: সুরঞ্জিতের নেতৃত্বে অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল ও সালাহউদ্দিন আহমদের মতভেদ

আইএসডি’র পরিচালক মাইক মিলার জানান, কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যদের তাদের ক্যাম্পাসে স্বাগত জানাতে পেরে স্কুলটি গর্বিত।

তিনি বলেন, ‘বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে একত্র হওয়া আমাদের আইবি কারিকুলামের মূল লক্ষ্যÑ বৈচিত্র্য ও আন্তর্জাতিক মানসিকতার প্রকৃত উদযাপনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’

ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি এই আয়োজন কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা, সরকারি প্রতিনিধি এবং অংশীদার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের পারস্পরিক যোগাযোগ এবং পেশাগত ও ব্যক্তিগত সম্পর্ক আরো জোরদারের সুযোগ তৈরি করে।

খেলোয়াড়দের মধ্যে ঘরোয়া আলোচনা ও যোগাযোগের সুযোগ তৈরি করতে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান, আতিথেয়তা স্থান এবং ম্যাচের মধ্যবর্তী সময়গুলো বিশেষভাবে সাজানো হয়।

আরও পড়ুন: মেঘনা নদীতে নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে মা ইলিশ নিধনের মহোৎসব

ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের বিভিন্ন বিভাগে বিজয়ী ও রানার্সআপদের পুরস্কার দেওয়ার মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।

ব্যাডমিন্টনের পুরুষ দ্বৈতে আইওএম-এর সোহেল বড়ুয়া ও মো. মোরশেদুল আলম মুন্না চ্যাম্পিয়ন হন। আইএসডি’র মানস ও ভাইসাক রানার্সআপ হন।

মিশ্র দ্বৈতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জেসন ও সায়েদা তাসমিন সুলতানা শিরোপা জয় করেন। ইন্দোনেশিয়ার সাপ্তো সুদিয়ান্তো ও নুর রানার্সআপ হন।

টেবিল টেনিস দ্বৈতে ডব্লিউএইচও’র মো. রুহুল কুদ্দুস ও মো. মোহসিন আজাদ শিরোপা জয় করেন। তাদের সহকর্মী নিউটন রনি দাস ও মো. সুজা উদ্দিন ভূঁইয়া রানার্সআপ হন।

আরও পড়ুন: আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া হাফেজ হীরাকে সংবর্ধনা

টেবিল টেনিস এককে ইউএনডব্লিউএফপি’র আয়ান দেওয়ান চ্যাম্পিয়ন হন। ডব্লিউএইচও’র মো. রুহুল কুদ্দুস রানার্সআপ হন।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭০০-এর বেশি নম্বর পেলেই ফরম পূরণের দায়িত্ব নেবে আ্যলামনাই এসোসিয়েশন

আন্তর্জাতিক ডেস্ক

রিপোর্ট-শাহ্ জালাল সরদার, কালকিনি ও ডাসার (মাদারীপুর)

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


৭০০-এর বেশি নম্বর পেলেই ফরম পূরণের দায়িত্ব নেবে আ্যলামনাই এসোসিয়েশন

মাদারীপুরের কালকিনি উপজেলার কালাই সরদারের চর শরিয়াতিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আ্যলামনাই এসোসিয়েশন’ শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনটি ঘোষণা করেছে যে, ২০২৭ সালের দাখিল পরীক্ষার জন্য যারা টেস্ট পরীক্ষায় ৭০০-এর বেশি নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হবে, তাদের ফরম পূরণের দায়িত্ব তারা নেবে।

এই ঘোষণা সিরাতুননবী (সা.) উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস হোসেন তালুকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইলিয়াস হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মোহসেন উদ্দিন এবং আ্যলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল ইমাম মৃধা। উল্লেখ্য, আ্যলামনাই এসোসিয়েশন এর সভাপতি ড. আহসান হাবিব অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তার পক্ষ থেকে সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি এবং ম্যানেজিং কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আ্যলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন তালুকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের উপদেষ্টা মোছলেহ উদ্দিন চুন্নু, সাংবাদিক শাহ্ জালাল সরদার, সহিদুল ইসলাম (মাস্টার) ও সাধারণ সম্পাদক আল ইমাম মৃধা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক ও আ্যলামনাই এসোসিয়েশন এর উপদেষ্টা মাওলানা মোসলেহ উদ্দিন চুন্নু।

এ সময় বক্তারা উল্লেখ করেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে শুধুমাত্র শিক্ষক বা কর্তৃপক্ষের প্রচেষ্টা নয়, বরং প্রাক্তন শিক্ষার্থীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। বক্তারা মাদ্রাসায় নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের যথাসময়ে উপস্থিতি এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করার বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, শিক্ষার পরিবেশ উন্নত হলে শিক্ষার্থীদের ফলাফলও ভালো হবে। এজন্য মাদ্রাসার শিক্ষক, ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী, অভিভাবক ও আ্যলামনাই এসোসিয়েশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এদিকে শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করতে আ্যলামনাই এসোসিয়েশনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৭ সালের টেস্ট পরীক্ষায় কোনো শিক্ষার্থী ৭০০-এর বেশি নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হলে ওই শিক্ষার্থীর দাখিল পরীক্ষার ফরম পূরণের দায়িত্ব সংগঠনটি বহন করবে।

অন্যদিকে, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইলিয়াস হোসেন তালুকদার প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তার কাছে তুলে ধরেন। তিনি পর্যায়ক্রমে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষে সিরাতুননবী (সা.) উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আ্যলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট, বই ও পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সংগঠনের দায়িত্বশীলরা।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আ্যলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিলেন ২৫০ তরুণ-তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


লক্ষ্মীপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিলেন ২৫০ তরুণ-তরুণী

লক্ষ্মীপুর, ৩১ আগস্ট, ২০২৬ : বেকারত্বকে দক্ষতায় রূপান্তরিত করা এবং দক্ষতাকে আয়ে পরিণত করার উদ্দেশ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে একত্রে ২৫০ জন তরুণ-তরুণীকে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে, যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীল গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

রায়পুর উপজেলা প্রশাসনের দাবি, দেশের মধ্যে এ ধরনের প্রশিক্ষণ একসঙ্গে এত সংখ্যক প্রশিক্ষণার্থীকে দেওয়ার ঘটনা এই প্রথম।

এই উদ্যোগের পেছনে রয়েছেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাওছার। তার পরিকল্পনা ও উদ্যোগে শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় তরুণদের অনলাইন ভিত্তিক কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজের সুযোগ তৈরি করার লক্ষ্য নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

আজ সোমবার রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাওছার।

এর আগে এই কার্যক্রমের আওতায় ৫০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং তাদের প্রশিক্ষণ শেষে সনদপত্রও প্রদান করা হয়েছে। নতুন করে ২৫০ জন যুক্ত হওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষণ নেওয়া তরুণদের সংখ্যা এখন ৩০০ জনে দাঁড়িয়েছে।

প্রশিক্ষণার্থী তিন্নি আক্তার বলেছেন, "এ প্রশিক্ষণ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয়ও করছি। এরই মধ্যে লোকাল মার্কেট থেকে বিভিন্ন কাজ করে ৭ হাজার ১৬৬ টাকা আয় করেছি। প্রশিক্ষণটি আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। এখন আমি আরও দক্ষতা অর্জন করে নিয়মিতভাবে অনলাইনে কাজ করে পরিবারের সহযোগিতা করতে চাই।"

আরেক প্রশিক্ষণার্থী জয়া নাথ বলেন, "প্রশিক্ষণে এসে ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পাচ্ছি। এখন বুঝতে পারছি, দক্ষতা থাকলে ঘরে বসেও নিজের কর্মসংস্থান তৈরি করা সম্ভব।"

প্রশিক্ষণার্থী ইয়াসিন মুন্সী বলেন, "একজন তরুণ হিসেবে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন ছিল। এ প্রশিক্ষণ সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে। বিশেষ করে মেয়েদের জন্য ঘরে বসে কাজ করে আয় করার যে সুযোগ তৈরি হচ্ছে, তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে নিজেকে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।"

অপর প্রশিক্ষণার্থী লিজা আক্তার বলেন, "চাকরির পেছনে না ছুটে নিজের দক্ষতা কাজে লাগিয়ে আয় করার সুযোগ তৈরি করতে চাই। এই প্রশিক্ষণের মাধ্যমে মার্কেটপ্লেসে কাজ করার পাশাপাশি স্থানীয়ভাবে ক্লায়েন্ট তৈরি করার বিষয়ও শিখছি। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ আমাদের মতো তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেছেন, বর্তমানে বিশ্বজুড়ে অনলাইনভিত্তিক কাজের পরিধি দ্রুত বাড়ছে। বাংলাদেশের তরুণদের বড় একটি অংশ শিক্ষিত হলেও কর্মসংস্থানের সুযোগ সীমিত। তাই প্রচলিত চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং ও ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। প্রশিক্ষণের পর প্রশিক্ষণার্থীরা যেন বাস্তবে কাজ পেয়ে আয় করতে পারেন, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, "বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ দিন দিন বাড়ছে। আমাদের তরুণদের যদি প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে তারা শুধু চাকরির ওপর নির্ভরশীল না হয়ে নিজেরাই কর্মসংস্থান তৈরি করতে পারবে। রায়পুর উপজেলা প্রশাসনের এই উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী।"

তিনি আরও বলেন, "একসঙ্গে ২৫০ জন তরুণ-তরুণীকে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল দক্ষতার প্রশিক্ষণের আওতায় আনা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা চাই, প্রশিক্ষণ শেষে তারা বাস্তবে কাজের সঙ্গে যুক্ত হয়ে আয় করুন এবং নিজেদের পরিবার ও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখুন।"

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাওছার বাসসকে জানিয়েছেন, "তরুণদের শুধু প্রশিক্ষণ দেয়ায় আমাদের লক্ষ্য নয়; প্রশিক্ষণ শেষে তারা যেন বাস্তবে কাজ করতে পারেন এবং আয় করতে পারেন, সেটিই আমাদের মূল উদ্দেশ্য। রায়পুরের তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করে স্থানীয় ও বৈশ্বিক কর্মবাজারে যুক্ত করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।"

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্রজিত রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক, সাংবাদিক ও প্রশিক্ষণার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদার টাকা না পেয়ে বিআরডিবি কর্মকর্তাকে পেটানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:০১ পি.এম


চাঁদার টাকা না পেয়ে বিআরডিবি কর্মকর্তাকে পেটানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

চাঁদার টাকা না পাওয়ার কারণে বিআরডিবি’র কর্মকর্তাকে মারধর করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। বরিশালের গৌরনদী মডেল থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, স্বেচ্ছাসেবক দল নেতা দাবীকৃত সাড়ে চার লাখ টাকা না দেওয়ায় বিআরডিবি কর্মকর্তাকে পিটিয়ে আহত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি কাজী আবুল কালাম, যিনি গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। হামলায় আহত বিআরডিবি কর্মকর্তা কাজী আব্দুস সোবহান পিরোজপুরে বিআরডিবিতে কর্মরত এবং নন্দনপট্টি গ্রামের বাসিন্দা। তিনি গৌরনদী বন্দরের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৮ আগস্ট বেলা এগারটার দিকে কাজী আব্দুস সোবহান তার বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে গৌরনদী মাছবাজার ব্রীজের ঢালে কাজী কালাম ও তার ২/৩ জন সহযোগী তার গতিরোধ করে জিআই পাইপ ও লাঠি সোটা দিয়ে মারধর করে। এক পর্যায়ে কাজী কালাম সোবহানের কাছে সাড়ে চার লাখ টাকা চাঁদা হিসেবে দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তাকে রক্তাক্ত জখম করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলার পর কালাম সোবহানের কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে যায় এবং বাকী টাকা না দিলে হত্যার হুমকি দেয়। তবে কাজী আবুল কালাম অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করে বলেন, "অভিযোগকারী কাজী আব্দুস সোবহান আমার চাচাতো ভাই। তার সঙ্গে পারিবারিকভাবে কিছু ঝামেলা হয়েছে। যা আগামী বুধবার আমার অন্যান্য ভাইয়েরা সমাধান করে দিবেন। এখানে চাঁদা দাবী, আদায় কিংবা হামলার কোন ঘটনা ঘটেনি।"

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, অভিযোগের তদন্ত চলছে এবং সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাম্য ও মানবতার চেতনায় ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


সাম্য ও মানবতার চেতনায় ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধন

 

বরিশালের গৌরনদীতে ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধন করা হয়েছে, যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানটি সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবি নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সাহিত্যকর্ম, সাম্য, মানবতা ও দেশপ্রেমের আদর্শ নিয়ে আলোচনা করা হয়।

ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। তিনি নতুন প্রজন্মের মধ্যে নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, কবিরত্ন শিকদার রেজাউল করিম, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির এবং গৌরনদী শিশু একাডেমীর শিক্ষক ওস্তাদ বাবুল সোম।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুধীজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%