মাসফিকুল হাসান বেরোবি প্রতিনিধি
০৭:১৪ পি.এম
ফুটবল বিশ্বকাপের আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে একটি ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচটি আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া ইউনিভার্সিটি স্পোর্টস অ্যাসোসিয়েশন (ব্রুসা)-এর উদ্যোগে আয়োজিত এই ম্যাচে অংশগ্রহণ করেছেন বর্তমান শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে প্রীতি ম্যাচটি আয়োজন করার ফলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। উভয় দলের সমর্থকেরা নিজ নিজ দলের জার্সি পরে মাঠে উপস্থিত হয়। খেলার শুরু থেকেই মাঠে করতালি, স্লোগান এবং উচ্ছ্বাসের শব্দে পুরো মাঠ মুখর হয়ে ওঠে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ফুটবলপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ম্যাচের শুরুতেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন চালায়। আর্জেন্টিনা ও ব্রাজিল—দুই দলই বেশ কয়েকটি দৃষ্টিনন্দন আক্রমণ চালালেও, শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করে। ফলে ১-১ গোলের সমতায় শেষ হয় বহুল প্রতীক্ষিত এই প্রীতি ম্যাচ।
মাঠের লড়াই শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ছবি তোলার মাধ্যমে ফুটবল যে সম্প্রীতির বন্ধন তৈরি করে, তারই প্রতিফলন ঘটে এ আয়োজনে।
ব্রুসার সভাপতি মনিবুর রহমান মিতু বলেন, "আমাদের মূল উদ্দেশ্য ছিল ফুটবলকে কেন্দ্র করে বেরোবি পরিবারের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একত্রিত করা। আর্জেন্টিনা ও ব্রাজিল—দুই দলের সমর্থকদের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও দৃঢ় করাই এই আয়োজনের উদ্দেশ্য। খেলায় জয়-পরাজয়ের চেয়ে অংশগ্রহণ, আনন্দ এবং ক্যাম্পাসের মিলনমেলাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন আরও ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।"
খেলা দেখতে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, "অনেক দিন পর ক্যাম্পাসে এত প্রাণবন্ত একটি আয়োজন দেখলাম। মাঠে যেমন প্রতিদ্বন্দ্বিতা ছিল, তেমনি মাঠের বাইরে ছিল বন্ধুত্বের দারুণ পরিবেশ। এমন আয়োজন নিয়মিত হলে শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি আরও বাড়বে।"
আরেক দর্শক তাসনিম জান্নাত বলেন, "শুধু খেলা নয়, এটি ছিল পুরো ক্যাম্পাসের জন্য একটি উৎসব। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একসঙ্গে খেলতে দেখা সত্যিই আনন্দের। এমন আয়োজন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।"
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি এবং দলগত চেতনা বিকাশের লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আর্জেন্টিনা-ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বিতার আবহে আয়োজিত এই প্রীতি ম্যাচ শেষ পর্যন্ত ড্র হলেও, মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের ক্রীড়াসুলভ মনোভাব এবং সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা দিনটিকে স্মরণীয় করে রাখে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর সরকারি তিতুমীর কলেজ থেকে পরীক্ষা দেওয়ার পর বের হওয়ার সময় একদল যুবকের হাতে মারধরের শিকার হন শিক্ষার্থী নাজিম উদ দৌলা (২৫)। তাকে পরবর্তীতে পুলিশের কাছে সোপর্দ করা হয়। খবর অনুযায়ী, বনানী থানার একটি সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে শুক্রবার (২৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নাজিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে আসামি নাজিম উদ দৌলার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। তিনি জানান, তিতুমীর কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় নাজিম উদ দৌলাকে মব করে মেরে একদল লোক তাকে পুলিশে ধরিয়ে দেয়। তিনি কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নন। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বনানী থানাধীন ১১ নম্বর ও ৬ নম্বর রোডের সংযোগস্থলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মিছিল এবং ককটেল বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় হওয়া মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গতকাল তিতুমীর কলেজ এলাকা থেকে নাজিমকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। তিনি কুড়িগ্রামের রৌমারী থানার জাদু চর গ্রামের মমিনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের বাসন থানার টেকনোপাড়া এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের আটক রাখার আবেদনের সূত্রে জানা যায়, গতকাল তিতুমীর কলেজ প্রাঙ্গণে আটক হওয়ার সময় নাজিম আঘাতপ্রাপ্ত হন। পরে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় নিয়ে আসা হয়। আজ বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই কামাল হোসেন আসামিকে আদালতে হাজির করে আটক রাখার আবেদন জানালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলায় খাল খনন-পরবর্তী সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের শিকদারকান্দি পরিপত্তর খালে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন তিনি করেন। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকন তালুকদার বলেন, "পানির পাশাপাশি গাছও আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। খাল খনন কর্মসূচির আওতায় খালের দুই পাড়ের রাস্তায় বৃক্ষরোপণের যে নির্দেশনা ছিল, তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আমরা যদি সবুজায়ন, অক্সিজেন ও পানির ভারসাম্য বজায় রাখতে পারি, তাহলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অনেকাংশে মোকাবিলা করা সম্ভব হবে। একই সঙ্গে ভবিষ্যতের পরিবেশগত বিপর্যয় থেকেও দেশকে রক্ষা করা সহজ হবে।"
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগাতে এবং সেগুলোর পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার আদালতে ২৯ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় প্রকৃত আসামির পরিবর্তে আদালতে হাজির হয়ে ধরা পড়া মনোয়ারা বেগমকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (২৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই কামরুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৩ মার্চ ২৯ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে নিবেদিতা আহমেদ তুলি নামে এক সরকারি চাকরিজীবী মামলা করেন। মামলার আসামি নাসরিন সিকদার নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় গত ১৬ জুন তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ তানিয়া সুলতানা লিপি। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় ২০ আগস্ট।
বৃহস্পতিবার নাসরিন সিকদারের পরিবর্তে মনোয়ারা বেগমকে আদালতে হাজির করে জামিন আবেদন করেন আইনজীবী মো. হাম্মাদ এমদাদ হোসাইন। শুনানির সময় বিচারকের সন্দেহ হলে মনোয়ারাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পরিচয়পত্র ও নথি যাচাই করে তিনি প্রকৃত আসামি নন বলে নিশ্চিত হন আদালত। এরপর তাকে আটক করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আদালতের বেঞ্চ সহকারী মিয়া মো. ইব্রাহিম খলিল অপু নাসরিন সিকদার, মনোয়ারা বেগম ও আইনজীবী মো. হাম্মাদ এমদাদ হোসাইনসহ অজ্ঞাতনামা আরও এক বা একাধিক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।
শুক্রবার মনোয়ারাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালিদ হোসেন তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির সময় বিচারক মনোয়ারাকে জিজ্ঞাসা করেন, তিনি আগে কখনও এ ধরনের কাজ করেছেন কি না। জবাবে তিনি বলেন, 'না।' নাসরিন সিকদারের সঙ্গে তার কী সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, 'কিছু না।' কেন তিনি অন্যের পরিচয়ে আদালতে হাজির হয়েছেন—এ প্রশ্নের জবাবে মনোয়ারা বলেন, 'আমি চেম্বারে কাজ করি। উকিল নিয়ে গেছে।'
পরে বিচারক তাকে তদন্ত কর্মকর্তার কাছে ঘটনার বিস্তারিত জানাতে বলেন এবং দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, নাসরিন সিকদার ও আইনজীবী হাম্মাদ এমদাদ হোসাইন অর্থের প্রলোভন দেখিয়ে মনোয়ারাকে প্রকৃত আসামি সাজিয়ে আদালতে হাজির হতে প্ররোচিত করেন। এভাবে তারা আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং বিচারিক কার্যক্রমে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের হারিয়ে যাওয়া সুস্থ ধারার সংস্কৃতি ফিরিয়ে আনতে, ৪৮টি দেশের সঙ্গে সরকারের সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে, এমন তথ্য জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়। শুক্রবার (২৬ জুন) সকালে, ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, আমাদের হাজার বছরের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে, আমাদের সঙ্গে ৪৮টি দেশের ‘কালচারাল ডিপ্লোমেসি’ বা সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। এই লক্ষ্য অর্জনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে পুরাকীর্তি নিদর্শন পুনরুদ্ধারে খনন কাজ শুরু হয়েছে এবং জাতীয় গ্রন্থকেন্দ্রসহ দেশব্যাপী পাবলিক লাইব্রেরিগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি এ সময় জানান, আমাদের সংস্কৃতির সঙ্গে অশালীন নৃত্য বা অঙ্গভঙ্গির কোনো সম্পর্ক নেই। বিগত দিনের অশ্লীল যাত্রা বাদ দিয়ে, জীবনমুখী এবং ঐতিহ্যভিত্তিক লোকসংস্কৃতি চালুর লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিলুপ্তপ্রায় ভাটিয়ালি, ভাওয়াইয়া, পুঁথিসাহিত্য, খনার বচন, লালন গীতি এবং জারি-সারির পাণ্ডুলিপি অনুসন্ধান ও সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
মন্ত্রী বলেন, বিএনপি ব্যর্থ হওয়ার জন্য আসেনি। আমাদের সরকার জনগণের ভোটে সরাসরি নির্বাচিত সরকার। দেশের জনগণের কল্যাণই আমাদের প্রধান কাজ। বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইন এবং আর্থিক প্রতিষ্ঠানসহ সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। আমরা সেই ভঙ্গুর অবস্থা ও জঞ্জাল পরিষ্কার করে নতুন করে দেশকে ঢেলে সাজাচ্ছি।
জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডিভোকেট এমএ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন এবং অঙ্কুর নাট্য একাডেমির পরিচালক নাজিমুদ্দিন জুলিয়াস প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ