০৬:৪৪ পি.এম
জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর একক অর্জন নয় বলেই মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রথমে তিনি রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত ‘জুলাইয়ের কন্ঠস্বর: তারুণ্য, প্রত্যয়, প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় সোমবার বক্তব্য দেন।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনও ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক অর্জন নয়। এটি ছিল বিভিন্ন শ্রেণি-পেশা ও মতের মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা এবং অংশগ্রহণের ফলस्वরূপ। সেই কারণে কোনো পক্ষকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের একক মালিকানা নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক, সাংবিধানিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
আরও পড়ুন: স্থানীয় নির্বাচনে মুনাফেকি করলে ক্ষমা নেই: আইনমন্ত্রী
এতে তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানকে শুধু একটি নির্দিষ্ট আন্দোলন হিসেবে দেখলে তার প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব নয়। বিভিন্ন দাবি, প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে শুরু হওয়া একাধিক আন্দোলন শেষমেষ বৃহত্তর গণঅভ্যুত্থানে পরিণত হয়। চাকরির দাবিতে কেউ, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে কেউ, আবার অন্যায়ের প্রতিবাদে কেউ রাজপথে নেমেছিলেন। ভিন্ন ভিন্ন দাবি থাকা সত্ত্বেও একসময় জনগণের আকাঙ্ক্ষার একটি অভিন্ন জায়গা তৈরি হয়েছিল। রাষ্ট্র ও সরকারব্যবস্থাকে জনগণের জন্য পরিচালিত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে এবং নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় যেমন একটি ঐতিহাসিক অর্জনের চেতনাও রাজনৈতিক মালিকানায় চলে গিয়েছিল, একই পরিস্থিতি যেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের ক্ষেত্রে সৃষ্টি না হয়, সেদিকে সবার সতর্ক থাকা উচিত।
ববি হাজ্জাজ তরুণদের দায়িত্বের ওপরও গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, সরকার পরিবর্তনের মধ্য দিয়ে নাগরিকের দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং সরকার গঠনের পর জবাবদিহির মধ্যে রাখা আরও গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন হয়ে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের শুধু দাবি করলেই হবে না, সরকার ও জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কি না, সেটিও দেখতে হবে। কোনো মন্ত্রী, এমপি বা জনপ্রতিনিধি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছেন কি না, সেটি প্রশ্ন করা ও জবাবদিহি নিশ্চিত করা নাগরিকের দায়িত্ব।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
আরও পড়ুন: রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে মিনুর ৬ দফা দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন