ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদি প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর-টিপসই না দিতে দূতাবাসের সতর্কতা


সৌদি প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর-টিপসই না দিতে দূতাবাসের সতর্কতা

সৌদি আরবে থাকা সকল প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর করেতে কিংবা টিপসই দেওয়া থেকে বিরত রাখতে বিশেষ সতর্কতা জারি করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বুধবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামান এই সতর্কতা জানান।

এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধে বা নির্দেশনায় সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দিতে অত্যন্ত ঝুঁকির সম্মুখীন হতে হতে পারেন। তাই, এধরনের কর্মকা- থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে তাদের সতর্ক করা হচ্ছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

এভাবে অসতর্কতা প্রদর্শনের ফলে অসাধু ব্যক্তি বা চক্রের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা, জাল দলিল-পত্র তৈরি, অবৈধ লেনদেন বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড সংঘঠিত হতে পারে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে ফৌজদারি মামলা, আর্থিক ক্ষতি, জেল-জরিমানা কিংবা অন্যান্য আইনগত শাস্তির সম্মুখীন হতে পারেন।

এ অবস্থায়, কোনোরূপ লিখিত কাগজপত্র বা ডকুমেন্টে স্বাক্ষর বা টিপসই দেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়বস্তু সম্পূর্ণরূপে বুঝে ও যাচাই করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য সকল প্রবাসী বাংলাদেশীদের অনুরোধ করা হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৯:৪৩ এম


প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় লিউ হাইক্সিং তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নয়বার চীন সফরের কথা স্মরণ করে বলেন, ২০০১ সালে তার চীন সফরের একটি ছবি চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘরে সংরক্ষিত রয়েছে।

বৈঠকে, লিউ হাইক্সিং বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং জীবনমান উন্নয়নের ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

লিউ হাইক্সিং বলেন, চীন বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের দৃঢ় সমর্থক। পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এ সময়, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে চীনের সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে।

জবাবে, লিউ হাইক্সিং বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ আরও উন্নত জীবন লাভ করবে বলে তিনি আশাবাদী।

বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

অন্যদিকে, বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের উপমন্ত্রী সান হাইয়ান, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

আন্তর্জাতিক ডেস্ক

‎জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৯:৪৯ এম


অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ থাকা দেশবরেণ্য বাউল শিল্পী কাঙালিনী সুফিয়া-র পাশে দাঁড়িয়ে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি শিল্পীর চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি তাঁর চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করেছে।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় রাজবাড়ীর কল্যাণপুর আশ্রয়ণ প্রকল্পে অবস্থিত সুফিয়া একাডেমি ভবনে কাঙালিনী সুফিয়ার হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন bashundharagroup.com⁠-এর চিফ কো-অর্ডিনেটর মোঃ আমিনুল ইসলাম। এ সময় ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মো. আমির হোসেন মিয়াও উপস্থিত ছিলেন।

জানা যায়, অর্থাভাবে কাঙালিনী সুফিয়ার চিকিৎসা ব্যাহত হওয়ার সংবাদ ফাউন্ডেশনের নজরে এলে মানবিক বিবেচনায় তাঁর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করা হয়।

সহায়তা পেয়ে কাঙালিনী সুফিয়া বলেন, “আমি বেশ কয়েকদিন ধরে অসুস্থ। চিকিৎসার অভাবে কোথাও যেতে পারছি না। আমার ডান হাতও ভেঙে আছে। এ অবস্থায় চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়ায় আমি আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ।

উল্লেখ্য, লোকগানের মুকুটহীন সম্রাজ্ঞী হিসাবে পরিচিত কাঙালিনী সুফিয়া দীর্ঘদিন ধরে বাংলা লোকসংগীতের মাধ্যমে দেশ-বিদেশের অসংখ্য শ্রোতার হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর গাওয়া বহু গান আজও মানুষের মুখে মুখে ফিরছে।

গত ১১ জুন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামে নিজ বাড়ির বাথরুমে মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর থেকে শারীরিক অবস্থার অবনতি হলেও যথাসময়ে অর্থসংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারেননি। বর্তমানে তাঁর চিকিৎসা কার্যক্রম নতুন করে শুরু হওয়ার আশা তৈরি হয়েছে।

কাঙালিনী সুফিয়ার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামে। স্থানীয়দের প্রত্যাশা, যথাযথ চিকিৎসা পেয়ে এই কিংবদন্তি শিল্পী দ্রুত সুস্থ হয়ে আবারও সংগীতাঙ্গনে সক্রিয় হয়ে উঠবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ লেনদেনের অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৯:৫২ এম


অবৈধ লেনদেনের অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন স্থগিত

 

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রায় ৫৫ হাজার মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের লেনদেন স্থগিত বা ফ্রিজ করেছে, যা অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডির সাথে সংশ্লিষ্ট।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জানান।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আব্দুল্লাহ আল আমিন এক লিখিত প্রশ্নে জানতে চান, অনলাইন জুয়ার সাইটে মোবাইল ব্যাংকিং সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন ও টাকা পাচার হচ্ছে। এটি বন্ধে সরকারের পরিকল্পনা কী?

এ প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেন, অনলাইন জুয়া বন্ধে সরকার গত ১০ এপ্রিল সাইবার সিকিউরিটি আইন, ২০২৬ জারি করেছে। ওই আইনের ২০ ধারায় অনলাইন জুয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, আইনের আওতায় সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি বা পরিচালনা করা, অনলাইন জুয়ায় অংশগ্রহণ করা, এ ধরনের কার্যক্রমে সহায়তা বা উৎসাহ প্রদান, জুয়ার প্রচারণামূলক বিজ্ঞাপনে অংশ নেওয়া এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়াসংশ্লিষ্ট কার্যক্রমের প্রচার বা বিপণন করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে, বলেন তিনি।

তিনি আরও জানান, সাইবার নিরাপত্তা আইন-২০২৬ কার্যকর হওয়ার পর বিএফআইইউ অনলাইন জুয়া বিষয়ে একটি গোয়েন্দা প্রতিবেদন প্রস্তুত করে গত মে মাসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে জমা দেয়। ইতোমধ্যে সিআইডি এ ঘটনায় একটি মামলা করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান বলে তিনি উল্লেখ করেন।

অর্থমন্ত্রী জানান, অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনের ওপর বিএফআইইউ নজরদারি অব্যাহত রেখেছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আরও গোয়েন্দা প্রতিবেদন প্রস্তুত করছে।

তিনি আরও বলেন, অনলাইন জুয়ার বিস্তার রোধে বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের ২৮ মে দেশের সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য একটি নির্দেশনা জারি করেছিল।

সেই নির্দেশনায়, এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে মার্চেন্ট ও গ্রাহকদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততা শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়।

যে কোনো মার্চেন্ট বা গ্রাহক এ ধরনের কার্যক্রমে জড়িত থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার কথাও বলা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংকটাপন্ন ব্যাংকগুলোকে বাঁচাতে ৭৫ হাজার কোটি টাকার বেশি সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৯:৫৭ এম


সংকটাপন্ন ব্যাংকগুলোকে বাঁচাতে ৭৫ হাজার কোটি টাকার বেশি সহায়তা

সংকটে পড়া ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত ৭৫ হাজার ৯০৩ কোটি টাকার বেশি জরুরি তারল্য সহায়তা দিয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন।

সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শারমীন আক্তারের একটি লিখিত প্রশ্নের জবাবে বুধবার অর্থমন্ত্রী এসব কথা জানান।

লিখিত প্রশ্নে শারমীন আক্তার জানতে চান, সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের সঞ্চিত অর্থ ফেরত দিতে পারছে না, তাদের আমানতকারীর অর্থ প্রাপ্তি নিশ্চিত করার জন্য।

অর্থমন্ত্রী জবাবে বলেন, যেসব ব্যাংক তারল্য সংকটের কারণে গ্রাহকদের অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে, তাদের সংকট উত্তরণে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে বিভিন্ন সময়ে জরুরি তারল্য সহায়তা দেওয়া হয়েছে। ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত এই সহায়তার মোট পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ হাজার ৯০৩ কোটি ১১ লাখ টাকা।

তবে তিনি উল্লেখ করেন, সংকটে থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) এখন পর্যন্ত কোনো ধরনের তারল্য সহায়তা দেওয়া হয়নি।

অর্থমন্ত্রী আরো জানান, তারল্য সংকটে থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য স্থায়ী সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার ইতোমধ্যেই ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’ প্রণয়ন করেছে। এই আইনের আওতায় সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, একীভূতকরণ বা অন্যান্য কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গত দেড় বছরে দেশের বেশ কিছু শরিয়াহভিত্তিক ও বেসরকারি ব্যাংক তীব্র তারল্য সংকটের মুখে পড়ে। বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে আমানত উত্তোলনের ব্যাপক চাপ তৈরি হয়। অনেক গ্রাহক অভিযোগ জানান, তারা ব্যাংক থেকে তাদের সঞ্চিত বড় অঙ্কের টাকা একবারে তুলতে পারছেন না এবং তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে বিশেষ তারল্য সহায়তা, আন্তঃব্যাংক সহায়তা এবং বিভিন্ন নীতিগত সুবিধার মাধ্যমে গ্রাহকদের অর্থ উত্তোলন স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%