১১:৪৮ এম
॥ মুন্সী সহিদুল ইসলাম রানা ॥
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : সামুদ্রিক অপরাধ দমনের পাশাপাশি উপকূলীয় নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড ড্রোন, দ্রুতগতির জলযান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সমন্বিত নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে।
এই উদ্যোগটি দেশের ১৯টি উপকূলীয় জেলার বিস্তীর্ণ সমুদ্রসীমা, সমুদ্রবন্দর, গুরুত্বপূর্ণ নৌপথ, সামুদ্রিক সম্পদ এবং উপকূলীয় জনপদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: কালীগঞ্জের উল্লা গ্রামে চার প্রতিবন্ধীর জীবনযাপন ও চিকিৎসার সংকট
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বাসসকে জানিয়েছেন, "ড্রোন, আধুনিক টহল জলযান, উন্নত যোগাযোগব্যবস্থা এবং সমন্বিত সামুদ্রিক নজরদারি প্রযুক্তি কোস্টগার্ডের কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।"
তিনি আরও বলেন, দেশের বিশাল উপকূলীয় অঞ্চল, দুর্গম চরাঞ্চল এবং বিস্তীর্ণ সামুদ্রিক এলাকায় প্রচলিত টহলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ।
জলদস্যুতা, বনদস্যুতা, মানবপাচার ও মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কোস্টগার্ডকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। প্রতিকূল আবহাওয়া, উত্তাল সমুদ্র এবং দুর্গম অবস্থানের কারণে এসব অভিযান আরও জটিল হয়ে ওঠে বলে তিনি জানান।
এ পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে সাব্বির আলম সুজন বলেন, ২০২৬ সালের এপ্রিলে কোস্টগার্ডের সরঞ্জাম তালিকায় তিনটি নজরদারি ড্রোন এবং একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন যুক্ত হয়েছে।
আরও পড়ুন: ববি হাজ্জাজ: প্রাথমিক শিক্ষায় বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ
এছাড়া, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় একটি বহুমুখী রেসপন্স ভেসেল এবং দুটি অফশোর প্যাট্রল ভেসেল নির্মাণাধীন রয়েছে। সমন্বিত সামুদ্রিক নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে হেলিকপ্টার সংগ্রহের পরিকল্পনাও রয়েছে কোস্টগার্ডের।
ড্রোনের মাধ্যমে নির্ধারিত এলাকায় নজরদারি, নৌযানের গতিবিধি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য হুমকি শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি দ্রুত তথ্য আদান-প্রদানের মাধ্যমে টহল জলযান এবং উপকূলীয় স্টেশনগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সক্ষম হবে।
এদিকে, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (বিমরাড) মহাপরিচালক কমোডর (অব.) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ বাসসকে বলেন, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত ও সমুদ্রসম্পদ সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
তিনি সামুদ্রিক বিষয়াবলি বা বঙ্গোপসাগরবিষয়ক একটি পৃথক মন্ত্রণালয় গঠন এবং নৌবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করেন।
আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৬ জন আটক
তিনি বলেন, "আধুনিক প্রযুক্তি ও পর্যাপ্ত জনবল নিয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।"
বিমরাড মহাপরিচালক বলেন, দীর্ঘ উপকূলীয় সীমান্ত ও সামুদ্রিক সম্পদের নিরাপত্তা ব্যবস্থাপনায় ভারত ও পাকিস্তানের মতো দেশেও পৃথক মন্ত্রণালয় রয়েছে।
ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয় এবং পাকিস্তানের সামুদ্রিক বিষয়াবলি মন্ত্রণালয়ের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রেও এ ধরনের পৃথক মন্ত্রণালয় গঠনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
তিনি বলেন, সমুদ্রে সংঘটিত কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং সে সম্পর্কে সম্যক ধারণা অর্জনের সক্ষমতা- "মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস" (এমডিএ)- সামুদ্রিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলার অনুমতি আদালতের
রাডার, স্বয়ংক্রিয় জাহাজ শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস), স্যাটেলাইট, ড্রোন এবং গোয়েন্দা তথ্যের সমন্বিত ব্যবহার জলদস্যুতা, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং অবৈধ মাছ আহরণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
এ ধরনের সক্ষমতা সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণেও সহায়ক হবে।
সাবেক এই নৌ কর্মকর্তা বলেন, কার্যকর সামুদ্রিক নজরদারি নিশ্চিত করতে দক্ষ জনবল, যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ, নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা এবং সময়মতো তথ্য আদান-প্রদান অপরিহার্য। এর মাধ্যমে উদ্ভূত হুমকি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন: ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ বায়ুমান স্কোর ৯৬
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন